মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

বরিশাল অফিস :: মেঘনা নদীতে নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।

নিহত জেলে কবির মাঝি (৩৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।

শনিবার( অক্টোবর) সকালে ৭ টার দিকে বরিশালে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমাদুল করিম।

তিনি জানান,মেঘনা নদীতে বজ্রপাতে একজন জেলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দিয়ে দেওয়া হয়েছে।

নিহতের প্রতিবেশি জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন জেলেরা। সকালে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাত হয়। এতে নৌকার অন্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুড় হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।




শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলো: জিএম কাদের

চন্দ্রদ্বীপ নিউজ :: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো। যে কারনে, আওয়ামী লীগ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই “বি” টিম সৃষ্টি করেছিলো।

শনিবার (৫ অক্টোবর) বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছে। বিএনপি’কে হামলা-মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে। তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিলো। আবার, জামায়াতে ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি। হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছে। আর, জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে দুই ভাগ করে।

তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিলো আওয়ামী লীগ। জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বে-আইনিভাবে আরো একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেয়া।

জিএম কাদের বলেন, সরকারী পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সকল কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সকল গণমাধ্যমকে সহায়তা করতো। তাদের কাজ ছিলো মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার করা।

তিনি বলেন, ২০২৪ সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি, তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় ৪ কোটি। আগামী দিনের রাজনীতিতে তারা অসামান্য অবদান রাখেবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন।




‘মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ’

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন, তাদের জন্য দুই সপ্তাহের মধ্যে স্পেশাল (বিশেষ) লাউঞ্জের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এটি তাদের প্রতি আমাদের উদারতা নয়, বরং দায়বদ্ধতা।

তিনি জানান, সিন্ডিকেটের মাধ্যমে নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি খোলা হবে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তারা বাংলাদেশ থেকে ১৮ হাজার কর্মী নেবেন। বিষয়টি কিছু জায়গায় ভুলভাবে উপস্থাপন হয়েছে। আমরা জানি গত ৩১ মের মধ্যে যে ১৭ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল, তারা দুর্ভাগ্যবশত যেতে পারেননি। মালয়েশিয়া সরকার তাদের যাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এটা যতদ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান ও মালয়েশিয়ার পক্ষে পারকেসো এর গ্রুপ অব এক্সিকিউটিভ অফিসার দাতো সারি ড. মোহাম্মেদ আজমান বিন আজিজ স্বাক্ষর করেন।




সেনাবাহিনী মাঠে আছে, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

চন্দ্রদ্বীপ নিউজ ::দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জেনারেল ওয়াকার- উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।

সেনাপ্রধান বলেন, আশা করি, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

পরিদর্শনের সময় সেনা প্রধান হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি।

 




দলে সাকিবের শূন্যতা নিয়ে হৃদয় যা বললেন

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যর্থতা ভুলে এবার সাদা বলের ক্রিকেটে মনোযোগী টাইগাররা। আগামীকাল রবিবার গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টেস্ট স্কোয়াডে থাকলেও ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েকদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। সাকিব জানিয়ে দিয়েছেন, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণের সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

বিশ্বকাপের পর এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে এবার দলের সঙ্গে নেই সাকিব। ম্যাচটিকে সামনে রেখে গোয়ালিয়রে আজ সংবাদ সম্মেলনে আসেন ব্যাটার তাওহিদ হৃদয়। সেখানেও উঠল সাকিবের দলে না থাকার প্রসঙ্গ।

হৃদয়ের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। সেটা মাথায় থাকলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিবকে নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সাকিবের ভালো বিকল্প মিরাজ হতে পারবেন বলেও জানান তিনি, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যদি বলি, অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’




জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ে

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামায়াত প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমীর আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।




চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী মজিবর মাস্টার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মজিবর রহমান মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টায় রংপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মজিবর রহমান মাস্টার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

১৯৩৭ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়ায় জন্মগ্রহণ করেন মজিবর রহমান মাস্টার। তার বাবার নাম সেরাজ উদ্দিন ও মায়ের নাম আলিমন নেছা।

১৯৪৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভাষা আন্দোলনে যুক্ত হন মজিবর রহমান। ১৯৫২ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় ভাষার দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় মজিবর মাস্টার শ্যামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

