ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কি স্বাস্থ্যের ক্ষতি করে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অনেকেই মনে করেন ওয়াই-ফাই সিগন্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এ নিয়ে দুশ্চিন্তাও করেন। ওয়াই-ফাই নেটওয়ার্কে সাধারণত রেডিও সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ও ফোনকে তারের সংযোগ ছাড়া ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হয়। এসব সংকেতের ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ২ থেকে ৫ গিগাহার্ডজের মধ্যে হয়ে থাকে। মাইক্রোওয়েভ যন্ত্রেও একই মাত্রার তরঙ্গ ব্যবহার করা হয়।

ওয়াই-ফাই নেটওয়ার্কে নন-আয়নাইজিং বিকিরণ ঘটে, যা মানুষের কোষ বা ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার জন্য পর্যাপ্ত শক্তি বহন করে না। তাই গবেষকদের মতে, ওয়াই-ফাই সিগন্যাল মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) গবেষকেরা ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খুঁজে বের করতে আড়াই লাখ মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য পর্যালোচনা করেছেন। কসমস প্রকল্পের আওতায় পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে, যাঁরা মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলেন, তাঁদের ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি তুলনামূলক কম সময় ফোন ব্যবহার করা ব্যক্তিদের তুলনায় বেশি নয়।

কানাডা সরকারের অফিশিয়াল ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে, ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

সূত্র: ডেইলি মেইল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা




সাকিব আমাকেও কয়েকবার ফোন করেছে: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সম্প্রতি দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তাঁকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।’

গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু বর্তমানে রাজনীতির কারণে তার জনপ্রিয়তা কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি… যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে “এনজয়িং মাই লাইফ ইন…”। এটা কি সম্ভব?’

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘সাকিবের যেসব আচরণ, যেমন জুয়া, বেটিং ও উচ্ছৃঙ্খল আচরণ, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মনে হয়, এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। সরকার একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছে, যে যন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন।’

দুই দিন পর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সাকিব আল হাসানের নাম ছিল। কিন্তু তাঁর জায়গায় আজ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি।




পটুয়াখালীতে ছাত্রলীগের বিতর্কিত খাবার বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খান।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সিফাত খান শহরের ব্যায়ামাগার মোড় এলাকায় ফেসবুক লাইভে এসে খাবার বিতরণ করেন। প্রতিটি খাবারের প্যাকেটে লেখা ছিল, ‘শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ।’

তবে, সিফাত খান ৫ আগস্টের পর দায়ের করা একাধিক মামলার আসামি হওয়ায়, তাঁর এই প্রকাশ্য উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সামিম চৌধুরী বলেন, “সিফাত খান শিক্ষার্থী ও দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তিনি কিভাবে প্রকাশ্যে এই কর্মসূচি পালন করছেন, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দেওয়া উচিত।”

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আ. লীগের গড়া সিন্ডিকেট এ সরকার ভাঙতে পারেনি: জামায়াত আমির

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার জাতির ওপর জুলুম করেছে। এখনো সেই জুলুমের ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। প্রতিটি খাত থেকে অন্যায় অনিয়ম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, কীভাবে একটি দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।

যে চেতনার ভিত্তিতে বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূর্ণ রয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা দেশের দায়িত্বে আছেন তাদের দেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে বলব ১৮ কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশকম জনগণ দেখতে চায় না।

দেশের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘এমন একটা দেশ গঠন করতে হবে যেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন কোcbf জালিম যেন নারীদের অসম্মান করতে না পারে।




বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ভারতের ৪৮ জেলে আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে ওই দিন রাতে ট্রলারসহ তাদের আটক করে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীকালে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এমভি নারায়ন, এমভি অভিজিৎ ও এমভি অভিজিত নামক তিনটি ফিশিং ট্রলার ও এতে থাকা জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আজ বিকেলে আটক জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে। ’




সাকিব আমাকেও ফোন করেছে, কথা বলেছি: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: সবকিছু ঠিকঠাকই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার জন্য দলে ডাক পেয়েছেন। নিউইয়র্ক থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন। তবে সেখানে ট্রানজিট নেওয়ার সময়ই সাকিবকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সরকারের তরফ থেকে।

গতকাল সাকিব আল হাসান নিজেই জানান, দেশে ফিরছেন না তিনি। তবে দেশার ফেরার জন্য ভালো রকমের চেষ্টাই চালিয়ে গেছেন এই ক্রিকেটার। ফোন দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকেও। গতকাল রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের একটি টক শো’তে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা নিজেই এই তথ্য জানান।

সাকিব আল হাসানের দেশের আসার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে, আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।

সাকিবকে দেশে ফিরতে না দেওয়া দেশের ইমেজের জন্য ক্ষতিকর কি না এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘দেখুন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। শুধু তো রাজনীতি না, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি না। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না ঘরে ঘরে ক্ষোভ ঘরে ঘরে কষ্ট তখন সাকিব একটা পোস্ট দিয়েছে ইনজয়িং মাই লাই কোন জায়গায় যেন, এটা সম্ভব কোনো একটা মানুষের পক্ষে?’

