সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াত সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে -হেলাল

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে।

জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা পরিষদের সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, জয়ন্ত দাস, সাংবাদিক অপূর্ব অপু।




ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী

চন্দ্রদ্বীপ নিউজ :: সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র সই করা ১৭ সেপ্টম্বরের প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনীর (সেনা বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম মর্যাদার) কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকাসহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর সেনা বাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।




ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল করা ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করায় ১৭ জন উপসচিবকে চিহ্নিত করে তাদের শাস্তির সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট (অসন্তোষ) হয়েছিল। সেটার জন্য এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এটার প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তার রিপোর্ট পাওয়া গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, সাক্ষী-প্রমাণ পাওয়া গেছে।’

মোখলেস উর রহমান বলেন, ‘১৭ জনকে তিনি (আকমল হোসেন) জিজ্ঞাসাবাদ করেছেন। তিনটি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আটজনের বিষয় বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া যেতে পারে। চারজনের বিষয়ে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে বিধি-বিধান অনুযায়ী লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর পাঁচজনের ব্যাপারে বলা হয়েছে, তাদের শাস্তি তিরস্কার দেওয়া যেতে পারে। তাদের সাবধান করা, যেন ভবিষ্যতে এমনটি না করেন।’

তিনি বলেন, ‘এটা হতো আমাদের ফাইন্ডিংস (অনুসন্ধান)। একজন সরকারি কর্মকর্তা যখন এ বিষয়গুলো ফেস করেন তখন অনেকগুলো স্টেজ (ধাপ) আছে, সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। একটা পর্যায়ে দেখা যায় অনেকের সংশ্লিষ্টতা ছিল, আবার অনেকের ছিল না। আবার অনেক সময় দেখা যায় নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছে। এরকম হলে অনেক সময় আমরা সেগুলো দেখি।’

কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, ‘আমি (ডিসি হতে চাওয়া ব্যক্তি) ডিসি হতে পারিনি, সেজন্যই এরকম একটা আন্দোলন মন্ত্রণালয়ের মধ্যে, এটা কেউ ভালোভাবে নেয়নি। আমাদের সিনিয়র কলিগরা (সহকর্মীরা) নেয়নি, কলিগরা নেয়নি, আমাদের জুনিয়র কলিগরা নেয়নি। সর্বোপরি আপনারা নেননি এবং সত্যি কথা বলতে কি জনগণও ভালোভাবে নেয়নি। অনেকে বলছে এগুলো যদি কঠোর হস্তে দমন না করেন, ব্যবস্থা না নেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে, শৃঙ্খলা থাকবে না।’

তিনি বলেন, ‘প্রশাসনের একটি বড় দিক হলো শৃঙ্খলা। শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার… আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নন, আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গুরু এবং লঘুদণ্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’




শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ নিউজ ::সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। তাদের লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে জয় ও পুতুলের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট স্থগিত করা হলে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য পাঠাতে বলেছে বিএফআইইউ।




২০ হাজার বাংলাদেশির ভিসা আবেদন বাতিল করল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতে যেতে ইচ্ছুক ২০ হাজার বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান করে পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দূতাবাসের মেইলে আসা হুমকির প্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য আগেই বন্ধ ঘোষণা করেছিল ভারতীয় হাই কমিশন। এবার সেখানে আবেদনকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় সরকারের এক সূত্র জানিয়েছে, শুধুমাত্র শ’খানেক জরুরি আবেদন বিবেচনা করা হয়েছে। তাদের মেডিক্যাল ও স্টুডেন্ট ভিসা ছিল।

গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।’

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো পুনরায় কাজ শুরু করে। তবে দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকার ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভও দেখান অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।




বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৯৮ শতাংশ

চন্দ্রদ্বীপ নিউজ :: চলতি অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মাত্র ২ কোটি ২ লাখ মার্কিন ডলার বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে সরকার। যা আগের অর্থবছরের একই সময়ে ১১৪ কোটি ৪৩ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।

এ হিসাবে চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৯৮.২৪ শতাংশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি সহায়তার সাময়িক প্রতিবেদন সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সহায়তার প্রতিশ্রুতির ধসের পাশাপাশি গত দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিদেশি সহায়তার ছাড়ও প্রায় ৪৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে ইআরডি।

তা ছাড়া এ সময়ে যে পরিমাণ সহায়তা ছাড় হয়েছে, পুরাতন ঋণ পরিশোধে এর চাইতে প্রায় ২৯ শতাংশ বেশি অর্থ ব্যয় হয়েছে বলেও প্রতিবেদিনটিতে উঠে এসেছে।

ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, গত সরকারের সময় করা ঋণচুক্তির প্রস্তাবগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন করে পর্যালোচনা করছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণচুক্তি সম্পন্ন হচ্ছে না।

তবে পর্যালোচনা শেষে প্রস্তাবিত ঋণের প্রক্রিয়া শুরু হবে এবং তখন লক্ষ্য অনুযায়ী প্রতিশ্রুতি আদায় হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-সহ বহুপাক্ষিক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ঋণ ও বাজেট সহায়তার প্রাথমিক আশ্বাস দিয়েছে।

এদিকে, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার-প্রকল্প চিহ্নিত করতে এবং অপ্রয়োজনীয় বিবেচিত প্রকল্পগুলো বন্ধ করার জন্য বিদেশি অর্থায়নে পরিচালিত সমস্ত চলমান, প্রস্তাবিত ও আলোচনার অধীনে থাকা প্রকল্পের পর্যালোচনা শুরু করেছে।

