ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধবাজ ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসানে ‘রাজনৈতিক সমাধান’ খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, ‘আমার বিশ্বাস, আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা’।

সেই সঙ্গে, ফ্রান্স ইসরাইলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। ইসরাইলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

ফরাসি প্রেসিডেন্ট ঠিক দুই সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের (WJC) সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন। যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরাইল-গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ম্যাক্রোঁ ইসরাইল-হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন। যা ইসরাইলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেওয়া প্রতিশ্রুতিরই বহি:প্রকাশ। সূত্র: দ্য জেরুসালেম পোস্ট




ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছর পর জয় পেল টাইগ্রেসরা। আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। ধারে-ভারে ইংলিশরা অনেক শক্তিশালী হলেও বোলিং নৈপুণ্যে তাদের ১১৮ রানেই আটকে দিলেন বাংলাদেশের মেয়েরা।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক হিথার নাইট। শুরুটা ইংলিশরা করে উড়ন্ত। কোনো উইকেট না হারিয়েই করে ফেলে ৪৮ রান। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ২৩ রান করা মাইয়া বুচিয়েরকে ফেরান রাবেয়া খান। আর তিনে নামা ন্যাট স্কিভার-ব্রান্টকে ফেরান ফাহিমা খাতুন।

একপাশে ব্যাটাররা ব্যর্থ হতে থাকলেও ওপেনার ড্যানি ওয়াট-হজ ছিলেন দারুণ ফর্মে। ৪০ বলে ৪১ রান করার পর নাহিদা আকতারের বলে ফেরেন তিনি। ইংলিশদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন ছয়ে নামা অ্যামি জোনস। শেষের দিকে রানের গতি কমে যায় ইংলিশদের। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফাহিমা খাতুন। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সমান ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রিতুমনি। ২ উইকেট নিলেও ৪ ওভারে নাহিদা আকতারকে খরচ করতে হয়েছে ৩২ রান। একটি উইকেট নেওয়া রাবেয়া খান ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১৫ রান।




পটুয়াখালীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল – বেঁধে রাখলেন স্থানীয়রা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকা পড়েছে একটি ঘড়িয়াল। পরে সেটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে ঘড়িয়ালটি আটকে যায়। এটি দেখতে ভীড় জমিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়রা এটিকে কুমির ভেবে আটকে রেখেছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা একটি কুমির ভেবে বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলেন তারা। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি যে ঘড়িয়াল তা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এটি শান্ত প্রাণী। মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে স্থানীয় লোকজন প্রচুর ভীড় করে রাখায় ভয়ে ঘড়িয়ালটি উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে গণ সমাবেশ।

শনিবার (৫ অক্টোবর) বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলা এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারী মাওলানা কাওছারুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মাওলানা সিরাজুল ইসলাম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ ওসমান গনি ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার এবং অপরাধী সংগঠনগুলোকে রাজনীতিতে অযোগ্য ঘোষণার দাবী করেন। লাগামহীন জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে বলেন, এ সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য ক্রয় করায় ক্ষমতার মধ্যে আনাতে হবে। চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করে সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আহ্বান জানান।

বিগত সরকারগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, অতীতের সকল সরকারই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।




কলাপাড়ায় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদকের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকার বাসা থেকে একটি হকিষ্টিক, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এসময় ওই বাসায় কোন লোক ছিল না, বাসাটি তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানের সময় তিনিও সাথে ছিলেন। তবে অভিযানটি ক্যাপ্টেন মুশফিকুর রহমান পরিচালনা করেছেন।

এদিকে, অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন’ মামলার বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন।




পিরোজপুর থেকে অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার

বরিশাল অফিস :: পিরোজপুর থেকে অপহৃত সিনথিয়া আক্তার রুমি (১৩) নামে এক কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন সিনথিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় পিরোজপুর সদরের হোরের হাওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শেখ তরিকুল ইসলাম বাদী হয়ে গত ৩ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ করেন।

