ভোলা জেলা পুলিশে বড় রদবদল : ১৩ কর্মকর্তা বদলি

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলার তজুমুদ্দিন থানার ওসি মো. আনোয়ারুল হক, শশীভুষন থানার ওসি এনামুল হক, দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ, দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ও মনপুরা থানার ওসি জহিরুল হকসহ ভোলা জেলা পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হককে বদলি করে আরওআই রিজার্ভ অফিসে যুক্ত করা হয়েছে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হককে বদলি করে তজুমদ্দিন সার্কেল অফিসে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে যুক্ত করা হয়েছে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহামদকে বদলি করে ভোলা সদরে, ভোলা সদরের ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদকে বদলি করে ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলামকে লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যুক্ত করা হয়েছে।

এছাড়াও লাইন ওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক আরিফ ইফতেখারকে বদলি করে দুলারহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যুক্ত করা হয়েছে। লাইন ওয়ারের আরেক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে তজুমদ্দিন থানার ইনচার্জ, লাইনের আরেক পরিদর্শক আহসান কবিরকে বদলি করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যুক্ত করা হয়েছে। এছাড়াও মনপুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিক হাসান রাসেলকে বদলি করে শশীভুষন থানার থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, দৌলতখান থানার ইন্সপেক্টর (তদন্ত) এরশাদুল হককে বদলি করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ, পুলিশ অফিসের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সত্যরঞ্জন খাসকেলকে বদলি পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ও লাইন ওআর এর পুলিশ পরিদর্শক মো. মাসুদ হাওলাদারকে বদলি করে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যুক্ত করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।




পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

বরিশাল অফিস :: পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে জাফর আলী খান (৪৫) নামে অপর বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাফর আলী খান পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ নেন জাফর আলী খান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, হামলাকারী মিজান ও জাফরের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এ সময় জাফরের প্রথম স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বুধবার জাফর একটি জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মিজান ও তার সহযোগীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় জাফরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিজান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাফরকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বলেন, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




বরিশাল যৌথ বাহিনীর অভিযান নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব,আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে চালিয়ে ১ কেজি ২ গ্রাম গাজা, ৮০ পিস ইয়াবা ১ কেজি ৩০০ গ্রাম মাদক পাউডার এবং ২ টি মোবাইল সহ আসমা বেগম(৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালায়। আটকের পরবর্তীতে উক্ত মাদক ব্যবসায়ীকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

যৌথ অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দেন সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, র্যাব ৮ সদর দপ্তরের মেজর সোহেল ও কোতোয়ালি মডেল থানা টহল টিম।

সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরিশাল নগরী কেডিসি এলাকায় আসমা বেগম নামের একজন নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এই কাজের সঙ্গে জড়িত রয়েছে। এ ছাড়া তার ঘরে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা হস্তান্তর করি।

এ বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 




বরিশালে দুর্গাপূজায় নারী নেত্রীর নতুন পোশাক বিতরণ




‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ’

চন্দ্রদ্বীপ নিউজ :: মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা  বলেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি। যেখানে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে।’

চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয় এবং মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে।’

এসম তিনি আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই দুজনের একান্ত বৈঠক হয়।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।




ঝরনায় সেলফি তুলতে গিয়ে পড়ে মারা গেলেন দুই বন্ধু

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় দুই পর্যটক নিহত হয়েছেন। মিরসরাই এবং চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল তিন ঘণ্টা অভিযানের পর মরদেহ দুটি উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেল্ফি তুলতে গিয়ে পা পিছলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ছাত্র মুশফিকুর রহমান আদনান (২১) ও নারায়ণগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মাহবুব রহমান মুস্তাকিন (২১)।

প্রত্যক্ষদর্শী ও তাদের বন্ধুরা জানান, ১৩ জন বন্ধু মিলে মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় ঘুরতে আসেন তারা। সকাল ৭টায় ঝরনায় এসে পৌঁছেন তারা। সকাল সাড়ে ৮টার সময় সেল্ফি তুলতে গিয়ে পা পিছলে ঝরনায় কুপে ডুবে যান ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ছাত্র মুশফিকুর রহমান আদনান। ও নারায়ণগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মাহবুব রহমান মুস্তাকিন (২১)। বন্ধুরা তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ও মিরসরাই এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

একসঙ্গে ঘুরতে আসা নিহতদের বন্ধু আসিফ বলেন, ‘ঝরনায় পিছলা পাথরের ওপর পা রাখা কঠিন। একটু অসতর্ক হলেই বিপদ। আমরা ১৩ বন্ধু একসঙ্গে ঢাকা থেকে এসেছি। সকাল ৭টায় ঝরনায় পৌঁছে সাড়ে ৮টার সময় সেল্ফি তুলতে গিয়ে প্রথমে আমাদের বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মুস্তাকিন গভীর কুপে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে হাত ধরতেই পা পিছলে পড়ে যায় আদনান। আদনান নারায়ণগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি নিজেও পড়ে গিয়েছিলাম, স্থানীয়দের সহায়তায় উঠতে পেরেছি। অনেক খোঁজাখুঁজির পর ফায়ারসার্ভিসের ডুবুরিরা দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে। আমরা ১৩ বন্ধু একসাথে বেড়াতে এসে দুই বন্ধু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে।’

