মুমিনুলের ফিফটিতে মান বাঁচানোর চেষ্টায় বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃতীয় দিনের প্রথম সেশনে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতায় ফলোঅনের শঙ্কায় পড়েছে দল। যদিও তাইজুল ইসলাম ও মুমিনুল হক চেষ্টা করছেন দলকে টেনে তুলতে। ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি পেয়েছেন মুমিনুল।

লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ৩৭ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে বাংলাদেশ। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৩৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

৪ উইকেটে ৩৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকাল ঠিক যেখানে শেষ করেছিল স্বাগতিকরা, আজ ঠিক সেখান থেকেই শুরু করেছে। দিন বদলালেও বাংলাদেশের পারফরম্যান্সে বদল আসেনি। আজ আর ১০ রান যোগ করতেই আরো চার ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরেছেন ৮ ব্যাটার।

গতকালের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক আজ দিনের শুরু করেন। ব্যাট হাতে অফফর্মে থাকা বাংলাদেশ ব্যাটার সকালে বেশিক্ষণ টিকতে পারলেন না। কাগিসো রাবাদার বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। তিনি ফিরেছেন ৯ রানে।

অভিজ্ঞ মুশফিক উইকেটে এলেন আর গেলেন। মাঝে টিকতে পেরেছেন কেবল ২ বল। ড্যান প্যাটেরসনের বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। মুশফিক ডাক খেয়ে ফিরলে উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। ইনফর্ম এই ব্যাটার ৩ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি।

মিরাজ ফেরার এক বল পরই মাহিদুল ইসলাম অঙ্কনকেও ফিরিয়েছেন রাবাদ। অভিষেক ইনিংসে সিলভার ডাক খেয়েছেন তিনি। তাতে ৪ উইকেটে ৪৬ থেকে ২ রান যোগ করতেই আরো ৪ উইকেট হারায় বাংলাদেশ। অঙ্কনকে আউট করে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন রাবাদা।

৪৮ রানে ৮ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তুলার চেষ্টা করছেন মুমিনুল ও তাইজুল। দুজনে মিলে নবম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৮৯ রান যোগ করেছেন তারা। মুমিনুল ৭৬ বলে ফিফটি স্পর্শ করেছেন।

এই টেস্টে ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ৩৭৬ রান করতে হবে।




অ্যামাজন প্রাইমে মেহজাবীনের নাটক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মটি প্রায়ই বিশ্বের নানা দেশের পুরোনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে বিশ্বজুড়ে অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘কাজল’। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘কাজল’। এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।
গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাবটাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।




৮ জেলায় নতুন ডিসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।

বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি করা হয়েছে।

গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হওয়ার পর প্রশাসনে রদবদল আনে অন্তর্বর্তী সরকার।

গত ১০ সেপ্টেম্বর ৩৪ জেলায় এবং ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
এই দুই দফায় ৫৯ জেলায় নিয়োগ পাওয়া নতুন ডিসিদের অনেকের বিরুদ্ধে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত প্রশাসনে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই অসন্তোষ নিয়ে বঞ্চিতরা ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুইজন যুগ্মসচিবকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে হাতাহাতি ও হট্টগোল হয়। তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে তাদের দাবি-দাওয়া তুলে ধরে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলেরও দাবি জানান। মন্ত্রিপরিষদ সচিব তাদের আশ্বাস দেন।
পর দিন ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলন করে জানান, জয়পুরহাট, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী জেলা ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে।

লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আব্দুল আজিজ, দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, রাজবাড়ীতে আরপিএটিসির উপ-পরিচালক মনোয়ারা বেগমকে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল।




১ হাজার ৩২২ কোটি টাকা মুনাফা করল বিএটিবি, ৮১০ কোটি টাকা লভ্যাংশ বিতরণের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) চলতি বছরের ৯ মাসে ১ হাজার ৩২২ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানিটি শেয়ারধারীদের জন্য মোট ৮১০ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার বিএটিবির পরিচালনা পর্ষদের সভায় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানিটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের মুনাফা থেকে শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে ১৫০ শতাংশ বা ১৫ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বিএটিবির মোট শেয়ারের সংখ্যা ৫৪ কোটি, তাই লভ্যাংশ বাবদ মোট ৮১০ কোটি টাকা বিতরণ করা হবে।

কোম্পানিটির বিদেশি মালিকেরা (উদ্যোক্তা-পরিচালক) পাবেন প্রায় ৫৯১ কোটি টাকা, কারণ তাঁদের হাতে ৭৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ২৭ শতাংশ শেয়ার ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে, যা থেকে তারা ২১৯ কোটি টাকা লভ্যাংশ পাবে।

বিএটিবির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ১১ পয়সা। কোম্পানিটি মুনাফার প্রায় ৬০ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করবে।




বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস :; বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাস চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার ববির ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মিম রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখার সময় রাত পৌঁনে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলছিল। রাত পৌঁনে ১১টার দিকে ঘাতক বাসটিতে আগুন দিয়েছে শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে জনভোগান্তি দেখা দিয়েছে। ঘাতক বাসটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি। চালকসহ জড়িতরাও আটক হয়নি। নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এছাড়া ববির সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আমরা ঘটনাস্থলের পাশে রয়েছি। ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

