গণমাধ্যমে জীবিতদের ছবি নিষিদ্ধ করল আফগানিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোকে নতুন এক নির্দেশনা জারি করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। সেখানে বলা হয়েছে, দেশের কোনো সংবাদমাধ্যম জীবিত প্রাণী বা মানুষের ছবি প্রকাশ করতে পারবে না।

তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, ইসলামকে কোনোভাবে অসম্মান করে— এমন কোনো লেখাও ছাপা যাবে না।

মন্ত্রণালয়ের মুখাপাত্র সাইফুল ইসলাম খাইবার জানিয়েছেন, আপাতত কয়েকটি প্রদেশে বলবৎ হবে এ আইন; পরে পুরো আফগানিস্তানে কার্যকর করা হবে।

এএফপিকে খাইবার বলেন, “আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা হবে না। এই আইন আসলে এক ধরনের পরামর্শ, কিংবা আপনি বলতে পারেন জনগণকে এটা বোঝানোর একটি প্রয়াস যে শরিয়া আইনের সঙ্গে যেসব বিষয় সাংঘর্ষিক, তা অবশ্যই এড়িয়ে চলতে হবে।”

তালেবান কর্তৃপক্ষ যে এই আইনটি বাস্তবায়নে আপাতত জোর-জবরদস্তি করবে না, তার আভাস পাওয়া গেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। আইনটি পাস হওয়ার পরও তালেবান নেতা ও যোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি আপলোড করে যাচ্ছেন।




বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব!

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব! ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়। যদিও সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল।

সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা দেখছেন না বলে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার নতুন খবর, নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে বিদায়ী টেস্ট খেলতে ঢাকায় ফিরছেন সাকিব। আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে ফিরতে পারেন তিনি।

আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রোটিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। সাকিবের বিষয়ে নিশ্চিত হয়েই ঘোষণা করা হতে পারে স্কোয়াড।




মহিপুর শ্রমিক দলের সভাপতির ভুল বোঝাবুঝির অবসান: সংবাদ সম্মেলন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মহিপুর থানা শ্রমিক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক মতানৈক্য মিটমাট হয়েছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। তিনি মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র জানান, গত বৃহস্পতিবার কিছু কর্মী তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন, যা ছিলো মূলত ভুল বোঝাবুঝির ফল। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই জানতেন না প্রকৃত কারণ, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, এবং মহিপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে। এখন আর কোনো ভুল বোঝাবুঝি বা কোন্দল নেই।

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “একটি সামান্য বিষয় নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছিল, যার ফলে একটি মিছিল হয়। পরবর্তীতে আমরা তা দ্রুত সমাধান করেছি। এখন দলের মধ্যে কোনো সমস্যা নেই।”

উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাঁদা দাবির অভিযোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।




ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল, ভীষণ চিন্তায় ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে এই যুদ্ধের। এই যুদ্ধে গাজার সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়েছে প্রতিবেশি লেবানন, আরব দেশ ইয়েমেন ও ইরানও। সংঘাত এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, দীর্ঘ এই যুদ্ধে নিজেদের অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রয়োজনী মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। এতে ভীষণ চিন্তায় পড়েছে ইহুদিবাদী দেশটি।

মঙ্গলবার একটি ব্রিটিশ পত্রিকা ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এক প্রতিবেদনের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে হামলা চালানোর পর ইরান যদি শক্তভাবে পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে প্রতিরক্ষা নিয়ে সমস্যায় পড়তে পারে ইসরায়েল।

কেননা, এই মুহূর্তে ইসরায়েলে প্রতিরোধ মিসাইলের সংকট দেখা দিয়েছে।
সামরিক বিশেষজ্ঞ এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ওয়াশিংটন ইসরায়েলের বিষয়টির সমাধান হিসেবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল সিস্টেম (থাড) পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারপরও ইসরায়েল ক্রমবর্ধমানভাবে নিজের প্রয়োজন অনুযায়ী মিসাইল সংগ্রহের চেষ্টা করছে। কেননা, নিজেদের প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিতে চায় তারা।

প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্ট্রউল বলেছেন, “ইসরায়েলের যুদ্ধাস্ত্রের সংকট গুরুতর। ইরান যদি ইসরায়েলের হামলার জবাব দেয় এবং হিজবুল্লাহও যদি একই সঙ্গে হামলায় অংশ নেয়, সেক্ষেত্রে ইসরায়েলের বিমান প্রতিরক্ষার পরিসর অনেক বেড়ে যাবে। ”

