সাবেক এমপি হাজী রহিম উল্লাহ গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: হত্যা মামলায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ফেনীর সোনাগাজী এলাকায় টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাব-২।




না পারলে দায়িত্ব আমাদেরকে দেন: সারজিস আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আপনারা না পারলে দায়িত্ব আমাদেরকে দেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেনো প্রশ্ন রেখে সারজিস আলম বলেন, আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে ২ হাজারেরও বেশি মন্তব্য করেছেন পাঠকরা।

স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, দুঃখজনক বিষয় এখনো তাদের চিকিৎসা চলছে ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।

আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।

মো. মিশকাত আলী লিখেছেন, সরকারের যেসব উপদেষ্টারা আছেন তারা নিজের পকেট ভরার জন্য উন্মাদ হয়ে পড়েছে আফসোস। কারা দেশটা স্বাধীন করল? কার জন্য দেশটা পেয়েছি, আর কারা দেশটাকে খাচ্ছে?

আকলিমা আলি নামের একজন লেখেন, নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে দিকে তাকান। কিছু তো শিক্ষা আমরা পেয়েছি বিগত দিনগুলো থেকে। সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন যেন আর কোনো দল আমাদের ভারাটিয়া মনে না করে। দেশ আমাদের সবার। তাই অন্যের আসায় বসে না থেকে দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। আর মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা।




বরিশালে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী শিরিন

বরিশাল অফিস :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর ফলপট্টিসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবমীর দিন তিনি বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।

সাবেক এমপি শিরিনের নেতৃত্বে বরিশাল শহরের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি নেতা আলমগীর হোসেন ও মানিক জানান, জেলা, মহানগর, সদর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নেত্রী শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।

এসময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা কালি বাড়ি রোডের কালী বাড়ি মন্দিরসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা বিনিময় শহরের ধর্মীয় সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।




বরিশালের দুই ছাত্রলীগ কর্মী আটক

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আটকরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান কালবেলাকে বলেন, তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও পোস্ট করে। এতে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জেরে সৈকত মৃধার বাড়ির এলাকায় লোকজন জড়ো হয়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।




বরিশাল ছেড়ে খুলনা টাইগার্সে মিরাজ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বিপিএলের একাদশ আসরের প্লেয়ার ড্রাফটের আর বেশি সময় বাকি নেই। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ড্রাফট। তবে দলগুলো তাদের স্কোয়াড সাজানোর তোড়জোড় শুরু করেছে আগেভাগেই।

দলগুলো শেষ মুহূর্তে দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। খুলনা টাইগার্সও এই সুযোগ কাজে লাগাচ্ছে।

গতবারের মতো এবারও দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক পেসার তালহা জুবায়ের। তার কোচিংয়ে খুলনা টাইগার্স গত আসরে ভালো শুরু করেছিল, কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।

কোচকে ধরে রাখলেও গেল বারের অধিনায়ককে ধরে রাখছে না খুলনা। ছেড়ে দিয়েছে আগের আসরের অধিনায়ক এনামুল হক বিজয়কে। তার বদলে অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা।

এরই মধ্যে দলটা এক চমক দিল। সরাসরি চুক্তির মাধ্যমে তারা ইতিমধ্যে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে দলটা। সব ঠিক থাকলে তিনিই অধিনায়কত্ব করবেন খুলনার।

গেল বারের অধিনায়ককে ছেড়ে দিলেও দলটি গতবারের স্কোয়াড দুজনকে ধরে রাখছে। সে দুজন হলেন– স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন।




বিয়ে করলেন হাসনাত, শুভেচ্ছা সারজিসের

চন্দ্রদ্বীপ নিউজ :: হাসনাত আব্দুল্লাহর বিবাহিত জীবনের জন্য শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রী’র দায়িত্ব গ্রহণ করছো।

তিনি আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাকে জীবনের বরকতময় করে তুলুন।

এদিকে, শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকেই আন্দোলনের সঙ্গে জড়িত অন্যান্য সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদের গায়ে হলুদ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব প্রচার করেছেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে ‘গুজব কে না বলুন’ বলে একটি বার্তা দিয়েছেন।




ইরানে হামলা নয়, কৌশলে চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে হামলা নয়, কৌশলে দেশটির চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসরাইল। গত সপ্তাহে ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে এ বিষয়ে সমন্বয় অব্যাহত থাকায় এখনো কোনো বড় সিদ্ধান্ত নেয়া হয়নি।
একটি ইসরাইলি সূত্র টাইমস অফ ইসরাইলকে বলেছে, প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করার ইচ্ছা ইসরাইলের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অব্যাহত রয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া হয়নি। প্রয়োজনে মন্ত্রীদের ফোনে এ ধরনের ব্যবস্থা অনুমোদন করতে বলা হতে পারে।

সূত্র : টাইমস অফ ইসরাইল




বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ প্রকল্পের মেঘনাঘাট এলাকায় গ্যাস পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি এই পরিদর্শন করেন।

জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুনে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫১২ কোটি ৫৯ লাখ এবং ৭৯২ কোটি ৩ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

প্রকল্পের লক্ষ্য হলো নারায়ণগঞ্জের মেঘনাঘাট, হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকার বিদ্যুৎকেন্দ্র এবং শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

 




দশমী পূজা চলছে, একদিন আগেই কৈলাসে ফিরছেন দুর্গা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মহানবমীর দিনে পরলো দশমীর তিথি। শনিবার (১২ অক্টোবর) নবমী বিহিত পূজা শেষে দশমীর বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে।

নবমীতে দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন, তাই নবমীর সকাল অশুভ শক্তি থেকে মুক্তির প্রতীক। সকাল ৬টা থেকে নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি প্রদান করা হয়।

৮টা ২৬ মিনিটে দশমী পূজা শুরু হয়। পূজা শেষে দেবীর দর্পণ বিসর্জনের মাধ্যমে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই কৈলাসে ফিরবেন দুর্গা। দেবীর বিদায়ে নবমীর আনন্দ বিষাদের রূপ নিয়েছে, আর ভক্তরা দেবীর কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছেন।




একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জামাল উদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন, যিনি ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক, তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি জামাল উদ্দিন যুক্তরাষ্ট্র থেকে কানাডায় তার ছেলের কাছে বেড়াতে যান। সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে রকিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামাল উদ্দিন সত্তরের দশকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও তার অবদান রয়েছে। গত ৭ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।