তামিমই থাকছেন বরিশালের অধিনায়ক

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথমবারের মত শিরোপা জিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আসন্ন আসরেও দেশসেরা এই ওপেনারই দলটির অধিনায়কের দায়িত্বে থাকবেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম। আগামী বিপিএলেই তাকে আবার দেখা যাবে মাঠ মাতাতে। এবারও তামিমের কাঁধেই থাকছে বরিশালের ভার।

নিজেদের ফেবসুক পেজে দেয়া এক বিবৃতিতে তামিমের অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজনৈতিক পট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী।




ইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। তবে কোনো উস্কানি দিলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে আব্বাস আরাকচি বলেছেন, ‘আমাদের পদক্ষেপ শেষ হয়েছে, যদি না ইসরায়েলি শাসক আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। যদি নেয়, সেক্ষেত্রে আমাদের জবাব আরও জোরালো ও শক্তিশালী হবে।’

ওয়াশিংটন জানিয়েছে, মঙ্গলবারের হামলার জন্য ইরানকে ‘গুরুতর পরিণতির’ মুখোমুখি করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করবে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র  ধ্বংস করা যায়নি। এ হামলায়  হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল। তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এ ঘোষণা দেন বলে এএফপির খবরে বলা হয়েছে।

ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন,‘মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হামলার প্রতিশোধ নেওয়া হবে।’

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধাকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘ইরান বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে বর্র্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাইছে না, তবে যে কোনও হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবো।

তিনি লিখেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র। ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আজ বুধবার বৈঠকটি হওয়ার কথা l




রাতে ইরান, সকালে হিজবুল্লাহর হামলা ইসরায়েলে




শুভ মহালয়া আজ

চন্দ্রদ্বীপ নিউজ ::বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ বুধবার। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া।

পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়।

৯ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের।

পূজার এই সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদ্‌যাপিত হবে।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে আজ ভোর থেকেই শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টায় শুরু হবে আনুষ্ঠানিকতার।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস। পুরাণে আছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চান।

ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’ রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত সিংহ বাহিনী দেবী দুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন।




উপকূলে ঝড়ের শঙ্কা – সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: উপকূলের ঝড়ের শঙ্কায় সকল সমুদ্রবন্দরে তোলা হয়েছে ৩ নম্বর সংকেত। এছাড়া আটটি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরেও তোলা হয়েছে ১ নম্বর সংকেত।

বুধবার (০২ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালী, বরিশাল, যশোর, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমদক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন




ইরানে সফরে গেলেন রুশ প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরান সফরে গেলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ইরানের নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা করতে সোমবার তিনি ইরানে পৌঁছান।

খবরে বলা হয়, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সোমবার ইরানে পৌঁছেছেন; যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পক্ষ অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে বড় যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।




মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা বহাল প্রবাসীর

পটুয়াখালী প্রতিনিধি :: মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা পাওয়া বাংলাদেশি প্রবাসীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আপিল আদালত। মঙ্গলবার এক রায়ে তার সাজা অপরিবর্তিত রাখার আদেশ দেন আদালত।

বিচারপতি দাতুক ওয়াজির আলম মাইদিন মীরার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে বলেছে দোষী সাব্যস্ত করা আসামিকে ছাড় দেওয়া প্রতিটি মামলার নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।

বেঞ্চের অন্য সদস্যদের মধ্যে ছিলেন দাতুক আহমেদ জাইদি ইব্রাহিম এবং দাতুক এসএম কোমাথি সুপ্পিয়া।

নিউস্ট্রিট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আপিল আদালত বাংলাদেশি মো. শাহজাদা সাজুর মামলায় এ রায় দিয়েছেন, যিনি ৬ বছর আগে তার স্ত্রী সাজেদা-ই বুলবুলকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে লাগেজের মধ্যে ভরে ডোবায় ফেলে আসেন।

২০২২ সালের মে মাসে হাইকোর্ট প্রসিকিউশনের মামলার শেষে সাজুকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আহমেদ জাইদির দ্বারা প্রস্তুত করা একটি লিখিত রায়ে, আদালত বলেছে এই মামলাটির ক্ষেত্রে বর্বরতা ও নৃশংসতার যে দৃষ্টান্ত অভিযুক্ত তৈরি করেছে তাতে মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় সাজা বহাল রাখা হয়।

রায়ে আরও বলা হয়, একজন অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ছাড় বা ক্রেডিট দেওয়া হবে কিনা তা প্রতিটি মামলার ঘটনা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।

সাজেদা-ই বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালতপাড়ার মো. আনিস হাওলাদারের মেয়ে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএম পাশ করেন। বিয়ের পর ২০১৬ সালের ৩ ডিসেম্বর স্বামীর সঙ্গে মালয়েশিয়া যান তিনি।