নিজামপুর পুলিশ ফাঁডির উপপরিদর্শক মো. মমিন হোসেন বলেন, ‘আমরা দুই জন পর্যটকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। নিহত আদনানের বাবা এবং মোস্তাকিমের ভাই আমাদের সাথে রয়েছেন। তাদের কোনো আপত্তি না থাকলে আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করব। এখন লাশ থানায় নিয়ে যাচ্ছি।’

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনায় কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সকাল ৯টায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করি। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর ১টা ৪৫ মিনিটে উদ্ধার কার্যক্রম শেষ করে দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে।’

মিরসরাই নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোমিন জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে খৈয়াছড়া ঝরনায় গভীর কূপে ডুবে প্রাণ হারিয়েছেন এক ব্যাংক কর্মকর্তাসহ তিন জন। এরপর ওই ঝরনায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করে মিরসরাই উপজেলা প্রশাসন। গতকাল ৩ অক্টোবর থেকে চালু করার পর প্রথম দিনে নিহত হয়েছে দুই পর্যটক।




ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

চন্দ্রদ্বীপ নিউজ :: গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ।

ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।



মুসলিমদের শত্রু এক: খামেনি

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি তাহলে এই যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব। ফিলিস্তিনি, লেবানিজ, মিসরীয় ও ইরাকিদের শত্রু একজনই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রুও। আমাদের সবার শত্রু একই।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ‘সর্বনিম্ন শাস্তি’।

শুক্রবার (৪ অক্টোবর) তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় একথা বলেন। প্রায় পাঁচ বছর পর এই খুতবা দিলেন খামেনি। খবর ইরনা।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এ লড়াই চলবে। তাদের পরাজিত করতে হলে আমাদের হামাস-হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী দেশগুলোকে এক হতে হবে। এটি আমাদের জন্য একটি ইসলামী কর্তব্য।

প্রয়োজনে ইরানের মাটি থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলেও হুঁশিয়ারি করেন এই নেতা।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমরা আমাদের দায়িত্ব পালনে বিলম্ব করি না আবার তাড়াহুড়োও করি না। রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতামত অনুযায়ী যেটা যুক্তিসঙ্গত এবং সঠিক তা যথাসময়ে বাস্তবায়ন করি।

তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে মিত্র হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো তিনি এই খুতবা দিলেন।

এই উপলক্ষে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। কারও কারও হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা দেখা যায়। কেউ বা ফিলিস্তিনের পতাকা নিয়ে আসেন। তবে সবার উদ্দেশ্য একটিই—খামেনিকে এক নজর দেখা।




সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারেরর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৪ অক্টোবর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ ইমরুল সাহেদ তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানার কারওরান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ হত্যার ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।




জনগণের ওপর যারা জুলুম করেছে, জাতি তাদের বিচার দেখতে চায়’

চন্দ্রদ্বীপ নিউজ ::জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকাকালীন যারা যেভাবেই-যেখান থেকেই এ দেশের জনগণের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছে, জুলুমকারীদের সহযোগী হয়ে কাজ করেছে, এ জাতি তাদের সকলের বিচার দেখতে চায়। তিনি বলেন, আমরাও জাতির এ প্রত্যাশার সঙ্গে একমত। আমরাও ন্যায় বিচার চাই।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে থেমে-থেমে চলা বৃষ্টির মধ্যে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তথা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছে। আমরা সেই সমস্ত শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে কোন ভাগ করতে চাই না। এই শহীদরা আমাদের জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় তাদেরকে রাখতে চাই।

জামায়াতের আমির এ সময় শহীদ পরিবারের উদ্দেশে বলেন, আপনারা আমাদের অহংকারের পাত্র, মর্যাদার পাত্র, সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো শহীদদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। এর পাশাপাশি এ জাতি যেনো তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে পারে। সেজন্য পাঠ্যপুস্তক কারিকুলামে আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগ অন্তর্ভুক্ত করতে হবে।

এ সময়ে তিনি বর্তমান অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বৈষম্য ও সরকার বিরোধী আন্দোলনের সময়ে যেসব ছাত্র জনতারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি ব্যবস্থা করে এবং যারা পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারও করুণার পাত্র হয়ে বেঁচে না থাকে এজন্য জরুরি ব্যবস্থা নিন।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। তবে এর পাশাপাশি আমরা মনে করি জাতিকেও বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. খলিলুর রহমান, ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য আবুল হাসেম খান, মাওলানা দেলাওয়ার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।