‘গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন অনেক প্রশ্ন দূর হবে’

চন্দ্রদ্বীপ নিউজ :: ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রচুর আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমরা জুলাই–আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন দেখবেন, আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি) গঠিত হয়ে যাবে। এর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে।’

আসিফ নজরুল বলেন, ‘এই দেশে আমরা কেউ সংখ্যালঘু নই, কেউ সংখ্যাগরিষ্ঠ নই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশে সমান মর্যাদা, সমান অধিকার ভোগ করে থাকব। সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। সবাই শান্তি ও সুখে থাকব।’

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।




অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না: ক্রীড়া উপদেষ্টা

**চন্দ্রদ্বীপ ডেস্ক:** ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনা নগরের বাগমারার গোবিন্দমন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা তুলেছে। কিন্তু আমরা সে পথে হাঁটতে চাই না। এই সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি ধর্মের মানুষের জন্য সমান অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।” তিনি আরও উল্লেখ করেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।”

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরির ঘটনা উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাঁদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। সরকারের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”

আরো পড়ুন : ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর

**খেলাধুলার উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি:**
পূজামণ্ডপ পরিদর্শন শেষে খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের প্রতিটি স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের খেলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, মহানগর পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। সেখানে শনিবার তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।




ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে: পীর সাহেব, কেওরাবুনিয়া

বরিশাল প্রতিনিধি :: ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ (পীর সাহেব, কেওরাবুনিয়া)।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের কারণে এই অঞ্চলে একের পর এক অপরাধ সংঘটিত হয়েছে, যার অন্যতম উদাহরণ রিফাত শরীফ হত্যাকাণ্ড।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টাযর দিকে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরচন্না ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কেওরাবুনিয়া আরও বলেন,বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ড এবং নয়ন বন্ডকে ক্রসফায়ারে হত্যা—সবই মাদক ব্যবসার নেপথ্যে সংঘটিত হয়েছে। সাবেক সংসদ সদস্যের পুত্রের যোগসাজশ ছিল এসব অপরাধে, যা জনগণের কাছে স্পষ্ট।

তিনি বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনায় শক্তিশালী অবস্থান ছিল এবং আছে। ১৯৯১, ১৯৯৬, ও ২০০৮ সালের নির্বাচনে আমাদের প্রার্থীরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখনকার প্রার্থী মরহুম মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব কেওরাবুনিয়া) কে পরাজিত করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বরগুনা সদর আসন পুনরুদ্ধার করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তোলা।

পীর সাহেব কর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরগুনাকে মাদকমুক্ত করতে হবে, সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে এবং শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে পারব।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ২ নং গৌরচন্না ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি গোলাম হায়দার মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলনের বরগুনা জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব ভাওয়ালকার), মাওলানা আবু সালেহ, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মাওলানা আব্দুর শাকুরসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




এবার পদ হারালেন পূজা কমিটির সভাপতি-সম্পাদক

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রামের জেএমসেন হল পূজা মণ্ডপে ইসলামি গান গাওয়ার ঘটনায় এবার পূজা উদযাপন পরিষদ মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈর সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এক যৌথ বিবৃতিতে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থতার অভিযোগে মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অবাঞ্চিত ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেদনাহত হয়েছেন। পূজা পরিষদ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে পূজা উদযাপন পরিষদ দৃঢ়তার সঙ্গে বলেছে, শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছে।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেএমসেন হল পূজা মণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি গানের দল দুটি গান পরিবেশন করে। সেই গানের খণ্ডিতাংশের ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়। পরে গান গাওয়া দুজনকে গ্রেফতার করে পুলিশ জানায়, মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের ওই গানের দলটি পূজা মণ্ডপে গান করতে আসে। এই ঘটনায় সজল দত্ত ও গান গাওয়া ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।




গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরায়েলি মেজর রয়েছেন।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর গাজায় তারা নিহত হয়েছেন। নিহতরা সকলে ইসরায়েলের ৪৬০তম ব্রিগেডের ৫৪৬০তম সাপোর্ট ইউনিটের সদস্য।

