মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ




টার্গেট নতুন বিশ্বব্যবস্থা : পুতিন-পেজেশকিয়ান গুরুত্বপূর্ণ বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। এমন এক সময়ে তাদের বৈঠক হলো, যখন তেহরান ইউক্রেনে মস্কোর যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে এবং ইসরাইল এবং ইরান ও তার মিত্রদের মধ্যকার ক্রমবর্ধমান আক্রমণ নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশবাগাতে আন্তর্জাতিক ফোরামের ফাঁকে মধ্যপ্রাচ্য পরস্থিতি নিয়ে আলোচনা করেন।

২০২২ সালে পুতিন ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়াকে ড্রোন রফতানির জন্য মস্কো ও তেহরান ১৭০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে এবং যুক্তরাষ্ট্রও মনে করে যে ইরান স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

এ সপ্তাহে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান কেন ম্যাককেলাম উভয় দেশকে ‘বিস্ময়করভাবে’ হত্যার প্রচেষ্টা এবং যুক্তরাজ্যের মাটিতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করেন। ম্যাককালাম বলেন, তার গোয়েন্দারা ২০২২ সাল থেকে ইরান-সমর্থিত ২০টি ‘সম্ভাব্য প্রাণনাশী’ ষড়যন্ত্র নসাত্ করে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো তীব্র হলে তারা ব্রিটেনে তাদের লক্ষ্য আরো সম্প্রসারিত করতে পারে।

রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এই দুই প্রেসিডেন্টের বৈঠকের সময়ে পুতিন পেজেশকিয়ানকে বলেন যে আন্তর্জাতিক ঘটনাবলীতে মস্কো ও তেহরানের অবস্থান খুব কাছাকাছি । পুতিন ইরানি নেতাকে রাশিয়া সফরের আমন্ত্রণও জানান এবং পেজেশেকিয়ান তা গ্রহণ করেছেন বলে তাস জানিয়েছে।

পুতিনের সাথে তার বৈঠকের শুরুতেই পেজেকশিয়ান বলেন, ‘এখন আমাদের অনেক সুযোগ আছে এবং আমাদের এই সম্পর্কে আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত্। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নীতি, আমাদের অবস্থান আপনাদের মতোই।’

পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের ‘নৃশংস হামলাগুলো বর্ণনার বাইরে’। ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল বাহিনী পাঠিয়েছে এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ওই দেশে বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে।




এবারও ৩৫তম অর্থনীতির দেশ বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার অনেকটা ধরে রেখেছে। চলতি বছরও বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে তালিকায় রয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন বছর ধরে একই অবস্থানে রয়েছে দেশটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এ বছর বার্ষিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ, যা আগের বছর ছিল ৬.০ শতাংশ।। মোট জিডিপি ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আর মাথাপিছু আয় ২ হাজার ৬৪৬ মার্কিন ডলার।

এ তালিকার প্রথম পাঁচটি দেশের মধ্যে তিনটিই এশিয়ার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তাদের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে জাপান। দেশটির প্রবৃদ্ধির হার দশমিক ৯ শতাংশ। মোট জিডিপি ৪ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। মাথাপিছু আয় ৩৩ হাজার ডলার।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ। মাথাপিছু আয় ২ হাজার ৭৩১ মার্কিন ডলার।

এ তালিকায় বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা। এ বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ২.৭ শতাংশ। আর জিডিপি ২৮.৭৮ ট্রিলিয়ন ডলার।

প্রথম পাঁচের তালিকায় থাকা ইউরোপের একমাত্র দেশ জার্মানি। চলতি বছর জার্মানির বার্ষিক জিডিপির প্রবৃদ্ধি হার ০.২ শতাংশ। তাদের জিডিপি ৪.৫৯ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৫৪ হাজার ডলার।

একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী পরিমাপ করার উপায় হলো জিডিপি।

সূত্র : আইএমএফ




চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন পটুয়াখালীর রিক্সাচালক আনসার প্যাদা

পটুয়াখালী প্রতিনিধি :: লিভার সিরোসিসে আক্রান্ত রিক্সাচালক আনসার প্যাদা (৩৫) চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা আনসার ঢাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু চার মাস আগে অসুস্থ হয়ে গ্রামে ফিরে আসার পর থেকে তার চিকিৎসার খরচ যোগাতে কষ্ট হচ্ছে।

