১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত




আন্দোলনে হত্যাকারীদের বিচার ছাড়া সংস্কার সম্ভব নয়: রিজভী

চন্দ্রদ্বীপ নিউজ :: গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তাদের বিচার ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকার সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিভিন্ন দফতরে এখনো হাসিনার দোসররা রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন, তারাই ক্ষমতায় রয়ে গেছেন।

এসময় তিনি তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান।




দশম গ্রেডের দাবিতে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানব বন্ধন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২ তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। সেখানে আমাদের বেতন গ্রেড ১৩ তম।

এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড দশম, পুলিশের সাব ইন্সপেক্টর, উপসহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড দশম এবং নবম। সে ক্ষেত্রে শিক্ষক‌দের সাথে কেন এই বৈষম্য। তাই আজ আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছি।




দীর্ঘদিনেও সংস্কার হয়নি চিকনিকান্দি সেতুর সংযোগ সড়কটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা থেকে কলাগাছিয়া সড়কের গুরুত্বপূর্ণ চিকনিকান্দি সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ার উপক্রম সেতুটি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় যে কোনো সময় দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

ভুক্তভোগীরা দ্রুত মেরামত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কর্তৃপক্ষের অবহেলার কারণেই ব্রিজটির ক্ষত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও ডাকুয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ভারানি খাল। সেই খালের উপর নির্মিত ব্রিজ দিয়ে কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াত। এক বছরের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে গিয়ে বিশাল গর্ত দেখা দিয়েছে। ফলে যানবাহন ও মানুষের চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃক এ ব্রীজটি ৬/৭ বছর আগে নির্মিত হলেও প্রায় এক বছর ধরে ব্রিজের অ্যাপ্রোচ সড়কের বেহাল দশা। ব্রিজটির পাশেই রয়েছে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় , ব্যাংক, এনজিও অফিস ও হাঁট, বাজার। সড়ক পথে যাতায়াতের একমাত্র ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটির উত্তর পাশে রয়েছে চিকনিকান্দি ইউনিয়ন ও দক্ষিন পাশে রয়েছে ডাকুয়া ইউনিয়ন। মুলত: দক্ষিন পাশেই রয়েছে বিশাল ক্ষত।

এ ব্রিজটি দিয়ে আশ পাশের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা সহ নানা বয়সী ও পেশার মানুষ গন্তব্যে যাতায়ত করে থাকেন। পাঁচ ইউনিয়ন তথা ডাকুয়া, গজালিয়া , বকুলবাড়ীয়া, চিকনিকান্দি ও কলাগাছিয়াসহ পার্শ্ববর্তী বাউফল উপজেলায় এ ব্রিজ দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার লোক আসা যাওয়া করে। দিনের বেলায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের বেলায় বৃষ্টির সময় দূর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।

চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, ব্রিজটির দক্ষিন পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে গিয়ে গর্ত দেখা দিয়েছে দীর্ঘদিন। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বিষয়টি জেনেও সমাধান করছে না। ব্রিজটি সংস্কারের ব্যাপারে এলাকারবাসীর জোর দাবি।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, ব্রিজটির জন্য উপজেলা পরিষদ এক লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছিল। কাজটি দ্রুত করার ব্যাপারে আমরা তৎপর রয়েছি।




টেকনাফে ৫ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি ৫০ লাখ টাকা

চন্দ্রদ্বীপ নিউজ ::কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে তিনটি সিএনজিচালিত অটোরিকশা গতিরোধ করে চার যাত্রী অপহরণের শিকার হয়েছে। এছাড়া গত বুধবার হ্নীলা নাকমুড়া এলাকা থেকে আতিকুর রহমান নামে এক যুবককে ধরে নিয়ে ৫০ লাখ মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হোয়াইক্যং -শামলাপুর সড়কের কুদুম গুহা নামক স্থান থেকে ওই চারজন অপহরণের শিকার হয়। এসময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা আরও চারজনকে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটার (সিএনজি ড্রাইভার) আনোয়ারুল ইসলাম, ঝিমংখালির জাফর আলম, বাহারছড়ার মো. আব্দুল্লাহ এবং যাত্রী মো. সেলিম। তবে ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান বলেন, ‘পাহাড়ি ঢালার কুদুম গুহা নামক স্থানে ৮ যাত্রী ডাকাতের কবলে পড়ে। এতে চার যাত্রীকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিদেরও উদ্ধারে চেষ্টা চলছে।

অপহরণের ঘটনা নিশ্চিত করে টেকনাফের শামলাপুর বাজারের সিএনজি সমিতির (লাইন পরিচালক) আব্দুর রহিম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং বাজার থেকে শামলাপুর গামী যাত্রীবাহী তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে পৌছঁলে, অস্ত্রধারী ডাকাত দল গতিরোধ করে ড্রাইভারসহ ৮ জনকে অপহরণ করেন। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মিলে কুদুম গুহা এলাকায় অভিযান পরিচালনা করে ড্রাইভারসহ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি আরও ৪ যাত্রীকে ডাকাত দল গহীন পাহাড়ে নিয়ে গেছে।

এদিকে টেকনাফের হ্নীলার নাকমুড়া এলাকা থেকে আতিকুর রহমান নামে এক যুকক ধরে নিয়ে ৫০ লাখ মুক্তিপণ দাবি করছে বলে স্বীকার করেছেন টেকনাফের লেদা ইউপি সদস্য মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘অপহৃত বাবাকে অপহরণকারীরা ফোনে ছেলের মুক্তিপণের জন্য ৫০ লাখ টাকা দাবি করছে। এ বিষয়টি আমরা থানা পুলিশকে অবগত করেছি।’




