সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ মিলল রিসোর্টে

চন্দ্রদ্বীপ নিউজ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন। গতকাল তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। আজ শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,‘ আজ সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। গতকাল রাত ১০টার পর থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোনো এক সময় মারা গিয়েছেন বলে ধারণা করছি। যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহ নিয়ে তারা ঢাকায় রওয়ানা দেন।




বরগুনায় জমে উঠেছে ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

বরিশাল অফিস :: ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা ইমন চৌধুরী একসময় হার্ডওয়ারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ভাতের হোটেল করেন।

আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। বর্তমানে ঝালকাঠিতে এটি আলোচিত একটি হোটেল। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে ভাত খেতে।

খাবার খেতে আসা কয়েকজন জানান, হোটেলটির নাম শুনে এখানে খেতে আসছি। এখানের পরিবেশ বেশ ভালো এবং খাবার মানও খুব ভালো, তাই এসে খুব ভালোই লাগল।

হোটেলের স্বত্বাধিকারী ইমন চৌধুরী বলেন, ‘হাউন আঙ্কেল’ নামটি বেশ আলোচিত একটি নাম। আমার হোটেলটি এই নামের জন্যই খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে অনেক দূর থেকে খাবার খেতে আসে।




বিএম কলেজের ছাত্রের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

বরিশাল প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে পুকুরে ডুবে ফাহিম বিন ফিরোজ রাতুল (২২) নামের বিএম কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফাহিম বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার দাদার স্বপ্ন ছিলো তাকে সেনাবাহিনীর অফিসার হিসেবে দেখা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামী মার্চে সেনাবাহিনীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ উদ্দেশ্যে গ্রামের বাড়িতে এসে পরিবারের সবার কাছ থেকে দোয়া নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, পুকুরে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান ফাহিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিম গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একই দিনে বরিশাল গৌরনদী বাসস্ট্যান্ড-বন্দর সড়কে নির্মাণাধীন বেইলি ব্রিজের পাশে একটি ভবনের সিড়ি ধসে তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত ইব্রাহীম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফাহিমের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবার ওএলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে । তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে , রাতুল ছিল পরিবারের একমাত্র সন্তান এবং তাদের সব স্বপ্নের কেন্দ্রবিন্দু। বিশেষ করে তার দাদা সেনাবাহিনীতে রাতুলকে অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন। পরিবারের মতে, রাতুল একজন উদ্যমী ও মেধাবী ছাত্র ছিল, এবং সেনাবাহিনীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের সবাই তার জন্য দোয়া করেছিল। তারা বিশ্বাস করতে পারছেন না, যে একটি সাধারণ গোসলের সময় এমন দুর্ঘটনা ঘটে গেল, যা তাদের জীবনকে চিরতরে পাল্টে দিল।

বরিশাল গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এটি একটি দুর্ঘটনা। রাতুল ও তার তিন বন্ধু গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে পুকুরে গোসল করতে গিয়েছিলেন, এবং সেখানে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে এবং প্রাথমিক তদন্তে কোনো অপরাধের চিহ্ন পাওয়া যায়নি। তবুও তারা ঘটনাটি আরও খতিয়ে দেখছে।




রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কোড়ালিয়া স্পিডবোট ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারাৎ হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন।

সভায় বক্তারা সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়াও এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।




সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং

চন্দ্রদ্বীপ ডেস্ক: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করার কারণ হিসেবে নোবেল কমিটি বলেছে, হান কাং তাঁর শক্তিশালী কাব্যিক গদ্যে ঐতিহাসিক যন্ত্রণাদায়ক বিষয়াবলিকে রূপায়ণ করেছেন। মানবজীবনের ভঙ্গুরতাও উঠে এসেছে তাতে।

৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি দক্ষিণ কোরীয় সাময়িকীতে একগুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে।

পরবর্তী সময়ে হান কাং দীর্ঘাকার গদ্য লেখা শুরু করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য ভেজেটারিয়ান’। হান কাংয়ের যেসব বই ইংরেজিতে অনূদিত হয়েছে, সেগুলোর প্রথম দিককার একটি এটি।

হান কাংয়ের এই উপন্যাস ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পায়। এই উপন্যাসে তিনি মানুষের নিষ্ঠুরতা নিয়ে আতঙ্কে ভুগতে থাকা এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার চেষ্টার কথা তুলে ধরেন।

 




পটুয়াখালীতে ১৭৬ মন্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় আইনশৃংঙ্খলা বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে জেলার দুমকিতে ১০ টিসহ ৯ টি উপজেলায় ১৭৬ টি মন্ডপে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হয়েছ। নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে দুর্গাপূজা সম্পন্ন করতে আনসার, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী মাঠে রয়েছে।

বুধবার সন্ধ্যারাতে ষষ্ঠী পূজার মাধ্যমে পটুয়াখালী জেলায় ১৭৬ টি মন্ডপে দুর্গাপূজা শুরু হয়েছ।

দুর্গোৎসব নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের একাধিক সভা, মতবিনিময় ও প্রেসব্রিফিং করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুস সালাম (রিমন)সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

