আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে—এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। তেহরানের সর্বশেষ খবর সম্পর্কে অবগত দুজন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের হাতে হিজবুল্লাহর প্রধান নিহত হয়েছেন—এমন খবর জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে ইরান হিজবুল্লাহ ও ওই অঞ্চলটিতে সক্রিয় অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর (ইরানের সহায়তাপুষ্ট) সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

গতকাল শুক্রবার দক্ষিণ বৈরুতে এক বিমান হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করার দাবি করে ইসরায়েল। আজ শনিবার এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। এতে বলা হয়, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।’




হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর নতুন প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। কিন্তু কে এই হাশেম সাফিউদ্দিন?

সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তাঁর দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ।

সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। তিনিও মাথায় কালো পাগড়ি পরেন।

২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘(শত্রুদের) কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও।’ সাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে।




ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারও নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেয়নি ইরানি সংবাদমাধ্যমটি।




পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে এডভান্স মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সাংবাদিকদের নিয়ে এডভান্স মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাব, জেসি আই বরিশাল, জেগানতাই ঢাকা আপটাউন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহরাব হোসেন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেসিআই বরিশাল এর প্রেসিডেন্ট ও সহযোগী অধ্যাপক জামিল খান, সেক্রেটারী জেনারেল ও সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিন ও জেসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লিপি ঘোষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।

কর্মশালায় পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইনের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় মোবাইল জার্নালিজমের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোকপাত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রবীণ সদস্য নির্মল কুমার রক্ষিত বক্তব্য রাখেন।

পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সোহরাব হোসেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




সমালোচনার মুখে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ :: সমালোচনার মুখে বাতিল করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তব বোর্ড (এনসিটিবি) গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৫ সেপ্টেম্বরের স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে প্রধান করা হয় প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

ওই কমিটির সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান, সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক এ এফ এম সারোয়ার জাহান। কমিটির সদস্যসচিব হিসেবে করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানকে।

কমিটিতে থাকা রাখাল রাহা, ঢাবির সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক কামরুল হাসান মামুনকে নিয়ে আপত্তি তোলেন শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন আলেম। বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশও হয়। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলদেশও এ কমিটি নিয়ে আপত্তি তোলে।




কাল আত্মসমর্পণ করবেন সাংবাদিক মাহমুদুর রহমান, যেতে হবে কারাগারে

চন্দ্রদ্বীপ নিউজ ::দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। আত্মসমর্পণের পর তাকে কারাগারে যেতে হবে।

মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, রবিবার বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। আত্মসমর্পণ করার পর তাকে (মাহমুদুর রহমান) কারাগারে যেতে হবে। কারণ যে আদালত শাস্তি দিয়েছেন সেই আদালতের সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার নেই। মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর পর মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হবে।

গত বছর ১৭ আগস্ট মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

দণ্ডবিধির দুইটি ধারায় একটিতে পাঁচ বছর এবং অপরটিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামিদের। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন।

রায়ে আরও বলা হয়, সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে।

মামলার অভিযোগ ছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। তাকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রের ঘটনার বিচার দাবি করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় তার জবানবন্দিতে বলেন, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ বেশ কয়েকজন এবং বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন তাকে হত্যার ষড়যন্ত্র করে। তিনি বিষয়টি ‘ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ থেকে জানতে পারেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একজন সদস্যকে শফিক রহমান, মাহমুদুর রহমান, মামুন ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান এবং বিএনপির আর এক নেতা মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজারের মাধ্যমে ঘুষ দেন।

তিনি দাবি করেন, এফবিআইর ওই সদস্যকে ৪০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন সিজার। সজীব ওয়াজেদ জয়ের গতিবিধি লক্ষ্য রাখার এবং প্রতিটি মুহূর্তের খবরা খবর দেওয়ার জন্য এফবিআই সদস্যকে ঘুষ দেওয়া হয়। জয় যতদিন থাকবেন ততদিন প্রতিমাসে আরও ৩০ হাজার ডলার করে ঘুষ দেওয়ার চুক্তিও হয়েছিল ওই এফবিআই সদস্যের সঙ্গে।

জয় বলেন, এফবিআই সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়। ওই মামলায় জাসাস সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও এফবিআই এক সদস্যকে সাজা দেওয়া হয়।

এদিকে, গত শুক্রবার সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এ সাজা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এই আমলে আমার ৫ মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না। একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন। আমাকে আমার মতো করে লড়াই করতে দিন।




পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মঈন উদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গলাচিপার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈন উদ্দিন। তিনি পটুয়াখালী জেলার ৮টি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হন।

বিভিন্ন ক্যাটাগরিতে, তথা শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তাকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি।

জেলা শিক্ষা অফিসার মোল্লা বকতিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন তিনি বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও অংশ গ্রহণ করার সুযোগ পাবেন।




শেখ হাসিনার জন্মদিন পালন করতে দিল না পুলিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে, এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতারা আনন্দমিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল আহম্মেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।




শেখ হাসিনা আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন: মামুনুল হক

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসনিা শুধু বাংলাদেশের জনগণ থেকে নয়, নিজ দলের নেতাকর্মীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতি করেছিল, তার প্রধান বৈশিষ্ট্য ছিল, প্রতিশোধের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি সব করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘স্বৈরশাসক হুসেই মুহম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন।’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘ইতিহাস প্রমাণ করে, যে দেশের মানুষ হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, শেখ হাসিনাও মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পাসহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে।’

মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা জানত ১৫ আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন যেন আওয়ামী লীগ আর বাংলাদেশের কোনোদিন রাজনীতি করতে না পারে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই আওয়ামী লীগে যদি কোনো রাজনীতিবিদ থেকে থাকেন, আপনাদের যদি বাংলাদেশের রাষ্ট্র নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি দুইটা পরামর্শ দেব। এক নম্বর পরামর্শ, আপনাদের বড় অপরাধ হয়েছে, এরকম একজন মানসিক বৈকল্যের স্বীকার মানুষকে এই জাতির ওপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্তবড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার।’

মামুনুল হক বলেন, ‘আর একটা পরামর্শ থাকবে, এই নামটা পরিবর্তন করে ফেলেন। কারণ এই লীগ নামে যা কিছু হয় সবকিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এত হত্যার দাগ নিয়ে, এত রক্তের দাগ নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা আপনাদের সহযোগিতা করছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করব এ ধরনের ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো চেহারা দিকে তাকিয়ে কথা বলার ফুরসত আমাদের নাই।’

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসনাত জালালী, সহবায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।




রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গত ২১ সেপ্টেম্বর এ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ ওই রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার সুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরেইমরান হাসান নামের এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

পরে রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়।