বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন
মিরপুর টেস্টের চতুর্থ দিন আজ। উয়েফা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে আছে কয়েকটি ম্যাচ।

মিরপুর টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯–৪৫ মিনিট , গাজী টিভি ও টি স্পোর্টস

পুনে টেস্ট–১ম দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা , স্পোর্টস ১৮-১

রাওয়ালপিন্ডি টেস্ট–১ম দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা , পিটিভি স্পোর্টস ও এ স্পোর্টস

উয়েফা কনফারেন্স লিগ
পানাথিনাইকোস–চেলসি
রাত ১০–৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৫

উয়েফা ইউরোপা লিগ
এএস রোমা–দিনামো কিয়েভ
রাত ১০-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ২

কারাবাখ–আয়াক্স
রাত ১০-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ১

ফেনেরবাচে-ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা , সনি স্পোর্টস টেন ২

এফসি পোর্তো–হফেনহাইম
রাত ১টা , সনি স্পোর্টস টেন ৫

টটেনহাম–আল্কমার
রাত ১টা , সনি স্পোর্টস টেন ১

আন্ডারলেখট–লুদোগোরেটস
রাত ১টা , সনি স্পোর্টস টেন ৩




সংকটে পেশা, টিকে থাকার লড়াইয়ে কামার সৌরভ

বরিশাল অফিস : বরিশাল নগরের উপকণ্ঠে ছাপরার একটি ছোট্ট দোকানে কাজ করেন সৌরভ দাস (৩৫)। পেশায় তিনি একজন কামার। কাছে গেলে সৌরভ আন্তরিকভাবে হাসিমুখে অভ্যর্থনা জানালেন। তবে না সূচক জবাব শোনার পর সেই হাসি মিলিয়ে গেল।

সৌরভ জানালেন, কামার পেশায় এখন আর টিকে থাকা সম্ভব হচ্ছে না। কয়লা, লোহা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। পরিশ্রম অনুযায়ী উপার্জন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার ওপর বর্তমান বাজার পরিস্থিতিতে সামান্য আয় দিয়ে চারজনের পরিবার চালানো প্রায় অসম্ভব। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,জীবন এভাবে আর চলে না। এই পেশায় আর কেউ আসতে চাইবে না। আমার ছেলেমেয়েদের এই পেশায় আনবো না, আর আমি কেন যে এই পেশায় এসেছিলাম!।

কামার পেশার প্রসঙ্গ উঠতেই সৌরভের আক্ষেপ স্পষ্ট হয়ে উঠল। একসময় গ্রামের বাজার ও বিভিন্ন এলাকায় কামারদের নিয়ে বিশেষ জায়গাগুলোতে ‘কামারপাড়া’ গড়ে উঠত। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নে এবং বাজারের পরিবর্তনের ফলে এই পেশাটি ক্রমশ বিলুপ্তির পথে। বরিশাল নগর ও এর আশেপাশে একসময় অনেক কামারের বসতি ছিল। নগরের হাটখোলা, নতুন বাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ, পলাশপুরসহ বিভিন্ন বাজারে কামারদের দোকান থাকত। কিন্তু এখন তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন। যাঁরা এখনো টিকে আছেন, তাঁরাও আর্থিক সংকটে ভুগছেন।

সৌরভ দাস বলেন, বরিশালের হাটখোলা এলাকায় এখন মাত্র দু-চারটি কামারের ঘর রয়েছে। এই প্রজন্ম শেষ হলে এই পেশা বিলুপ্ত হয়ে যাবে বলে তার ধারণা। এছাড়া ক্ষুদ্রঋণ সহায়তাও তারা পান না, কারণ তাদের ঘরবাড়ি নেই। গরিব মানুষের জন্য ঋণ পাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ফেরার সময় সৌরভ হাপরের চেইন দিয়ে কয়লার আগুন চাঙা করতে করতে হতাশ কণ্ঠে বলেন,কামারদের কেউ মানুষ মনে করে না। আমরা অনেক পরিশ্রম করে লোহার হাতিয়ার বানাই, কিন্তু কিনতে আসলে দামাদামির শেষ থাকে না। এই দেশে গরিবদের সঙ্গে সব হিসাব। গরিবরা যেন না খেয়ে, না পরে দুবেলা খাওয়ার জন্য শুধু পরিশ্রম করবে, এটাই নিয়ম হয়ে গেছে। কেউ আমাদের কথা ভাবে না, অথচ আমরাও তো মানুষ, আমরাও তো একটা জীবন নিয়ে বাঁচি।




ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।

সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে।

এই অবস্থায় সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।




রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত, দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী দুই-এক দিনের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ অথবা পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কোন প্রক্রিয়ায় তাকে অপসারণ করা হবে, তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

সরকারের সূত্র জানায়, দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি নিজে পদত্যাগের সিদ্ধান্ত নিলেই ভালো হয়। আবার সরকারের পক্ষ থেকেও পদত্যাগের জন্য চাপ দেওয়া হতে পারে। অন্যদিকে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সম্ভাব্য পরবর্তী পরিস্থিতি নিয়েও ভাবছে সরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মতামতও নিচ্ছে সরকার। আগামী দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা পদত্যাগ করলেও তার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

