আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সুপারশপের পর আজ থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার।

গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান। তখন তিনি বলেন, ১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান।




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৪)
ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্ট শুরু আজ। সৌদি প্রো লিগে মুখোমুখি আল নাসর ও আল হিলাল।

মুম্বাই টেস্ট-১ম দিন
ভারত-নিউজিল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

এএফসি চ্যালেঞ্জ কাপ
ইস্ট বেঙ্গল-নেজমেহ
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস

বসুন্ধরা কিংস-পারো এফসি
রাত ৯টা, টি স্পোর্টস

সৌদি প্রো লিগ
আল নাসর-আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস ২

বুন্দেসলিগা
লেভারকুসেন-স্টুটগার্ট
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ১




দুমকিতে ইলিশ শিকারের বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা, ১৮ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকির পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলার অভিযোগে ১৮ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে দুই জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ প্রশাসনের ওপর হামলা করে।

আটককৃত ১৮ জনের মধ্যে রয়েছেন হৃদয় হাওলাদার (২৩), সাবু হাওলাদার (২০), শাওন হাওলাদার (২০), ইমাম নকীব (২৭), হাফিজুল ইসলাম (১৮), মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মো. রিয়াজ হাওলাদার (৩৩), হালিম গাজী (৫৫), সিয়াম আহমেদ (২৮), শাওন নকিব (১৯), মো. রিজন হাওলাদার (১৮), জহিরুল ইসলাম (১৮), ও মো. রনি হাওলাদার (৩০)।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জন জেলেকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন, তবে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে মুক্তি পায়। এসময় ইঞ্জিল চালিত একটি ট্রলারও জব্দ করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আংগারিয়া ইউনিয়নে ইলিশ শিকারের সময় আটককৃত জেলেদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত টাস্ক ফোর্সের অভিযানে মোট ১৬ জন জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।

 




বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল গাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল গাজী উপজেলার কারখানা গ্রামের মৃত মো. খালেক গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন হেলাল বেলা সাড়ে ১১টার দিকে তার বড় ভাই মো. রুবেল গাজীর বসতঘর থেকে ছোট ভাই সোহেল গাজীর ঘরে বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




মির্জা ফখরুল: সাংবাদিকরা প্রশ্ন করে, ইউনূস কি ফেল করেছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক ::জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অন্তবর্তী সরকারের দায়িত্ব একটাই, তা হলো ভয়াবহ জঞ্জাল নির্মূল করে দ্রুত একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।”

তিনি আরও উল্লেখ করেন, “যতো দ্রুত নির্বাচন হবে, রাষ্ট্র সংস্কার ততো দ্রুত হবে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিবর্তনের কাজ দ্রুত করা সম্ভব নয়। নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।”

মির্জা ফখরুল বলেন, “বর্তমানে বিদেশি সাংবাদিকরা, বিশেষ করে ভারতের সাংবাদিক, আমাকে প্রশ্ন করেন, ইউনূস কি ফেল করেছে? রাষ্ট্র চালাতে পারছে না?” তিনি জানান, তিনি বলেছিলেন, “গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার প্রতি জনগণের সমর্থন রয়েছে।”

এছাড়া, গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে তিনি বলেন, “আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ, হাসিনা গণহত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্র সংস্কার চাই’ স্লোগানটি বাস্তবায়িত করতে হবে।”

ফখরুল জানান, জনগণ সমর্থন না দিলে রাষ্ট্র সংস্কারে কোনো ফল আসবে না এবং তাই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। তিনি বর্তমান সরকারের প্রতি আস্থা এবং সম্মান রেখেছেন এবং উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের আস্থা হারিয়ে যায়।”

মির্জা ফখরুল বলেন, “আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমরা সে লক্ষ্য বাস্তবায়ন করেছি।”




পেঁয়াজ আমদানিতে আরও শুল্ক কমানোর প্রস্তাব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন প্রস্তাব দিয়েছে। কমিশন পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে পেঁয়াজ আমদানির সব শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়েছিল।

ট্যারিফ কমিশনের চিঠি অনুযায়ী, সম্প্রতি দেশে অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য পেঁয়াজের দাম আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে পেঁয়াজের স্থানীয় চাহিদা ২৬-২৭ লাখ মেট্রিক টন। স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদার ৭৫-৮০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে।

এদিকে, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। তাই, আমদানি ব্যয় কমানোর জন্য ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা প্রয়োজন বলে ট্যারিফ কমিশন উল্লেখ করেছে। কমিশন আরও বলেছে যে, আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে প্রবেশের পর সঠিকভাবে মনিটরিং করা উচিত।

বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি পেঁয়াজের দাম বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বছরের এই সময়ে সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম থাকায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

 




সোশ্যাল মিডিয়া: ভালো না খারাপ? সম্পর্কে প্রভাব ফেলে যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আধুনিক বিশ্বে, অধিকাংশ মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং সোশ্যাল মিডিয়া আমাদের প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য বার্তা আদান-প্রদানের মাধ্যমে আমাদের জীবন এবং সম্পর্কের মধ্যে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তবে, এর প্রভাব কখনো ইতিবাচক এবং কখনো নেতিবাচক হতে পারে।