১৭৬ টি পূজা মন্ডপের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৬ টি, গলাচিপা উপজেলায় ২৮ টি, বাউফলে ৬৫ টি, দুমকিতে ১০ টি, রাঙ্গাবালীতে ৫ টি, মির্জাগঞ্জে ১৫ টি, দশমিনায় ১৩ টি ও কলাপাড়া উপজেলায় ১০ টি পূজামন্ডপ।

এ সব পূজামন্ডপে পূজা অর্চনার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন। উক্ত সংখ্যক পূজা মন্ডপের মধ্য অধিক গুরুত্বপুর্ন ৫৭ টি, গুরুত্বপুর্ন ৯১ টি এবং সাধারন মন্ডপ ২৭ টি বলেও জানান তিনি। পূজামন্ডপ সমূহে নির্বিঘ্ন পূজা উদযাপনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে অতিরিক্ত জেলা পরশাসক যাদব সরকার।

মন্ডপ সমূহ সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।




পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, একই পরিবারের ৪ জনের কবর খোঁড়া হচ্ছে একসঙ্গে

বরিশাল অফিস :: পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পরিবারের মোট আটজন। বুধবার (৯ অক্টোবর) রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের একই পরিবারের চারজন রয়েছেন। তাঁদের জন্য পরিবারের কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হচ্ছে।

নাজিরপুরের হোগলাবুনিয়া গ্রামের মো. শাওন (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৫), তাঁদের দুই সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। শাওনই গাড়িটির চালক ছিলেন। অপর পরিবারটি শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামের। তারা হলেন—মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), কন্যা মুক্তা (১০) ও পুত্র শোয়াইব (২)।

বুধবার রাত ২টা ১৫ মিনিটের দিকে পিরোজপুর সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস রাত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আটজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই পরিবারের সদস্যরা কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন এবং ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

নিহত শাওনের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, “আমাদের তিন ভাই, এক বোন। শাওন আমাদের সবার ছোট, সে সুখে-শান্তিতে ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।” জানাজা শেষে একই সারিতে তাদের পারিবারিক কবরস্থানে চারজনকে দাফন করা হবে বলে জানান তিনি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন জানান, দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ধারণা, চালকের অসতর্কতা বা ঘুমিয়ে পড়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।




প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল নিয়ে সর্বশেষ যা জানা গেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে কোন সুস্পষ্ট মন্তব্য করতে পারছেন না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। ইতোমধ্যে এ ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ধাপের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্মকর্তারা। এ পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন চেয়ে পাঠানো ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার  বলেন, তৃতীয় ধাপের ফল কবে নাগাদ প্রকাশ করা হবে এ বিষয়ে বলতে পারছি না। ওই ফল প্রকাশের মতামত সংক্রান্ত ফাইলটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে। জুন-২০২৪ পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে পদের সংখ্যা আরো ৩ থেকে ৪শ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ‌ বলেন, চলতি বছরের মে পর্যন্ত শূন্যপদের হিসাব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম। তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এখন জুন পর্যন্ত পদের সংখ্যা হিসাব করা হচ্ছে। ফলে পদের সংখ্যা আরো ৩০০ থেকে ৪০০ বাড়বে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন করে ৩০০ থেকে ৪০০ পদ বাড়ছে। এটি প্রায় চূড়ান্ত। ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে। বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির ওপর।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহাম্মদ বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করেছি। তদন্ত কমিটিতে সিআইডি, ডিবির প্রতিনিধিরা ছিলেন। তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি। আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তবে এখনো কোনো মতামত পাওয়া যায়নি। এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না।




বরিশালে বিএনপি নেতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার

বরিশাল অফিস : চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার মাছ ঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এবং তার কর্মী দেলোয়ার হোসেন দেলু রয়েছেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি দায়ের করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, যার অভিযোগ অনুযায়ী ২০ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত তার নয়টি মাছ ঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ মামলায় একশ’জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, মামলায় ছয়জন সাংবাদিককে আসামি করায় বরিশালের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হিজলা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মামলায় তাকে ছাড়াও মাই টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আলহাজ, এশিয়ান টেলিভিশনের মিলন সরদার, মানবজমিনের কাজী মহসিন, আজকের বার্তার হুমায়ুন নলী এবং বাংলাদেশ বাণীর প্রতিনিধি মো. শাহে আলমকে আসামি করা হয়েছে।

সাংবাদিকদের মামলায় জড়ানোর ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক বলে দাবি করেছেন বরিশালের সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং তাদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।




সৈকত দেখে ফেরার পথে নিহত ৮ জনের পরিচয় মিলেছে

বরিশাল অফিস :: পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত আটজনের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: শেরপুরে খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তার দুই ছেলে আবদুল (৩) এবং শাহাদাৎ (১০)।

এর আগে বুধবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের নূরানীগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওনের আত্মীয় মুরাদ জানান, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিলো। পথে উপজেলার নূরানীগেট এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

সদর থানার এসআই শাজাহান কবীর জানান, একটি প্রাইভেট কার কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল। পথে রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খালে পড়ে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে একে একে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের আইডি-কার্ড থেকে তার পরিচয় পাওয়া যায়। তিনি সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন।