পায়রা বন্দর থেকে ৫৯৫ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘দানা’

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান ঘূর্ণিঝড়ের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং একই এলাকায় ঘনীভূত হচ্ছে। আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।




ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯টি আশ্রয়কেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘ডানা’ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পটুয়াখালী জেলা প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সায়েদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. কবির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, জেলার জন্য ৮২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যা ৪ লাখ ১৪ হাজার ৫০০ জন মানুষের এবং ১ লাখ ১ হাজার ৮৭৫টি গবাদি পশুর ধারণক্ষমতা সম্পন্ন। আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) অধীনে ৮ হাজার ৭৬০ জন স্বেচ্ছাসেবকও প্রস্তুত রাখা হয়েছে।

ত্রাণ ও খাদ্য সহায়তার জন্য ৮০০ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা এবং গবাদি পশুর খাদ্যের জন্য আরও ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া, জরুরি ব্যবহারের জন্য নগদ মজুদ রাখা হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

পায়রা বন্দর থেকে ঘূর্ণিঝড় ‘ডানা’ বর্তমানে ৬৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের একটানা গতিবেগ ৬০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।




লেবাননে সরকারের পরিবর্তন চান নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে লেবাননের সরকার ও নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের সময় এই দাবি জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি ইস্যুটি ফের আলোচনায় আসে। গাজায় শিগগির যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েলকে রাজি করানোর জন্য মঙ্গলবার জেরুজালেমে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ওই দিনই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর হামলার কারণে গত কয়েক দশকে উত্তর ইসরায়েলের অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা নিজ দেশ ইসরায়েলে ফিরতে চান; কিন্তু ইসরায়েলে ফেরার পর যেন ফের তাদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেজন্যই লেবাননের সরকার ও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ব্লিনকেনকে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সেনাবাহিনী হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হামাস নেতা সিনওয়ারের নিহত হওয়ার ঘটনা সেই প্রচেষ্টার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। তাই এখন যদি গাজায় যুদ্ধবিরতি ঘোষনা করা হয়, সেটি জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে।

নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপ্তিকাল ছিল প্রায় দুই ঘণ্টা। বন্ধুত্ব ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি হয়েছে বলেও দাবি করেছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ইসরায়েল এবং লেবানন প্রতিবেশী দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অবস্থানও ইসরায়েলের সীমান্তঘেঁষা দক্ষিন লেবাননের গ্রামগুলোতে।

উল্লেখ্য, ইরানের প্রত্যক্ষ মদত ও সমর্থনপুষ্ট হিজবুল্লাহ সামরিক স্থাপনা, যোদ্ধার সংখ্যা এবং মজুতকৃত অস্ত্রের পরিমাণের হিসেবে বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

লেবাননের সরকার কিংবা সশস্ত্র বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই, তবে আড়ালে থেকে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করে গোষ্ঠীটি।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে সেই হামলার মাত্রা ব্যাপকভাবে গোষ্ঠীটি বাড়িয়েছে ২০২৩ সালে গাজায় হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে।

হামাসের প্রতি সংহতি জানিয়ে ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলে রকেট-ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ, পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। উভয়পক্ষের সংঘর্ষে গত এক বছরে নিহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে সামরিক, বেসামরিক উভয়ই আছেন। সংঘাতের ভয়াবহতা থেকে বাঁচতে সে সময় উত্তর ইসরায়েলের অনেক বাসিন্দা নিজেদের বাসভবন ও পরিচিত এলাকা ছাড়তে বাধ্য হন।

গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর কার্যত ভেঙে পড়ে।

বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে আইডিএফের স্থল বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। তবে কতদিন এ অভিযান চলবে, সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত এখনও দেয়নি আইডিএফ।

ইসরায়েলি বাহিনীর অভিযানে ইতোমধ্যে লেবাননে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : রয়টার্স