ইতিবাচক প্রভাব:

১. সংযোগের মাধ্যম:
সোশ্যাল মিডিয়া হারানো বা পুরনো বন্ধু ও আত্মীয়-স্বজনদের পুনরায় খুঁজে পাওয়ার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এটি পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ দেয় এবং সম্পর্ক উন্নয়নে সহায়তা করে।

২. বিভিন্ন মুহূর্ত ভাগ করা:
উৎসব বা বিশেষ উপলক্ষ্যে তৈরি হওয়া সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করা যায়। এটি সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

৩. দীর্ঘ দূরত্বের সম্পর্ক:
সঙ্গীর সঙ্গে যুক্ত থাকার সহজ ও কার্যকরী উপায় হলো সোশ্যাল মিডিয়া। এটি দূরের সঙ্গীদের মধ্যে ভার্চ্যুয়াল সংযোগ বজায় রাখতে সাহায্য করে।

নেতিবাচক প্রভাব:

১. গোপনীয়তায় আক্রমণ:
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর গোপনীয়তা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। যখন কেউ তার অবস্থান বা ব্যক্তিগত তথ্য শেয়ার করে, তখন তা অপব্যবহার হতে পারে।

২. ভুল বোঝাবুঝি:
লিখিত বার্তার মাধ্যমে ভাব প্রকাশের সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সরাসরি কথা বললে বোঝা যায়, কিন্তু লিখিত মেসেজে তা স্পষ্ট হয় না।

৩. হিংসা ও নিরাপত্তাহীনতা:
অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে হিংসাত্মক করে তুলতে পারে। অন্যের প্রোফাইল দেখে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হলে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়তে পারে।

সুতরাং, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সচেতন থাকা জরুরি, যাতে আমরা এর ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করতে পারি এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারি।




ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবে বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার রিয়াদে বৈশ্বিক জোটের প্রথম বৈঠকের আয়োজন করে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আরব ও ইসলামিক রাষ্ট্র এবং ইউরোপীয় অংশীদারদের পক্ষ থেকে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য গত সেপ্টেম্বর মাসে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। সেই জোটের প্রথম বৈঠক ।
দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ জোর দিয়ে বলেন, এই অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিন ও লেবাননে অব্যাহত ইসরাইলি ‘আগ্রাসন’ রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দৃঢ় প্রতিক্রিয়া প্রয়োজন।

এই সঙ্কটের পরিপ্রেক্ষিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান তিনি।

অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি ও আটকদের মুক্তি এবং জবাবদিহিতার মাধ্যমে দায়মুক্তির অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল।

এ ছাড়াও তিনি ফিলিস্তিনে মানবিক সহায়তা সরবরাহে জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রতি সৌদি আরবের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুসারে, এই বৈঠক আয়োজন করায় সৌদির প্রচেষ্টার প্রশংসা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাশাপাশি বৈঠকে অংশগ্রহণকারী সব বন্ধুত্বপূর্ণ ও মিত্র দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

ফিলিস্তিন সঙ্কট অবসানের লক্ষ্যে এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে সৌদির সরকারি নিউজ চ্যানেল আল-এখবারিয়া।

সূত্র : সিনহুয়া/ইউএনবি




অপু বিশ্বাসের বিয়ে: জানুন নতুন বর সম্পর্কে

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিনোদন অঙ্গনের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি। তিনিই ফেসবুকে জানিয়েছেন অপু বিশ্বাসকে বিয়ে করিয়ে দেওয়ার কথা। বেশ কিছু ছবি, ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন, এটি বিয়ের ফটোশুট। তবে ওই ভিডিওতে বারবার তিনি বলছিলেন, নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। ক্যাপশনেও লিখেছেন, ‌বিবাহ অভিযান অপু বিশ্বাস? অপু বিশ্বাসের বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের। কিন্তু অপুকে বিয়ে দিলেন কে এই তরুণ?

কদিন আগেও শোনা যেত, আবার বিয়ে করছেন অপু বিশ্বাস। কিছুদিন হলো, সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢালিউড কুইন নামে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে।




এক-দু’দিনের মধ্যেই হতে পারে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচন। আর মাত্র পাঁচ দিন বাকি। এর আগেই হতে পারে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি। এমন আশাবাদই ব্যক্ত করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

বুধবার তিনি বলেন, আমি মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইনের ফোনে কথা বলেছি। তার কথায় আমি আশান্বিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবও প্রকাশ পেয়েছে। এতে আশা করা যায় যে আগামী কয়েক দিনের মধ্যেই ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে।

লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যেন আগামী দু’এক দিনের মধ্যেই যুদ্ধবিরতির চুক্তি হয়ে যায়। আমরা এ বিষয়ে সবিশেষ আশাবাদী।

তিনি আরো বলেন, হোচস্টেইন আমাকে আশ্বস্ত করেছেন। আমার বিশ্বাস যে আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই এই ‍যুদ্ধবিরতি হবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল