ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা

বরিশাল অফিস :: জেলার দৌলতখান উপজেলায় আজ আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার পাতার খাল মাছঘাট এলাকায় স্থানীয় মৎস্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা  ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রানী কৈরির  সভাপতিত্বে  এ সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামসু মাঝি, উপজেলা ক্ষুদ্র  মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. কাসেম মাঝি প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলবে। সভায় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্দ্রদ্বীপ নিউজ :: চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, গতকাল বিকেলে নজরুল ইসলামের সঙ্গে ফোনে তার শেষ কথা হয়। এরপর রাত ৮টার পর একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি। আজ সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি সালেহ আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’




এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

চন্দ্রদ্বীপ নিউজ :: এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।

আকতার হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সীমান্ত খোকন। আজ দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সীমান্ত খোকন।




ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির হওয়ায় ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদি করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে। তাদের পক্ষে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওইদিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি। কোনও কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেওয়া হয়নি। ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়ে। কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়, ২২ শতাংশ ভোট পড়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর চসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল।




পটুয়াখালীতে সার্ভে ইঞ্জিনিয়ার্সদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা-ইন- ইঞ্জিনিয়ারিং ( সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/ সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী শুরু।

মঙ্গলবার (১ অক্টোবর ) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ভবনের নীচতলায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর ব্যানারে
চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় ঘোষিত ১- ৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর প্রথমদিনের এ কর্মসূচীতে ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন ভূমি অধিগ্রহন (এলএ) শাখার সার্ভেয়া মো. আরিফুল হক খোকন, ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. সাদ্দাম হোসাইন, সার্ভেয়ার মোসারেফ হোসেন, সার্ভেয়ার মো. নজরুল ইসলাম, সার্ভেয়ার বিশ্বজিৎ, সার্ভেয়ার আসাদুর রহমান, সার্ভেয়ার মরিয়ম, সার্ভেয়ার খাইরুল হাসান, সার্ভেয়ার( বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার ( সড়ক) মো. নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা জানান, দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ( সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ ম গ্রেডে উন্নীত করার জন্য অর্ন্তবর্তীকালিন সরকারের কাছে আমরা জোরদাবী জানাচ্ছি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ারি করেন।




সাবেক হুইপ মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউস সানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আশুলিয়া থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ড আবেদন করেন।

এর আগে গতকাল সোমবার রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে গিনিকে আদালতে হাজির করে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়।

গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।



সব ধরনের পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করল শ্রীলঙ্কা




আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের বড় ব্যবধানের হার




পিস্তল ঠেকিয়ে মালিকানা নিতেন মাশরাফি?

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে। এ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।’

মামলার এজাহারে বলা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়।




পবিপ্রবি তে হলে মাদক সরবরাহকালে ভিসির হাতে ৩ জন আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হলে মাদক সেবন ও সরবরাহকালে ৩ বহিরাগত যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শের-ই-বাংলা হল-১ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাজমুল, হাসান এবং আবু-বক্কর। পরে তাদের রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ তল্লাশি চালিয়ে বহিরাগত ৩ মাদকসেবীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে গাজাসহ তিন জনকে আটক করেছে। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছাই তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। এই ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা সম্পূর্ণ বন্ধ। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।