তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবকের লাশ তিন দিন পর উদ্ধার

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ–পুলিশের ধাওয়া খেয়ে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবক রাসেল খানের (৩২) লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার বাতিঘর পয়েন্টে নদীর ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্বজনরা শনাক্ত করেন।
জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাসেল খান চার বন্ধুকে নিয়ে একটি ট্রলারে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। ওই সময় নৌ–পুলিশের টহল দল তাদের ধাওয়া করলে আতঙ্কে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি।
ঘটনার পরদিন থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তিন দিন পর মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ।
নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় একটি দর্জির দোকান চালাতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।”
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ইলিশ শিকার ও ক্রয়-বিক্রয়ে কঠোর নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের দুর্ঘটনা বেড়ে গেছে। প্রশাসন ও মৎস্য বিভাগকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









