শেখ হাসিনার ‘ট্রাভেল ডকুমেন্ট’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই।

কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে উঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার।

ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।’

পূজা উদযাপনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা আশাবাদী যে বাকি দিনগুলোতেও কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে।




কুতুবদিয়া উপকূলে নোঙর করা জাহাজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে নৌবাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে নোঙর করা একটি এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ক্রুদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে চট্টগ্রাম থেকে কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের জাহাজও আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, জাহাজের আগুন অনেক দূর থেকে স্পষ্ট দেখা।




সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে, সেজন্য পূজামণ্ডপের আশেপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত দুই প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।




তামিম ও মুশফিক এবারও ফরচুন বরিশালে

চন্দ্রদ্বীপ নিউজ :: তারা দুজন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে খেলেছেন। পাশাপাশি প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিম ইকবাল আর মুশফিকুর রহিম ছিলেন একই দলের সদস্য।

বিপিএলের সামনের আসরেও তামিম আর মুশফিক দল পাল্টাবেন না। এ দুজনার এবারের ঠিকানা আগের মতোই ফরচুন বরিশাল।

শনিবার রাতে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দলে সরাসরি সই করা ক্রিকেটার হলেন তাওহিদ হৃদয়।

আগামী সোমবার বিপিএল ২০২৪-২৫ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।




আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: শায়খে চরমোনাই

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যুগে যুগে এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়ে বারবার আন্দোলন করেছে এবং মানবতার শত্রুদের পরাজিত করার চেষ্টা করেছে। কিন্তু স্বাধীনতার পরও মানুষ হতাশায় নিমজ্জিত হয়েছে। বর্তমানে আমরা আবারও দেখতে পাচ্ছি, চাদাবাজি ও দখলদারিত্বের মতো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা এমন বাংলাদেশ চাইনি।

শনিবার ( ১১ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বরিশাল মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার আওতাধীন মুলাদী থানা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কেউ একমুঠো খাবারের জন্য ডাস্টবিনে লড়াই করবে না। যেখানে জেলে, তাতী, কুমার, কামারের অধিকার সুনিশ্চিত হবে। চোর ও দুর্নীতিবাজদের মাধ্যমে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সুতরাং জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্নীতিবাজ, চোর, ধর্ষকদের প্রতিহত করতে হবে।

শায়খে চরমোনাই আরও বলেন, স্বাধীনতার পর এদেশে বহুবার ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষ এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারের শোষণে শোষিত হয়েছে। তিনি নতুন করে চাঁদাবাজ ও দখলদারদের হুঁশিয়ার করে বলেন, বিগত সন্ত্রাসীরা পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু নতুন সন্ত্রাসের জন্ম হলে পালানোর পথও তারা খুঁজে পাবে না।

মুলাদী থানা শাখার সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন।




সরকারি চাকরিতে পুরুষের ৩৫, নারীর ৩৭ করার সুপারিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি।

শনিবার (১২ অক্টোবর) কমিটির সদস্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, কমিটির সুপারিশের প্রতিবেদন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার দফতরে জমা দেওয়া হয়েছে। এ প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে। সেখান থেকে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

কমিটি সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবেদনে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলাপ-আলোচনার পর সেটি চূড়ান্ত হতে পারে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের বয়সসীমা বেড়ে ৩৫ বছর হতে পারে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি প্রায় একযুগের। এই ইস্যুতে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে রাজপথে। এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩০ সেপ্টেম্বর গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে সুপারিশ দিয়েছে তারা।

দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩২ বছর।




পটুয়াখালীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং পূর্ব সুবিদখালী গ্রামের হারুন রাঢ়ীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

ক্যাপ্টেন নিশাত জানান, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সূত্রে তথ্য পেয়ে জানা যায়, তার বাড়িতে ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। এ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইফুলকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




বাউফলে সিরাতুন্নবী (স.) উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে পবিত্র সিরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার রাজনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। সদস্য সচিব মো. সাইফুল্লার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমীন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের নামে

চলছিল গান বাজনা ও অসামাজিক নৃত্য। দীর্ঘবছর জামায়াত ইসলামির সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনের কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি। এটা কোন জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের সংগঠন না। এটি রাজনগর এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করেছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য নুরুল ইসলাম. হুমায়ন কবির. মো. আবু হানিফ. মো কবির হোসেন ও সোহেল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫০জন স্থানীয় মানুষের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়।




জেলের জালে আবারও ধরা পড়ছে ৬০ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের একটি ট্রলারে ৬০কেজির ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে মাছটিকে এক নজর দেখতে ভীড় করেন স্থানীয় উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

মেসার্স আব্দুলাহ অফিসের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে । আগে আরো বেশি ধরা পড়ত। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানী সহ দেশের বাহিরে এর চাহিদা বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে।




জুলাই হত্যাকাণ্ডে পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনতে আদালতের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, পলাতকরা ফিরে এসে বিচারের মুখোমুখি না হলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যে একটি নির্দিষ্ট সিভিলিয়ান গোষ্ঠির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে হত্যা ঘটানো হয়েছে তা মানবতাবিরোধী অপরাধ আইন ১৯৭৩ এর মাধ্যমে বিচার করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইবুনাল পুনর্গঠন করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিতে বিচার প্রক্রিয়ার ট্রায়াল টেলিভিশনে দেখানোর ব্যাপারে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, খুব শিগগিরই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হবে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা এত মিথ্যা বলেছেন, এমনভাবে বলেছেন, এমন কৌশল করে বলেছেন, তিনি নিজেই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, তিনি যা বলেন সেটাই সত্য, সেটাই বেদবাক্য। শেখ হাসিনা মিথ্যা বলতে বলতে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার মিথ্যাচার গোয়েবলসকেও হার মানিয়েছে। গোয়েবলস বেঁচে থাকলে তিনি হয়তো শেখ হাসিনার ছাত্র হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন।

তিনি আর বলেন, গত ১৫ বছরে দেশে কার্যত এক ব্যক্তির শাসন কায়েম হয়েছিল। জাতীয় সংসদেও একক কর্তৃত্ববাদে পরিচালিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংক্রান্ত রায় পরিবর্তনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অপরাধ করেছে। যে অপরাধের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই-আগস্টের শান্তিপূর্ণ আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নজিরবিহীন হত্যাকাণ্ড বাংলাদেশে ইতিহাসে বড় কালো দাগ হয়ে থাকবে। পাঠ্যপুস্তকে রচিত হবে জুলাই বিপ্লবের এসব শহীদদের শোক গাঁথা। রক্ত পিপাসু জুলুমবাজ সরকারের অন্যায় অত্যাচারের নির্মম চিত্র। তারা চেয়েছিল রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু মৃত্যুকে ভয় না পাওয়া ছাত্র জনতা যখন রাজধানী ঘিরে ফেললো এক কাপড়ে পালিয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।