নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোনের মাধ্যমে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে।

এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। এদের মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়েছে।

তাছাড়া হাইফাতে একটি গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এতে দুইজন আহত হয়।




পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সকল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১১ টায় পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সদর রোড দিয়ে প্রেসক্লাব হয়ে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম লিটন বলেন, “ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা পালালেও তার দোষর ও পেতাত্মারা শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলার মাটিতে বহু নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ জনগণের প্রাণ ঝরেছে। জনগণকে শান্তিতে থাকতে দিন। মামলার আসামী হয়ে কিভাবে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা শহরে প্রকাশ্যে কর্মকাণ্ড চালায়?”
তিনি আরো বলেন, “প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, জনগণ ও ছাত্রজনতা ছাড় দিবে না। আমরা পরিবেশ ঘোলাটে করতে চাই না, বিএনপি নৈরাজ্যে বিশ্বাসী নয়।”
এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রিজার্ভে হাত না দিয়েই দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক রিজার্ভে কোন অর্থ খরচ না করে, গত দুই মাসে ১.৫ বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে। ফলে, দেশের তেল, গ্যাস ও সার আমদানিতে অনিশ্চয়তা কমতে শুরু করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানোর পরিকল্পনা রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

জ্বালানি তেল, গ্যাস ও কয়লাসহ পেট্রোলিয়াম পণ্যের জন্য বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় করে। তবে, গত দুই বছর ধরে ডলার সংকটের কারণে বকেয়া তৈরি হয়। আদানি, কাফকো, শেভরনসহ বিদেশি প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রায় ২.৫ বিলিয়ন ডলার অনাদায়ী ছিল। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি উন্নত করার চেষ্টা করছে।

গভর্নর বলেন, “বর্তমানে ৭০০ মিলিয়ন ডলারের অনাদায়ী বকেয়া রয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে শূন্যে নামিয়ে আনবো। এতে করে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাবে।”

বাংলাদেশ ব্যাংক আরও প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। তবে ১০৩ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ ও পরিশোধের চাপ নিয়ে গভর্নর কিছুটা চিন্তিত। তিনি বলেন, “অবস্থা সামাল দিতে অন্তত এক বছর ধৈর্য ধরতে হবে।”

গভর্নর এ সময় শ্রম অসন্তোষের কারণে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন।




নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে এই হামলা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে উপস্থিত ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার ভোরের দিকে কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে দুইটি ড্রোন প্রতিহত করা হলেও একটি ভবনে আঘাত হানে।

এছাড়া, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কিছু খোলা মাঠে পড়েছে। হাইফাতে একটি গাড়িতে রকেটের আঘাত লাগলে সেখানে দুইজন আহত হন।

 




উইন্ডিজদের বিদায় করে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। সেবারের মতো ২০২৪ বিশ্বকাপেও লড়াই হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ৮ বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে এবার প্রতিশোধটা পূর্ণ করল কিউই মেয়েরা। তারা ১২৮ রানের লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ ছড়িয়ে উইন্ডিজদের বিদায় করলো ৮ রানে হারিয়ে।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের চেপে ধরে উইন্ডিজরা। ফলে আগে ব্যাট করতে নেমে সোফি ডিভাইনের নিউজিল্যান্ড কোনোমতে ১২৮ সংগ্রহ করতে সক্ষম হয়। তবে সেই রানকেও যথেষ্ট প্রমাণ করেছেন কিউই বোলাররা। যা তাদের ২০১০ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে দিলো। প্রথম দুই আসরেই ফাইনাল খেলা কিউইদের স্বপ্নভঙ্গ হয়েছিল দু’বারই।

এদিন দ্বিতীয় সেমিফাইনালে উইন্ডিজ মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতে গোছানো ক্রিকেট খেলে নিউজিল্যান্ড। ৪৮ রানে ওপেনিং জুটি ভাঙতেই অল্প সময়ে তারা তিন উইকেট হারিয়ে বসে। এরই মাঝে দুই ওপেনার সুজি বেটস ২৬, জর্জিয়া ফ্লিমার ৩৩ ও অ্যামেলিয়া কের মাত্র ৭ রান করে আউট হয়েছেন। শেষদিকে ব্রুক হ্যালিডে (১৮) ও ইসাবেলা গেজরা (২০) ঝড় তোলার চেষ্টা করেও সেটি বড় করতে পারেননি।




