ভোলায় বিয়ের গেটে টাকার বিরোধে সংঘর্ষ, আহত ২৫

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগও উঠেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, “বিয়ের প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে বউ আনতে কনের বাড়িতে যাই। গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমাদের পরিবারের ১৫ জন আহত হয়েছেন।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “এ সময় কনের জন্য নেওয়া স্বর্ণালংকারসহ বিয়ের যাবতীয় আসবাবপত্র ও ব্রিফকেসে থাকা সব মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় কনেপক্ষের লোকজন।”

এদিকে বিয়ের বাড়ির গেটে থাকা কনের মামাতো বোন আমেনা বেগম জানান, “বরযাত্রীকে স্বাগত জানাতে আমরা কয়েকজন গেটে টেবিল বসিয়ে অপেক্ষায় থাকি। দুপুর দেড়টার দিকে বরযাত্রী আসলে গেটে বর পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। বরপক্ষ ৩ হাজার টাকা দিলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে বরপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালালে ১০ জন আহত হন।”

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিতভাবে কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে কুশলাদি বিনিময় হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময়, প্রধান উপদেষ্টা জেনারেল ওয়াকার-উজ-জামানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 




যুবদল নেতা জসিম সিকদারের সংবাদ সম্মেলন: খায়ের মোল্লার অভিযোগ মিথ্যা দাবি

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটার হোটেল ব্যবসায়ী এম এ খায়ের মোল্লার অভিযোগে যুবদল নেতা মো. জসিম সিকদার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন। রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বিস্তারিতভাবে ঘটনার বর্ণনা দেন।

মহানগরীতে খায়ের মোল্লা অভিযোগ করেছেন যে, অপহরণের পর তিনি দুর্বৃত্তদের কবল থেকে বেঁচে ফিরলেও প্রতিনিয়ত হত্যার হুমকির সম্মুখীন হচ্ছেন। এর প্রতিক্রিয়ায় জসিম সিকদার বলেন, “আমি ঢাকায় লেখাপড়া করেছি এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলাম। বর্তমানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। রাজনৈতিক কারণে আমি খায়ের মোল্লা ও আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছি।”

জসিম জানান, কুয়াকাটার লতা চাপলী মৌজায় ৭৪ লাখ ৪০ হাজার টাকায় জমি কিনে সেখানে হোটেল ব্যবসা শুরু করেন। এই জমির দাগ নং এসএ ১২৬২/১। তিনি অভিযোগ করেন যে, খায়ের মোল্লার রাজনৈতিক প্রভাবের কারণে ২০১৭ সালে তাকে অপহরণ করা হয় এবং পরে আইনের সাহায্যে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা নং ১৬২/২৪ ইং (১৮-৭-২৪) দায়ের করেন। আদালত ১৯-০৯-২৪ তারিখে সাক্ষী গ্রহণের পর এম এ খায়ের মোল্লার জোরপূর্বক নেওয়া ৭৯৪/২০১৭ নং দলিল বাতিল করেন।

জসিম বলেন, “ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে তার সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আজ এই প্রতিবাদ জানাচ্ছি।”

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তিনি আইনের মাধ্যমে ন্যায় বিচারের আশায় আছেন।




দুমকীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।” এ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর দুমকী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। সঞ্চালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে, সচেতনতা বাড়াতে এবং আগামী প্রজন্মকে দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

এদিনের কর্মসূচি ছিলো দুর্যোগ প্রশমনের জন্য জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর শারীরিক নির্যাতনের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মো. আল আমিন হাওলাদারের বিরুদ্ধে তার স্ত্রী জুঁইকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জুঁইয়ের মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর জুঁই জানান, “বিয়ের আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর থেকেই আল আমিন আমাকে প্রতারণা ও নির্যাতনের শিকার করছেন।”

এ ঘটনায় মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তিনি বলেন, “যদি অভিযোগ আসে, তবে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

এ ঘটনার পর এলাকাবাসী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং সবাই আশা প্রকাশ করেছেন যে, এই ঘটনায় যথাযথ বিচার হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।




পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক জানান, “দুর্যোগের প্রভাব মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আগাম তথ্য ও সচেতনতা আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।”

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কীভাবে আগুন নেভাতে হবে এবং উদ্ধারকাজ করতে হবে, তা তুলে ধরেন।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মধ্যে দুর্যোগ প্রশমন বিষয়ে শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ দিবসটি পটুয়াখালীর জনগণের মধ্যে দুর্যোগের প্রস্তুতি, সচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।




দেশে ফিরতে সাকিবের কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ক্রিকেটার সাকিব আল হাসান দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, তার আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে দেয়ালে লিখনের যে কথা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার।

আসিফ মাহমুদ বলেন, আমার আহ্বান থাকবে কারও নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে। এ বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। যদিও এই সময়ে ঘরের মাটিতে বাংলাদেশও খেলেনি। তবে ভারত সিরিজ চলাকালীনই কানপুরে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।

সবকিছু ঠিক থাকলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে তা নিয়ে এখনো জলঘোলা চলছে। কেননা সাকিব দেশে থাকাকালীন পর্যাপ্ত নিরাপত্তা চান। একইসঙ্গে দেশ ছাড়ার ব্যাপারে তাকে যেন কোনো বাধার সম্মুখীন না হতে হয়, সেই দাবিও জানিয়েছেন তিনি। এদিকে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে মিরপুর টেস্ট।




বরিশালে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান

বরিশাল অফিস :: বরিশালে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি সহ আরও অনেকে। অভিযানে র‍্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে যৌথভাবে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে এক আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখার মাধ্যমে আমরা এই মূল্যবান সম্পদকে সংরক্ষণ করতে পারি। সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।

তিনি বলেন,আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,মা ইলিশ রক্ষায় সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করলে ইলিশ সম্পদ উন্নয়ন সম্ভব হবে এবং ভবিষ্যত প্রজন্ম এর সুফল পাবে।

আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত এই বিশেষ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক।




মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে’ ক্রীড়া উপদেষ্টার নিরাপত্তা পরিদর্শন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারত সিরিজের হতাশা কাটিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকা দলের আগমন উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এই ব্যস্ততার প্রধান দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের প্রস্তুতি পরিদর্শনে আজ মিরপুরে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার উদ্বেগের কারণে এই সিরিজে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিসিবি ও সরকার মিলে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এই সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দু হল সাকিব আল হাসান। তিনি দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চান, এবং বিসিবি চায় তাকে এখানেই বিদায় জানাতে। সাকিবের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সেনাবাহিনীর প্রস্তুতি মহড়া পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা বিসিবি কর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।




মির্জাগঞ্জ কৃষক দলের নতুন কমিটি একদিনেই বিলুপ্ত, আলোচনা চলছে দলের মধ্যে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাত্র একদিন পরই তা বাতিল করা হয়েছে। শুক্রবার ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়ার পর, শনিবার বিষয়টি বাতিল করার ঘোষণা আসে।

এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল মো. রাসেল মোল্লাকে এবং সদস্যসচিব হিসেবে ছিলেন গোলাম রসুল হাওলাদার মিলন। তবে, রাসেল মোল্লা সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে তালা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন, যা দলের নীতির পরিপন্থী।

জেলা কৃষক দলের সদস্যসচিব তরিকুল ইসলাম ইভান বলেন, “এ ধরনের পদক্ষেপ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য ক্ষতিকর। দলীয় নীতির প্রতি অবিশ্বাসের ফলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। নতুন কমিটি গঠনের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করা হবে।”

কমিটি বিলুপ্তির পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্মীদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।