মিরপুরে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ১১ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার টিকিটের দাম ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন ১০০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।

বিসিবি মিরপুর টেস্টে পাঁচ ধরনের টিকিট বিক্রি করবে। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে সর্বনিম্ন ১০০ টাকার টিকিট প্রয়োজন। এই অংশে শেরেবাংলা স্টেডিয়ামের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে ৩০০ টাকার টিকিট কিনতে হবে। ভিআইপি স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ৫০০ টাকা, এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

বিসিবি জানিয়েছে, টেস্ট শুরুর আগের দিন থেকে টিকিট বিক্রি হবে। টিকিট স্টেডিয়ামের ১ নম্বর ফটকের পাশের বুথ থেকে কিনতে পারবেন। রোববার সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। চলতি বছর বাংলাদেশ দল দেশের মাটিতে দুটি টেস্ট খেলেছে, একটি সিলেটে এবং অপরটি চট্টগ্রামে।




জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। তিনি বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থনের জন্য তাদের দুয়ারে দুয়ারে যাব এবং কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব। জামায়াতের আমির বলেন, যারা অতীতে মালিক হয়েছেন তাদের পরিণতি আমাদের চোখের সামনে রয়েছে।

শফিকুর রহমান বলেন, “মানুষের সঙ্গে গাদ্দারি করলে কি হয়, ধোঁকা দিলে কি হয়, মালিক বনলে কি হয়, জলুম করলে কি হয়”-এর থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত।

তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যারা জাতিকে টুকরা টুকরা করে, তারা কখনো জাতির মঙ্গল চান না। আমরা দল-মত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”

জামায়াতকে বাংলাদেশের সবচাইতে মজলুম দল বলে উল্লেখ করে তিনি বলেন, “সাড়ে ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ খুন, ধর্ষণ, লুণ্ঠন করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে।”

শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের ১৮ কোটি মানুষের। এই আন্দোলন মানুষের মুক্তির সংগ্রামের আন্দোলন ছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খ ম আব্দুল রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক রফিকুল ইসলাম।




‘শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে চাপিয়ে দেয়া হয়েছিল’

চন্দ্রদ্বীপ নিউজ :: শেখ মুজিবকে জাতির পিতা নামে প্রতিষ্ঠা করতে জোর করে চাপিয়ে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে থেকে ৯ মাস পর বাংলাদেশে এসে নিজেকে জাতির পিতা দাবি করবে, তা আমরা কখনোই মেনে নেবো না।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর টাউনহল থেকে মশাল মিছিল শেষে নগরীর রাজগঞ্জ এলাকায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সকল শহিদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে।

হাসনাত বলেন, ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের নামে ধরে ধরে মামলা দিন। তাদের ঘর থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করুন। আওয়ামী লীগ যেভাবে মানবাধিকার হরণ করেছে, তাদের আর পুনর্বাসন করার সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সন্ত্রাসী হিসাবে আইন করে তাদের নিষিদ্ধ করতে হবে। আপনারা যারা ছাত্রদল, শিবির, ডান বা বামদল আছেন। আমাদের সবার পরিচয় আমরা মাজলুম।

এসময় মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা,  ঢাকা; আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ স্লোগান তুলে।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ, কুমিল্লার সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাসেদুল হাসান, রুবেল হোসাইন প্রমুখ।




দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে বিজিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের নিয়োগ কার্যক্রম চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে, তবে এটি পৃথকভাবে সমাধান করা যাবে না। যারা মেধার ভিত্তিতে চাকরিতে যোগদান করেছেন এবং যারা অন্য উপায়ে প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তাদের যোগদানে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ পুরোদমে কাজে ফিরতে পারেনি, যা সত্যি। ৫ আগস্টের পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু তাদের মধ্যে এখনও মানসিক চাপ কাজ করছে। উন্নতি ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে।

কৃষি খাতের যান্ত্রিকীকরণ এবং সারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সারের ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে, এর তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ইতোমধ্যেই দুই-একজনকে শাস্তির আওতায় আনা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিপির সিইও, সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মৃধাকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে খালেক মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া ২২ জনকে আসামি করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন। আদালতের নির্দেশে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার গ্রহণ করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হলেও, খালেক মৃধাকে অজ্ঞাত হিসেবে দেখিয়ে গ্রেপ্তার করা হয়।




পটুয়াখালী ধুলাসার ইউনিয়নে মাফিয়া সিন্ডিকেট ভাঙতে হবে: যুবদল নেতাদের দাবি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাফিয়া সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. রাশিদ উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের বক্তব্যে উঠে আসে, দেশের মানুষকে কষ্টে রেখে কোনো স্বৈরাচারী মাফিয়া শক্তি টিকে থাকতে পারবে না।

তারা আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশ ত্যাগ করার পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে তার শাসনামলের দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের খবর প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। কলাপাড়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাফিয়া চক্রের দৌরাত্ম্য রোধ করতে না পারলে, পলাতক স্বৈরাচারী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে।