শঙ্কা উড়িয়ে লিড নিলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: শঙ্কা ছিল ইনিংস ব্যবধানে পরাজয়ের। তবে শেষ পর্যন্ত লিড নিতে পারল বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২১২ রান।

লিড বেড়ে দাঁড়িয়েছে ১০ রানে। এখন দেখার অপেক্ষা সফরকারী দক্ষিণ আফ্রিকাকে কত রানের টার্গেট দিতে পারে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা।

আজ (বুধবার) ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটাও ছিল রীতিমত দুঃস্বপ্নের। ৭ ওভারেই টাইগারদের উইকেটের পতন হয় ৩টি। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ফিরে গেছেন আরেক দিনের অপরাজিত জয় ও মুশফিক। আবারও ব্যর্থ হন লিটন দাস। আবারও ইনিংস হারের শঙ্কা মাথাচাড়া দেয়। অবশ্য এবার দেয়াল হয়ে দাঁড়ালেন মেহেদি হাসান মিরাজ আর জাকের আলী অনিক।




সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৪২ হাজার!

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ভরিতে বাড়ছে ১ হাজার ৮৯০ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। নতুন এই দর বুধবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। সে সময় ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৪০ হাজার ৪১ টাকা। দেশের বাজারে এটিই এতদিন সোনার সর্বোচ্চ দাম ছিল।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৯৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৫০১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৩৯ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৩০৬ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪০ হাজার ৬১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৪ হাজার ১১৭ টাকা। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।




পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। আবহাওয়া অফিস আশঙ্কা করছে যে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সোমবারের তুলনায় আজ পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মাছধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, নদ-নদী ও সাগরে ১১ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা এখনও চলমান। তাই সব ট্রলার মহিপুর শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ জানান, আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে ভারি বর্ষণ, বাতাস এবং সাগর নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে।




ড. ইউনূসের মেডিকেল টিম: গুজব না ছড়ানোর অনুরোধ বিএসএমএমইউ ভিসির

চন্দ্রদ্বীপ ডেস্ক ::অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তিনি এক বার্তায় জানান, এটি একটি সাধারণ বিষয় এবং রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল টিম গঠন করা হয়। তিনি সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, এ নিয়ে কোন ধরনের গুজব না ছড়ানো যেন হয়।

বার্তা অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনশিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে যে, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইসিইউ-২ এবং দ্বিতীয় বেড প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাতজন চিকিৎসকের একটি টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে, যার মধ্যে তিনজন কার্ডিয়াক, অ্যানাস্থেসিয়া ও সিনিয়র চিকিৎসক রয়েছেন। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকও টিমের অংশ।

এ বিষয়ে উপাচার্য জানান, এটি একটি রুটিন বিষয় এবং বঙ্গবন্ধু মেডিকেলে রাষ্ট্র প্রধানদের জন্য প্রতিটি বিভাগের জন্য এমন টিম আগে থেকেই প্রস্তুত থাকে। এটি প্রধান উপদেষ্টার অসুস্থতা নয় বরং একটি নিয়মিত প্রক্রিয়া।




দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের বাজারে সোনার দাম এক দফায় আবারও বেড়ে গেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে এবং হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকা থাকছে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায়। দাম বৃদ্ধির পর, হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৯৫ হাজার ৪২৩ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩০৬ টাকা বেড়েছে।

 




বাংলাদেশ আমাদের বন্ধু: মমতা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে তিন দফায় পশ্চিমবঙ্গের ৮৪ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের নৌ বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “শেখ হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থায় জেলের পরিবারগুলো উদ্বেগের মধ্যে রয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে আসা মৎস্যজীবীদের সঙ্গে পরিচয়পত্র রয়েছে। আশা করি, বাংলাদেশ সরকার তাদের সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, “কয়েক দিন আগে বাংলাদেশের একটি ট্রলার আমাদের উপকূলে ঢুকে পড়েছিল, তাদের আমরা ছেড়ে দিয়েছি কারণ তাদের কাছে যথাযথ নথিপত্র ছিল। আমাদের যাঁরা গিয়েছেন, তাঁদেরও আধার কার্ড রয়েছে।”

