কুয়াকাটায় এবার ৪৬ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় এবার ৪৬ কেজি ওজনের একটি পাখি মাছ বিক্রি হয়েছে।

বঙ্গোপসাগর থেকে আহরিত বিশাল আকৃতির এই পাখি মাছটি বিক্রি করেছেন পাথরঘাটার জেলে সোহেল রানা।

বুধবার সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২’শ টাকায় কিনে নেন। তিনি ঢাকার কারওয়ান বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে আরও বেশি ধরা পড়ত এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।




সাবেক হুইপ গিনির জামিন আবারও নামঞ্জুর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ডসহ জামিন নামঞ্জুরের আবেদন করে।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর করে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানি স্থগিত রেখে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুল হাই বাদী হয়ে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিকে গত ১ অক্টোবর ঢাকার একটি হত্যা মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করে। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালতে হাজিরের উদ্দেশ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে গাইবান্ধা জেলা কারাগারের পাঠানো হয়।

মাহবুব আরা বেগম গিনির পক্ষের আইনজীবী আহসানুল করিম লাছু বলেন, ‘রিমান্ড নামঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করা হয়েছিল, আদালত শুনানির জন্য স্থগিত রেখেছেন।’




রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চন্দ্রদ্বীপ নিউজ ::চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার। প্রোটিনের গঠন এবং নকশা সংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

বাংলাদেশ সময় বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ডেভিড বেকার। তিনি প্রোটিনের কম্পিউটার-ভিত্তিক নকশার জন্য সম্মানিত হয়েছেন।

দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তারা প্রোটিনের জটিল গঠন পূর্বানুমানের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন।

যে কারণে পুরস্কৃত
ডেভিড বেকার প্রোটিনের নতুন ধরনের কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দীর্ঘদিন ধরে অসম্ভব বলে বিবেচিত হত। এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অন্যদিকে, ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পারের কাজ প্রোটিনের জটিল ত্রিমাত্রিক গঠন পূর্বানুমান করতে সক্ষম করেছে, যা বিজ্ঞানীদের জন্য দীর্ঘ ৫০ বছর একটি সমাধানহীন সমস্যা হয়ে ছিল। তাদের তৈরি করা এআই মডেল ‘আলফাফোল্ড’ প্রোটিনের গঠন পূর্বাভাসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

ডেভিড বেকার ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে অধ্যাপনা করছেন এই গুণী ব্যক্তি।

ডেমিস হাসাবিসের জন্ম ১৯৭৬ সালে লন্ডনে। ২০০৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন। তিনি গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন এম. জাম্পার ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে গুগল ডিপমাইন্ডের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এ বিজ্ঞানী।

তাদের আবিষ্কারগুলো ভবিষ্যতে চিকিৎসা, জীবপ্রযুক্তি এবং জৈব রসায়নের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাচ্ছেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার এবং বাকি অর্ধেক ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।




পুঁজিবাজার টাস্কফোর্সে খুশি, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল বিনিয়োগকারীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ বজায় রেখেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন তারা।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করে এ দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

গত সপ্তাহ থেকে টানা দরপতনের প্রতিবাদে আন্দোলন করছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। সোমবার (৮ অক্টোবর) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও বিনিয়োগকারীদের অভিযোগ, মানা হয়নি তাদের গুরুত্বপূর্ণ কোনো দাবি। উল্টো তাদের নামে অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছে বিএসইসি।

তারা জানান, জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদকে আইনের আওতায় আনতে হবে। বাজারের উন্নয়নে পাশের দেশের পুঁজিবাজার থেকেও শিক্ষা নেয়া যেতে পারে।

টাস্কফোর্সের মাধ্যমে দৃশ্যমান প্রত্যাশার কথাও জানান বিনিয়োগকারীরা। এছাড়া জরিমানা করা কোম্পানির টাকা বাজার লগ্নির দাবি তাদের।

খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নয়, কাঠামোগত সংস্কারের দাবি পুঁজিবাজারের সাধারণ অর্থলগ্নিকারীদের।
তারা জানান, বাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করতে হবে।




আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী




ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধে চীন ও রাশিয়া কেন মধ্যস্থতা করছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক:   সম্প্রতি, নতুন এবং অনেকটাই ভিন্ন রকমের ভূমিকায় দেখা যাচ্ছে বেইজিং ও মস্কোকে। প্রায় এক বছর আগে গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের সংঘর্ষে তারা অবতীর্ণ হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে।

জুলাই মাসে, হামাস, ফাতাহ্ এবং অন্যান্য প্রায় এক ডজন ফিলিস্তিনি গোষ্ঠী মিলে চীনের রাজধানী বেইজিং-এ একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করে। গাজার যুদ্ধ শেষে সেখানকার প্রশাসনের জন্য একটি “জাতীয় পুনর্মিলনের অন্তর্বর্তী সরকার” গঠনের লক্ষ্যে ওই চুক্তি হয়েছিল।

এই গোষ্ঠীগুলো একই ধরনের চুক্তির জন্য ফেব্রুয়ারিতে মস্কোতেও বৈঠক করেছিল।

চীন ও রাশিয়া উভয়ই ইরান, সিরিয়া আর তুরস্কের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিমত্তার খেলোয়াড়দের সাথে সম্পর্ক বজায় রাখছে।

প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, বেইজিং বা মস্কো কেউই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না। তাই হামাসকে সংলাপে আমন্ত্রণ জানাতে কোনও সমস্যা নেই চীন ও রাশিয়ার।

তবে এই ধরনের মধ্যস্থতায় কোনও বাস্তব ফলাফল হবে কি? বিশেষজ্ঞরা অবশ্য সেটা সম্ভব নয় বলেই মনে করেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, চীন ও রাশিয়া এই হস্তক্ষেপের মাধ্যমে কী করতে চাইছে?

এক্ষেত্রে তাদের দু’টি প্রধান উদ্দেশ্য রয়েছে: আন্তর্জাতিক প্রভাব অর্জন এবং বিশ্বে আমেরিকা ও পশ্চিমা শক্তিকে প্রতিহত করা।




রিমান্ড শেষে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল কারাগারে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৯ অক্টোবর) এ আদেশ দিয়েছেন আদালত।

২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওইদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আরিফুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক।

এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ওই মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।




পবিপ্রবি সাংবাদিক সমিতির সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আবাসিক ভবনের সান্ধ্যকালীন অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপাচার্য আশ্বাস দেন সাংবাদিক সমিতির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আছেন।

এছাড়াও পবিপ্রবিসাসের অগ্রগতির কথা উল্লেখ করে জানান, পবিপ্রবিসাসের কাজের ব্যাপ্তি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকেও হার মানায়।

সবার প্রত্যাশা অনুযায়ী কাজ করার অনুভূতি ব্যক্ত করে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি এ যাবতকাল পর্যন্ত সত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা আগামীতে একটা সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়তে পারব। অতীতের সব অবিচার ও বৈষম্যগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুতই আমরা তা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন। উপস্থিত ছিলেন- পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সভাপতি মারসিফুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিনসহ সাংবাদিক সমিতির অন্য নেতারা।




ইরানে হামলার বিষয়ে ফোনালাপ করবেন বাইডেন-নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এই আলাপ বুধবার (৯ অক্টোবর) হতে যাচ্ছে বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা চাই, এই ফোনকলের মাধ্যমে ইসরায়েলি প্রতিশোধের মাত্রা নির্ধারিত হোক।’

ওই কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস আরও জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করলেও কোনও বাড়াবাড়ি করবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়।

এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্ব এই হামলার ইসরায়েলি জবাব নিয়ে শঙ্কিত। কেননা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি রয়েছে তেল আবিবের দিক থেকে।

তাদের ‘চিরশত্রু’ ইরানকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্যের উত্তরে তেহরান জানিয়েছে, যেকোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ কেবল ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’ ডেকে আনবে।

দুইপক্ষের রেষারেষিতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। যুদ্ধ শুরু হলে তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।




বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ১৭ মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। অর্থাৎ ১৭ মার্চ আর সরকারি ছুটি থাকছে না।

বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।