ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইতোমধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।




৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে ৩৮তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার চূড়ান্ত ফল কেন কোটামুক্তভাবে/মেধার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন।

এর আগে ৩৮তম বিসিএসে কোটা পদ্ধতি অনুসরণ করায় বৈষম্যের শিকার পরীক্ষার্থীদের মধ্যে ১২০ জন বাদী হয়ে হাইকোর্ট বিভাগে ক্যাডার ও নন-ক্যাডার চূড়ান্ত ফল কোটামুক্তভাবে/মেধার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে প্রকাশের দাবিতে রিট দায়ের করেন।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন বলেন, ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএস এবং ২০১৮ সালের ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে ২০১৮ সালের ৪ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের কারণে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করে। কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পরে ৩৮তম বিসিএস ও ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ৩৮তম বিসিএস ও ৪০তম বিসিএসের সার্কুলার কোটা বাতিলের আগে জারি করা হলেও ৪০তম বিসিএসে কোটা প্রয়োগ না করে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। কিন্তু ৩৮তম বিসিএসে কোটা প্রথা প্রয়োগ করা হয়, যার কারণে রিটকারীরা সংক্ষুব্ধ হয়ে রিটটি দায়ের করেন।

পিএসসি সবসময় চূড়ান্ত ফলের সময় বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে আসছে। যেমন ৩১তম বিসিএসে প্রতিবন্ধী কোটা চূড়ান্ত ফলের সময় কার্যকর করা হয়। একইভাবে ২০২৪ সালের ২৩ জুলাই সব চাকরির ক্ষেত্রে ৭ শতাংশ কোটা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করা হয়। পিএসসি চলমান নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসরণ করছে। যেমন– জুনিয়র ইন্সট্রাক্টর (টেক), উপ-সহকারী প্রকৌশলী, ড্রাফটসম্যান প্রভৃতি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রজ্ঞাপনের আগে হলেও পিএসসি বর্তমান প্রজ্ঞাপন অনুসরণ করছে।




গলাচিপায় ছাত্রদলের উদ্যােগে ন্যায্য মূল্যের দোকান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান বসেছে। এসময় দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যের এই দোকান থেকে পণ্য কিনে খুশি ক্রেতারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের পৌর মঞ্চ চত্বরে এমন দৃশ্য দেখা গেছে। দোকানটি সকাল ১০টায় শুরু হয়। গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই দোকান পরিচালনা করেন।

জানা গেছে, ন্যায্য মূলের এ দোকানে ডিম প্রতি পিস ১১ টাকা, গাডা ৪০ টাকা কেজি, পটল ৪৫ টাকা কেজি, প্রতিপিস লাউ ৫০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, ভেন্ডি (ঢেড়স) ৪০ টাকা, ধনিয়া প্রতি আঁটি ২৫ টাকা, করলা ৫৫ টাকা, কুমার ৫৫ টাকা, মুলা ৫০ টাকা, পাতাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ও প্রতি কেজি সিম ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। যা খুচরা বাজারের মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারের থেকে এখানে দাম কম শুনে তারা এসেছেন। যে বাজার ৪০০ টাকায় কিনতে হতো এখানে ২০০ টাকায় পাওয়া গেছে। এই দোকান চলমান রাখতে পারলে জনসাধারণ উপকৃত হবেন। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতেও অনুরোধ করেন তারা।

গলাচিপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম বলেন, দ্রব্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের ন্যায্য মূল্যের দোকান। প্রতি সপ্তাহে একদিন এই দোকান পরিচালনা করা হবে। মানুষজন দোকান শুরুর সাথেই পণ্য ক্রয় করতে ভিড় করছে। অল্প সময়ের মধ্যে সব বিক্রি হয়ে যাবে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে আমরা পাইকারি মূল্যে পণ্য কিনে ওই দরেই বিক্রি করছি। সাধারণ মানুষের দৈনন্দিন কাঁচামাল ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই উদ্যােগ। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং করতে।




বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে।

পরে লন্ডন থেকে অন্য একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা যাতে অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে পারি সেই প্রক্রিয়া শুরু করেছি।

“তার অংশ হিসেবে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া করার কাজ শুরু করেছি, যোগাযোগ চলছে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভারের পরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টার যে দেশে আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজ সম্পন্ন করে অতিদ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারবেন।”

তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে তার কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।




দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনার মোছা. আছিয়া খাতুন ও কমিশনার মো. জহুরুল হক।

মঙ্গলবার দুদকের একটি সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি জানায়, দুপুর সোয়া দুইটার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।

দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।




ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতে ইরানকে কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানকে সতর্ক করেছে যে তারা যদি এই অঞ্চলে ইসরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে করুণ পরিণতি হবে।

তিনি আরও বলেন, আমরা আত্মরক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করব না, এতে কোনো বিভ্রান্তি না থাকুক। যুক্তরাষ্ট্র আর উত্তেজনা দেখতে চায় না। আমরা বিশ্বাস করি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গুলি বিনিময়ের সমাপ্তি হওয়া উচিত।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানে গত শুক্রবার রাতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের চারজন সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।

এই হামলার পর ইরান যেন আর কোনো হামলা না চালায় তারই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।




গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।




গুগল মেসেজেসে যুক্ত হচ্ছে নতুন ৫টি নিরাপত্তা সুবিধা

পটুয়াখালী প্রতিনিধি :: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল তার মেসেজেস অ্যাপে যুক্ত করতে যাচ্ছে নতুন পাঁচটি নিরাপত্তা সুবিধা, যা ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম বার্তা থেকে রক্ষা করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই এসব সুবিধা সকলের জন্য উন্মুক্ত করা হতে পারে। আসুন, জেনে নিই নতুন এই পাঁচ নিরাপত্তা সুবিধা সম্পর্কে।

১. অজানা লিংকে সতর্কবার্তা: অপরিচিত ব্যক্তির বার্তায় কোনো লিংক থাকলে গুগল মেসেজেস ব্যবহারকারীকে সতর্ক করবে এবং সন্দেহজনক হলে বার্তাটি ব্লকও করে দেবে। এই সুবিধাটি বর্তমানে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ও সিঙ্গাপুরে পরীক্ষামূলকভাবে চলছে।

২. সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে প্রদর্শন: মেসেজেস অ্যাপ এখন থেকে সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে দেখাবে এবং এসব মিডিয়া পাঠানোর আগে ব্যবহারকারীকে সতর্ক করবে।

৩. স্ক্যাম শনাক্তকরণ: স্ক্যাম বার্তা শনাক্ত করার জন্য গুগল মেসেজেসে রয়েছে অন-ডিভাইস স্ক্যাম শনাক্তকরণ প্রযুক্তি। নতুন আপডেটে, ব্যবহারকারীরা স্ক্যাম বার্তার বিষয়ে আলাদা করে সতর্কবার্তা পাবেন।

৪. পরিচয় যাচাই: অপরিচিত বা ভুয়া প্রেরকের বার্তায় প্রতারণার ঝুঁকি কমাতে মেসেজেস অ্যাপে পরিচয় যাচাইয়ের সুবিধা যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীকে প্রেরকের পরিচয় নিশ্চিত করতে সহায়তা করবে।

৫. আন্তর্জাতিক স্ক্যাম মেসেজ ব্লক: ব্যবহারকারীরা তাদের পরিচিত নয় এমন আন্তর্জাতিক নম্বর থেকে আসা বার্তাগুলো ব্লক করতে পারবেন, যা ‘স্প্যাম অ্যান্ড ব্লক’ ফোল্ডারে জমা থাকবে।




টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, বাদ লিটন

চন্দ্রদ্বীপ ডেস্ক: চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক এইডেন মার্করাম। মিরপুর টেস্ট হারের পর সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।

সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন




আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।

দলগুলো হলো—আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।