শুরু হচ্ছে ছয়টি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল। সে হিসেবে ৭ অক্টোবর থেকে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।




আজও থাকবে বৃষ্টি : সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া সকল মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শুক্রবার বরিশাল, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (ঘণ্টায় ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। এ পূর্বাভাস আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।




বাবা-মায়ের পর না ফেরার দেশে দগ্ধ শিশু বায়েজিদও

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদের একটি বাসায় গ‍্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন জনই মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দগ্ধ শিশু বায়েজিদ (৩)। এর আগে তার বাবা-মা দুজনই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে বায়েজিদ নামে এক শিশু আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপা আইসিইউতে মারা যান। স্বামী টোটন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।’

গত ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর রাতে শিশুর জন্য গরম পানি করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন টোটন।




ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

বরিশাল অফিস :: গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি বরিশাল শহরে নতুন শাখার উদ্বোধন করেছে।

সম্প্রতি বরিশাল শহরে শহীদ নজরুল ইসলাম সড়কের (পুলিশ লাইন রোড) ফাইজ শতায়ু ভবনে ১৬তম এ শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন। এ সময় ডিবিএইচর অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশালের প্রধান ডেভেলপাররা উপস্থিত ছিলেন।

এ শাখায় বরিশাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের গৃহঋণ ও ফিক্সড ডিপোজিট সেবা দেওয়া হবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৯ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কিমেই অর্থায়ন করে থাকে।




লেবাননে ইসরাইলি হামলায় ১৯৭৪ জন নিহত

চন্দ্রদ্বীপ নিউজ :: গত অক্টোবরে হিজবুল্লাহ-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১২৭ শিশু ও ২৬১ নারীসহ মোট এক হাজার ৯৭৪ জন নিহত এবং নয় হাজার ৩৮৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, ইসরাইলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে যা ইতোমধ্যে একাধিক সঙ্কটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।

মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।




৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশনে আছেন যারা




চার দেয়ালের মধ্যে কেমন আছেন ভিআইপিরা?

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: একসময় তারা ছিলেন পরাক্রমশালী। তাদের পেছনে লোকের অভাব ছিল না। সান্নিধ্য পেতে ব্যাকুল থাকতেন অনেকেই। দেখাসাক্ষাৎ করার জন্য ভিড় জমাতেন। ভিড় সামলাতে কাজ করতেন নিজস্বভাবে নিয়োগ দেওয়া নিরাপত্তাকর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কিন্তু এখন তারা একা। যেন কেউ তাদের পাশে নেই। এমনকি নিকটাত্মীয়রাও সরে গেছেন দূরে। যাদের এ অবস্থা, তাদের অনেকেই রাজনৈতিক দলের বড় নেতা। কেউ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, কেউ ছিলেন জাঁদরেল আমলা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে একসময়ের দোর্দণ্ডপ্রতাপশালী পদস্থ কর্মকর্তাও আছেন তাদের মধ্যে। কেউ কেউ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারা সবাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে আছেন তিনজন। তাদের কারও সঙ্গেই এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ দেখা করতে আসেননি। এমনকি কোনো নিকটাত্মীয়ও কারাগারে যাননি। এছাড়া ৫ আগস্টের পর থেকে গ্রেফতার হওয়া ভিআইপি বন্দিরা কারা অভ্যন্তর থেকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাননি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাগারে থাকা বিশেষ বন্দিরা কীভাবে সময় কাটাচ্ছেন-জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা  বলেন, সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন। কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন। কমবেশি সবাই নামাজ পড়ছেন। চা-নাশতা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্প-গুজব করেন, পত্রিকা পড়েন। কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর ১২টার পর গোসলে যান। গোসল শেষে কেউ কুরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দি ও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা  বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দিরা থাকার জন্য একটি খাট পান। চেয়ার-টেবিল পান।

কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দিরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান। সকালে রুটি-সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দিদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের চা দেওয়া হয়। সাধারণ বন্দিরা মাছ/মাংস পান একবেলা। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিরা দুই বেলা মাস/মাংস পান। কিন্তু পরিমাণ সবার জন্য সমান। তিনি জানান, ভিআইপি বন্দিরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক একধরনের সেবক হিসাবে কাজ করেন। ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন। এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন।

কারাসংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা, সেগুলোই তাদের দেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী প্রতি ১৫ দিন পর নিকটাত্মীয়রা বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ পান। নিয়ম অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া বন্দিদের সঙ্গে কারও দেখাসাক্ষাতের সুযোগ নেই। তবে বর্তমানে কারাবন্দি ভিআইপি বন্দিদের সঙ্গে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না। তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন। তিনিই মামলার খোঁজখবর রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী, একজন বন্দি প্রতি ১০ দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দিদের ক্ষেত্রে এ সুযোগ এখনো  নেই l




যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন নীতিনির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে দুই লাখ ডলারে চুক্তি করেছেন তিনি।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। চুক্তির আওতায় লবিস্ট ফার্ম পাচ্ছে ২ লাখ মার্কিন ডলার (২ কোটি ৪০ লাখ টাকা)।




