বরিশালে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলা চরবাড়িয়ার ইউনিয়নের সাপানিয়া গ্রামের মেম্বার বাড়ির ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।

গতকাল সোমবার ( আগষ্ট) দুপুর ৩ টার দিকে সাপানিয়া গ্রামের মেম্বার বাড়ির একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান টিপু বলেন, তার বাড়ির পাশের নির্জন এলাকায় ডোবায় মরদেহটি পাওয়া গেছে। স্থানীয় এক ব্যক্তি কচুরলতি তুলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহটি স্থানীয় কারও নয় বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য টিপু।

বরিশাল কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাইম আহমেদ জানান, সদর উপজেলার চরবাড়িয়ার সাপানিয়া গ্রামের মেম্বার বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে দেহটি এনে এখানে ফেলা হয়েছে। কঙ্কালের ধরন দেখে মনে হচ্ছে একমাস আগে হত্যা করা হতে পারে।

তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তে থানায় বার্তা দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের খোঁজ না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।




অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার, অপহরণকারীকে গ্রেফতার করল পিরোজপুরের পুলিশ

বরিশাল অফিস :: ঢাকা মহানগরের পল্লবী থানায় স্কুলছাত্রী অপহরণ মামলার ১ নম্বর আসামি ফারদিন হাওলাদারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা পুলিশের ফেসবুক পেইজে জেলা পুলিশের কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে ঢাকা হতে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে যান ফারজানা ইসলাম। তিনি তার অপহৃত মেয়েকে উদ্ধারের আবেদন জানান।  পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতকে পিরোজপুরের হুলারহাট থেকে উদ্ধার করা হয়।

এ সময় আসামিকেও গ্রেফতার করা হয়।ভুক্তভোগী পিরোজপুর সদরের তেজদাসকাঠি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। সে ঢাকায় মায়ের বাসায় থাকাকালীন গত ২ সেপ্টেম্বর পল্লবী এলাকা হতে অপহৃত হয়।

মামলার বাদী ফারজানা তার মেয়েকে দ্রুততম সময়ে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 




বাজার তদারকি করতে জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন




এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর




বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২ জন

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ অক্টোবর) রাতে সোহাগ (২৭) নামের ওই রোগী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হলো।

গতকাল মারা যাওয়া সোহাগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ১৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, পটুয়াখালীর অন্যন্য হাসপাতালে ১০ জন, ভোলায় ১৯ জন, পিরোজপুরে ৬ জন, বরগুনায় ২৫ জন ও ঝালকাঠিতে ৬ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩ হাজার ২৯৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার জন।

এদিকে চলতি বছর বরিশাল বিভাগে ২২ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৬ জন, বরগুনায় ২ জন, পটুয়াখালীতে ১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ভোলায় ১ জন ও পিরোজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।




প্রধান উপদেষ্টা নিয়ে ফেসবুকে মন্তব্য, বরখাস্ত হলেন উপজেলা কর্মচারী

বরিশাল অফিস :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকের নিউজ লিংকে মন্তব্য করে বরখাস্ত হলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এস এম মনিরুজ্জামান। আজ সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি উপজেলা চেয়ারম্যানের গোপনীয় সহকারীর (সিএ) দায়িত্ব ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথম আলোর অনলাইন পেজে শেয়ার করা একটি নিউজ লিংকের মন্তব্যে মনিরুজ্জামান লিখেন, “আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।” যা সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশ করা অনুচিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে এস এম মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ওএসডি হন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি। সবশেষ আজ তাঁকে সাময়িক বরখাস্ত করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।




বাউফলে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক ভুক্তোভোগী। বাউফল পৌরসভার ৮ নস্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাউফল পৌরসভার হাসপাতাল সড়কের একটি হোটেলের কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় জাহাঙ্গীর হোসেন বলেন, নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান মৃধার মৃত্যুর পরে পটুয়াখালী আদালত কর্তৃক তাঁর নাবালক দুই ছেলে মো. রফিক ও শফিক এবং কন্যা সামচুন্নাহারের অভিভাবকশীপ আদেশ প্রাপ্ত হয়ে ওসমানের স্ত্রী জমিলা খাতুন দাতা হয়ে একই বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রহিমের কাছে ১৫ শতাংশ জমি বিক্রি করেন।

পরবর্তীতে আব্দুর রহিম দাতা হয়ে ওই জমি থেকে মো. এমদাদ হোসেন নামে এক ব্যক্তির কাছে ৮.৫০ শতাংশ ও মো. বেলায়েত হোসেন নামে অপর একজনের কাছে ৩.৫০ শতাংশ জমি বিক্রি করেন।

এরপর মো. বেলায়েতের কাছ থেকেও আবার ওই ৩.৫০ শতাংশ জমি ক্রয় করেন এমদাদ হোসেন। পরবর্তীতে মো. এমদাদ হোসেন ও তার ভাই মো. মিজানুর রহমান এবং মা ভানু বিবি ও মামী সাফিয়া খাতুনের কাছ থেকে ১৯৯০ সালের ২৮ অক্টোবর বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৌজা- ৮৬, খতিয়ান-৭৩৬, দাগ নং- ৫৩৪৪, ৫৩৮৫, ৫৩৮৬ থেকে মোট ২৩.৫০ শতাংশ জমি আমি ( জাহাঙ্গীর হোসেন) ক্রয় করি ।

যা দীর্ঘ ৩৪ বছর পর্যন্ত ভোগদখল করে আসছি। গত ৮ আগষ্ট দুপুর ২ টার দিকে অভিভাবকশীপ প্রাপ্ত হয়ে জমিলা খাতুনের বিক্রি করা ওই জমিতে তার ছেলে মো. রফিক ও মো. শফিক এবং মেয়ে মোসা. শামচুন্নাহারের নেতৃত্বে স্থানীয় জয়নাল আবেদিনের ছেলে মোঃ মজিবর মোল্লা এবং জব্বার মাতুব্বরের ছেলে মোঃ সহিদুল ইসলামসহ ১৫/২০ জনের একটি দল আমার বসতঘরের সামনে দখলীয় ওই জমিতে হঠাৎ করে জোরপূর্বক একটি টিনের ছাপড়া ঘর তুলে দখল করেন।

এ বিষয় যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।




দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।

এতে সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং ২ জন শিক্ষার্থী প্রতিনিধি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত/গোডাউন/ কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে। এছাড়াও টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা করবে।

টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দেবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।




এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা করা হবে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

এ বছর গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

এর পরই স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। তাদের দাবি ছিল, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একপর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।




অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম: নৌপরিবহন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: নৌপরিবহন মন্ত্রনালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেরিন একাডেমি বাংলাদেশের প্রাইম মেরিন একাডেমি।

এখানের ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পায়। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।

সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশী ক্যাডেটরা দেশের বাইরে গিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছে, কিন্তু দেশের প্রতি তাদের অনাগ্রহ কেন এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি মন্ত্রণালয়ের সকলের সাথে আলোচনা করেছি কিভাবে সকল সমস্যা সমাধান করা যায়। আমরা ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো।

বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের চলমান কাজ ও সিমুলেটর পরিদর্শন শেষে উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, নৌবাণিজ্য দপ্তরের প্রধানসহ একাডেমির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।