আইডিএফের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানায়নি ইসরায়েল।

নিহত তিন সেনা হলেন মাস্টার সার্জেন্ট ওরি মোশে বোরেনস্টাইন (৩২), মেজর নেতানেল হার্শকোভিটজ (৩৭) এবং মাস্টার সার্জেন্ট তেজভি মাতিতইয়াহু মারান্তজ (৩২)। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৫৩ জনে পৌঁছেছে।




শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদাঙ্কিও




পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সভা কক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মারুফ বিল্লাহ খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা ইসলাম লিজা, দশমিনা উপজেলা এলও কৃষিবিদ শুভেন্দু সরকার, মির্জাগঞ্জ উপজেলা এলও ডাঃ মো. আলাউদ্দিন মাসুদ। আরও বক্তব্য রাখেন লেয়ার খামারি মো. রাসেল হাওলাদার। বিশ্ব ডিম দিবসের তাৎপর্য ও ডিমের উৎপাদন এবং ডিমের গুনাগুন বিষয়ে প্রেজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পটুয়াখালী সদরের এলইও কৃষিবিদ মো. সহিদ হাসান।

বক্তার বলেন, ‘ডিম’ একটি সুপার ফুড, ডিমে সকল ধরনের রোগ প্রতিরোধের গুন রয়েছে। ডিম মানুষের শক্তি বৃদ্ধি করে। ডিম উৎপাদন করে এবং ব্যবসা করে শত শত খামারিরা ও ব্যবসায়ীরা সাবলম্বী হয়।
এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র‍্যালী বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ দপ্তর সহ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ দপ্তেরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।




পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত: আটককৃতদের পরিচয় জানাল পুলিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- গান পরিবেশনকারী শহিদুল ইসলাম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। শহিদুল নগরীর তানজীমুমুল উম্মাহ মাদরাসা ও নুরুল করিম দারুল ইফরান মাদরাসার শিক্ষক।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।

পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গতকাল জেএম সেন হলের পূজামণ্ডপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ইসলামি গান গাওয়া নিয়ে ফেসবুকে বেশ সমালোচনা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে। তার অনুরোধে শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০, রনি (২৮) ও গোলাম মোস্তফা ও মো. মামুন (২৭) দুইটি পরিবেশন করেন। সেখানে একটি গানের ভাষায় শব্দ চয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়। পরে পুলিশ এ ঘটনায় তৎপর হন এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

তিনি বলেন, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অপতৎপরতার কোনো উদ্দেশ্য আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন জেএম সেন হলের পূজামণ্ডপে ছয়জন মঞ্চে উঠে ইসলামি গান পরিবেশন করেন। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এমন সঙ্গীত পরিবেশনা করেছেন। যদিও শিবির এক বিবৃতিতে বলেছে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। যারা গান পরিবেশন করেছেন তাদের সঙ্গে শিবিরের সম্পর্ক নেই।

গান পরিবেশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ওই পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, মণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেএম সেন হল পূজামণ্ডপে কালচারাল প্রোগ্রাম ছিল। পূজা উদযাপন কমিটির অন্যতম সদস্য সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠে। সংগঠনটি শাহ্ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।




লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপ ইসরায়েলের হামলা




পূজামণ্ডপে গান পরিবেশন নিয়ে বিতর্কের ঘটনায় মামলা, গ্রেফতার ২

চন্দ্রদ্বীপ ডেস্ক : চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে গান পরিবেশন নিয়ে বিতর্কের ঘটনায় মামলা হয়েছে। চট্টগ্রাম কোতয়ালি থানায় একটি মামলাটি করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কাজী তারেক আজিজ আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের বিষয়েও বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।

জানা গেছে, পূজা উদ্‌যাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি পূজামণ্ডপে গান করতে যায়। সংগঠনটির সদস্যরা শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ গান দুটি পরিবেশন করে। এর মধ্যে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’ গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

চট্টগ্রাম নগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল জানান, সংগঠনটির সদস্যরা যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গান পরিবেশন করেছেন। তারা আমাদের অনুমতি নিয়ে এসেছেন।

অন্যদিকে সংগঠনের সভাপতি সেলিম জামান দাবি করেন, তারা কোনো জোরপূর্বক কাজ করেননি, বরং দাওয়াত পেয়ে গান করতে গিয়েছিলেন।