১৯৭১ সালে গঠিত বদরগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হন। মজিবর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। ১ এপ্রিল সৈয়দপুর সেনানিবাস থেকে ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে ৩ শতাধিক আনসার, পুলিশ ও সেনা সদস্য বদরগঞ্জে আসেন। তিনি ওই বহরে অংশ নেন। তারপর বদরগঞ্জ থেকে তারা দিনাজপুরের ফুলবাড়ীতে যান। সেখানে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। ৬নং সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন নোয়াজেসের সঙ্গে তিনি নীলফামারীর চিলাহাটির তিনটি স্থানে গেরিলা যুদ্ধে অংশ নেন। পরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কলকাতায় দেখা করেন। তার নির্দেশে তিনি ভারতের কুচবিহারের টাপুরহাট যুব ক্যাম্পে সহকারী রিক্রুটিং অফিসার হিসেবে যোগ দেন।

মজিবর রহমান ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া কয়েক বছর বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটস আন্দোলনে যুক্ত থেকে রাষ্ট্রপতি পদকও লাভ করেন মাস্টার মজিবর রহমান।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০২৩ পান রংপুরের কৃতি সন্তান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মজিবর রহমান মাস্টার।




মিত্ররা ইসরাইলের সাথে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা শুক্রবার এক ব্যতিক্রমী ভাষণে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এই অঞ্চলের চারপাশে তাদের মিত্ররা ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। কারণ, তিনি তার শত্রুর বিরুদ্ধে তাদের দেশের ক্ষেপণাস্ত্র হামলাকে রক্ষা করেছেন।

ইসরাইলের ওপর ইরানের দ্বিতীয়বারের মতো সরাসরি হামলার পর তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনি এই ভাষণ দেন। তেহরানসমর্থিত হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরাইলি সৈন্যদের মধ্যে গুলি বিনিময় লেবাননে সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার পর এটিও তার প্রথম ভাষণ।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সূচনাকারী ইসরাইলের ওপর হামাসের গত বছরের ৭ অক্টোবরের হামলার প্রথম বার্ষিকীর আগে দেয়া বক্তৃতায় খামেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের ‘যৌক্তিক এবং আইনি’ পদক্ষেপের পক্ষে রয়েছেন এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তার ‘ভয়ঙ্কর প্রতিরক্ষা’র প্রশংসা করেছেন।

হামাসের নজিরবিহীন হামলার ফলে ১,২০৫ জন ইসরাইলি নিহত হয়। হামাসের এই হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। কিন্তু মধ্যপ্রাচ্যের চারপাশে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের সমর্থন আদায় করেছে।

হিজবুল্লাহ শনিবার দিনের প্রথম দিকে বলেছে, তারা লেবানন সীমান্ত এলাকায় ইসরাইলি সৈন্যদের সাথে চলমান সংঘর্ষে জড়িত ছিল। ইসরাইলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে।

:ইসরাইলি সেনাবাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এলাকার বুর্জ আল-বারাজনেহ আশপাশের কিছু অংশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য সতর্ক করার পর এএফপি সংবাদদাতারা শনিবার ভোরে বৈরুত শহরের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

জর্ডান ও বাহরাইন হামাস এবং হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রদর্শনের জন্য জুমার নামাজের পর ভিড় জমায়। যদিও উভয়ের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানে বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের হামলার ‘গৌরব এবং মর্যাদা’র প্রশংসা করে পোস্টার বহন করে।




দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন- দুমকি উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

জামাল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, মাওলানা মামুনুর রহমান, জহিরুল ইসলাম, জিএম ইউছুফ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন শাহীন, শাহজাহান সরদার, সহকারী শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি – সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষক দিবসের সূচনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবি জানান।




লেবাননে ইসরায়েলের হামলায় স্ত্রী-সন্তানসহ হামাস নেতা নিহত

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: লেবাননের ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় হামাস নেতা সাইদ আতাল্লাহ স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন। আজ শনিবার হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফিলাস্টেন এ তথ্য জানিয়েছে।

ফিলাস্টেনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইদ আতাল্লাহ তার পরিবারের তিন সদস্যসহ উত্তর লেবাননের ত্রিপোলিতে বেদদাউই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে থাকতেন। সেখানে করা ইসরায়েলের হামলায় স্ত্রী-সন্তানসহ তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, লেবাননের দৈনিক আন-নাহার বলছে, নিহতদের মধ্যে সাইদ আতাল্লাহ, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। ইসরাইলি ড্রোন হামলায় আতাল্লাহ এবং তার পরিবার যে অ্যাপার্টমেন্টে থাকতেন তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

তবে হামাস আনুষ্ঠানিকভাবে এখনো আতাল্লাহর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। তবে হামাসের ঘনিষ্ঠ সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বলেছ, আতাল্লাহ তার স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন।