নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরান, হিজবুল্লাহ, হামাসসহ প্রতিরোধ বাহিনীর আক্রমণের আশঙ্কায় তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান, পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে অবস্থিত সামরিক কেন্দ্রগুলোর ওপর ইসরাইলি আক্রমণ চালায়। এর পরপরই মূলত ইসরাইলি কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নেয়।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বাহিনীর চালানো এসব হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ইরানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ইসরাইলকে তার ‘দুঃসাহসী কার্যকলাপ’ সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও এসব আক্রমণ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের জনগণকে শান্ত থাকার, ঐক্য বজায় রাখার এবং কেবল সরকারি সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করা ও বিশ্বস্ত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইরনা




আর্সেনাল-লিভারপুল ম্যাচসহ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (রোববার) মুখোমুখি হবে আর্সেনাল ও লিভারপুল। এ ছাড়া নিউক্যাসল-চেলসি লড়াই, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো দলগুলোর ম্যাচ রয়েছে।

ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ঢাকা মহানগর-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

খুলনা-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

মেয়েদের ওয়ানডে
ভারত-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-ম্যান ইউনাইটেড
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা
বোখুম-বায়ার্ন
রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস ২




বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশীয় নাটকের বড় নাম মেহজাবীন চৌধুরী। যদিও বর্তমানে আগের মতো আর নাটকে কাজ করেন না এই অভিনেত্রী। অনেকটাই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী ।

‘বড় ছেলে’খ্যাত অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’ আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে। মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটি দেশে কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় ভক্তরা।

এবার বিশ্বসেরা তারকাদের তালিকায় উঠে এসেছে মেহজাবীনের নাম। এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পুরো কৃতিত্ব দিয়েছেন নিজের ফ্যানদের।

এই সময়ে ফেসবুকে সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় সেরা ২৫-এর মাঝে ২৪তম স্থানে অবস্থান করছেন দেশীয় শোবিজের নামি তারকা মেহজাবীন। তার তালিকার আশপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা l

সুসংবাদটি ফেসবুক থেকেই পেয়েছেন মেহজাবীন। তিনি বলেন, ‘দেখুন এমন একটি খবর সত্যিই ভীষণ আনন্দের। এমন কিছু যে হতে পারে আমার জানাই ছিল না। যখন ফেসবুক থেকে নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুব খুব ভালো লেগেছে। এছাড়া তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে।’

মেহজাবীন আরও বলেন, ‘ভক্তদের ভালো লাগা, ভালোবাসা একেবারেই নিঃস্বার্থ। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার এই ক্যারিয়ারে যতটা এসেছি তাদের ভালোবাসা ছাড়া তা সম্ভব হতো না।’




প্রতিশোধ নিতে পারে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবাননে, আশঙ্কা ইসরাইলের

চন্দ্রদ্বীপ ডেস্ক: জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার দিকে নজর রাখছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এখন ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়াগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশের ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে, ইরানের প্রতিরোধের মুখে দ্রুতই হামলা শেষ করে ইসরাইল। এরপর ইরানে হামলা শেষ হয়েছে বলেও নিশ্চিত করে তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেয়া সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইরান জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের তেমন একটা ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে ইসরাইলি হামলার ব্যাপ্তি ছিল চার ঘণ্টার মতো। ইরানের এয়ার ডিফেন্স বেস বা আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।




মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম এই তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন সরাসরি ছিনতাইয়ের, দুইজন দোকানে ডাকাতির এবং ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আটক হয়েছেন। মেজর নাজিম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আগামীকাল মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি কমাতে সহায়ক হবে।”

এই অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ১৯৭ জনকে গ্রেফতার করেছে, এবং উদ্ধার করা হয়েছে ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদকদ্রব্য, একটি গ্রেনেড এবং ৭৫-৮০ রকমের দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলো মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর নাজিম জানান, সিসিটিভি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “কিশোর গ্যাঙের সদস্যদের হাতে আলাদা আলাদা ট্যাটু বা উল্কি আঁকা ছিল, যা তাদের আলাদা পরিচয় নির্দেশ করে। সাধারণত তারা সকালে রাস্তা ফাঁকা থাকলে বা বিকেলে মানুষ অফিস থেকে ফিরার সময় ছিনতাই কার্যক্রম চালাতো।”




