প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  1. চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এ বৈঠক শুরু

ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এর আগে গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক বাম জোট ও এবি পার্টির সঙ্গে আজ সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের জন্য ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।




চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৮ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিনে বহির্নোঙরে থাকা ওয়েল ট্যাংকারে আগুন ধরে যায়। চার ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন, জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা জাহাজের ৪৮ নাবিককে । উদ্ধার করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান।




বরিশালে দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর,ওসি প্রত্যাহার

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী বলেন, গত রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে।

শংকর দেউরী বলেন, গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানান।

এদিকে, বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বাকেরগঞ্জ থানার ওসির দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা বলেন, তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে ।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না। মণ্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার। কিন্তু তারা রাখেনি। এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। ফেসবুকে কেউ ধর্মীয় আপত্তিকর পোষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




বঙ্গোপসাগর উত্তাল – মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত – পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকত

পটুয়াখালী প্রতিনিধি :: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের কিছুটা বৃদ্ধি পেয়েছে।

উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।




ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে: আইআরজিসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে নতুন করে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইসরাইলের সব জ্বালানী স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি শুক্রবার লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরাইল। খবর পার্সটুডের।

তিনি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো।

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এর জবাবে মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাভি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন।

তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরাইলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে।

ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সমক্ষমতা আমাদের রয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল ফাদাভি।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি শুক্রবার আল-মায়াদিনকে বলেছেন, ইসরাইল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ‘ভয়ানক ও ধ্বংসাত্মক জবাব’ দেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেয়ার প্রস্তুতি নিয়েছি। ইসরাইল যেকোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে বলেও জানান তিনি।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।




ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ

পটুয়াখালী প্রতিনিধি :: দেশে প্রথমাবের মতো ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ। শিক্ষক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থা।

শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই পুরস্কার ঘোষণা করে ইউনেস্কো। সেখানে গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল। এরপর তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

বক্তব্যে মাইনুদ্দিন মাইনুল বলেন, এই পুরস্কারটি আমাদের শিক্ষকদের জন্য এক অনন্য স্বীকৃতি। তারা (শিক্ষকরা) শুধুমাত্র শিক্ষাই দিচ্ছেন না, পাশাপাশি সকল ধরনের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এই লড়াই শুধু সুশীল সমাজের নয়। এই লড়াই এনজিওসহ গোটা জাতির।

দেশে সুবিধাবঞ্চিত শিশুদের বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ তৈরিতে পরিচালিত হচ্ছে জিএনবির শিক্ষা কার্যক্রম। দেশের ১৩টি জেলার মোট ৩৯৬টি স্কুল নিয়ে পরিচালিত হচ্ছে এই কর্মসূচি। এতে কাজ করছেন ৪৯ জন উচ্চ প্রশিক্ষিত শিক্ষক।




ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিরা পর্যটন উন্নয়নে কোন কাজ করেনি – সেলিমা রহমান

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা রহমান বরিশাল সহ দক্ষিণাঞ্চলে সাংগঠনিক সফর শেষে প্রাকৃতিক সৌন্দর্য ভূমি সাগর-কন্যা কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। শুক্রবার শেষ বিকেলে তার সফর সঙ্গীদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম আসেন।

কুয়াকাটা সফরে এসে বেগম সেলিমা রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতকালে আক্ষেপ করে বলেন, কুয়াকাটার প্রবেশ মুখে ১১ কিলোমিটার রাস্তা খুবই খারাপ। অসংখ্য খানাখন্দে ভরা। আসতে খুবই কষ্ট হয়েছে।

তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের মত এত সুন্দর একটি সমুদ্র সৈকত রয়েছে আমাদের। আর সেই সৈকতের অব্যবস্থাপনা দেখে আমি হতাশ হয়েছি। সবকিছু অগোছালো। মনে হয় এখানে কোন অভিভাবক ছিল না। আওয়ামী লীগ সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে দেশবাসীর কান ঝালাফালা করে ফেলেছে। এই সেই উন্নয়নের চিত্র।

তিনি আরো বলেন, সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য একমাত্র কুয়াকাটা থেকেই দেখা যায়। এমন একটি সমুদ্র সৈকতে পর্যটকদের আসতে নানা ভোগান্তিতে পড়তে হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আওয়ামী ফ্যসিস্ট সরকারের পর্যটন মন্ত্রী সহ এমপি মন্ত্রীরা পর্যটন উন্নয়নে কোন কাজই করেনি। শুধু লুটপাটে ব্যস্ত ছিল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা আসতে পারে সেই ব্যবস্থা করা হবে।

এসময় তার সাথে ছিলেন, বিএনপির উপদেষ্টা লুশনেয়ারা লুনা, বিএনপি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সুলতানা আকতার শিরিন, বরিশাল জেলা যুবদল নেতা ওয়ালি উল্লা খান পারভেজ, বরিশাল বাবুগজ্ঞ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো: রিয়াজ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী তার সফর সঙ্গী হিসেবে এসেছে।




ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল?

তবে জো বাইডেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউসের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? এর জবাবে বাইডেন বলেছেন, আমরা আলোচনা করছি।

এদিকে শুক্রবার (৪ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না- এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি।

ওই কর্মকর্তা বলেছেন, এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয়। এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে, ইসরায়েল কী যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় আলোচনার বাইরে রেখেছে?

এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন, আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাবো, কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই।

গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। দেশটি দাবি করে, তাদের ছোড়া ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা এর কড়া জবাব দেবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে তৈরি। তিনি জানান, যেকোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।




বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।




আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার মতো সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে আজ (শনিবার) থেকে শুরু হবে সংলাপ। সংলাপের জন্য প্রথমেই ডাকা হয়েছে বিএনপিকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি বলে জানা গেছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। এই সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

বিএনপির শীর্ষনেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রস্তাব রাখা হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও পতিত শেখ হাসিনা সরকারের সহযোগীরা রয়েছেন। তাদের সরানোর বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে। একইসঙ্গে পোশাক শ্রমিক অসন্তোষ, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও আলোচনা আসবে।