জানা গেছে, বাদী তরিকুলের শ্যালক মো: আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর সে বাড়ি ফিরে আসেনি। পরিবার সিনথিয়াকে অনেক খোজাখুজি করার পর না পেয়ে পুলিশ সুপারের অফিসে যান।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন বলেন, অপহৃত সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩ তারিখ রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। তাঁর পিতা আল আমিন ও বাদী তরিকুলের কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে।




সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি ডিবি কার্যালয়ে।

রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আমরাও শুনেছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। তবে আমাদের এখনও ফরমালি জানানো হয়নি। ডিবি থেকে জানালে আমরা জানাবো।




পিরোজপুরে নদী ভাঙন রোধে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়নি ৭ বছরেও

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ৪ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভিত্তি প্রস্তরের ৭ বছরেও কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

পাইলিংয়ের জন্য নাম মাত্র কিছু ব্লক ও জিও ব্যাগ ৬ বছর আগে নির্মাণ করে খাদ্য গুদামের সামনে রেখে দেওয়া হয়। ব্লকগুলো এখন শ্যাওলা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কবে নাগাদ পাইলিংয়ের কাজ শুরু হবে, তা কেউ বলতে পারে না।

বর্তমানে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন থাকায় যে কোনো সময় বিলীন হতে পারে কাউখালীর ঐতিহ্যবাহী খাদ্য গুদামের ৫টি ভবন।

কাউখালীর খাদ্য গুদাম এক সময়ে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য গুদামজাত করার লক্ষে সরকারিভাবে চাল, গম সামগ্রী সরবরাহ করা হতো। সরকারের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তা-ঘাট, বেরিবাধ, খাল খনন, মাটিকাটা শ্রমিকদের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি বাস্তবায়ন করা হতো এখান থেকে।

মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের এই সকল উদ্যোগেই আজ বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রের মর্যাদার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ শত কোটি টাকার খাদ্য গুদাম সঠিকভাবে সংরক্ষণ না করা এবং নদী ভাঙনের হাত থেকে রক্ষা না করার জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। খাদ্য গুদামের ভাউন্ডারির ওয়াল, প্রবেশ পথ ও জেটিসহ রাস্তা বহু আগেই নদী ভাঙনে বিলীন হয়েছে গেছে। এখন সীমানা প্রাচীরও ভেঙে নদীতে তলিয়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়েছে মূল খাদ্য গুদামের ভবন। সীমানা প্রাচীর না থাকায় সরকারি বহু মূল্যবান সম্পদ ঝুঁকিতে রয়েছে।

কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম জানান, কাউখালী খাদ্য গুদামটি অরক্ষিত এলাকায়। দ্রুত কাজ না করলে যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি পানি কমলে নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

এ বিষয়ে জানতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




রাজাপুরে গণপূর্তের প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা মুখ বেধে খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসডি প্রকৌশলী মাসুম বিল্লাহ গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা এসময় ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়। ডাকাতের পিটুনীতে ঘরে থাকা খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও তার ভাই মামুন ডাকুয়া আহত হয়। আহতরা ওই এলাকার ইউনুচ আলী ডাকুয়ার ছেলে।

আহত মামুন ডাকুয়া ও তার মামা ফরিদ তালুকদার জানান, রাত আড়াইটার দিকে দ্বিতল় ভবনের সামনে ড্রোইং রুমে জানালার গ্রীল কেটে ৮/১০ জন আগ্নেয়াস্ত্র (শর্টগান) ও দেশী অস্ত্রে সজ্জিত মুখোশধারী ডাকাত দল ভবনের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভবনে থাকা ৭ জনের সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রেখে মারধর করে ভবনের প্রতিটি ভবনে ঘণ্টাব্যাপি লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।
রাজাপুর থানা ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ভোলায় মাইক্রোবাস- অটোরিকশার সংঘর্ষে আহত ৫

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন আহত তিনজন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিম মিয়ার ছেলে শাহীন আহমেদ, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার এবং একই ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মিলন ফরাজি।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গাড়ি দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এসময় দুটি গাড়িতে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আহতদের সঠিক চিকিৎসা প্রদানের পাশাপাশি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও একইদিন সকালে জেলার সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।