এর অংশ হিসেবে ইআরডি ইতোমধ্যে এক চিঠির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রকল্পের যৌক্তিকতা, সম্ভাব্যতা এবং অগ্রগতির তথ্যসহ একটি অগ্রাধিকার তালিকা এ মাসের মধ্যে জমা দিতে বলেছে।

ইআরডি সূত্র জানায়, ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে বৈদেশিক ঋণের তালিকা জমা দেওয়া হচ্ছে। ইআরডি এসব তালিকা পর্যালোচনা করে পরিকল্পনা কমিশনে পাঠাবে। এরপর অগ্রাধিকারভিত্তিতে পরিকল্পনা কমিশন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া এবং ইআরডি ঋণ প্রক্রিয়া শুরু করবে।

ইআরডির প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কোন ঋণের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তবে অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে ২ কোটি ১ লাখ ৬০ হাজার ডলার। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে অনুদান পাওয়া গিয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার এবং ঋণ প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ১০৯ কোটি ডলার। ঋণ ও অনুদান মিলে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ১১৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে কমেছে ৯৮.২ শতাংশ।

অন্য দিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অর্থছাড় হয়েছে ৪৫ কোটি ৮২ লাখ ৪০ হাজার ডলার। এরমধ্যে ঋণের অর্থ পাওয়া গেছে ৩৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার এবং অনুদান পাওয়া গেছে ৭ কোটি ১৩ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে পাওয়া গিয়েছিল ৭৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার। এরমধ্যে ঋণের অর্থ ছিল ৭২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার এবং অনুদান ছিল ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার।

এ দিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৫৮ কোটি ৯২ লাক ২০ হাজার ডলার। এরমধ্যে সুদ পরিশোধ করা হয়েছে ১৭ কোটি ৩৬ লাখ ডলার এবং আসল পরিশোধ করা হয়েছে ৪১ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার। ২০২৩-২৪ অর্থবছরে সুদ ও আসল পরিশোধ করা হয়েছিল ৪০ কোটি ৫ লাখ ডলার। এরমধ্যে সুদ ছিল ১৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ডলার এবং আসল ছিল ২৫ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার।




রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন বার্তা দিল সরকার

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিটির কার্যক্রম শুরুর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আজ ১ অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের থেকে পরামর্শ নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘সংস্কার কমিশনের কাজ দ্রুতই শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আবারও আলোচনা শুরু হবে। আলোচনা শেষে দলগুলোর মতামতের ভিত্তিতে সংস্কার কমিশন কাজ শুরু করবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন আলোচনায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।’

সরকারের সময়সীমার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে, ১৬ না ১৮ মাস পরে, এটা ঠিক করবে দেশের জনগণ। নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন। কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ।’

বিশ্ব নেতারা টাইম ফ্রেম জানতে চাননি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐক্যমত এবং জনগণসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বিশ্বনেতারা রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছে। এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে ৬টা কমিশনের কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকদফা আলোচনা করবেন।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘তিনি এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি রাষ্ট্র মেরামতের এ সুযোগকে মহৎ একটি কাজ হিসেবে বিবেচনা করছেন এবং এটিকে তিনি সফল জায়গায় নিয়ে যেতে চান।’

আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার আর্থিক সমর্থনের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘এর পাশাপাশি বাংলাদেশের সংস্কার কমিশনগুলোকে বিশ্বনেতারা সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জাতিসংঘে সফরের সময় তার সরকারকে বিশ্ব নেতারা সমর্থন জানিয়েছেন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন পর্যন্ত দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।




ইসরায়েলকে ইরানের নতুন হুমকি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মারা গেছেন। তার সাথেই নিহত হয়েছেন ইরানের আইআরজিসির কুদস ফোর্স শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডার। এই হত্যাকাণ্ডের কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসী ইহুদি রাষ্ট্রের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে।

ইরান তার রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী ও তাদের সমর্থকদের জবাব দেবে।হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরনার খবরে বলা হয়, ইরানের কৌশলগতবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাবেদ জাফরি বলেছেন, ‘যথাসময়ে জবাব দেওয়া হবে। এ

বিবিসির খবরে বলা হয়, এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোওশানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইআরজিসি। সেখানে নিলফোরোওশানকে আইআরজিসির ‘লেবাননের সামরিক উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। ওই ঘটনার পর তাঁর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে কয়েক দফা হুমকি দেয় আইআরজিসি।

২০১৯ সালে আলী জাহেদির উত্তরসূরি হিসেবে নিলফোরোওশানকে আইআরজিসির অপারেশন বিভাগের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আইআরজিসির কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্যারামিলিটারি বাজিস ফোর্সেসকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইমাম হোসেন হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার হিসেবেও কাজ করেছেন l




কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে সারাদেশে টানা বৃষ্টি শুরু হবে, যা ৪ তারিখ পর্যন্ত চলবে।

আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ এমনকি সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ৭০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু প্রবাহের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিবাগত রাত থেকে দেশের সিলেট বিভাগে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগে কোথাও-কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সিলেটে, ১১৩ মিলিমিটার। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরদিন বুধবার সারা দেশেই বৃষ্টিসহ ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ মাসের শুরুতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়া অফিস সূত্র জানাচ্ছে, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। গত আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।




ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

চন্দ্রদ্বীপ নিউজ :: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল বাংলাদেশের। এবার আসরটির ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রথমার্ধে এদিন কোনো গোল হয়নি। পরে ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ।

গোল শোধ তো দিতেই পারেনি বরং অন্তিম সময়ে আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের ওপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। নিশ্চিত হয়ে যায় ভারতের মুকুট ধরে রাখা।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ ক্যাটাগরিতে হয়েছে। অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্যাটাগরিতে একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ তে এই প্রথম রানার্সআপ হলো তারা।

এর আগে ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে হওয়া প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।