কীভাবে হামাস নেতার সন্ধান পেল ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গুরুত্বপূর্ণ সদস্য ইয়াহিয়া সিনওয়ার। হামাসের সূচনালগ্ন থেকে পাশে ছিলেন সাহসী এই নেতা। কিন্তু ইসরাইলের হামলায় গত বুধবার প্রাণ হারান তিনি। শনিবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাধারণত হামাসের প্রধান ও গুরুত্বপূর্ণ নেতারা বেশ আড়ালেই থাকেন। লোকচক্ষুর বাইরে থাকা হামাস নেতার সন্ধান কীভাবে পেল ইসরাইল-এটা নিয়ে উঠছে প্রশ্ন। আলজাজিরা।

দীর্ঘ সময়ে মাটির নিচে হামাসের তৈরি সুড়ঙ্গে থাকছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ধারণা করা হচ্ছিল, একদল দেহরক্ষী এবং ইসরাইলি জিম্মিদের ‘মানবঢাল’ বানিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। তবে মৃত্যুর আগে ইসরাইলি বাহিনীর হামলায় মাত্র তিনজন সঙ্গীকে নিয়ে একটি ভবনের কক্ষে প্রবেশ করলেও শেষ মুহূর্তে তিনি ছিলেন একা। সিনওয়ারের অবস্থান শনাক্তকারী ড্রোনের ক্যামেরায় এই নেতাকে হত্যার আগের মুহূর্তের ভিডিও এমন তথ্যই প্রকাশ করেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের ৮২৮তম ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফার তাল আল-সুলতান এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় সেখানকার একটি ভবনে অভিযান চালান হয়। কারণ, সেনাদের কাছে তথ্য ছিল, ভবনটি হামাসের সিনিয়র নেতারা ব্যবহার করেন। তারপর ওই ভবনে অভিযান চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। ওই তিনজনের মধ্যে একজনের সঙ্গে হামাস নেতা সিনওয়ারের শারীরিক গঠনের মিল পান ইসরাইলি সেনারা। পরে সেই মৃতদেহের আঙুলের একটি অংশ পরীক্ষার জন্য ইসরাইলে পাঠানো হয়। ইসরাইলের কাছে সিনওয়ারের জেনেটিক তথ্য সংরক্ষণ করা হয়েছে। কারণ, জীবনের কয়েক দশক সিনওয়ারের কেটে গেছে ইসরাইলের কারাগারে। আরও পরে ওই এলাকার পুরো নিয়ন্ত্রণ নিয়ে হামলায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া ভবন থেকে মৃতদেহগুলো বের করে ইসরাইলে নিয়ে যায় অভিযান পরিচালনাকারী সদস্যরা। ইসরাইলেই ডিএন পরীক্ষা করে এবং ড্রোনের ভিডিও ও কয়েকটি গ্রাফিতি ছবির সাহায্যে সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করা হয়। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলেছেন, ওই ভবনে যে সিনওয়ার আছেন, সেটি তার বাহিনী নিশ্চিতভাবে জানত না। তিনি জানান, আমাদের অভিযান শুরু হলে তিনজন বন্দুকধারীকে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াতে দেখেছে সেনারা। একবার গুলি চালানো হলে তারা বিচ্ছিন্ন হয়ে যান ও সিনওয়ার একা ভবনের মধ্যে একটি কক্ষে প্রবেশ করেন। এরপর একটি ড্রোন দিয়ে তার অবস্থান শনাক্ত করে হত্যা করা হয়।




সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কামাল আহমেদ মজুমদার এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি মোস্তফা।

শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রিমান্ডের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।




সাগরে লঘুচাপ সৃষ্টি, আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

চন্দ্রদ্বীপ ডেস্ক :: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’। ‘ডানা’ নামটি কাতারের দেওয়া। এ অঞ্চলে ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। তারপর গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত হানতে পারে-সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিলো মেঘলা। সাগরে লঘু চাপের কারণে বরিশাল ও যশোরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার কিংবা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি ভারতের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানতে পারে।

শুক্রবার দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।




 বাজারে কমেছে ডিমের দাম, সরকারের পদক্ষেপের সুফল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম ডজন প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমেছে।

জনগণের জন্য ডিম সাশ্রয়ী করতে সরকার আমদানি শুল্ক কমিয়ে ডিম আমদানির অনুমতি দিয়েছে। ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারি করা এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই শুল্ক ছাড় ১৫ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

কাওরান বাজারের ঢাকা পোল্ট্রির মালিক কাওসার আহমেদ বলেন, সরকারি উদ্যোগে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কমেছে। তিনি আরও বলেন, আজ পাইকারি পর্যায়ে প্রতি শত ডিম বিক্রি করছি ১ হাজার ১০১ টাকায়। গতকাল দাম ছিল ১ হাজার ১৭০ টাকা থেকে ১ হাজার ১৮০ টাকা।