তিনি আরও বলেন, শুরু থেকেই এসব মিসাইলের সরবরাহ অসীম ছিল না এবং বর্তমানে ওয়াশিংটন সেই একই গতিতে ইউক্রেন এবং ইসরায়েলে এর সরবরাহ অব্যাহত রাখতে পারবে না।
প্রতিরোধ মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সিইও বোয়াজ লেভি বলেছেন, “আমাদের সংশ্লিষ্ট খাত দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিনই কাজ করছে। আমাদের লক্ষ্য হল আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করা।

ইসরায়েলের বহু-স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আয়রন ডোম, যা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়; ডেভিড স্লিং, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেয়; এবং অ্যারো সিস্টেম, যা দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

সামরিক পরিসংখ্যান অনুসারে, গত বছর ৭ অক্টোবরের পর থেকে গাজা এবং লেবানন থেকে ২০ হাজারেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সফলভাবে জনবহুল অঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ধ্বংস করেছে।

শুধু তাই নয়, দু দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিরোধ করেছে ইসরায়েল। এর একটি ছিল এপ্রিলে। সবশেষ গত অক্টোবরে ভয়াবহ মিসাইল হামলা চালায় ইরান। সবশেষ হামলায় ইসরায়েলি ভূখণ্ডে ১৮০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। তবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের সহায়তায় সেগুলোর বেশির ভাগই ঠেকাতে সক্ষম হয়। ইসরায়েল যথাসময়ে এবং নিজস্ব পদ্ধতিতে অক্টোবরের ইরানি হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আর সেটি হলে তেহরান এবং তার প্রক্সিদের দ্বারা আরও বেশি আক্রমণাত্মক হামলার সম্ভাবনা রয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল আসাফ ওরিয়নের মতে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এখনও তার সম্পূর্ণ সক্ষমতা প্রকাশ করেনি। সুতরাং ইসরায়েল এখনও পরীক্ষায় সম্পূর্ণভাবে উতরে যায়নি।

তিনি বলেন, “হিজবুল্লাহ তার সক্ষমতার মাত্র এক দশমাংশ ব্যবহার করছে। তারা দিনে দু হাজার রকেট নিক্ষেপের সক্ষমতা রাখে। কিন্তু তারা সেই সক্ষমতার খুব অল্প সংখ্যক ব্যবহার করছে। ”

জেনারেল আসাফ ওরিয়ন বলেন, হিজবুল্লাহ এখনও ইসরায়েলি হামলার পুরোপুরি জবাব দেয়নি বলেই মনে হয়। এখনও একটি শক্তিশালী অভিযান চালানোর জন্য যথেষ্ট সক্ষমতা আছে তাদের। সূত্র: টাইমস অব ইসরায়েল




বিরল সফরে পাকিস্তানে পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বিরল এক সফরে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার সকালে ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকারী উড়োজাহাজটি।

এর আগে পাকিস্তানে ভারতের কোনো মন্ত্রীর সর্বশেষ সফর হয়েছিল ২০১৫ সালে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি। সেই সফরের গত প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন ভারতের কোনো মন্ত্রী।

সফরের কয়েক দিন আগে অবশ্য এক সংবাদ সম্মেলনে এস. জয়শঙ্কর বলেছিলেন যে এই সফরে শুধু এসসিওর সম্মেলনেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে না।

উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরী। তবে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলোয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার হামলার পর থেকে। সেই হামলায় অন্তত ৪০ জন সেনা প্রাণ হারিয়েছিলেন।

সেই হামলার পর প্রথমে পাকিস্তানের বালাকোটে ঝটিকা অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। তারপর ওই বছরই আগস্টে জম্মু-কাশ্মিরের সাংবিধানিক স্বায়ত্বশাসিত মর্যাদা বাতিল করে। ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তা আমলে না নেওয়ায় চরম তিক্ততায় পৌঁছায় দু’দেশের সম্পর্ক।

প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। মোট ৯টি দেশ এই জোটের সদস্য। এই সদস্যরাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, ভারত,পাকিস্তান, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এই জোটটি। আজ ১৫ অক্টোবর থেকে ইসলামাবাদে এসসিওর সম্মেলন শুরু হয়েছে, ১৬ তারিখ শেষ হবে।

