তিন মাস পর প্রাণচাঞ্চল্য ফিরলো চবি ক্যাম্পাসে

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রায় তিন মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সুষ্ঠু ভাবে সিট পেলেও এখনও কিছু সমস্যা রয়েছে। উপাচার্য জানিয়েছেন, আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে একটি অনুসরণযোগ্য প্রতিষ্ঠান।

নতুন পরিবেশে ক্লাস শুরুর প্রথম দিনেই উৎসবমুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। প্রাণচাঞ্চল্য দেখা গেছে ক্যাম্পাসজুড়ে। প্রায় তিন মাস পর সশরীরে ক্লাস শুরুর মধ্য পুরোপুরি সচল হলো এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এতে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল থেকে শিক্ষার্থীরা দলে-দলে বিশ^বিদ্যালয়ে আসতে শুরু করে। সকাল ১০ টার মধ্যে হাজার-হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। এ যেন এক অপূর্ব মিলনমেলা। ক্লাস শুরুর আগে জুলাইয় অভ্যুত্থানে সব শহীদ ও হতাহতদের স্মরণে লাল ব্যাজ পরেন সব শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘লাল ব্যাজ’ ধারণ ও পতাকা হাতে শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হন। আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা অভূতপূর্ব সংস্কারের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এ সুযোগের সদ্ব্যবহার করবো। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেবো।

পরে উপাচার্য অধ্যাপক আখতার সাংবাদিকদের বলেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের বইমুখী করার ওপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম এতো কম সময়ের মধ্যে দূর করা সম্ভব নয়। তবু আমরা রাত-দিন শ্রম দিয়ে একটা ভালো পরিবেশ আনার চেষ্টা করেছি। আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

প্রত্যেক বিভাগেই শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীরা বলছে, প্রাণ ফিরেছে দেশের সবচেয়ে বড় আয়তনের এ সবুজ ক্যাম্পাসে। ক্লাসের পাশাপাশি অনেক বিভাগে শিক্ষকরা ক্লাস টেস্টও নিয়েছেন। তবে উচ্ছ্বাসের পাশাপাশি কিছু শঙ্কাও রয়েছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কা রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাটলসহ অন্যান্য সমস্যা নিরসনে প্রশাসন দীর্ঘমেয়াদি ও কার্যকরী পদক্ষেপ  না নেয়ায কিছু সমস্যা এখনও রয়ে গেছে। শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে গত ১ জুলাই থেকে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি পালন কর্মসূচির কারণে ওইদিন থেকেই ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। পরে কোটা সংস্কার আন্দোলন জোরদার হলে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।




সরকারের প্রধান লক্ষ্য বেকারত্ব হ্রাস: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

ইচিগুছি তোমোহিদে বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ভালো চাকরির সুযোগ না থাকায় আমরা বাংলাদেশে নতুন চাকরির সুযোগ তৈরি করার পাশাপাশি বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এক হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চাই।

নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। কারণ এ কর্মসংস্থানের কারণেই আন্দোলন গড়ে উঠেছিল। কর্মসংস্থান তৈরিতে জাইকার যে কোন বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা বিবেচনা করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাপান এবং জাইকার কাছে আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

ইচিগুছি তোমোহিদে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও জনপ্রশাসন সংস্কার এই দু’টি এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে আগ্রহী। অবকাঠামো উন্নয়নেও আগ্রহ প্রকাশ করেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চান এবং বাংলাদেশ জাইকার দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ বলেও মন্তব্য করেন ইচিগুছি তোমোহিদে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা মেধাবী। জাইকার সঙ্গে কাজ করলে তা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাই বাংলাদেশ জাইকার সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও সরকার কাজ করছে।

এ সময় তারা বিভিন্ন পাস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাইকা বাংলাদেশের ঊর্ধ্বতন প্রতিনিধি কমোরি তাকাশি, প্রতিনিধি কুককামী মিনামি এবং জাইকা বিশেষজ্ঞ সোজি আকিহিরো উপস্থিত ছিলেন।




ঝালকাঠিতে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু মিয়া ও নলছিটির রানাপাশা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে রাজাপুর উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের বাগড়ি ব্র্যাক অফিস এলাকা থেকে সুরু মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় সুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলায় ৩ নম্বর আসামি। রাজাপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, নলছিটি উপজেলার রানাপাশার ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে একই দিন গ্রেফতার করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুইজনকে বিএনপির রফিকুল ইসলাম জামালের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।




সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

চন্দ্রদ্বীপ নিউজ :: টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (৬ অক্টোবর) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পাঠিয়ে তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেনের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি প্রোফাইল ফরম, শুরু থেকে হালনাগাল লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য বিএফআইইউকে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মুন্নী সাহার নাম ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়েছে, তাদের একজন মুন্নী সাহা।




সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।




বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

বরিশাল অফিস : বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে।

তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন।

এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুজনেকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার আহত তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




দুমকিতে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ৫১তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মো. আ. জব্বার হাওলাদার, মো. রফিকুল ইসলাম খান, বাবুল লস্কর, মো. জহিরুল ইসলাম ও আহ্বায়ক মো আসলাম হাওলাদার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, এ বছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক, বালিকাদের একক সাঁতারে ১১টি ও দলগত বালিকাদের কাবাডি ও দাবায় ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বালক-বালিকারা অংশগ্রহণ করে।




খালের কচুরিপানায় ৩ ঘণ্টা লুকিয়েও রেহায় পেলেন না ধর্ষণ মামলার আসামি

পটুয়াখালী প্রতিনিধি :: পুলিশের উপস্থিতি টের পেয়ে কচুরিপানা ভর্তি খালে ঝাঁপ দেন এক ধর্ষণ মামলার আসামি। তাঁকে ধরতে পুলিশও ঝাঁপ দেয় খালে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনা দেখতে খালের দুপাশে শতাধিক মানুষের ভিড় জমে যায়।

গতকাল শনিবার বিকেলে ৪টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুর ১২টায় গ্রেপ্তার বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কচুরিপানায় ভর্তি গভীর খালের পানিতে ঝাঁপ দেয় একটি ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি। পুলিশও ঝাঁপ দেয় খালে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় কচুরিপানার মধ্যে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন মির্জাগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক মো. এনামুল হক

গ্রেপ্তার ওই আসামির নাম মো. বেলাল হোসেন। তিনি ওই গ্রামের মো. সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলাল হোসেন একটি ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ২১ জুলাই মির্জাগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। ঘটনার দিন বিকেলে নিজ গ্রামের বৈদ্যপাশা খালের পাশে কাজ করছিলেন।

মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক তাঁকে গ্রেপ্তারে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের ওই কর্মকর্তাও ঝাঁপ দেন খালে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় কচুরিপানার মধ্যে থেকে বেলালকে গ্রেপ্তার করতে সক্ষম হন ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, উপপরিদর্শক এনামুল খালের কচুরিপানার ভেতরে ঝাঁপ দিয়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ধর্ষণ মামলার আসামি বেলালকে গ্রেপ্তার করেছেন। এনামুল একজন সাহসী পুলিশ সদস্য। তিনি তাঁর দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেন।




টস জিতল ভারত, শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ ::

হতাশার অন্য নাম হয়েই থেকেছে টেস্ট সিরিজ। হোয়াইট ওয়াশের সেই হতাশা পেছনে ফেলে আজ রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। গোয়ালিয়রে মুখোমুখি দুই দল। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল না নাজমুল হোসেন শান্তর। টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। তার মানে শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ।

ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াল। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামটি ভারতের ৫৪তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

ভারতের পক্ষে দুজনের অভিষেক হলো আজ। আইপিএলে বল হাতে দারুণ খেলা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডির টি-টোয়েন্টি অভিষেক হলো।

বিস্তারিত আসছে…




মির্জাগঞ্জে নিজ ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘর থেকে মো. সোলায়মান (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার মাজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাজিদবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোলায়মান উপজেলার চান্দুখালী মোশারেফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ মাজিদবাড়িয়া গ্রামের মো. সাইফুল ইসলাম ও সোনিয়া আক্তার দম্পতির ছেলে।

তাঁর লাশ উদ্ধারের বিষটি নিশ্চিত করেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহম্মেদ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোলায়মান মোবাইল ফোনের প্রতি আসক্ত ছিলেন। এ নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল। গতকাল রাত ৮টার দিকে পরিবারের লোকজনের অগোচরে তিনি বাড়ির দোতলায় গিয়ে নিজঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

সোনিয়া আক্তার ছেলে সোলায়মানকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে নিচে নামান। পরে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে সোলায়মানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি শামিম আহম্মেদ স্বজনদের বরাত দিয়ে বলেন, সোলায়মান মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত ছিলেন। এ নিয়ে তাঁর মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।