স্বামীর অসুস্থতায় পরিবারে নেমে এসেছে সংকট। আনসারের স্ত্রী আমেনা বেগম জানান, স্বামীর আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি মানুষের কাছে হাত পাতছেন, তবে সেই সামান্য আয় দিয়েও সন্তানের খাবার জোগানো দুষ্কর হয়ে পড়েছে। বর্তমানে তিন সন্তান— নবম শ্রেণির ছাত্রী মোসা. আমান্তু, প্রথম শ্রেণির ছাত্রী মোসা. তুলি ও তিন বছরের ছেলে মারুফ—সহ বিপাকে পড়েছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আনসারের শরীরে লিভার সিরোসিস ধরা পড়ে। এ খবর শোনার পর আমেনার মনে আকাশ ভেঙে পড়ে। দীর্ঘ চার মাস ধরে প্রাপ্ত সাহায্যে চলছে আনসারের চিকিৎসা, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন। আমেনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে না পারছেন তিনি।

আমেনা বলেন, “আমি চারপাশে অন্ধকার দেখছি। কোনো উপায় না পেয়ে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। যদি কেউ সাহায্য করেন, আমি মহান আল্লাহর কাছে দু’আ করবো।”

আমাদের সমাজের সাহায্যপ্রার্থী আনসার প্যাদার পরিবারকে সহযোগিতা করতে পারলে তারা নতুন জীবন ফিরে পেতে পারে।

**সাহায্য পাঠানোর ঠিকানা:** বিকাশ ০১৭৭৮৩৩৫১৮৭।




সমুদ্রপথে হজযাত্রী পাঠালে ৪০% খরচ কম হবে: ধর্ম উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সমুদ্রপথে জাহাজে হজযাত্রী পাঠানো গেলে বিমানের তুলনায় ৪০ শতাংশ কম খরচ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার নারায়ণগঞ্জে দেওভোগ জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় এক ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “জাহাজে হজযাত্রী পাঠানোর জন্য চার্টার শিপ ভাড়া করতে প্রায় দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক যদি ঋণ দেয়, তাহলে এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।” এ বিষয়ে সৌদি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ বিমান ইতোমধ্যে ভাড়া কমানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। আমরা হজ প্যাকেজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি।”

তিনি উল্লেখ করেন, দেশের সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এবং তা সংরক্ষণে সরকার সচেষ্ট থাকবে।

 




জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছিল, তা এখনও দেশটির ইমিগ্রেশন সার্ভারে সংরক্ষিত রয়েছে। এই কারণেই মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তবে সবকিছু সমাধান হওয়ার পর রাত ২টার পর আজহারীর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তিনি মালয়েশিয়ায় প্রবেশ করতে সক্ষম হন।

শুক্রবার বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন আজহারী। এরপর বিমানবন্দরে আটকে থাকার খবর ছড়িয়ে পড়ে। তার ভ্রমণের সময় বেশ কিছু ঘন্টা অপেক্ষায় থাকেন তিনি।

এর আগে, শুক্রবার সকালে একটি ফেসবুক পোস্টে আজহারী দেশে ফেরার এবং পুনরায় মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা জানান। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে পরিবার এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামে অংশ নিয়েছেন।

দীর্ঘ সাড়ে চার বছর মালয়েশিয়ায় অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে ছিলেন এই জনপ্রিয় বক্তা, তবে ফের মালয়েশিয়া চলে গেলেন তিনি।




বাতিল হচ্ছে না আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক:: ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কেনা অব্যাহত রাখবে বাংলাদেশ। বিদ্যুতের দাম নিয়ে আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহে উদ্বেগ এবং আইনি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তি করা হয়। এর পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর শেখ হাসিনা সরকারের করা চুক্তিগুলো জাতির স্বার্থ রক্ষা করেছে কিনা, তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রধানত বিশেষ আইনের অধীনে শুরু হওয়া এবং স্বচ্ছতার অভাব আছে এমন প্রকল্পগুলো যাচাই-বাছাই করবে।

