এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৪ নভেম্বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

চেয়ারম্যান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের সাধারণত এক মাসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলে আগামী ১৪ নভেম্বর সব শিক্ষা বোর্ড থেকে এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

তিনি জানান, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা দেখা হয়।

মাধ্যমিকে ২০১২ সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা
২০২৫ সালের এইচএসসি হতে পারে জুনে, এসএসসি এপ্রিলে
প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। সবগুলো বোর্ড মিলিয়ে কতজন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, তার তথ্য এখনও পায়নি আন্তঃশিক্ষা বোর্ড।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলে কারো প্রত্যাশিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে ২২ অক্টোবর পর্যন্ত।




মেসি-রোনালদো যুগের পর আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একসময় ব্যালন ডি’অর মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে এবার সেই গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটছে। এবারের বর্ষসেরা পদকের সংক্ষিপ্ত তালিকায় নেই এই দুই তারকা। ব্যালন ডি’অরের আলো এবার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহালের দিকে। তবে এই দৌড়ে এগিয়ে রয়েছেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

আজ প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে সেই একজনের দিকে, যার হাতে উঠবে ফুটবল সেরার সম্মান। ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলারদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার, যার মধ্যে রয়েছে: সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড, এবং পুরুষ ও নারী বিভাগে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে রদ্রিকে। পেপ গার্দিওয়ালা তাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন। ম্যানসিটির হয়ে গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরো কাপেও অসাধারণ পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি।

এছাড়া, জুড বেলিংহ্যামও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। রিয়ালের হয়ে লা লিগায় ১৯ গোল করার পাশাপাশি তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন। ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছাতে তার ভূমিকা ছিল অপরিসীম।

আজ রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেতে এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ী। দেখা যাক, শেষ পর্যন্ত কার হাতে উঠে সেরার পুরস্কার।




উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্যের কারিগর ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সড়ক ও সেতু নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণসহ সব ধরনের কাজে কমিশন বাণিজ্যের বিশাল সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, স্ত্রী ইশরাতুন্নেছা কাদের, ভাই আবদুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রীত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে ২০১১ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা।

এদিকে, ১৬ বছরে ওবায়দুল কাদেরের নিজের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে সম্পদ বৃদ্ধির পরিমাণ পাওয়া গেছে ছয়গুণের বেশি। যদিও হলফামায় দেওয়া টাকার অঙ্কের সঙ্গে বাস্তবের অনেক ফারাক থাকার ইঙ্গিত মিলেছে।




প্রথমবারের মতো ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এবার ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতোদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরাইলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরাইলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ।




বিএনপির সিদ্ধান্তের পক্ষে ১২ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত অনুসরণ করবে ১২ দলীয় জোট। একই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টিতে প্রধান উপদেষ্টার সংলাপ চায় গণ-অধিকার পরিষদ। গতকাল রবিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর এ অবস্থানের কথা জানিয়েছে জোট ও পরিষদ। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা ও আবদুল হান্নান মাসউদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষে ছিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।

ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, সহ আইন সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

এর আগে গত শনিবার বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন গত শুক্রবার। এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে নৈতিকভাবে একমত হওয়া। এ ছাড়া সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়েও আলোচনা হয়েছে।

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এমন বক্তব্যের পর তাকে অপসারণে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। সরকারও নানা তৎপরতা চালায়। কিন্তু এতে সাংবিধানিক সংকট হতে পারে- এমন আশঙ্কা করা হয়। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান ব্যক্ত করে বিএনপি। এরপরই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে ধারাবাহিক বৈঠক শুরু করেন।




পবিপ্রবিতে ওরিয়েন্টেশন ৩১ অক্টোবর, ক্লাস শুরু ৩ নভেম্বর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের অধীনে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে ৩ নভেম্বর।

রোববার (২৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় টিএসসি কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হবেন। এরপর ৩ নভেম্বর স্ব-স্ব অনুষদে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরুর ১৪ দিনের মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে; অন্যথায় তাদের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট প্রভোস্ট অফিসে যোগাযোগ করে হলরুম নির্ধারণের কাজ সম্পন্ন করবেন। এ সময় চূড়ান্ত ভর্তি সম্পন্নের সময় প্রদত্ত Acknowledgement Slip এবং হল ভর্তি ফি জমার রশিদ সঙ্গে আনতে হবে।

যেসব শিক্ষার্থী পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বা চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছিলেন, তারা GST গুচ্ছ নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে পবিপ্রবিতে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের ভর্তি বাতিল হবে। শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক এবং আবাসন প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী শিক্ষাজীবন শুরুর জন্য প্রস্তুত হতে পারবেন।




ছাত্র আন্দোলনে রিকশাচালক হত্যায় দুই আ.লীগ নেতার গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাঈম মো. বশির উদ্দিন এবং গলাচিপা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলম সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার সদরঘাট এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার ঢাকার সিএমএম আদালত এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে।

অ্যাডভোকেট নাঈম মো. বশির দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামের ইউনুস মৃধার ছেলে এবং অ্যাডভোকেট কাওসার আলম সোহেল গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন মিয়া গলায় গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত রিপন মিয়ার স্ত্রী ঢাকার কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।




দেশে দিনে আসছে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৪ লাখ (১ দশমিক ৯৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশের মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৩৯২ কোটি টাকা, যা প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব করা হয়েছে। এর মানে হলো, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৯০০ কোটি টাকা।

এই তথ্য জানা গেছে রোববার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

আলোচিত সময়ে ৯টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স পাঠানো হয়নি। এসব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক), কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হিসেবে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বর্তমান (২০২৪-২৫) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরে (২০২৩-২৪) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকার সমান। এই রেমিট্যান্সের পরিমাণ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বাধিক রেকর্ড রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে, যেখানে ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল।




এফবিসিসিআই ও রিহ্যাবের মধ্যে বৈঠক, বৈষম্য দূর করার আহ্বান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে রিহ্যাবের পরিচালক মো. কামরুল ইসলাম, মিরাজ মোক্তাদির, ড. মো. হারুন অর রশিদ, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ এবং মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে রিহ্যাব নেতৃবৃন্দ বলেন, বৈষম্যমূলক ড্যাপের কারণে জনমানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, বৈষম্যমূলক ড্যাপ বাতিল না করলে জনগণের ক্ষোভ বেড়ে যাবে। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপে ফার-এর বৈষম্য দূরীকরণ এবং নির্মাণ বিধিমালা সংস্কারে এফবিসিসিআই-এর সহযোগিতা চান।

এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, রিহ্যাবের যৌক্তিক দাবির সঙ্গে তারা সবসময় রয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে এফবিসিসিআই, রাজউক, রিহ্যাব এবং গৃহায়ন কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ সভা করার প্রয়োজন হতে পারে।




২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি হতে পারে জুনে

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, “আগামী মার্চে এবার রমজান মাস পড়বে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। সেভাবে প্রস্তুতি চলছে।”

তিনি বলেন, “এইচএসসি ও সমমান পরীক্ষা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী জুন মাসের শেষদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।”