আইন উপদেষ্টা আসিফ নজরুল গত সোমবার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রপতি যে বলেছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা মিথ্যাচার এবং ওনার শপথ লঙ্ঘনের শামিল।’

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে মত দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেকেই। তারাও রাষ্ট্রপতির পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত সোমবার রাষ্ট্রপতির সেই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক বিক্ষোভ হয়।




ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলে ৭ জন গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ। অভিযোগ রয়েছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলো। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, ইসরায়েলের মুখ্য গোয়েন্দা সংস্থা শিন বেট ও পুলিশ এই তথ্য জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মোট সাত ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে।

এই সাতজন উত্তর ইসরায়েলের বাসিন্দা। তাদের মধ্যে, কেউ কেউ থাকতেন হাইফা শহরে। তদন্তে জানা যায়, এ সাতজন ইসরায়েলি সামরিক ঘাঁটি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইরানের কাছে সরবরাহ করছিলেন।

ইসরায়েলি তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি দুই বছর ধরে ‘আলখান ও ওরখান’ নামে পরিচিত দুই ইরানি এজেন্টের নির্দেশে বিভিন্ন মিশন পরিচালনা করেছে।




ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে আনন্দ মিছিল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন। এ সময় তারা সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিও জানান।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে, বিকেলে বিক্ষোভ সমাবেশও করেন সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

চন্দ্রদ্বীপ নিউজ: আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে বিগত ১৫ বছর হত্যা, গণরুমকেন্দ্রীক নিপীড়ন,  ছাত্রাবাসে সিট বাণিজ্য,  টেন্ডারবাজি, ধর্ষণ, যৌননিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সাথে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ক্ষমতাবলে এই নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে ছাত্রলীগ জড়িত ছিল এবং এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরা আন্দোলনরত ছাত্র–ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছেন এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছেন। এ ছাড়া সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে।




বরিশালে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

বরিশাল অফিস :: বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বুধবার ( ২৩ অক্টোবর) বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে তিনি নগরীর সর্ববৃহৎ পাইকারি বাজার পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বাজারে পণ্যের দাম, মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করেন। এছাড়া ক্রেতাদেরও আইনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করেন।

পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো: রবিউল হাসান ভূঁইয়া ও মো: আবু জাফর মজুমদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধিসহ আরও অনেকে।

জেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের ইরাক শাখার প্রধান আবু আবদুল কাদেরসহ গোষ্ঠীটির ৮ জন জ্যেষ্ঠ কমান্ডার। মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল সুদানি এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসী গোষ্ঠী আইএসের ইরাক শাখার তথাকথিত প্রধান আবু আবদুল কাদের এবং গোষ্ঠীটির ৮ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহতের ঘটনাকে স্বাগত জানাই। যারা এই অভিযানে সংশ্লিষ্ট ছিলেন, তাদের সবাইকে অভিনন্দন।

প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরাক যৌথ বাহিনীর (জয়েন্ট অপারেশেন কমান্ড-জিওসি) নেতৃত্বে ইরাকের উত্তরপূর্বে হারমিন পার্বত্য অঞ্চল অভিযান শুরু করে ইরাক পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের এই অভিযানের জেরে রোববার নিহত হয়েছেন আবু আবদুল কাদের এবং আইএস ইরাক শাখার ৮ জ্যেষ্ঠ কমান্ডার।

মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, “ইরাকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যতদিন পর্যন্ত ইরাকের ভূমি এসব সন্ত্রাসী এবং তাদের ঘৃণ্য কাজকর্ম থেকে মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ২০০৩ সালে যে অভিযান পরিচালনা করেছিল মার্কিন বাহিনী, তার পর দেশটিতে সৃষ্ট ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ২০১৩ সালে গঠিত হয় ইসলামিক স্টেট। সৌদিভিত্তিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা থেকে সরে আসা একদল কমান্ডার ও যোদ্ধা গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। পরে ২০১৫ সালের মধ্যে ইরাক এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে পৃথক রাষ্ট্র ঘোষণা করে আইএস।




ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা হিজবুল্লাহর

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বাহিনীর গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগ বলে পরিচিত ৮২০০ ইউনিটের সদর দপ্তর অবস্থিত।

এক বিবৃতিতে হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কাছে অবস্থিত গ্লিলট ঘাঁটিটি লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটির যোদ্ধারা।

হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে দেশটির সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মাত্র ২টি দূরপাল্লার রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া রকেটের আঘাতে মধ্যাঞ্চলীয় শহর হারজলিয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইয়েনেত।

প্রসঙ্গত, ইসরায়েল এবং লেবানন প্রতিবেশী দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অবস্থানও ইসরায়েলের সীমান্তঘেঁষা দক্ষিন লেবাননের গ্রামগুলোতে।

ইরানের প্রত্যক্ষ মদত ও সমর্থনপুষ্ট হিজবুল্লাহ সামরিক স্থাপনা, যোদ্ধার সংখ্যা এবং মজুতকৃত অস্ত্রের পরিমাণের হিসেবে বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।