সেখানে যাওয়ার পর স্বামীর অন্য চেহারা দেখতে পান। শাহজাদা নিজে প্রতিষ্ঠিত হলেও স্ত্রীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে দেননি। নিয়মিত করতেন নির্যাতন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৫ জুলাই সাজেদাকে হত্যা করেন শাহজাদা। অপরাধ গোপন করতে স্ত্রীর লাশ টুকরো টুকরো করে কেটে লাগেজে ভরে সুংগাই কালাং (জালান ইপুহ) এলাকায় এক ডোবায় ফেলে গা ঢাকা দেন।

দুই লাগেজে ভর্তি সাজেদার আট টুকরা মৃতদেহ প্রথমে দেখতে পান একজন ভবঘুরে ব্যক্তি। তিনি পুলিশে খবর দিলে এই নৃশংস ঘটনাটি সামনে আসে।

পুলিশ শাহজাদাকে ২০১৮ সালের ২৫ জুলাই দেশটির জোহর রাজ্যের পেঙ্গেরং থেকে গ্রেফতার করে।




এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি কারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণে ‘রিয়েল টাইম’ বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তথ্য তুলে ধরা হলো। একই সঙ্গে তাঁরা এখন কত সম্পদের মালিক, তা–ও উল্লেখ করা হলো।

রিয়েল টাইম (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা) বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন—

 ইলন মাস্ক

এখন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মার্কিন ধনকুবের মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর সম্পদের পরিমাণ ২৭০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

২. ল্যারি এলিসন
দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি এলিসন। মার্কিন ধনকুবের ল্যারি ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তাঁর সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

৩. জেফ বেজোস
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস। মার্কিন ধনকুবের বেজোস পৃথিবীর সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

৪. মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও। তাঁর সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

৫. বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি

বার্নার্ড আরনল্ট ফরাসি ধনকুবের। তিনি ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও। তাঁর সম্পদের পরিমাণ ১৯৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

৬. ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেট মার্কিন ধনকুবের। তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৭. ল্যারি পেজ
মার্কিন ধনকুবের ল্যারি পেজ। তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তাঁর সম্পদের পরিমাণ ১৩৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৮. আমানসিও ওরতেগা
আমানসিও ওরতেগা স্প্যানিশ ধনকুবের। তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা। তাঁর সম্পদের পরিমাণ ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

৯. সের্গেই ব্রিন
মার্কিন ধনকুবের সের্গেই ব্রিন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তাঁর সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।

১০. স্টিভ বলমার
স্টিভ বলমার মার্কিন ধনকুবের। তিনি মাইক্রোসফটের সাবেক সিইও। তিনি বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। বলমার পেশাদার লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক। তাঁর সম্পদের পরিমাণ ১২৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।




ভোলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু

বরিশাল অফিস :: ভোলায় মো. পাভেল ওরফে এসডি পাভেল (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শিকলে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর ছিফলী গ্রামের রাঁড়ি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক একই গ্রামের মো. মোতাছিন রাঁড়ির ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত পাভেল ফার্নিচার মিস্ত্রি ছিলেন। প্রায় ছয় বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন। তাকে তার পরিবার শিকলে বেঁধে রাখতেন, সব সময়ই তার হাত-পায়ে শিকল থাকতো। হাত-পা শিকলে বাঁধা অবস্থায় মঙ্গলবার সকালেও পাভেল তাদের বাড়ির সামনে বাজারে এসেছিলেন, পরে আবার চলে গেছেন। এরপর দুপুরের দিকে খবর পাই, পাভেল মারা গেছেন। তবে কীভাবে মারা গেছেন, সে বিষয়ে আমরা জানি না।

এ বিষয়ে পাভেলের বাবা মোতাছিন রাঁড়ি বলেন, পাভেলের মাথায় সমস্যা ছিল, প্রায় ছয় বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন। সুযোগ পেলেই মানুষের ওপর হামলা করতো সে, তাই পাভেলকে শিকলে বেঁধে রাখতাম।

ওই যুবকের বাবা আরও বলেন, আজ সকালে হাত-পায়ে শিকল পড়ানো অবস্থায় পাভেল দোকানের সামনে এসেছিলেন। পরে আমি ওকে বাড়িতে নিয়ে বসতঘরের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেন, বাড়ি থেকে চলে আসি। কতক্ষণ পড়ে বাড়িতে গিয়ে দেখি পাভেল উপুড় হয়ে পড়ে আছে, নাড়াচাড়া দিয়ে দেখি পাভেল মৃত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, মৃত পাভেল দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকার কারণে তদন্ত চলছে। জিডি মূলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।