৪ দাবিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল অফিস :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চার দফা দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে ইন্টার্ন চিকিৎসক মো. আকিব জানিয়েছেন।

ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। তখন শিশুর মা এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা করেন। এ ঘটনায় শিশুর মাকে আসামি করে মামলাও করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে ওই নারীকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ইন্টার্ন চিকিৎসক আকিব জানান, চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা, রোগীর চিকিৎসা সেবায় বেড অনুযায়ী ভর্তির ব্যবস্থা ও অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছি। তারা যদি দাবি না মেনে নেন, তাহলে কঠোর আন্দোলন করা হবে। তাদের এ আন্দোলনে সব চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন বলে জানান ডা. আকিব।

বর্তমানে হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। সবাই কর্মবিরতি পালন করছেন বলেন জানান তিনি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের পক্ষ যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য সব ইউনিট প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। তারা চিকিৎসা সেবা চালিয়ে নেবেন।



ইসরায়েলের ‘সবচেয়ে বড় শত্রু’র মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী শনিবার নিশ্চিত করেছে, তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা একদিন তাকে একটি বিমান হামলায় হত্যা করেছে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘৩০ বছর ধরে নেতৃত্ব দেওয়া হিজবুল্লাহর মহাসচিব সায়্যেদ হাসান নাসরাল্লাহ মহান ও অমর শহীদ সহযোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নাসরাল্লাহ ‘দক্ষিণ বৈরুতের উপশহরে বিশ্বাসঘাতক ইহুদিদের হামলার’ পর গোষ্ঠীর অন্য সদস্যদের সঙ্গে নিহত হন।

এএফপির এক সাংবাদিক জানান, লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর এই ঘোষণার পরপরই এক পথচারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘হে আল্লাহ!’ এবং নারীদের রাস্তায় কাঁদতে দেখা যায়। এ ছাড়া গুলির শব্দও শোনা গেছে, যা এই প্রভাবশালী ধর্মীয় নেতার জন্য শোক প্রকাশের ইঙ্গিত। তিনি হিজবুল্লাহ সমর্থকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

একজন এএফপি প্রতিবেদক দেখেছেন, রাস্তায় কালো ঘোমটা পরা একজন নারী চিৎকার করে বলছিলেন, ‘ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা বলছে, সায়্যেদ ভালো আছেন।’

ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার বলেছে, তাদের অন্যতম ‘সবচেয়ে বড় শত্রু’ হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ড বিশ্বের নিরাপত্তা বৃদ্ধি করেছে। তবে গোষ্ঠীর অন্য শীর্ষ নেতারাও লক্ষ্যবস্তুতে থাকবেন। ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, ‘নাসরাল্লাহ ছিল সর্বকালের অন্যতম বৃহৎ ইসরায়েলবিরোধী শত্রু…তার অপসারণ বিশ্বের নিরাপত্তা আরো মজবুত করেছে।

’ অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর দেখানো পথ ইসরায়েলি বিমান হামলায় তার হত্যার পরও অব্যাহত থাকবে।এদিকে স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে বৈরুতের দক্ষিণ ও এর উপকণ্ঠে  তীব্র হামলা চালানো হয়েছে, যা ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর থেকে সবচেয়ে প্রবল হামলা বলে মনে করা হচ্ছে।

নাসরাল্লাহ ২০০৬ সালের পর থেকে জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে তিনি হিজবুল্লাহর মহাসচিব নির্বাচিত হন, যখন ইসরায়েলি হেলিকপ্টারের গুলিতে তার পূর্বসূরি আব্বাস আল-মুসাভি নিহত হন।




আর কোনো স্বৈরাচার সরকার জনগণ মেনে নেবে না :আ.ন.ম শামসুল ইসলাম

বরিশাল অফিস :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকার হটিয়েছে। তাই তারা আর কখনই নতুন কোনো স্বৈরাচার সরকারকে বাংলার মাটিতে মেনে নেবে না। জামায়াতে ইসলামীর কাছেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ম সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশের অধিকাংশ মানুষ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গুঠিয়া বাইতুল ভিউ কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরে বরিশাল মহানগর জামায়াতের ৬ শতাধিক রোকন সদস্য অংশ নেন।

শামসুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তি চায়। তাই জনসাধারণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই পারবে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যয় বিচার নিশ্চিত করতে। তাই আগামী দিনের নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের শপথের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।




তোফাজ্জেল হত্যার বিচার চেয়ে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস ::মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পুষ্পকলি শিশু সংগঠন এবং বরিশালসহ বরগুনাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আমরা চাই অবিলম্বে জড়িত সবাইকে গ্রেফতার শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। পুষ্পকলি শিশু সংগঠনের সভাপতি শামিমা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা দেন – একে আজাদ, মুনির হাওলাদার, মো. হাসান, মো. বেল্লাল প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চরম অমানবিক না হলে একজন নিরীহ যুবককে পিটিয়ে হত্যা করা যায় না। তোফাজ্জল হত্যার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের সবাইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নতুবা এ ধরনের নির্মম ঘটনা ঘটতেই থাকবে।




ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় বরিশালের ফল ব্যবসায়ী নিহত

বরিশাল প্রতিনিধি :: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় শনিবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন পিকআপ চালকের সহকারি।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, ৫৫ বছর বয়সের নিহত ফল ব্যবসায়ী চঞ্চল সরকার ঝালকাঠি সদর উপজেলার সংগ্রাম নীল গ্রামের নগেন্দ্র নাথ সরকারের ছেলে। আহত চালকের সহকারি সাইদুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আদুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তিনি আরও জানিয়েছেন, ট্রাকে আমড়া নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী চঞ্চল সরকার। পথিমধ্যে মহাসড়কের গাইনেরপাড় এলাকায় পৌঁছলে ট্রাকের চাকা নস্ট হয়ে যায়। রাস্তার পাশে ট্রাক রেখে চাকা মেরামত করা হচ্ছিলো।

এ সময় পাশে বসে তা দেখছিলেন ফল ব্যবসায়ী চঞ্চল সরকার। তখন ঢাকাগামী একটি পিকআপ এসে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের পিছনে থাকা ফল ব্যবসায়ী চঞ্চল সরকার ঘটনাস্থলেই নিহত ও পিকআপে আটকে পরে আহত হয় চালকের সহকারি সাইদুল।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি দুইটি যান আটক রয়েছে।




জাতীয়করণের দাবি বরিশাল বিভাগের শিক্ষক-কর্মচারীদের

বরিশাল অফিস :: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশ করেছে বরিশাল বিভাগের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় নিজদের নানা দুর্দশা ও বৈষম্যের চিত্র তুলে ধরে দ্রুত সময়ে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেন তারা।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একাংশের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার (টাউন) হলে এ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।

এ সময় ঝালকাঠি থেকে আসা শিক্ষক নূরে আলম বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়িভাড়া ১ হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।

বানারীপাড়ার চাখার শের-ই-বাংলা একে ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দাবি একটাই সেটা হলো জাতীয়করণ। সরকারি শিক্ষকেরা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় ৫০০ টাকা। উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী।




ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৫৮১: স্বাস্থ্য উপকমিটি

চন্দ্রদ্বীপ নিউজ ::বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮১ জন। আহত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের। যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান তিনি।

তারেক রেজা বলেন, তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে আমাদের সহযোগিতা করেছেন, যা এ তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শহীদ পরিবারকে ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হয়েছি। তবে এখনও হয়ত আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও তাদের নাম এ তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইর নেতারা উপস্থিত ছিলেন।




ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা সরকারের

চন্দ্রদ্বীপ নিউজ :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। যে খালগুলো এখনো উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এ নেটওয়ার্ক করা হবে।

শনিবার রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন ও কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজউককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যাবে না। অবৈধ খাল উদ্ধারে প্রয়োজনে অভিযান বাড়াতে হবে। ঢাকার উন্মুক্ত মাটিতে ঘাস লাগাতে হবে। একাজে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন, জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সবুজ ও জলাভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গবেষক ও পরিবেশকর্মীরা অংশ নেন। কর্মশালার শেষে ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। এরপর উপদেষ্টা রাবার বাগান মালিক সমিতির নেতাদের সঙ্গে সভা করেন। তাদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।




দুমকিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে  বাংলাদেশ জামায়াতে ইসলামী  আংগারিয়া ইউনিয়নের শাখার  আয়োজনে ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ঝাটরা হাসানিয়া দ্বিমুখী  ফাজিল মাদ্রাসার হলরুমে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আংগারিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, সভাপতি, ছগির আহমেদ  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ  পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমির, মাওলানা আঃ সালাম।

ইউনিয়ন  ওলামা বিভাগের সেক্রেটারি  মাওলানা হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাও মোঃ হামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, মাওলানা জালাল উদ্দীন খান,নায়েবে আমির, মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি, মাওলানা আবুল খায়ের,

আরও বক্তব্য রাখেন মাওলানা ইসরায়েল, হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক, পেশ ইমাম, আংগারিয়া ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুস ছালাম তালুকদার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি আল-আমীন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফারুক হোসাইন, মোঃ মাসুদ রানা, সভাপতি, দুমকি উপজেলা ছাত্রশিবির,প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাও. দেলোয়ার হোসেন সাঈদী, অধ্যক্ষ,  পাংগাশিয়া আল মদিনা আলিম মাদ্রাসা।বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পটুয়াখালী শহর শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ  আমির হোসেন।




হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন : ইসরায়েল