গলাচিপা ইউএইচএফপিও অপসারণের দাবিতে ঢাকায় মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. মেজবাহ উদ্দিন অবৈধ প্রক্রিয়ায় ইউএইচএফপিও পদে যোগদান করেছেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। বক্তারা দাবি করেন, “তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার মান নষ্ট করে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন।”
অভিযোগকারীরা আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ওই পদে নিয়োগ পান। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া এবং চিকিৎসা সরঞ্জাম কেনা-বেচায় ব্যাপক অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ঘটেছে।”
মানববন্ধনে আন্দোলনকারীরা তিন দফা দাবি জানান—
ডা. মেজবাহ উদ্দিনকে অবিলম্বে অপসারণ, তার দায়িত্বকালীন সকল আর্থিক লেনদেনের বিচার বিভাগীয় তদন্ত, এবং হাসপাতালের সব বরাদ্দ ও ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করা।
তারা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালের অনিয়ম দূর করার চেষ্টা করছি। কিছু বিষয় পেয়েছি, যা সংশোধনের প্রক্রিয়ায় আছে। আগের ঘটনাগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
স্থানীয়রা বলছেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ নতুন নয়, তবে এবার সাধারণ মানুষ সরাসরি রাজধানীতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়ানোয় বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর কী পদক্ষেপ নেয়, তা নিয়েই চলছে আলোচনা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








