বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরাইলের সিজারিয়াতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদমাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তখন নেতানিয়াহু সিজারিয়াতে নিজ বাসভবনে ছিলেন। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় নেতানিয়াহু নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় নেন।

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, লেবানন থেকে রকেট সালভো উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকে মার্গালিওট, মিসগাভ আম, হানিতা, হাইফা, ক্রায়োট, একর, নাহারিয়া, বেইট শেয়ান উপত্যকা, গেশের এবং মেনাহেমিয়াতে সাইরেন বেজে উঠেছে।

স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরাইলের উপর ইরানের হামলার সময় জেরুজালেম শহরের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে লুকিয়েছিলেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তেল আবিবের মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনে নিজেকে ব্যারিকেড করেছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর




রিসেট বাটনে পুশ’: বদলি করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে

বরিশাল অফিস :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে লালমিনরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সই করা এক আদেশে তাকে এ বদলি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

বদলির বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বলেন, ‘আমি পোস্ট দিয়েছি, এটিই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, ‘এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।’

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়েও তার দেওয়া কিছু স্ট্যাটাস চোখে পড়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে অলরেডি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় বদলি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে।




বসুন্ধরার আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা’র কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যদের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রবিবার (৬ অক্টোবর) দেশের ব্যাংকগুলোয় বসুন্ধরা গ্রুপের আট পরিচালকের ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখার নির্দেশনার চিঠি পৌঁছায়।

ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, এই আট জনের নামে একক মালিকানাধীন কোনও প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ।

এছাড়া বসুন্ধরা গ্রুপের পরিচালকদের ও তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রফতানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।




ভারতে রাসূল সা: কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারতে ইসলাম ও রাসূল সা: কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত নরসিংহানন্দ আটক করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন।

বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সা:-কে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর করে সিহানি গেট থানার পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে। তবে এখনো তারা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত।

তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।




নারায়ণগঞ্জের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কালির বাজারে আগুন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কালির বাজারের মশলাপট্টিতে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।

আজ রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলাপট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

শহরের উঁচু দালান থেকে আগুনের কুন্ডলী দেখতে পায় মানুষ। তবে কি কারণে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিক জানা যায়নি।

কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান রয়েছে।

এদিকে, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

হাজিগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার গোলাম মোস্তফা জানান, রাত সাড়ে ১১টার দিকে কালির বাজারে মন্দিরের পিছনের এলাকা মশলা পট্টিতে আগুন লেগেছে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন ও হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।




রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৯৬ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, অক্টোবর মাসের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ২ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

শেখ হাসিনা সরকারের পতনের মাস আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর সেপ্টেম্বরে পাঠান ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশীয় মুদ্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা।

ব্যাংকাররা বলেন, নতুন সরকারের শুরু থেকে প্রবাসীরা হুন্ডিতে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন। যার কারণে দেশে প্রবাসী আয় ব্যাপক পরিমাণে বাড়ছে।




বাণিজ্যের আড়ালে ৪০০ কোটি টাকা পাচার করেন শাকিল




প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট




প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ :: শরিফুলের প্রথম ওভারে ১০ রান। তাসকিনের প্রথম ওভারে ১৫ রান। মুস্তাফিজের প্রথম ওভারে খরচ ১২ রান। পাঁচ ওভারের আগেই ভারতের স্কোরবোর্ডে রান ৫০। ব্যস ওখানেই ঝটপট ম্যাচ জেতার পথ পেয়ে গেল ভারত।

নাকি আরো আগে? বাংলাদেশের ব্যাটিংয়ের সময়? তাও ঠিক, জয়ের জন্য ১২৮ রান এই ভারতীয় দলের জন্য তো মামুলি টার্গেটই। গোয়ালিওরের যে উইকেটে বাংলাদেশ খানিক আগে রানের জন্য সংগ্রাম করছিল সেখানেই ভারতীয় ব্যাটাররা হেসেখেলে খুনে মেজাজে রান তুলে গেলেন।

দু’দলের ব্যাটিংয়ের এই ভিন্ন চিত্রই এই ম্যাচের আসল ব্যবধান গড়ে দিল। সিরিজের প্রথম টি- টোয়েন্টি জিতল ভারত অনায়াসে, ৭ উইকেটে।

বাজে ব্যাটিংয়ের পর বাজে বোলিং। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দ্রুতই এই ম্যাচটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রান তুলে আউট হওয়ার আগে ব্যাট হাতে যা করলেন তাকে বলে ছেলেখেলা। বাংলাদেশের বোলিং তার ব্যাটের কাছে মনে হচ্ছিল হাতের মোয়া! ২৯ রানের এই ইনিংস খেলতে সূর্যকুমার তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি হাঁকান। লেগসাইডের ওপর দিকে হাঁকানো তার গ্ল্যান্স শটের ছক্কা দেখে ধারাভাষ্যকক্ষে বসা তামিম ইকবাল বিস্মিত গলায় বলেন-‘ ওকে আটকাকে কে, ও তো সেরা বলেও ছক্কা মারে!’।

সূর্যকুমারের গড়ে দেওয়া মারকাটারি ইনিংসের ওপর দাড়িয়ে ওপেনার স্যাঞ্জু স্যামসন ভারতের জয়ের পথ আরো সহজ করে দেন। আর হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে মনে হচ্ছিল বলের সুতো খুলে ফেলতে নেমেছেন তিনি! করলেনও তাই। ১৬ বলে অপরাজিত ৩৯ রান করেন ভারতীয় অলরাউন্ডার।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল প্রথম ওভারেই লিটন দাসকে হারায়। আরশদীপের বলে স্টিয়ার শটে বাউন্ডারি মারার পরের বলেই লিটন দাসের মনে হলো এবার উড়িয়ে মারি! আর যেই ভাবা সেই কাজ করতে গিয়ে তিনি যে ভঙ্গিতেই সেই শট খেললেন তার রিপ্লে দেখলে নিজেই লজ্জা পাবেন। বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে। রিঙ্কু সিং সহজ ক্যাচ ধরেন। ২ রানে ৪ রান করে লিটন ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন।

শান্ত লম্বা সময় ধরে ব্যাটিং করলেও সেটা কখনোই টি-টোয়েন্টি মেজাজের কিছু ছিল না। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, মিডলঅর্ডারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক-প্রত্যেকেই দৃষ্টিকটু ভঙ্গিতে আউট হন।

শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ায় বাংলাদেশের স্কোর একশ’র ওপর যায়। কিন্তু ১২৭ রানের এই সামান্য সঞ্চয় নিয়ে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানানো যায় না। গোয়ালিওরে ৭ উইকেটের হারে সেই শিক্ষা নিয়েই ফিরলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১২৭/১০, ১৯.৫ ওভার (ইমন ৮, লিটন ৪, শান্ত ২৭, হৃদয় ১২, মাহমুদউল্লাহ ১, জাকের ৮, মিরাজ ৩৫*, রিশাদ ১১, তাসকিন ১২, শরিফুল ০, মুস্তাফিজ ১; আরশদীপ ৩/১৪, হার্দিক ১/২৬ বরুণ ১/৩১, মায়াঙ্ক ১/২১, সুন্দর ১/১২)।
ভারত: ১৩২/৩ ১১.৫ ওভার (স্যামসন ২৯, সূর্যকুমার ২৯, পান্ডিয়া ৩৯*)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।




ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: অবৈধভাবে ভারতে পালানোর সময় খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ অক্টোবর) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।