সম্মেলন শেষ হওয়ার পর অতিথিদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারেও যোগ দেওয়ার কথা রয়েছে জয়শঙ্করের।

সূত্র : রয়টার্স




বরগুনায় ১৯ মাসের কাজ শেষ হয়নি ৫ বছরেও, ঠিকাদার লাপাত্তা

বরিশাল অফিস :: বরগুনার আমতলীর গাজীপুর খালের ওপর সোয়া ৪ কোটি টাকার ১৯ মাসের সেতুর কাজ ৫ বছর ধরে ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হয়েছে। প্রকল্প ব্যয়ের অধিকাংশ টাকা তুলে নেওয়ারও অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। কাজ বাতিলের জন্য চিঠি দেওয়া হলেও সাড়া নেই ঠিকাদারের। অসমাপ্ত অবস্থায় সেতুর কাজ এভাবে বছরের পর বছর পড়ে থাকায় ভোগান্তি পড়েছে এলাকাবাসী।

আমতলী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজার সংলগ্ন গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার পূর্ব পাশে গাজীপুর খালের ওপর ২০১৯ সালে ৪ কোটি ২৩ লাখ ৭৯ হাজার ৩৬৮ টাকা ব্যয়ে ৪৮ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের একটি গার্ডার সেতু নির্মাণের দরপত্র আহবান করে এলজিইডি কার্যালয়। সর্ব নিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক মো. আবুল কালাম আজাদ। তিনি কাজটি বিক্রি করেন পটুয়াখালীর আরেক ঠিকাদার তানভির আহম্মেদ দিপু নামের একজনের কাছে। কাজটির নির্মাণ সময় ধরা হয় ১ জানুয়ারি ২০১৯ সাল থেকে ২৯ সেপ্টম্বর ২০২০ সাল পর্যন্ত। ১৯ মাসে কাজটি শেষ করার কথা থাকলেও ঠিকাদার গাফিলতি করে ৫ বছরেও শেষ করেনি সেতু নির্মাণ কাজ। কাজটির ধীর গতির কারণে এ পর্যন্ত দু’দফা সময় বাড়িয়েছেন। সর্বশেষ গত জুন ২০২৪ সালে শেষ করার কথা। এর পর তিনি আর সময় না বাড়িয়ে কাজটি ফেলে রেখে লাপাত্তা হয়ে গেছেন।

কাজটি ফেলে রাখায় বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ১৫ সেপ্টম্বর ঠিকাদারকে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়। এবং নোটিশে ৭ দিনের সময় বেঁধে দিয়ে কাজ শুরু করার জন্য বলা হয়। কাজ শুরু করা না হলে কার্যাদেশ বাতিল বলে গণ্য করা হবে। কিন্তু এ চিঠি প্রদানের সময় অতিবাহিত হলেও ঠিকাদার কোনো সাড়া দেয়নি।

অভিযোগ রয়েছে, ঠিকাদার দুই পাড়ের এপার্টমেন্টাল, দুটি পিয়ার ও ১টি স্লাবের কাজ করে বরাদ্ধের অধিকাংশ ২ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৮ টাকা তুলে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সেতু নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। সেতুতে নিম্ন মানের খোয়া, রড এবং পরিমাণের চেয়ে কম সিমেন্ট ব্যাহার করা হয়েছে।

গাজীপুর খালের পূর্বপাড়ে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম সোনাখালী গ্রাম। পশ্চিম পাড়ে গজীপুর গ্রাম। পশ্চিপাড়ে সেতু নির্মাণ স্থলের মাত্র ২০ ফুট দূরত্বে গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসা। পূর্বপাড় থেকে প্রতিদিন আড়াইশ শিক্ষার্থী গাজীপুর বন্দর ঘুরে মাদরাসায় আসে। সেতুর নির্মাণ কাজ শুরুর আগে এখানে একটি লোহার সেতু ছিল। নতুন সেতু নির্মাণের সময় ওই সেতুটিও ভেঙে ফেলা হয়। ফলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের আড়াই থেকে ৩ কিলোমিটার পথ ঘুরে আসতে অনেক কষ্ট হয়। কষ্টের কারণে অনেক শিক্ষার্থী এখন আর নিমিয়ত মাদরাসায় আসেন না।

মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাম্মি আকতার বলেন, নতুন সেতুর কাজ শুরু করে ফেলে রাখা হয়েছে। তাই আমাদের অনেক পথ ঘুরে মাদরাসায় আসতে হয় এতে আমাদের অনেক কষ্ট হয়। কষ্টের কারণে শিক্ষার্থী প্রতিদিন মাদরাসায় না আসায় লেখা পড়ায় অনেক ক্ষতি হচ্ছে।

গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম বলেন, নতুন সেতু নির্মাণের জন্য পুরাতন লোহার সেতুটিও ভেঙে ফেলা হয়েছে। এখন নতুন সেতুর নির্মাণ কাজও ৫ বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদার। এতে মাদরাসায় অনেক শিক্ষার্থী আসা কমে গেছে। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার জন্য দাবি জানাই।

সাব ঠিকাদার তানভির আহম্মেদ দীপু বলেন, আমি বরগুনার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আশা করি ২-৩ মাসের মধ্যে কাজটি শেষ করব। কাজে অনিয়ম এবং দুর্নীতির বিষয় তিনি অস্বীকার করে বলেন, যথাযথভাবে কাজ করা হচ্ছে।

মূল ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন, কাজটি চুক্তি করে অন্য এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি কেন এখনও কাজটি সম্পন্ন করেননি তা তিনি জানেন না।

আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সেতুর কাজ ফেলে রাখায় ঠিকাদারকে শোকজ করা হয়েছে। এবং কাজ বাতিলের জন্য বরগুনার নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে।

বরগুনার নির্বাহী প্রেকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, সেতুর কাজ না করে ফেলে রাখায় ঠিকাদারকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার কোনো সাড়া না পাওয়ায় তার কার্যদেশ বাতিল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টাকা বেশি নেওয়া প্রসঙ্গে বলেন, নিয়ম অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। কাজের চেয়ে বেশি টাকা দেওয়ার কোনো সুযোগ নেই।




বরিশাল বোর্ডে পাসের হারে দ্বিতীয় ভোলা

বরিশাল অফিস :: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার অনুযায়ী দ্বিতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭২০ জন ছাত্র-ছাত্রী।

ভোলা জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের তথ্য মতে, ভোলার সাত উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৬২ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৬ জন ছাত্র ও ৪ হাজার ৯৭৩ জন ছাত্রী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৮১০ জন ছাত্র ও ৪ হাজার ৪৫২ জন ছাত্রী।

আরও জানা গেছে, ভোলা জেলায় মোট জিপিএ-৫ পাওয়া ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৯ জন ছাত্র ও ৪৬১ জন ছাত্রী।

ভোলা জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ। পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের অবস্থান ভোলা জেলায় দ্বিতীয়। এসব তথ্য জানিয়েছেন ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দীপক হালদার।

 




দুমকিতে বাল্যবিবাহে কনের বাবাসহ দু’জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলগী গ্রামের রুহুল আমিন সিকদার (৫৫) এবং তাসলিমা বেগম (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পক্ষ পালিয়ে যায়।

নবম শ্রেণির ছাত্রী রুমানা আক্তারের বয়স গোপন করে বিয়ে দেওয়ার সময় স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা ও একজন সহযোগীকে আটক করে। কনের বরের নাম মোঃ রিপন হাওলাদার এবং তার ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। এ সময় পুলিশের সহযোগিতায় ইউএনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে, তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।




হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।

তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর আবারও নড়েচড়ে বসে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন হাথুরুসিংহে।

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।




আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, যুক্ত হচ্ছেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন বলে আলোচনা চলছে।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একজন চিকিৎসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন সাবেক আমলা অন্তর্বতী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন।
সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজের গতি এবং শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত অভিজ্ঞ ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
একজন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। এক্ষেত্রে দুজন চিকিৎসকের নাম আলোচনায় আছে, তাদের মধ্যে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র অধ্যাপকের নাম রয়েছে।

জানা যায়, দ্রব্যমূল্য ও ব্যবসা-বাণিজ্যে চলমান পরিস্থিতি সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

এ ছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। ফলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই দুয়েক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হতে পারে। এই তালিকায় আছেন সদ্য এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর নাম। তিনি বুধবার দলটির আহ্বায়কের পদ ছাড়েন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ই আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতিমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। উৎস: বাংলাদেশ জার্নাল।