তথ্যপ্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি টাকার ৫৫ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: তথ্যপ্রযুক্তি খাতে, ২০২১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পসহ, আওয়ামী লীগের অধীনে নেওয়া ২৮ হাজার কোটি টাকার ৫৫টি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তবর্তী সরকার গঠিত ১২ সদস্যের একটি কমিটি প্রকল্পগুলোর ওপর নিরীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় পরামর্শক নিয়োগে প্রতিষ্ঠান বাদ দিয়ে আলাদা আলাদা ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে, যা সরকারি অর্থের যথাযথ ব্যবহারের জন্য উদ্বেগজনক। সচিব শীষ হায়দার চৌধুরী জানিয়েছেন, চলমান ২২টি প্রকল্পের মূল্যায়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এবং এই প্রকল্পগুলোর কেনাকাটা এবং অর্থছাড় সাময়িক স্থগিত করা হয়েছে।

মুল্যায়ন কমিটি জানিয়েছে, কেনাকাটার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা করার প্রমাণ পাওয়া গেছে, যা সরকারি খাতের স্বচ্ছতার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে করে প্রকল্পগুলোর কার্যক্রমে সমস্যা সৃষ্টি হতে পারে।

সচিব আরও জানিয়েছেন, অপ্রয়োজনীয় পরামর্শক বাদ দেওয়ার পাশাপাশি অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দাতা সংস্থার অর্থায়ন বা ঋণে চলমান প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

 




পুলিশে ‘ছাত্রলীগ’ খুঁজতে ৬ বিসিএসে ফের ভেরিফিকেশন

চন্দ্রদ্বীপ ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশে নিয়োগ পাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ছয়টি বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক দর্শন খুঁজতে তাদের বিষয়ে ২য় বার পুলিশ ভেরিফিকেশন শুরু হচ্ছে। এজন্য সম্প্রতি নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা।
জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে পুনরায় পুলিশ ভেরিফিকেশন হতে যাওয়া ছয়টি বিসিএস হলো ২৮, ৩৫, ৩৬, ৩৭, ৪০ ও ৪১তম। এসব বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের আটটি তথ্য যাচাই করা হবে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও ক্যাম্পাস রাজনীতিতে ভূমিকা দেখা হবে।

গত ২০ অক্টোবর পুলিশের বিশেষ শাখা (এসসি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লিখিত ছয়টি বিসিএসে পুলিশ ক্যাডারে যারা চাকরি পেয়েছেন তাদের জীবন বৃত্তান্ত পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কম নয় এমন একজন কর্মকর্তাকে দিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।




১০০ যুদ্ধবিমানের গর্জন, তিন পর্যায়ে ইরানি সেনাছাউনিতে আছড়ে পড়ে ইজ়রায়েলি আক্রমণ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। অবশেষে শিয়া মুলুক ইরানের উপর প্রত্যাঘাত হানল ইহুদি রাষ্ট্র ইজ়রায়েল। পারস্য উপসাগরের তীরে কী ভাবে হয়েছে সেই হামলা? বিশ্ব জুড়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আমেরিকা। তবে ইজ়রায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে যে জটিল করল, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, শিয়া দেশে আঘাত হানতে অন্তত ১০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে ইহুদি সেনা। যার মধ্যে বড় সংখ্যায় ছিল আমেরিকার তৈরি মাটির লক্ষ্যবস্তুতে হামলার উপযোগী এফ-১৫আই র‌্যাম ‘গ্রাউন্ড অ্যাটাক জেট’। এ ছাড়া পঞ্চম প্রজন্মের ‘এফ-৩৫ লাইটনিং-২’ মাল্টিরোল যুদ্ধবিমান ব্যবহার করেছে ইজ়রায়েল। এক আসন ও এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানগুলির নির্মাণকারী সংস্থা হল ‘লকহিড মার্টিন’। শব্দের থেকে দ্রুত গতিতে ছোটার ক্ষমতা রয়েছে এফ ৩৫-এর। ‘স্টেলথ’ ক্যাটাগরির হওয়ায় এগুলি রাডারে প্রায় ধরা পড়ে না বললেই চলে।

ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলির দাবি, মোট তিনটি পর্যায়ে ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’-কে (আইআরজিসি) নিশানা করেছে ইহুদি বায়ুসেনা। প্রথমে শিয়া দেশটির ‘বায়ু সুরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম) গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের লক্ষ্য ছিল আইডিএফ-এর। এই অপারেশনের নাম দেওয়া হয়, ‘অনুতাপের অভিযানের দিন’ (অপারেশন ডেজ় অফ রিপেনট্যান্স)।

শনিবার, ২৬ অক্টোবর ভোর ৪টে নাগাদ পারস্য উপসাগরের তীরে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইহুদিদের যুদ্ধবিমান। আমেরিকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ইরানের রাজধানী তেহরান এবং তার অদূরের কারাজ় শহরকে নিশানা করে ইজ়রায়েলের বায়ুসেনা। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করায় রীতিমতো কেঁপে ওঠে ওই দুই এলাকা। হামলায় ‘এফ-১৬আই সুফা’ এয়ার ডিফেন্স জেট ও হানাদার ‘হেরন’ ড্রোনের নতুন সংস্করণও ব্যবহার করা হয়।




যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার, হুঁশিয়ারি হামাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন। যুক্তরাষ্ট্র বলেছে, আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় একই ধরনের মত তুলে ধরেছে যুক্তরাজ্য। তবে হামলার নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে সৌদি আরব। হামলার সমালোচনা করেছে ইরাক। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও হুমকির মুখে ফেলেছে।

ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আজ শনিবার ভোরে হামলা চালায় ইসরায়েল। কয়েক ঘণ্টা ধরে চালানো এ হামলায় রাজধানী তেহরানসহ প্রায় ২০টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্র

আত্মরক্ষার অধিকার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। অথচ ইরান ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

ইসরায়েলের হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট সাংবাদিকদের এ কথা বলেন।

ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাভেট বলেন, উত্তেজনা আর না বাড়লে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাভেট বলেন, উত্তেজনা আর না বাড়লে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।

সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলাকে ‘সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে দেখা গেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক হয়েছে। ২০২৩ সালে চীনে এক চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন করে দূতাবাস চালুর ব্যাপারে সম্মত হয়।

জার্মানি

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, হামলায় ইসরায়েল ‘বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে’ চেষ্টা করেছে। দেশটি ইরানের আগের হামলার জবাব দিয়েছে, তার মানে এই উত্তেজনা আর না বাড়ানোর সুযোগ আছে। একই সঙ্গে তিনি ইরানকে উত্তেজনা না বাড়াতে সতর্ক করে দেন।




গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ র‍্যালি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ (জিএপি) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা আজ শনিবার সকালে আনন্দ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন। বেলা ১০:৪৫ মিনিটে পটুয়াখালী লঞ্চঘাট থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ঝাউতলায় এসে সমাপ্ত হয়।

র‍্যালিটি ঝাউতলা ও সার্কিট হাউস চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দুপুর ১২:০০ টায় নেতাকর্মীরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন।

এ অনুষ্ঠানে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ মহসিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মনির মোল্লা এবং যুব অধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক মোঃ মহসিন মৃধা ও সদস্য সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়াও গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও আইনজীবী অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নুরুল হক নুর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। এই যাত্রায় ছাত্র-জনতা এক হয়ে ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। আমাদের মুলমন্ত্র গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আমাদের ট্রাক প্রতীক নিয়ে দেশবাসীর অধিকার আদায়ের লড়াই চলবে।”