হারুন-বিপ্লবসহ যাদের খুঁজছে পুলিশ

পুলিশের একাধিক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনো কাজে যোগ দেননি অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। পলাতক বা আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাকে অপরাধী হিসেবে গ্রেপ্তারের উদ্দেশ্যে খোঁজা শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়ও সেই আভাস মিলেছে। গতকাল আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে।

তাদের আমরা পুলিশ বলব না, তাদের ক্রিমিনাল বলব।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল ও কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এখন পর্যন্ত পুলিশের সাবেক তিন আইজিসহ ১৮৪ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির ৯৯ জন আছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কর্মস্থলে যোগ না দিয়ে পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের বিরুদ্ধে হবে বিভাগীয় মামলা।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা চাকরিতে ফিরতে পারবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচারকাজ আইন অনুযায়ী চলবে। যাদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা মিলবে কাউকে ছাড় দেওয়া হবে না।অন্যদিকে দুর্নীতি, হত্যা, নির্যাতনসহ নানা অভিযোগে চাকরিচ্যুত, সাবেক কর্মকর্তা ও যোগদান না করে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অনেক মামলা হচ্ছে।

এ  প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) রেজাউল করিম বলেন, ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেপ্তারের অনুমতি রয়েছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে।

কর্মে না ফেরা পলাতক তালিকার শীর্ষে হারুন

পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছেন ৩৮ মামলার আসামি ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। তাকে এখনো চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

নিরাপত্তার অজুহাতে আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় বেশি সমালোচনায় পড়েন হারুন। ৫ আগস্টের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

তার বিরুদ্ধে ২০১১ সালে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে নির্যাতনের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে উল্টো পুনর্বাসন ও পদোন্নতি দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। ১৩ বছর পর গত ১৯ আগস্ট হারুনের বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি নেতা ফারুক।

বিপ্লব কোথায়?

গত ১২ সেপ্টেম্বরে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে- লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে গেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। দাবি করা হয়, গত ১০ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় তিনি ভারতে প্রবেশ করেন। পাচারকারীদের এসংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সীমান্ত পার হওয়ার জন্য বিপ্লব কুমারের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়া হয় বলেও জানা যায়।

এ প্রসঙ্গে পুলিশের এসবি প্রধান মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘পুলিশের দুই সাবেক কর্মকর্তা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের সাবেক ও বর্তমান কোনো কর্মকর্তা ইমিগ্রেশন ক্রস করেননি। আমি মনে করি তারা দেশেই আছেন। তবে কোথায় আছেন সে ব্যাপারে কোনো মন্তব্য করব না।’

দেশ ছাড়তে ব্যর্থ গোলাম ফারুক :

গত ২০ আগস্ট ব্যাঙ্ককের উদ্দেশে রওনা হওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক। ডিবিকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলে তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানানো হয়। পরে অবশ্য তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান। খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

কর্মস্থলে যোগ না দেওয়া ১৮৭ সদস্যের যে তালিকা পুলিশ সদর দপ্তর দিয়েছে, এর মধ্যে ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৬ জন। পুলিশ পরিদর্শক আছেন পাঁচজন, উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৪ জন। অন্যদের মধ্যে এএসআই ৯ জন, নায়েক ৭ জন ও কনস্টেবল ১৩৬ জন।

কাজে যোগ না দেওয়া শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান (স্বেচ্ছায় চাকরি থেকে অবসরের আবেদন করেছেন), ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিবির সাবেক যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান, রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার।

পুলিশ সুপার থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আত্মগোপনে থাকা ৮ কর্মকর্তা হলেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, আরপিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান ও ইফতেখার মাহমুদ(গ্রেপ্তার), আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন এবং সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার রানা।

পরিদর্শক পদে কর্মস্থলে যোগ না দেওয়া কর্মকর্তারা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার সাবেক ওসি মাহফুজার রহমান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক খাদেমুল বাহার বিন আবেদ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলের পরিদর্শক ইউসুফ হাসান, ডিএমপির সাবেক পরিদর্শক জাকির হোসাইন ও ঢাকা জেলা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান সাংবাদিকদের বলেন, ‘যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।’




দুমকীতে শ্রমিকলীগ নেতার পদত্যাগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: খলিলুর রহমান শরীফ আ’লীগের এই অঙ্গ সহযোগী সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

খলিল শরীফ ২নং লেবুখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।

বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তা স্বীকার করেন খলিল শরীফ বলেন, বর্তমানে আমার নানান সমস্যা, তাই আমি পদত্যাগ করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসলে আমি কমিটিতে থাকতে চাইনি। যারা কমিটি করেছে তারাই আমার নাম দিয়া রাখছিল।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেনের মুঠোফোনে বার বার কল করা হলে তা তিনি রিসীভ করেন নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ অক্টোবর দুমকী উপজেলা শ্রমিক লীগের ৩১সদস্য বিশিষ্ট কমিটি দেয় পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন ও মো: মিজানুর রহমান। গত ২৮ সেপ্টেম্বরে তার লিখিত এক পদত্যাগ পত্রে ব্যক্তিগত, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ৯ জন সহ-সভাপতির মধ্যে ২নং সহ-সভাপতি ছিলেন মো: খলিল শরীফ।