বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ সীমা নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তবর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী মোট ৪ বার পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যন্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে-এ রূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিন বার অংশ নিতে পারবে।




একদিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: একদিকে পুরো দেশ ব্যস্ত বাংলাদেশ নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা উৎসবে। অন্যদিকে, মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র বাংলাদেশ ক্রিকেটে। ঢাকার ছাদখোলা বাসে মেয়েদের সেই উচ্ছ্বাসে মাতোয়ারা সাধারণ মানুষ, আর চট্টগ্রামে রাজ্যের বিষাদ নামিয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। বাংলাদেশকে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মিরপুর টেস্টের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে চরম ব্যর্থতা দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগের ম্যাচ হারায় দ্বিতীয় ও শেষ টেস্টে কেবল তারা ধবলধোলাই এড়াতে পারত। আরও একবার বেহাল ব্যাটিংয়ে সেটিকে অসম্ভব প্রমাণ করেছেন শান্ত-মুশফিক ও সাদমান ইসলামরা। দুটি ইনিংসেই বাংলাদেশের তাড়না ছিল যেন কত দ্রুত ম্যাচটি শেষ করা যায়! দক্ষিণ আফ্রিকার টেল-এন্ডার ব্যাটাররাও যেখানে সেঞ্চুরি ও ফিফটি করেছে, সেখানে টাইগাররা কত দ্রুত আউট হওয়া যায় সেই প্রতিযোগিতায় নেমেছিল!

তৃতীয় দিনে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট হারিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। তবে অল্পের জন্য বেঁচে গেছে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট হার থেকে। এর আগে রেকর্ড সর্বোচ্চ ইনিংস ও ৩১০ রানের ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেটি ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রাকালে। আজকের হারটি সে হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ লজ্জার রেকর্ড। সেটিও সম্ভব হতো না টেল-এন্ডারে হাসান মাহমুদ ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছে ১৪৩ রানে।




পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও, ১৮ জন জেলেকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে আগুনমুখা, দাঁড়চিড়া ও তেঁতুলিয়া নদী থেকে ৭০ কেজি মা ইলিশ এবং প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, গলাচিপা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জালগুলো উলানিয়া বন্দরের কাছে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ছাদখোলা বাসে নারী ফুটবল দলের বিজয় প্যারেড শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ছাদখোলা বাসে চড়ে বাফুফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর ঢাকার রাস্তায় হাজারো সমর্থক তাদের বরণ করে নিতে হাজির হন।

আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা ঢাকায় পা রাখেন। সংবাদকর্মীদের সামনে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ফুটবলাররা বাসে উঠে বাফুফের দিকে যাত্রা করেন।

এই বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে যাবে, এরপর এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামবে। এরপর মগবাজার ফ্লাইওভারে উঠবে এবং কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে শেষে বাফুফে ভবনে পৌঁছাবে।

বাফুফে ভবনে আনুষ্ঠানিকতা হবে, যেখানে আরও সমর্থক উপস্থিত থাকবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে, গত বুধবার কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে।

 




কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক বেলাল (২৭), মোটরসাইকেল আরোহী কাউয়ুম (৪০), অটোচালক রনি (২৮), এবং অটোযাত্রী শাহজালাল (৩২)। এদের মধ্যে সেনেটারি মিস্ত্রি কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে আহত ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কাউয়ুমের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অটোযাত্রী শাহজালালের মতে, মোটরসাইকেলটি রং সাইড দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে, ফলে ভ্যানটি পুকুরের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।




আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল।

সাকিব প্রসঙ্গে গতকাল গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছিলেন আসন্ন সিরিজে সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা। তবে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বোর্ড সভাপতি সাকিবের না খেলারই আভাস দিলেন।

দলে ফিরতে সাকিবের আরেকটু সময় দরকার বলে মত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’




ইসি গঠনে অনুসন্ধান কমিটি গঠন, সভাপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী, এই কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী , অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম,বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।




ইন্দুরকানীতে ১১টি রাস্তা ও ৪টি ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদার লাপাত্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের ইন্দুরকানীতে ১১টি রাস্তা ও ৪টি ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদাররা প্রকল্প ফেলে রেখে চলে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিগত অর্থ বছরের অনেক অসম্পূর্ণ কাজও ফেলে রাখা হয়েছে, যার ফলে সড়কগুলো অচল হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে সাঈদখালী, মধ্য কালাইয়া রোড থেকে সরদারবাড়ী, পত্তাশী ইউনিয়ন থেকে খেজুরতলা বাজার, চালনা ব্রিজ থেকে বৌডুবি, বালিপাড়া জমাদ্দারহাট থেকে কাপালিবাড়ী, চণ্ডীপুর স্টিল ব্রিজ থেকে খোলপটুয়া, বালিপাড়া হাইস্কুল থেকে সোবহান চেয়ারম্যানের বাড়ি, পাড়েরহাট বাসস্ট্যান্ড থেকে হোগলাবুনিয়া এবং চাড়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিএনপি নেতা আঃ লতিফ হাওলাদারের বাড়ি পর্যন্ত বেশ কয়েকটি রাস্তায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, “রাস্তাগুলোর কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচলে সুবিধা হতো। কিন্তু কেন এ কাজ ফেলে রাখা হয়েছে, তা আমরা জানি না।”

উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর কবির মান্নু জানান, “বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সিন্ডিকেট টেন্ডার নিয়েও কাজ করেনি। কিছু জায়গায় সামান্য কাজ দেখিয়ে বিল উত্তোলন করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।”

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, “পরিত্যক্ত রাস্তাগুলোর কাজ সম্পন্ন করতে আমরা ঠিকাদারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।”




পিরোজপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুর খুলনা-বরিশাল মহাসড়কের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত মহাসড়কের দুই পাশের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক বিভাগের উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সড়কের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন পাকা, আধাপাকা এবং কাঠের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে চলাচলে বাধা সৃষ্টি করছিল। স্থানীয় জনগণ এবং যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় সরকারি নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে মহাসড়ককে আরো প্রশস্ত ও নিরাপদ করার চেষ্টা করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযানে নিরাপত্তার জন্য মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মহাসড়কের জায়গা পুনরুদ্ধার করায় সড়ক বিভাগকে ধন্যবাদ জানিয়েছে। সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মহাসড়কের পাশে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে শ্মশান দিপালী উদযাপন

বরিশাল : বরিশালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দিপালী উৎসব উদযাপিত হয়েছে। বরিশাল নগরের কাউনিয়ার মহাশ্মশানে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই আয়োজন সম্পন্ন করেন। প্রতি বছরের মতোই এবারো মৃতদের আত্মার শান্তির উদ্দেশ্যে পূজা-অর্চনার জন্য স্বজনরা সমবেত হন।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সদস্য সচিব সুশান্ত ঘোষ জানান, প্রায় ২০০ বছর আগে স্থাপিত এই মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ সমাধি যাদের স্বজনরা দেশে নেই, সেগুলো হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে এবং এসব সমাধিতেও কমিটির পক্ষ থেকে দীপ জ্বালানো হয়।

শ্মশান দিপালী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বিজয় ভক্ত জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।