কাওসার জানান, আজ প্রতি ডজন ডিম পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১৩২ টাকা ১২ পয়সায়, যা গতকাল ছিল ১৪১ টাকা ৬০ পয়সা।

ঢাকার বাসিন্দা আবু সুফিয়ান জানান, তিনি আজ খিলগাঁও তালতলা বাজার থেকে এক ডজন ফার্মের ডিম কিনেছেন ১৫০ টাকায়, যা দুদিন আগে ছিল ১৮০ টাকা।

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না তা নিশ্চিত করতে তিনি সরকারের তদারকি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, তিনি পশ্চিম শেওড়াপাড়া কাঁচাবাজার ও তালতলা কাঁচাবাজারে অভিযান চালিয়ে দেখেছেন ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যের কাছাকাছি।

সরকার নির্ধারিত মূল্যের আওতায় প্রতিটি ডিম উৎপাদক পর্যায়ে ১০.৫৮ টাকা, পাইকারি ১১.০১ টাকা এবং খুচরা ১১.৮৭ টাকায় বিক্রি করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় রিটেইল চেইন সুপারশপ স্বপ্নে প্রতিটি খুচরা ডিমের দাম ১১.৬৭ টাকা।

এদিকে সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে ঢাকার প্রধান দুই পাইকারি বাজার তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহের ঘোষণা দিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। গতকাল কাপ্তান বাজারে ডিম সরবরাহ শুরু করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই উদ্যোগের মূল সমন্বয়কারী বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল।

প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পুরো দেশে পড়বে বলে জানিয়েছে সংগঠনটি।

 




এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে বাঁধা বাজার ব্যবস্থা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাজারে দরকারি পণ্যের দাম কমার কোন লক্ষণ নেই। বরং পাইকারি-খুচরা দুই পর্যায়েই কিছু পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে মুরগির দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। কাঁচামরিচ এখনও ধরা-ছোঁয়ার বাইরে সাধারণ ক্রেতাদের। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণে কথার চেয়ে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপের।

বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহফুজুর রহমান। সাপ্তাহিক কেনাকাটা করতে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসেছেন কারওয়ান বাজার। কাঁচা বাজার শেষে বাজার পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, দোষের ওপর দোষ। আগে যে সরকার ছিল সে জামায়াত-বিএনপির দোষ দিতো। এখন যে সরকার এসেছে সেও আওয়ামী লীগের দোষ দিচ্ছে। কোনো পরিবর্তন আসেনি। শুধু লোক পরিবর্তন হয়েছে। বাজারে তদারকি নেই, কার্যক্রম নেই। যা যার ইচ্ছামত দাম রাখছে।

দরকারি পণ্যের লাগামছাড়া দশায় যে অস্বস্তি ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে। পতনের পরেও একই হাল। ক্রেতাদের অভিযোগ, এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে অষ্টেপৃষ্ঠে বাঁধা বাজার ব্যবস্থা।

বাজার করতে আসা ক্রেতারা জানান, বাজারে সব কিছুর দাম বেশি। শুধু মানুষের কোনো দাম নেই। ২ থেকে ৩ ধরণের তরকারি কিনলেই ৫শ’ টাকা শেষ। তরকারিতেই যদি এমন টাকা যায় তাহলে মাসে এর পেছনেই খরচ ১৫ হাজার টাকা। বাসা ভাড়া, সন্তানদের লেখাপড়া কিভাবে চলবে। সিস্টেম একই আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে।

বাজারে প্রায় সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও ন্যূনতম ৬০ টাকার কমে মিলছে না কোন সবজি। এটি কারওয়ান বাজারের দাম, বলা বাহুল্য এলাকাভিত্তিক বাজারে এই দাম আরও বেশি।

বিক্রেতারা জানান, পেঁপের দাম সবচেয়ে কম, ৪০ টাকা কেজি। আর সব কিছুর দাম বেশি। অন্য সব সবজির দাম ৭০/৮০ টাকার মত। এদিকে দু সপ্তাহের ব্যবধানে বেশ অনেকটা বেড়েছে খোলা তেলের দাম, বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। যদিও অপরিবর্তিত আছে বোতলজাত তেলের দাম।

তেল বিক্রেতা জানান, পাম তেলের দাম ৬ থেকে ৭ হাজার টাকা বেশি। আর বোতলজাত তেলের দাম ১০ টাকা করে বৃদ্ধির কথা তবে এখনও বাড়েনি।

শুধু চাল-ডাল-সবজিই নয়, বেড়েছে মুরগির দামও। ২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহেও ছিল ১৯০। এছাড়া কেজি ৩০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম ভেঙে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা ক্রেতাদের।