ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদণ্ড

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ১৫ অক্টোবর রাত থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ দল।
অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অভিযোগে নয়জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মতলব মাঝি (২৮), রুহুল আমিন (৩৬), রাসেল (২০), আসাদুল হক (২৫), কামাল হাং (৪৫), বিল্লাল হাং (২৬), রফিক মিয়াজী (৩৮), আরিফ বিশ্বাস (২৫) ও সায়েম মৃধা (২৭)।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে আরও ১২ জন জেলেকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ বিধি মোতাবেক বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও প্রজনন মৌসুমে কোনোভাবেই অবৈধভাবে মাছ ধরতে দেওয়া হবে না।”
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ কন্টিনজেন্ট বোরহানউদ্দিন এবং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








