পুলিশের করা মামলায় ১০ বছর পর খালাস ১২৫ নেতাকর্মী

বরিশাল অফিস :: সড়ক অবরোধ ও যানাবাহনে হামলা ভাংচুরের অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ১২৫ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মো. আরামান হোসেন জানিয়েছেন।

খালাসপ্রাপ্ত আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান মঞ্জু, মোমেন সিকদার, মাসুদ হাসান মামুন, নুরুল আমিন, কামরুল ইসলাম রতন, শাহে আলম মেম্বর রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহবানে ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের সমর্থনে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় থ্রি-হুইলার ও অটোরিক্সা ভাংচুরসহ মহাসড়কে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। তখন তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করে।

থানার এসআই নুরুল আলম তালুকদার ২০১৪ সালের ৩১ অক্টোবর ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। স্বাক্ষীদের সাক্ষ্যে আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমান না হওয়ায় সকলকে খালাস দেয়া হয়েছে।




বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার জন্য পাকিস্তানের উপরেই নির্ভর করছিল ভারতের ভাগ্য। কিন্তু নিউজিল্যান্ডের কাছে লো-স্কোরিং এক ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমানপ্রীত কৌরের ভারত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-এ এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৪ রানে হেরে গেল পাকিস্তান। শেষ চারে গেল কিউই মেয়েরা। বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। আগে ব্যাট করে নিউ জ়িল্যান্ডের তোলা ১১০ রানের জবাবে পাকিস্তান শেষ ৫৬ রানে।

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে যেতে পারতো পাকিস্তান। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে কাজটা অনেকটা করেই রেখেছি পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং লাইনআপ। তবে ততটাই খারাপ তাদের ফিল্ডিং। গোটা ম্যাচে পাঁচটি সহজ ক্যাচ ছেড়েছেন ফিল্ডারেরা। সেগুলি ধরতে পারলে অনেক কম রানে আটকে রাখা সম্ভব হতো কিউইদের।




কুয়াকাটা সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামীর কুয়াকাটা পৌরসভা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মাওলানা মোঃ মাঈনুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সভায় জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সভাপতি আ. কাদির, ৫ নং ওয়ার্ডের সভাপতি পল্লী চিকিৎসক আ. হালিম, শ্রমিক ফেডারেশনের মহিপুর থানা শাখার সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, প্রভাষক সাইদুর রহমান সাঈদ, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌরসভার আমীর বলেন, “আমরা ৫ আগস্টের আগে কথা বলতে পারিনি। রাজনীতি করতে পারিনি। জেল-জুলুমের শিকার হয়েছি। ৫ আগস্টের পর বাকস্বাধীনতা ফিরে পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে এবং সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রসহ ইসলামী বই বিতরণ করা হয়।




সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফারুক খান একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন। ফারুক খান আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

 




দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে এক আইনজীবী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি ১০ দিনের মধ্যে পাইকারি বাজারে পণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করা, সিন্ডিকেট ভেঙে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।

নোটিশে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পণ্যের দাম ক্রমেই বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

আইনজীবী নাদিম মাহমুদ বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধ ও বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অধীনে পর্যাপ্ত অভিযান পরিচালনা এবং সিন্ডিকেট ভেঙে দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




ইসলামাবাদে লকডাউন ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গুরুত্বপূর্ণ বৈশ্বিক আন্তঃসরকার জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদজুড়ে লকডাউন জারি করেছে পাকিস্তানের সরকার। সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে আগামী ১৫-১৬ অক্টোবর এই সম্মেলন হবে । সম্মেলনে যোগ দিতে আজ সোমবার রাজধানীতে এসে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

তার এই আগমণের মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। লি কিয়াংকে অভ্যর্থনা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সরকারি ছুটির তিন দিন ইসলামাবাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে।

গত ৬ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র চীন। পর্তমানে পাকিস্তানে চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে এবং এসব প্রকল্পের কাজ দেখাশোনা করতে চীনের বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানে অবস্থান করছেন।

গত বেশ কয়েক মাস ধরে তাদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। মার্চ মাসে সন্ত্রাসীদের বন্দুক হামলায় ৫ জন চীনা নাগরিক নিহত হয়েছিলেন। গত সপ্তাহে নিহত হয়েছেন আরও ২ জন।

সোমবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে চীনের প্রধানমন্ত্রীর পাকিস্তানের আগমণ একটি ‘ল্যান্ডমার্ক সফর’ হবে।

তবে সোমবার লি কিয়াং পাকিস্তানে পা রাখার কিছুক্ষণ পর দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশেল বান্নু জেলায় বন্দুক হামলা চালিয়েছে ইসলামপন্থি জঙ্গিরা। এতে তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স




সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।

সর্বশেষ সংসদে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে চাকরিজীবন শেষ করেন।




ইরানের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের কিছু সামরিক কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার আব্দুর রহিম মুসাভি এবং ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহেদি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া, ইরানের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে জড়িত ইরানি স্পেস এজেন্সির সম্পদও জব্দ করা হবে।

গত ১ অক্টোবর গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার প্রতিশোধে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান তেল আবিবকে লক্ষ্য করে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যদিও এর বেশিরভাগই প্রতিহত করেছে ইসরাইল। এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধের হুঁশিয়ারি দেন।

 




দুই ডজন মামলার আসামি গলাকাটা শহিদ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক, নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দুই ডজনের অধিক মামলার আসামি শহিদ প্যাদা ওরফে গলাকাটা শহিদকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঢাকার সভার থানাধীন ডেন্ডাবর এলাকায় র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদ প্যাদার বিরুদ্ধে এরইমধ্যে বাবুগঞ্জসহ বরিশালের বিভিন্ন থানায় হত্যা, মাদক, ডাকাতি, মারামারি, ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার শহিদ প্যাদা বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল কাদের প্যাদার ছেলে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানিয়েছে, ‘শহিদ প্যাদা ওরফে গলাকাটা শহিদ বরিশাল এবং বাবুগঞ্জ উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী। ইতোপূর্বে তিনি নিজ উপজেলা বাবুগঞ্জে ত্রাশের রাজত্ব কায়েম করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বাবুগঞ্জের বিভিন্ন জনপদে দখল, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর এবং লুটপাট করেন তিনিসহ তার লোকেরা। এর ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ‘আড়িয়াল খা’ নদীর সরকারি ইজরাকৃত বালু মহল দখলের চেষ্টা করেন শহিদ প্যাদা।

এজন্য তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বালু মহলে ইজারাদারের টোকেন ঘরে হামলা ভাঙচুর করে। এ সময় তারা টোকেন ঘর থেকে বালু বিক্রির এক লাখ পঁচাত্তর হাজার টাকা লুট করে। পাশাপাশি নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুই রাউন্ড ফাকা গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ড্রেজার ছিনতাই করে গলাকাটা শহিদ ও তার বাহিনী।

এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর বালু মহলের ইজারাদারের পক্ষে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। এর প্রেক্ষিতে র‌্যাবের দুটি কোম্পানির পৃথক টিম যৌথ অভিযান চালিয়ে তাদের শীর্ষ সন্ত্রাসী গলাকাটা শহিদকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, শহিদ প্যাদার বিরুদ্ধে বাবুগঞ্জসহ বরিশালের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, মারামারি, ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনের বেশি মামলা রয়েছে।




যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যৌথ বাহিনীর চলমান অভিযানে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

এছাড়া, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।