সাবেক মাফিয়া সরকারের নেতাকর্মীরা অনেকের সম্পত্তি জবরদখল করেছিল, যা উদ্ধার করতে সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।

জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালীর কৃতি সন্তান আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মাফিয়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তারেক রহমানও জোর দিয়েছেন, দেশের মাফিয়া চক্র ভেঙে না ফেললে সাধারণ মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে না।

 




লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত ৫ ইসরায়েলি সেনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ৫ ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা কর্মকর্তা ও তিন সেনা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এরা হলেন মেজর ওফেক বাচার (২৪), ক্যাপ্টেন ইলাদ সিমান তোভ (২৩), স্টাফ সার্জেন্ট এলায়াশিভ এইতান ওইদার (২২), স্টাফ সার্জেন্ট ইয়াকোভ হিলেল (২১) এবং স্টাফ সার্জেন্ট ইয়েহুদা দিরোর ইয়াহালম (২১)।

নিহতদের মধ্যে মেজর ওফেক বাচার ইসরায়েলের নেস জিওনা, ক্যাপ্টেন ইলাদ সিমান তোভ তিজোফিম স্টাফ সাজেন্ট এলায়াশিভ এইতান ওইদার জেরুজালেম, স্টাফ সার্জেন্ট ইয়াকোভ হিলেল জেরুজালেম এবং স্টাফ সার্জেন্ট ইয়েহুদা দিরোর ইয়াহালম হেবরনের বাসিন্দা ছিলেন। নিহত এবং আহতদের সবাই ইসরায়েলের স্থলবাহিনীর গোলান ব্রিগেডের সদস্য ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিএফ।

পৃথক এক বার্তায় আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখী যুদ্ধে নিহত হয়েছেন এই ৫ ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্যরা। এ অভিযানে বেশ কয়েক জন হিজবুল্লাহ যোদ্ধাকে বন্দি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।




মাদক বিক্রেতাদের তালিকা করছে বরিশাল জেলা পুলিশ

 

বরিশাল অফিস :: বরিশাল জেলায় মাদক বিক্রেতাদের পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে নতুন তালিকা করে অ্যাকশনে যাবে পুলিশ জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গত এক বছরে বরিশাল জেলায় ৪ হাজার ২২৫ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে এসব মামলার আসামিদের কী অবস্থা বা নতুন করে মাদক বিক্রি কারা করছে এ সব বিষয়ে তথ্য নেয়ার জন্য প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী আপডেট তালিকা তৈরি হচ্ছে। তালিকা তৈরি শেষ হলে আইনগত সকল বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার এসময় আরো বলেন, অনেক সময় আমরা শুধুমাত্র মাদক বহনকারীদের বিরুদ্ধে মামলা দেই।

কিন্তু এর গডফাদারদের বিষয় কোন তথ্য থাকে না। আমরা এবার এই তালিকায় গডফাদার থেকে শুরু করে যারা মাদক বহন করে এবং মজুদ করে তাদের সবাই কে এই তালিকায় নিয়ে আসবো। অনেক সময় দেখা যায় এসব লোকরা সমাজে প্রভাবশালী।
তিনি বলেন, এর আগে আমরা দেখেছি রাজনৈতিক কোন পাতি নেতার ছত্র ছায়ায় এসব মাদকের ব্যবসা চলে।

পুলিশ, সাংবাদিক, পাতি নেতারা এখান থেকে অর্থ নেয়। আমরা এই জরিপে সকল বিষয়কে অন্তর্ভুক্ত করব, যাতে করে মাদকের বিস্তার রোধ করা যায়।

বরিশালের সীমান্তবর্তী এলাকা ও নৌপথে মাদক চলাচলের বিরুদ্ধে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জনগণ সচেতন হলে অর্থাৎ আমরা যদি নিজেরাই নিজেদের পুলিশিং করি তাহলে এর সমাধান সম্ভব বলেও জানান এই পুলিশ সুপার।

মতবিনিময় সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।




 বাউফলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার ছেলের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। শনিবার বেলা ১১ টায় পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১ হাজার পুরুষ ও মহিলারা মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদ এর ফাঁসি দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন।

বগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ মনির মৃধা হত্য মামলার আসামি মোঃ মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদকে অবিলম্বে গ্রেফতার এবং দেলোয়ার হোসেন মুন্সি ও আঃ জলিল মুন্সি ডাবল হত্য মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকে হাইকোর্ট দিয়ে খালাসের রায় বাতিলের দাবিতে মানববন্ধন করেন সাধারণ জনগণ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ গনি সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ কালাম মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল সিকদার, শ্রমিকদল সভাপতি মোঃ আনিচ মৃধা, বিএনপির নেতা মোঃ তোফায়েল মোল্লা, মোঃ মাসুদ সিকদার, মৃত মনিরের স্ত্রী শাহিনুর বেগম, মৃত মনিরের মেয়ে শুমাইয়া আখতার শর্ণা (২৪), আঃ কাদের মুন্সি, মোঃ মিলন মুন্সী, ইনজামামুল হক দোলন, মৃত জলিল মুন্সীর ছেলে মোঃ সাদনাম সাকিব, মৃত মনির হত্য মামলার বাদী মোঃ জাকির হোসেন প্রমুখ।




