মেগা প্রকল্পে দক্ষ-প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী সৌদি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরব সরকারের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন ২০২৩-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান সৌদি রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ ও সংস্কার এজেন্ডা ছাড়াও দেশে সাম্প্রতিক কিছু উন্নয়নের কথা শেয়ার করেন। রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, ইতোমধ্যে সৌদিতে নিয়োজিত ৩০ লাখ কর্মী যুক্ত হয়েছে।




ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

চন্দ্রদ্বীপ ডেস্ক: “বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন l

ইরানে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

“বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি।”




ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আলোচিত স্কোরলাইনটা বলা চলে ৭-১। ব্রাজিলের ঘরের মাঠ বেলো হরিজেন্তে স্টেডিয়ামে জার্মানি বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিকদের জালে পুরেছিল সাত গোল। আলোচিত সেই স্কোরলাইনকে আবার সামনে আনল বাংলাদেশের মেয়েরা। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের জালে ৭ গোল দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা আক্তাররা। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল।

৭-১ গোলের এই জয়ের পর আরও একবার নারী সাফের ফাইনালে পা রাখল বাংলাদেশ। পুরো ম্যাচে বলতে গেলে ভুটানের মেয়েদের ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তহুরা পেয়েছেন হ্যাটট্রিক। অধিনায়ক সাবিনার পা থেকে এসেছে দুই গোল। একটি করে গোল ঋতুপর্ণা এবং মাসুরা পারভিনের।

প্রথমার্ধেই অবশ্য ম্যাচের এপিটাফ লিখে ফেলেছিল বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল শুরুর ৪৫ মিনিটেই রীতিমতো গোল উৎসব করেছে। প্রথম লিড নিতে তাদের তেমন অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটে তহুরা খাতুনের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ঋতুপর্ণা চাকমা। সেখান থেকেই বাংলাদেশের গোল বন্যার শুরু।




পটুয়াখালীতে জেলা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ, ২৭ অক্টোবর রবিবার সকালে কলেজ রোডস্থ জেলা যুবদল কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাডভোকেট রুহুল আমীন রেজা, সহ-সভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সার্জারী বিশেষজ্ঞ ডাঃ একেএম ওমর ফারুক মসিহ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ তানজিলাতুজ্জাহান মালিহা, মেডিকেল অফিসার তানভীর আহমেদ তৌকির, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরাফাত হোসেন নিপু, ডাঃ তাসনীম আনসারী অর্ণব এবং ডাঃ ফয়সাল হোসাইন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ৪৬ বছর আগে জাতীয়তাবাদী যুবদল গঠন করেন। আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্ণধার তারেক রহমানের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী সারাদেশে যুবদলের উদ্যোগে পালিত হচ্ছে।




সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার গ্রেফতারের কারণ হিসেবে কোন মামলার উল্লেখ করা হয়নি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা দায়ের রয়েছে।




ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ নারী ফুটবল দল বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলার মেয়েরা ৭-১ গোলে জয় লাভ করেছে। এই ম্যাচে তহুরার হ্যাটট্রিক বাংলাদেশের জয়কে নিশ্চিত করেছে।

রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। মাত্র ৭ মিনিটের মধ্যে প্রথম গোল করেন ঋতুপর্ণা চাকমা, যিনি ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান।

বাংলাদেশ গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে। ম্যাচের ১৫ মিনিটে তহুরা চমৎকার ড্রিবলিংয়ের পর একটি অসাধারণ শটে বল জালে জড়ান। এরপর অধিনায়ক সাবিনা ম্যাচের ২৬ মিনিটে গোল করেন, ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে বল জালে প্রবেশ করান।

তহুরা ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এবং সাবিনা ৩৭ মিনিটে আরও একটি গোল করে বাংলাদেশকে ৫-১ এগিয়ে নিয়ে যায়। বিরতির পর ভুটান একটি গোল শোধ করে, কিন্তু বাংলাদেশ ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি নেয়।

বিরতি পর তহুরা ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে ৭২ মিনিটে সানজিদার কর্নার কিক থেকে মাসুরা পারভীন হেড করে গোল করেন। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছায়।




রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে হঠকারী সিদ্ধান্ত নয়: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর শেরে-বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তাড়াহুড়ো না করে সাংবিধানিক প্রক্রিয়ায় সবকিছু করা উচিত। আমরা মনে করি, জাতীয় ঐক্য গঠন করে গণঅভ্যুত্থানের ফসলকে সংরক্ষণ করতে হবে, এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন বিলম্বিত হলে কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছি, তাই দ্রুত একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আমাদের সংগ্রাম জনগণের স্বাধীনতার জন্য এবং তা যেকোনো মূল্যে রক্ষা করব।”

এ সময় যুবদলের ভূমিকাকে প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “যুবদল আমাদের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্বের রক্ষায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সঠিক পরিণতিতে তাদের অবদান থাকবে।”

তিনি জানান, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপি আলোচনায় বসবে এবং সর্বোচ্চ ফোরামে আলোচনা শেষে অবস্থান নির্ধারণ করবে।




বাজার নিয়ন্ত্রণে প্রস্তুত সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে সরকার। তিনি বলেন, সরকার কর্পোরেটদের হাতে বন্দি নয় এবং বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স সক্রিয় রয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে।

উপদেষ্টা আরও জানান, অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কর্মীদের চিন্তার কিছু নেই, কারণ প্রতিষ্ঠান সচল রাখতে সরকার সচেষ্ট।

তিনি জানান, টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার সুপারিশ করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইন আরও শক্তিশালী করতে সংশোধন করা হচ্ছে। বাজারে সিন্ডিকেট ভেঙে কৃষকদের থেকে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।




৭ ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ ৪১ হাজার ৭৬৯ কোটি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান সাতটি ব্যাংক থেকে প্রায় ৪১ হাজার ৭৬৯ কোটি টাকা ঋণ নিয়েছেন। সাবেক বিনিয়োগ উপদেষ্টা হওয়ার সুবাদে তিনি বিভিন্ন প্রভাবশালী মহলের সহযোগিতায় এ ঋণ নিলেও দীর্ঘমেয়াদে তা পরিশোধ করেননি, ফলে ঋণগুলো খেলাপি হয়ে গেছে।

অনানুষ্ঠানিক সূত্র মতে, সরকারি ব্যাংকগুলো থেকে মোট ঋণের অর্ধেকেরও বেশি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে জনতা ব্যাংক থেকে ২৩ হাজার কোটি, সোনালী ব্যাংকে ১ হাজার ৮৩০ কোটি, অগ্রণী ব্যাংকে ১ হাজার ৪০৯ কোটি এবং রূপালী ব্যাংক থেকে ৯৬৫ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক থেকে যথাক্রমে ২ হাজার ৯৫২ কোটি, ১১ হাজার কোটি এবং ৬০৫ কোটি টাকা ঋণ নেন তিনি।

এই ঋণ খেলাপির কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, জনতা ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেয়ার পর থেকে ব্যাংকটি সেবা দিতে হিমশিম খাচ্ছে। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ১৭টি কোম্পানির নাম ব্যবহার করে নানা নামে ঋণ নিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেফতার হন এবং বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।




নতুন পেশায় প্রভা

চন্দ্রদ্বীপ ডেস্ক: অভিনয়কে অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নতুন কোনো কাজই আর করছেন না তিনি। নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। শোবিজের কোনো কিছুর সঙ্গেই তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা কিছু ছবি ও ভিডিও দেখে প্রশ্ন উঠেছে, প্রভা কী তাহলে পেশা পরিবর্তন করেছেন? অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলজুড়ে দেখা যাচ্ছে শুধুই মেকআপের ভিডিও।

গত কয়েক মাসে তিনি এমন অনেক ভিডিও পোস্ট করেছেন, যেখানে অন্যদের মেকআপ দিতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে। আর এ বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এমনটাই জানালেন ভিডিওতে। অবশ্য প্রভার বেশির ভাগ মডেল এ দেশীয় নয়, আমেরিকান।

ভিডিওতে দেখা গেছে, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এটি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা। তবে এ প্রসঙ্গে জানতে প্রভার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। এদিকে ‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল এ অভিনেত্রীর, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এ অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসাবে। সে অ্যাকাউন্টে যাদের ভিডিও প্রভা আপলোড করেছেন, তাদের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম। সেখান থেকে স্পষ্ট যে, অভিনয় পেশার ইতি টানলেন প্রভা। এখন মেকআপ আর্টিস্ট পেশায় নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত এ অভিনেত্রী।