মমতা বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। আমাদের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে এবং আমরা এক ভাষায় কথা বলি। আশা করি, দু’দেশের সম্পর্ক আবার উন্নতি করবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে, তাহলে সকলেরই উপকার হবে।”




নাটকীয় ম্যাচ হেরে এশিয়া কাপে বাংলাদেশের বিদায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যাটিংয়ে বিপর্যয় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। যে দুর্দশা নিয়ে ভারতের মাটিতে তারা দুই ফরম্যাটের সিরিজ খুইয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও একই দশা। এবার ব্যাটিংয়ের করুণ চিত্র দেখা গেল ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটি ছিল বেশ নাটকীয়। যেখানে ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ১৯ রানে হেরে টাইগাররা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

অথচ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলি ফাইনাল খেলার লক্ষ্য জানিয়েছিলেন। কিন্তু তার দল সেমিফাইনালেরই টিকিট কাটতে ব্যর্থ হয়েছে। ম্যাচটিতে নাটকীয়তা হয়েছে ১৮তম ওভারে। লঙ্কান পেসার এহসান মালিঙ্গার প্রথম বলে স্ট্রাইকে থাকা আবু হায়দার রনি ছয় হাঁকালেও, সেটিকে ডেড বল ঘোষণা করেন আম্পায়ার। যা নিয়ে বেশ কিছুক্ষণ আপত্তি জানায় বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত তাদের সেই দাবি মানা হয়নি।

ফলে শেষ দুই ওভারে বাংলাদেশের জয় পেতে দরকার ছিল ৩১ রান। এর মধ্যে প্রথম ওভারে ৮ রান এলেও, ২০তম ওভারে রনিরা সর্বসাকুল্যে ৩ রান তুলতে পারে। ফলে তাদের হারতে হয় ১৪ রানে। তবে এর আগে রনির ব্যাটিংয়েই ব্যবধান কমায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই টেল-এন্ডার ব্যাটার ২৫ বলে ৩৮ রান করেন।
এর আগে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতেই তারা ১ উইকেটে ৫৯ রান তোলে। তবে দুর্ভাগ্যজনকভাবে পায়ের পেশিতে টান পড়ায় উঠে যেতে হয় সাইফ হাসানকে। রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়ার আগে ২০ বলে ২৯ রান করেন তিনি। এর আগে ঝোড়ো শুরুর পর ১০ বলে ২৪ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। তবে মিডল অর্ডার ব্যাটাররা ছিলেন চূড়ান্ত পর্যায়ের ব্যথ।

তিন ম্যাচের মধ্যে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে নাঈম শেখ ১৫ বলে করেন মাত্র ৮ রান। এ ছাড়া তাওহীদ ‍হৃদয় ১২, আকবর আলি ৯, শামিম পাটোয়ারী ৪ ও মাহফুজুর রহমান রাব্বি ৭ রানে আউট হলে বাংলাদেশ ‘এ’ দলের হার একপ্রকার নিশ্চিত হয়ে যায়। শেষকে রনির লড়াইটি ছিল কেবলই ব্যবধান কমানোর। নির্ধারিত ওভারে ৭ ‍উইকেটে ১৪২ রান করে বাংলাদেশ। লঙ্কানদের হয়ে সর্বেোচ্চ ৩ উইকেট নিয়েছেন দুশান হেমন্ত।

এই জয়ে আফগানিস্তান ‘এ’ দলের পর এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম ইনিংসে লঙ্কান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন পবন রত্ননায়েকে। এ ছাড়া লাহিরু উদারা ৩৫ এবং সাহান আরাচিগে ৩০ রান করলে তারা লড়াকু পুঁজি পেয়ে যায়। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজা।