হিজবুল্লাহর নতুন প্রধান বেশি দিন টিকবেন না: ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে, নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন।

ইয়োভ গ্যালান্ট লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’

মূলত এ কথা বলে ‘হুমকি’ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।




সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে পুলিশ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, রাত একটার দিকে আব্দুস শহীদের বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে এখনও অভিযান চলছে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর, তার মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। আব্দুস শহীদও সেই তালিকার অন্তর্ভুক্ত, যিনি বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এর আগে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।




চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে চালের আমদানিতে প্রযোজ্য সকল শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করার সুপারিশ করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি খাতে চাল আমদানির প্রতি ব্যবসায়ীদের তেমন আগ্রহ না থাকায় এই সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বন্যার কারণে চাল উৎপাদনে সমস্যা সৃষ্টি হয়েছে, ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল করতে শুল্ক প্রত্যাহারের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত আগস্ট ও অক্টোবরের মধ্যে দুই দফা বন্যায় ৮ লাখ ৩৯ হাজার টন চালের উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে, দেশের বাজারে চালের দাম বেড়ে গেছে; সরু চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৯.৯ শতাংশ, মাঝারি সরু চাল ৯.৩৫ শতাংশ এবং মোটা চাল ৭ শতাংশ বেশি বিক্রি হচ্ছে।

সরকার ২০ অক্টোবর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ৬২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়েছিল। এরপর বিশ্ববাজারে চালের দাম বাড়তে থাকায় আমদানিকারকদের উৎসাহিত করতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হলো।




বরগুনায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার জের ধরে এক শিক্ষার্থীর বাসায় হামলার মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা পৌর শহরের নাথপট্টী লেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মীর রিজন মাহমুদ নিলয়ের বাসায় হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গত ১ সেপ্টেম্বর বরগুনা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সবুজ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম জানান, সবুজ মোল্লাকে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর বাসায় হামলার ঘটনায় পূর্বে দায়ের করা মামলায় সবুজ মোল্লাকে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।”




বরগুনায় হত্যার প্রতিবাদে মানববন্ধন, সুমাইয়া আক্তার ইতির হত্যাকারীর গ্রেফতারের দাবি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ইতি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

গত ২৬ অক্টোবর, শনিবার বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ইতির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত মো: মইনুল হাসান টিটু, যিনি একই উপজেলার ৯ নং এম বালিয়ালী ইউনিয়নের মো: আইয়ূব আলীর ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা। তিনি বলেন, “ইতি আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্ত্যক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওলাদার ও সহপাঠীরা।




গৌরনদী পৌর মেয়রের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিচুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। বিএনপি নেতার ওপর হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গতকাল বরিশালের বিচারিক হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

গতকাল সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আবদুল হক সিকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদী থানার বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টার একটি মামলার আসামি হারিচুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হারিচুর রহমানের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক সেটি নামঞ্জুর করেন। আদালত আসামিকে রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুস্থতার সনদ নেওয়ার নির্দেশ দেন এবং রিমান্ড শেষে চিকিৎসকের সনদ নিয়ে আদালতে হাজির করার নির্দেশও দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর হারিচুর রহমান আত্মগোপনে চলে যান, যার কারণে তার বিরুদ্ধে গৌরনদী থানায় চারটি মামলা হয়েছে। এছাড়া, গত উপজেলা নির্বাচনে নিজ দলীয় কর্মীদের সঙ্গে সংঘাতের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।




আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও দর্শকদের সামনে আসতে চলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, নতুন সিজনের জন্য প্রস্তুতি চলছে।

অমি বলেন, “ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসছে। তবে এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং কাজ শুরু হয়নি।” নাটকের ভক্তরা নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু কবে তা আসবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি।

কবে থেকে দর্শকরা নতুন সিজন দেখতে পাবেন, এমন প্রশ্নের উত্তরে নির্মাতা জানান, “২০২৫ সালেই আবার পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা এবং অন্তরাদের গল্প।”

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এর চারটি সিজন সম্প্রচারিত হয়েছে, সর্বশেষ ২০২২ সালে ১১৬তম পর্বের মাধ্যমে সিজন ৪ শেষ হয়।

নির্মাতা অমি সিজন ফোর থেকে সিজন ফাইভকে আরও উন্নত করতে চান, তাই নানা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন। দর্শকদের আরও ভালো মানের কনটেন্ট উপহার দিতে সবকিছু একত্রিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ প্রকাশ করা হবে। এই অবস্থায় ভক্তদের অপেক্ষা করতে হবে।




পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে ২৯ অক্টোবর অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের সমাবেশে জনতার ঢেউ লক্ষ্য করা গেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ এলাকা গলাচিপায় আগমন করে জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।” নুর বলেছেন, “আমি আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবো।”

নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কারের জন্য আমাদের একত্রিত হতে হবে।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।




বাংলাদেশের হতাশা বাড়িয়ে দুই সেঞ্চুরিতে প্রোটিয়াদের দিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০০৮ সালে চট্টগ্রামের মাটিতে নিল ম্যাকেঞ্জি এবং গ্রায়েম স্মিথের সেই ৪১৫ রানের জুটির কথা মনে আছে? বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে উদ্বোধনী জুটিতে দুজনে মিলে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটাই গড়ে ফেলেছিলেন সেদিন। এর আগে যে কোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটিটারও সাক্ষী হয়ে আছে এই চট্টগ্রাম।

আবারও বাংলাদেশের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। ভেন্যুটাও সেই চট্টগ্রাম। অবশ্য এবার তেমন বিশ্বরেকর্ড না হলেও টাইগার বোলারদের হতাশাময় একটা দিনই উপহার দিয়েছে সফরকারী প্রোটিয়া বাহিনী।

আলোকস্বল্পতার কারণে দিনের খেলা সমাপ্তি টানার আগে ৮১ ওভার বল মাঠে গড়ানো দিনে উইকেটের পতন হয়েছে কেবল দুটি। বিপরীতে সেঞ্চুরি হয়েছে দুটি। তিনশোর কোটা পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে তারা।




ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইতোমধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।