গুলশানে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস :: রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ রোড নম্বর ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।

নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।




নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ ::অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার।

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্ম-তৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেন। তিনি চারদিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন।




হারিকেন হেলেনের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ৪২

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে হারিকেন হেলেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার ৪০ লাখের বেশি বাসিন্দা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যগুলোয় দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা। বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, হারিকেনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ এ নেমে এসেছে হারিকেন হেলেন। দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা।

নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ। ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো।

এর আগে বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ১শ ৪০ কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন।




আওয়ামী সিন্ডিকেটে আটকা বরিশাল বিআইডব্লিউটিএ

বরিশাল অফিস :: সময় ও দেশ বদলালেও এখনো বদলায়নি অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির আখড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী সিন্ডিকেট এখনো কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে কাজ বাগিয়ে নিচ্ছে দেদার।

সম্প্রতি একটি টেন্ডারে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি সামনে এসেছে। যদিও কর্তৃপক্ষ বলছে, অতীতের কোনো অনিয়মই আর চলতে দেওয়া হবে না। অভিযোগ ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির তার লোকজন নিয়ে গত চার বছর কোনো টেন্ডার ছাড়াই ঝালকাঠির গাবখান চ্যানেলের টোল আদায় করতেন। ওই সময়ের মধ্যে তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং আইনি মারপ্যাঁচে ফেলে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই চ্যানেলটির টেন্ডার প্রক্রিয়া আটকে রাখেন।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই নৌ চ্যানেলটির দরপত্র আহ্বান করে বরিশাল বিআইডব্লিউটিএ। যাতে একাধিক দরপত্র দাখিল হয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মো. তৌহিদ আকনের মালিকানাধীন মেসার্স তাছবি বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হয়। তবে দরপত্রের সঙ্গে জমাকৃত কাগজপত্রে গুরুতর কিছু ত্রুটি থাকায় সেটি নিয়ে বিতর্ক উঠেছে।

সূত্র জানিয়েছে, তৌহিদ আকন মূলত আওয়ামী লীগ নেতা খান সাইফুল্লাহ পনিরেরই লোক। তাকে দিয়েই এই চ্যানেলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন পনির। যে কারণে নিয়মনীতি উপেক্ষা করে বিআইডব্লিউটিএর বরিশালে কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে টেন্ডার বাগিয়ে নিতে চাইছেন তিনি।

বিআইডব্লিউটিএর শর্ত অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়া কোনো পক্ষই নির্ধারিত শর্ত পূরণ না করলে তা বাতিল বলে গণ্য হবে। কিন্তু তাছবি বিল্ডার্স কর্তৃক জমাকৃত নথিপত্রে দেখা যায়, দরপত্রের ৫নং পৃষ্ঠা পূরণ অসম্পূর্ণ, ১০নং পৃষ্ঠায়ও চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া হয়নি। দরপত্রের শর্তে চারিত্রিক সনদপত্র দেওয়ার বিধান থাকলেও তা সরবরাহ করা হয়নি। এ ছাড়া দরপত্রের সঙ্গে জমা সব কাগজপত্র সত্যায়িত করার শর্ত থাকলেও কোনো কাগজপত্রই তারা সত্যায়িত করেনি।

এ ছাড়া অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা মতে, এক্সিম ব্যাংকের কোনো পে-অর্ডার গ্রহণযোগ্য নয়- এমন কথা বলা হলেও তাছবি বিল্ডার্স ওই ব্যাংকের পে-অর্ডার দাখিল করেছে।

এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিহন অধিদপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এগুলো খুবই সামান্য ভুল। এই ভুলে দরপত্র বাতিল হয় না। দরপত্র বাতিল হলে সরকার রাজস্ববঞ্চিত হবে, সুতরাং এটা করা যাবে না।

তবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, টেন্ডার প্রক্রিয়ায় সামান্য ভুলকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা কাগজপত্র দেখব। সেখানে ভুল থাকলে অবশ্যই সেটি বাতিল করা হবে। অতীতে অধিদপ্তর যেভাবে চলেছে, সেভাবে সামনে আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।




ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস :: ভারতে হযরত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটূক্তিকারীদের বিচারের দাবিতে জাতিসংঘে প্রস্তাব রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বরগুনার সদরঘাট কেন্দ্রীয় মসজিদে সামনে আসরের নামাজ শেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ সমাবেশের বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকন বলেন, ভারতে মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় তাদের ওপর যে নির্যাতন হয় আমরা তার প্রতিবাদ করি। তবে আমারা মুসলমানরা যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না। সেই হযরত মুহাম্মদ (সা.)- কে কটূক্তি করা হয়েছে। ভারতে যারা এ কটূক্তি করেছেন অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর আমরা এদেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। সামনে তাদের দুর্গাপূজা আমরা আবারও তাদের নিরাপত্তায় মন্দির পাহারা দেব। আমরা কোনো দাঙ্গা, হাঙ্গামা চাই না। তবে যারা একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় তিনি কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে রাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘে প্রস্তাব রাখতে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাবেক ছাত্র নেতা ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইদ্রিসুর রহমান বলেন, ভারতের দুই কুলাঙ্গার বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করছেন। এর প্রতিবাদে সারাবিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদি ও বিজেপি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। আমরা অতি দ্রুত ওই কুলাঙ্গারদের বিচারের দাবি জানাই। তা না হলে বাংলাদেশে হাসিনার পরিণতি যা হয়েছে নরেন্দ্র মোদির একই অবস্থা হবে।