আরো পড়ুন : বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুৎ কেনার ক্ষেত্রে মূল্য-সংক্রান্ত উদ্বেগের কারণে এই চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানান, প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার প্রায় এক-দশমাংশ পূরণ করে। তাই আদানির চুক্তিটি বাতিল করা কঠিন হবে।

অন্য একটি সূত্র জানায়, শক্তিশালী প্রমাণ ছাড়া আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে আইনি চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে, একমাত্র সম্ভাব্য বিকল্প হতে পারে শুল্ক কমাতে পারস্পরিক চুক্তি।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “কমিটি বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে এবং এ ক্ষেত্রে আগেভাগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”




ভোলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু জান্নাতের

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোসা. জান্নাত বেগম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জান্নাত বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম।

এ সময় খেলার ছলে দৌঁড়ে রাস্তার ওপর চলে যায় সে। তখন দ্রুতগতির একটি অটোরিকশা শিশু জান্নাতকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




হোটেলে রুম না পেয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা

পটুয়াখালী প্রতিনিধি:: পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটার সমুদ্রসৈকতে। শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে লাখো পর্যটকের পদচারণায় আনন্দ-উচ্ছ্বাসে পরিণত হয়েছে কুয়াকাটা, যা সাগরকন্যা হিসেবে পরিচিত।

তবে, অনেক পর্যটক হোটেলে রুম না পেয়ে লাগেজ বা ব্যাগ নিয়ে বালিয়াড়িতে অবস্থান করছেন। কিছু পর্যটক সড়কে পায়চারী করে সময় কাটাচ্ছেন। তাঁদের মধ্যে অনেকে জানিয়েছেন, রুম না পেয়ে কুয়াকাটা ছাড়তে বাধ্য হচ্ছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বালিয়াড়িতে পর্যটকদের ভিড়। নীল জলরাশির সামনে সবাই বাঁধভাঙা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।

আরো পড়ুন : দুর্গা পূজার ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত সারকন্যা কুয়াকাটা

খুলনা থেকে আসা পর্যটক মোহাম্মদ হাসান বলেন, “সকালে বাস থেকে নামার পর হোটেল খুঁজে পাইনি। একটি কটেজে রুম পেয়েছি, কিন্তু সেটির ভাড়া অনেক বেশি।” রাজশাহী থেকে আসা পর্যটক মারুফ হোসেন বলেন, “অনেক হোটেলে গিয়েছি, কিন্তু কোথাও রুম পায়নি। এখন বালিয়াড়িতে লাগেজ নিয়ে বসে আছি। যদি রুম পাই, তাহলে থাকব, নাহলে রাতের গাড়িতে ফিরব।”

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, “হঠাৎ করে এখানে অনেক পর্যটক বেড়েছে, যা আনন্দের বিষয়। তবে কিছু পর্যটক হোটেলের রুম না পেয়ে বাসাবাড়িতে বা খোলা আকাশের নিচে অবস্থান করছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”

আবাসিক হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের ম্যানেজার ইব্রাহিম ওয়াহিদ জানান, “দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পর্যটক এসেছেন। আমাদের কাছে যোগাযোগ করলে আমরা বিভিন্ন বাসাবাড়িতে পাঠিয়েছি, কিন্তু অনেক পর্যটক বাসাবাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ না করে ফিরে গেছেন।”

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আ. খালেক কালবেলা বলেন, “আগত পর্যটকদের নিরাপত্তায় আমাদের ৫টি টিম কাজ করছে। যদি কোনো পর্যটক রুম না পায়, আমাদের কাছে আসার অনুরোধ জানাচ্ছি। তাঁদের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বদা তৎপর রয়েছি।”




শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও

চন্দ্রদ্বীপ নিউজ :: এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেলো জাপানি সংস্থা নিহন হিদানকিও। হিবাকুশা নামে পরিচিত এই সংগঠনটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করে।

এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, “হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী জাপানের একটি মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও। সংগঠনটি হিবাকুশা নামেও পরিচিত। পৃথিবীতে আর কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় এবং পরমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এই পুরস্কার দেওয়া হলো।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এই বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা ছিল।

এর আগে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়।

এর আগে গত বুধবার (৯ অক্টোবর) রসায়নে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলে- যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও জন এম. জাম্পার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস।