বরগুনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বরিশাল অফিস :: হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে আসলে সহয়তা করি স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ পালিত হয়েছে। বরগুনা জেলা সমাজসেবার দিবসটির আয়োজন করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে বরগুনা জেলা সমাজসেবার প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।




ভোলায় ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

বরিশাল অফিস :: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার রাতে লালমোহনের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়।

পরে রাতেই আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 




শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

চন্দ্রদ্বীপ নিউজ :: শপথ নিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ নতুন চার সদস্য।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া চার সদস্য হলেন- শপথ নেওয়া চার সদস্য হলেন- ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন। তিনি ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।

মোবাশ্বের মোনেম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত, পিএসসির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ সদস্য গত ৯ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একইদিন চার সদস্যও নিয়োগ দেওয়া হয়।




ক্রিকেটার শরিফুলের ঘরে নতুন অতিথি

বরিশাল অফিস :: তারকা ক্রিকেটার শরিফুল ইসলামের মুখে তৃপ্তির হাসি। বাবা হলেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ভারত সফর থেকে দেশে ফিরেই পেলেন সুখবর! প্রথমবারের মতো বাবা হয়েছেন পেসার শরিফুল। পুত্র সন্তানের বাবা হলেন তিনি।

এমনিতে এখন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল। খেলছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই। সদ্য শেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও দেখা গেছে তাকে। টেস্ট সিরিজে যদিও বিশ্রামে ছিলেন তিনি।

২০২২ সালে বিয়ে করেন শরিফুল। তার স্ত্রীর নাম ফারদিন শেখ চাঁদনী। বিয়ের ব্যাপারটা গোপন রাখলেও গতবছর আকদের একবছর পূর্তিতে স্ট্যাটাস দেন বাঁহাতি এ পেসার। এবার তাদের ঘরে এলো নতুন অতিথি।

নবজাতক সন্তানকে কোলে নিয়ে ছবিও তুললেন শরিফুল। তবে সন্তানের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না এখন শরিফুল। কারণ সামনেই জাতীয় দলের মিশনে ফের ব্যস্ত হয়ে উঠবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু এই অক্টোবরেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তিনি যে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। তারপরই বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফর।

সন্তান হওয়ার আগে আরও একটা সুখবর পেয়েছেন শরিফুল। বিপিএলে ড্রাফটের আগেই পেয়েছেন দল। ১১ বছর পর বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে খেলবেন তিনি। যেখানে সাকিব আল হাসানকে সতীর্থ হিসেবে পাচ্ছেন শরিফুল।




বরিশালে বিশ্ব হাত দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত, জীবাণুমুক্ত থাকুন সবসময় এই মূল স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

সকালে,জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।

সভায় বক্তারা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, এর গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় এর অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া, করোনা ভাইরাসসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। উপস্থিত অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতার বার্তা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়, যেখানে উপস্থিত সবাইকে হাত ধোয়ার বিভিন্ন ধাপ শেখানো হয়। বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মাধ্যমে আয়োজকরা আশা প্রকাশ করেন, জনসাধারণের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং এর ফলে জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।




স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে এবং সুষ্ঠু স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, “স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য উন্নয়নের পূর্বশর্ত। ডায়রিয়া ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।”

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক ও হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে স্যানিটারি সুবিধাপ্রাপ্ত বিদ্যালয়ের হার ৮৭ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া তিনি স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

 




শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার মাত্র চার দিন আগে তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

১৪ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রকাশিত ফলাফলে আবু সাঈদ উত্তীর্ণ হওয়ার খবর পাওয়া যায়। তার পরীক্ষার রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭। তিনি বাংলা ও ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে উত্তীর্ণ হন।

আবু সাঈদ ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার সহযোদ্ধা শামসুর রহমান সুমন বলেন, “এই ফলাফলই প্রমাণ করে যে আবু সাঈদ ছিলেন এক মেধাবী ছাত্র। তার স্বপ্ন ছিল পরিবারে আর্থিক টানাপোড়েন দূর করা, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।”

সাঈদের ছোট বোন সুমি খাতুন বলেন, “আমার ভাই মেধাবী ছিল, সন্ত্রাসী নয়। চাকরির প্রথম পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছে। আমি ভাইয়ের জন্য বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী বলেন, “আবু সাঈদ ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র। তিনি বৈষম্যের বিরুদ্ধে শহীদ হয়েছেন, তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে।”

সাঈদের হত্যাকাণ্ডে তার বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট মামলা করেন, যেখানে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলায় এখন পর্যন্ত মাত্র তিনজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।




যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডা’র উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।




এইচএসসির ফল প্রকাশ আজ

বরিশাল অফিস :: ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)।

বেলা ১১টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত ৩০ জুন থেকে শুরু হয়ে সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।

পরে বাকি পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে সোমবার (১৪ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘এইচএসসি পরীক্ষার আসন্ন ঘোষিতব্য ফলাফলের বিষয়ে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর পক্ষ থেকে একটা দাবি উঠেছে। শুনেছি যে, সবাইকে পাস করাতে হবে।’

এবারের এইচএসসির বাকি পরীক্ষাগুলো নিতে পারলেই ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, ‘সচিবালয়ে একটা অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দিতে হয়েছিল। বোর্ড কর্তৃপক্ষ এখন পূর্বেকার দৃষ্টান্ত অনুসরণ করে এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা বাতিল হয়েছিল; তার সঙ্গে এসএসসির সম্পর্কিত বিষয়ের ফলাফল সমন্বয় করে চূড়ান্ত ফলাফল তৈরি করেছে বলে আমাকে জানিয়েছে।’

এসএসসিতে যারা কোনো বিষয়ে অনুত্তীর্ণ হবার কারণে পরবর্তী বছরে আবার পরীক্ষার সুযোগ নিয়েছে সে ফলাফলও নেয়া হয়েছে। কাজেই চূড়ান্ত ফলাফলে যারা উত্তীর্ণ হবে না, তারা বঞ্চিত হয়েছে বলা যাবে না বলে তিনি উল্লেখ করেন।




ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বরিশাল অফিস :: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।