সাকিবের অন্যান্য আচরণের জন্যও শেখ হাসিনা সরকারের দুঃশাসনকে দায়ী করলেন আসিফ নজরুল, ‘এছাড়া (সাকিবের) জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ… আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’




পূর্ণিমার জোয়ারের প্রভাব, বেড়েছে বঙ্গোপসাগরের পানির উচ্চতা

পটুয়াখালী প্রতিনিধি :: পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর আন্ধারমানিক, রাবনাবাদ ও তেঁতুলিয়াসহ সকল নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। এই পরিস্থিতির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে, যা উপকূলবর্তী এলাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই সময়ে সাগরের ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কার্যক্রমে সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলেরা। বিশেষ করে কুয়াকাটার সৈকতে পানি প্রবাহের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

 




বাউফল গ্রামীণ নারী দিবস উদযাপনে ক্যাম্পেইন

পটুয়াখালী প্রতিনিধি :: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় চন্দ্রদ্বীপ থেকে ক্যাম্পেইনের শুরু হয়, যেখানে বিভিন্ন দাবি তুলে ধরে বিলবোর্ড প্রদর্শন করা হয়।

স্পিড ট্রাস্টের আয়োজনে ব্রিজ ঘাট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মী মো. আহসান হাবিব। উজ্জীবক ও প্রতিদিনের কাগজের বাউফল প্রতিনিধি সাইফুল ইসলাম এই আলোচনা সভাটি পরিচালনা করেন।

ধারণাপত্রের উপর বক্তব্য রাখেন দলনেতা মিনারা বেগম, জেসমিন বেগম, সালাম গাজী এবং সালমা বেগম। এএলআরডি মিজেরিয়া প্রকল্পের চন্দ্রদ্বীপ জন সমবায় দলের পক্ষ থেকে “বৈষম্যহীন সমাজ গড়তে নারীর ভূমি অধিকার নিশ্চিত করুন” স্লোগান নিয়ে দাবি জানানো হয়, নারীর জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

এছাড়াও, খাসজমি বন্দোবস্তের অগ্রাধিকার তালিকা থেকে সক্ষম পুত্রসন্তানসহ নারী প্রধান পরিবারের শর্ত বাতিল করার দাবি তোলা হয়। সম্পদ ও সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সকল কর্মে নারীর সমান মজুরি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।




মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটির প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
গণহত্যায় উস্কানিদাতা হিসেবে জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কৌঁসুলি। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জাফর ইকবালসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছেন আইসিটির প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে অধ্যাপক ড. জাফর ইকবাল তার মতামত প্রকাশের পর শাবিপ্রবির শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকার’ উক্তির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেন। ১৪ জুলাই রাতের ওই মিছিলে তারা স্লোগান দেন, ‘তুমি কে আমি কে – রাজাকার, রাজাকার, কে বলেছে কে বলেছে – স্বৈরাচার, স্বৈরাচার।’ এই স্লোগান ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত শিক্ষক ও লেখক ড. মুহম্মদ জাফর। ফেসবুকে করা এক পোস্টে করেন আন্দোলনকারীদের কটাক্ষ।

১৬ জুলাই ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে দুই প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়। হাতে লেখা চিরকুটের অংশটি অনলাইনে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়ত সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’




সিনওয়ারের হত্যাকাণ্ডে বদলা জোরালো হবে: ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ডে ওই অঞ্চলে প্রতিরোধ আরও জোরালো হবে বলেছে জাতিসংঘে ইরানের প্রতিনিধিদল। হামাসপ্রধানকে হত্যা করা হয়েছে—ইসরায়েলের এমন দাবির কয়েক ঘণ্টা পর ইরানের প্রতিনিধিদলের পক্ষ থেকে এ মন্তব্য আসে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ডে ওই অঞ্চলে প্রতিরোধ আরও জোরালো হবে বলেছে জাতিসংঘে ইরানের প্রতিনিধিদল। হামাসপ্রধানকে হত্যা করা হয়েছে—ইসরায়েলের এমন দাবির কয়েক ঘণ্টা পর ইরানের প্রতিনিধিদলের পক্ষ থেকে এ মন্তব্য আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের প্রতিনিধিদল বলেছে, ‘প্রতিরোধ শক্তিশালী হবে। তিনি (সিনওয়ার) যুবক ও শিশুদের জন্য আদর্শ হয়ে থাকবেন, যারা তাঁর দেখানো পথ ধরে ফিলিস্তিনকে মুক্তির দিকে নিয়ে যাবে। যত দিন দখল ও আগ্রাসন চলবে, তত দিন প্রতিরোধও জারি থাকবে। শহীদেরা অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন।’

গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি হামাস। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসও সিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।