লালন স্মরণোৎসব শেষ হবে আজ, আখড়াবাড়ি ছাড়ছেন ভক্ত-সাধুরা

চন্দ্রদ্বীপ  নিউজ :: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস শেষ হচ্ছে আজ শনিবার (১৯ অক্টোবর)। সকাল থেকেই মহাগুরু ফকির লালনকে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা নিবেদন, গুরুকার্য শেষে গুরু শিষ্যের কাছ থেকে বিদায় নিয়ে আখড়াবাড়ি ছাড়ছেন সাধুরা। তারা বলছেন, হিংসা রাগ দূর করার অর্জিত লালন শিক্ষা অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় মানবতার মুক্তির দর্শন প্রচার চালাবেন।

আজ রাতে মূল মঞ্চের আলোচনা ও লালন সঙ্গীতের মধ্যদিয়ে লালন উৎসবের সমাপ্তি হবে। শেষসময়ে আখড়াবাড়ি মাঠে বাউল মেলায় মেতে উঠেছেন সবাই। আখড়াবাড়ির ভেতরে সাধু আস্তানায় এখনও গানে গানে লালন দর্শনের প্রচার চলছে।

একতারা, দোতারা আর ঢোল-বাঁশির সুরে প্রকম্পিত হয়ে ওঠা ভবের হাটের সাধুসঙ্গ শেষ হয়েছে। আখড়াবাড়ি ছাড়ছেন লালন অনুসারী ও সাধুরা। মহামানবের দর্শন, নিজেকে চেনা, অজানাকে জানার জন্য কয়েক দিন ধরে অবস্থান নেওয়া সাধু ভক্তরা বলছেন, অর্জিত লালন শিক্ষা নিজের ও পৃথিবীর শান্তির পথ হবে।

১৩৪ বছর আগে ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক লালন ফকির দেহত্যাগের পর থেকে এই সাধুসঙ্গ উৎসব চলে আসছে। প্রথমে লালন ফকিরের অনুসারীরা পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে এবারও পহেলা কার্তিক ১৭ অক্টোবর তিন দিনের লালন স্মরণোৎসব শুরু হয়।

মহামানবের দর্শন পেতে দিনক্ষণ ঠিক রেখে এবারও কয়েক দিন আগেই জাত পাত ভুলে দেশি-বিদেশি লালন ভক্তরা কুষ্টিয়ার অক্ষরবৃত্তে জড়ো হয়। লালন অনুসারীরা নিজেদেরকে খাটি করে গড়ে তুলতে সহজ মানুষের সন্ধান করেছেন। লালনের রীতি অনুযায়ী অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ শেষ করে আখড়াবাড়ি ছাড়ছেন সাধু-ভক্তরা।

গত ৩০ বছরে এবার সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আখড়াবাড়িতে। উৎসব নির্বিঘ্ন করতে লালন একাডেমি ও জেলা প্রশাসন পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। চিরদিনের অবাধ্য মনকে শুদ্ধ করতে ভক্তরা আবারও ফিরে আসবেন এই ভবের হাটে।

চুয়াডাঙ্গা থেকে আসা বাউল ফকির শান্ত আলী শাহ বলেন, ২৫ বছর ধরে এ ধামে আসা-যাওয়া। আমরা অপেক্ষায় থাকি দোল উৎসব আর তিরোধান দিবসের। তিনি বলেন, সহজ মানুষ খোঁজা আর ভজার কাজে দীক্ষা নিয়েছি। এ পথেই সারাজীবন কাটাতে চাই।

আত্মিক প্রশান্তি পেতে লালন আখড়াতে তাই এসেছেন অগণিত ভক্ত ও অনুসারী। এ ছাড়াও অনেক শিক্ষার্থী ও শিক্ষকরা এসেছেন বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে, এসেছেন গবেষক এবং বিদেশি লালনপ্রেমীরাও।

আখড়াবাড়িতে কথা হয় ফকির হৃদয় শাহয়ের সঙ্গে। তিনি বলেন, এখানে এলে মনে প্রশান্তি আসে। তাই তো এখানেই ছুটে আসি। এখানে এলে মানুষের আলাদা একটা রূপ চোখে পড়ে। মানুষকে ভালোবাসার মন্ত্র শেখা যায়।

লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেন, সাধু সঙ্গ শেষে বাউলরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্যও আশপাশের সড়কগুলোতে নজরদারি রাখা হয়েছে। তারা মানবকল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন আয়োজকরা।