 




টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন।

তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠেছে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের শোরগোল সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে।




পটুয়াখালীতে দীপাবলীর উৎসবের রঙিন আয়োজন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী মহাশ্মশানসহ সকল উপজেলায় বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি অনুষ্ঠানে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রতিবছরের মতো এবারও পটুয়াখালী শ্মশান ঘাটে পালিত হচ্ছে এই মহোৎসব। পটুয়াখালীর লোহালীয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশান ঘাটে ভূত চতুর্দশী পূর্ণ তিথিতে হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ প্রিয় পূর্বপুরুষদের স্মরণ করতে আসেন।

এ বছর দীপাবলীর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত স্বজনদের মূল উদ্দেশ্য ছিল পরলোকে গমন কৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী স্বপন কর্মকার জানান, “আমি আমার দিদাসহ অনেক স্বজন ও পূর্বপুরুষের শান্তি কামনার জন্য এখানে এসেছি।”

এদিকে, শ্মশান দীপাবলীর আয়োজনে স্থানীয় ব্যবসায়ীরা অস্থায়ী দোকানপাট বসিয়েছেন, যেখানে পূজার সামগ্রী, খাবার, প্রসাধনী এবং খেলনার নানা বিকল্প পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী রমেশ কুমার বলেন, “এ সময় আমাদের দোকান থেকে ভক্তরা বিভিন্ন পণ্য কিনে নেন, যা আমাদের জন্য ভালো আয়ের সুযোগ তৈরি করে।”

শ্মশান দীপাবলী ও শ্যামা পূজা কার্যকরী কমিটির সভাপতি সন্তোষ কুমার দাস জানান, “এবারের পূজায় ব্যাপক সংখ্যক ভক্তের সমাগম হয়েছে এবং এটি এলাকার দোকানদারদের জন্য একটি বড় সুযোগ।”

উৎসবের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজায় অংশ নিতে পারেন। শ্মশান দীপাবলীর এই মহোৎসব পটুয়াখালীর মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ ধর্মীয় আচার বিধি মেনে মহাশ্মশানে “শ্মশান কালী” পূজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দিবাগত রাতে কালীপূজা (শ্যামা পূজা) অনুষ্ঠিত হবে।




হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ পড়ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ‌একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।

আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, হজের দুটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ-২, আরেকটি কাবা শরিফের তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ-১। দুটি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমেছে।

গত বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৭ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

তিনি বলেন, সাধারণ হজ প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সাধারণ হজ প্যাকেজ ২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গতবারের তুলনায় ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের ১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ-১ যা যা থাকছে

এ প্যাকেজে যারা যাবেন তাদেরকে মক্কায় হারাম শরীফের বহিচত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা দেওয়া হবে। মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াতের ব্যবস্থা করা হবে। মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে।

সংযুক্ত বাথ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা করা হবে। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা করা হবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইড এবং প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি. রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

প্যাকেজ-২ যা যা থাকছে

এ প্যাকেজে যারা যাবেন তাদেরকে মক্কায় হারাম শরীফের বহিচত্বর হতে দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা, মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত, এ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা, মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা এবং ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

বেসরকারি প্যাকেজ যা থাকবে

বেশিরভাগ হাজিরা সরকারি ব্যবস্থাপনা পবিত্র হজ পালন করেন। যেটাকে বেসরকারি ব্যবস্থাপনা হজ বলা হয়। বেসরকারি এজেন্সির প্যাকেজের বৈশিষ্ট্য কি হবে তা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ-১ হাজীদের জন্যমক্কায় হারাম শরীফের বহি:চত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফ যাতায়াতে বাস ব্যবস্থা করতে হবে। একইভাবে মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন, এ্যাটাচ বাথসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা, মিনায় হজযাত্রীদের তাঁবু গ্রিন জোনে (জোন-৫) এবং ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস, মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন, মক্কা-মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (প্রতি ১০০ জনে একটি বাস অথবা ৫০ জনের ডাবল ট্রিপ) ব্যবস্থা মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইড থাকবে থাকতে হবে।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে।




৫৭৭ রানে ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মিরপুরের উইকেটে বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়েছিলেন। তবে চট্টগ্রামে দাপট দেখালেন প্রোটিয়া ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন ব্যাটার। বাংলাদেশি বোলারদের ভুগিয়ে রীতিমতো রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।

দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম ৯ ওভার শেষে উঠেছে ৩৫ রান। ডি জর্জির দেড়শ রানের পর ফিফটি তুলে নেন বেডিংহাম। অবশ্য চারশর ঠিক আগেই তাইজুলের স্পিন বাংলাদেশ শিবিরে এনে দেয় আনন্দের উপলক্ষ্য।




মির্জাগঞ্জে কৃষকের ৫টি গরু চুরি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক মো. রুস্তম হাওলাদার বলেন, “আমি পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় আমার বলদ ও গাভিসহ পাঁচটি গরুকে ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসি। আজ বুধবার সকালে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখি একটি গরুও গোয়াল ঘরে নেই। পাঁচটি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে।”

এ বিষয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোশারেফ হোসেনও চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “মঙ্গলবার রাতে রুস্তম হাওলাদার নামের এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।”