দশমিনায় কাল ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দিয়ে এ তথ্য জানায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।

দশমিনা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. আবুল কালাম আযাদ জানান, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডাল ঝুলে থাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সেই সমস্যার সমাধানে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে শনিবার দিনব্যাপী গাছের ডালপালা কাটা হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এজিএম আবুল কালাম আযাদ বলেন, “আমরা আশা করছি, এই কাজটি সম্পন্ন হলে গ্রাহকদের বিদ্যুৎ সেবায় আর কোনো বিঘ্ন ঘটবে না।”




বাংলাদেশের ‘সমালোচনা’ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের কঠোর সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবি করে বৃহস্পতিবার টুইটারে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’

ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের ঘটনা ঘটত না।

তিনি অভিযোগ করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন।

এছাড়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল এবং নিজেদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় বাইডেন-হ্যারিস ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘আমার চোখের সামনে এগুলো কখনও হতো না। কমলা হ্যারিস ও জো বাইডেন হিন্দুদের আমেরিকাসহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় তাদের অবস্থা যা-তা। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।

তিনি আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের ধর্ম বিদ্বেষ থেকে আমরা আমেরিকান হিন্দুদের রক্ষা করব। আমরা স্বাধীনতার জন্য লড়াই করব। এছাড়া (নির্বাচিত হলে) আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ব।’

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ভারত থেকে দাবি করা হয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে হবে প্রেসিডেন্ট নির্বাচন। এবার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসের বিরুদ্ধে লড়াই করবেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।




পিরোজপুরে সেনাবাহিনীর টহলে ৪ চাঁদাবাজ আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন সময়ে মাগুরা বাজার এলাকা থেকে ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় চাঁদা তোলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ছারছীনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহীম। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বাসিন্দা।

আটকের সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জব্দকৃত টাকাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, সেনা সদস্যদের নিয়মিত টহলের সময় আটককৃত ৪ চাঁদাবাজকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।




ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর, নিহত ৭

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রকেট নিক্ষেপের মাধ্যমে চালানো পৃথক এই হামলায় ৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলাও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলা। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের শহর মেটুলার কাছে রকেটের আঘাতে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন।

পরে উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন।

হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে সীমান্তের ওপারে অবস্থিত মেটুলাতে ইসরায়েলি বাহিনীর দিকে রকেট নিক্ষেপ করেছে।

হামলায় নিহত ইসরায়েলি কৃষকের নাম স্থানীয় গণমাধ্যম ওমর ওয়েইনস্টেইন বলে জানিয়েছে। আর সংবাদমাধ্যম হারেৎজের মতে, নিহত চার বিদেশি শ্রমিকের সবাই থাইল্যান্ডের নাগরিক।

এছাড়া পঞ্চম বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরকে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে।

হারেৎজ জানিয়েছে, হামলার সময় ওয়েইনস্টেইন এবং বিদেশি শ্রমিকরা সীমান্ত বেড়ার কাছে একটি কৃষিক্ষেত্রে ছিলেন।

এদিকে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় ৫ জন থাই নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।




ঝালকাঠিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ ১ নভেম্বর শুক্রবার, রাত ৮টায় বাংলা সংবাদের পর প্রচারিত হবে ঝালকাঠিতে ধারণকৃত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০২২ সালের সেপ্টেম্বরে ঝালকাঠির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সামনে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। মঞ্চ সাজানো হয়েছিল ঝালকাঠির ঐতিহ্যবাহী পণ্য ও নদীর মোহনীয় পরিবেশকে কেন্দ্র করে।

এ পর্বে রবি চৌধুরী ও শফি মণ্ডলের দ্বৈত সংগীতের পাশাপাশি, শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী ঝালকাঠির নদী ও সংস্কৃতির ওপর একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছে। এছাড়াও রয়েছে ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

অনুষ্ঠানে স্থান পেয়েছে ইলিজারভ চিকিৎসা পদ্ধতি এবং নীলফামারীর এক মহৎ ব্যক্তির তৈরি মুসাফিরখানার উপর একটি অনন্য প্রতিবেদন। নোয়াখালীর জনাব সৈয়দ আহমেদের জীবন সংগ্রামের কাহিনীও রয়েছে, যিনি ভ্যানচালক হয়েও একটি কলেজের জন্য নিজের জমি দান করেছেন। বিদেশি প্রতিবেদনে আমেরিকার মিনেসোটা রাজ্যের উপর একটি বিস্তারিত প্রতিবেদন যুক্ত হয়েছে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে কেয়া কসমেটিকস এর সৌজন্যে প্রচারিত হবে।

 




বরিশালে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের ভাটারখাল কলোনীতে বিএনপি কর্মী ও সাধারণ মানুষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির ১০ নং ওয়ার্ড ও স্থানীয় সাধারণ মানুষ। আজ (১ নভেম্বর) শুক্রবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং’র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন তোতা, ওয়ার্ড বিএনপি নেতা কামরুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস, এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নারী কর্মী লিপি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের’ ছত্রছায়ায় থাকা আওয়ামী সন্ত্রাসী বাহিনী ভাটারখাল কলোনীতে নানা অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে। তাদের নেতৃত্বে চলছে মাদককারবার ও চাঁদাবাজি। বিএনপি কর্মী হওয়ায় গতরাতে ভাটারখাল এলাকায় রেডক্রিসেন্ট অফিসের পেছনে লিপি বেগমের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এদিকে, এসব সন্ত্রাসী কার্যক্রমের কারণে অনেক পরিবার এখনও ঘরছাড়া অবস্থায় রয়েছে বলে জানান এলাকাবাসী। কলোনীবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই দাবিতে তারা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, এবং সেনা কমান্ডার বরাবর স্মারকলিপির মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।




জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার।

এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।




বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশে খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দাম বাড়ার গেজেট জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে নতুন দর কার্যকর হবে। সব বিতরণ কম্পানির ২৩০ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা। এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৬২ পয়সা, আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা, ওয়েস্টজোনের ক্ষেত্রে ৭ টাকা ৪৬ পয়সা এবং নেসকোর ৭ টাকা ৪ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ধারা ৩৪ক-তে দেওয়া ক্ষমতাবলে, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে গেজেটে জানানো হয়।




ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি এক কর্মকর্তা বলেছেন, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির ‘কঠোর’ এবং ‘অভাবনীয়’ জবাব দেওয়া হবে।

যদিও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা।

গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ইরান প্রথমে দাবি করেছিল ইসরায়েলি হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও চার সেনার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে। নয়ত তারা ‘পরাজিত’ হিসেবে অভিহিত হবেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, ইরান এবার সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা না চালিয়ে ইরাক থেকে হামলার পরিকল্পনা করছে। আর এই হামলায় কয়েকশ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। ইরান তাদের নিজ ভূখণ্ড থেকে সরাসরি হামলা করবে না কৌশলের অংশ হিসেবে। তাদের ধারণা যদি ইরাক থেকে হামলা চালানো হয় তাহলে ইসরায়েল ইরানে সরাসরি কোনো হামলা চালাবে না।

এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন, তারা ইতিমধ্যে ইরানের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এখন ইসরায়েলের হামলা ঠেকানোর সক্ষমতা ইরানের নেই। ফলে তারা ইরানের যেখানে খুশি সেখানে হামলা চালাতে পারবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল




২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেসি

চন্দ্রদ্বীপ নিউজ :: লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? শেষ এক-দেড় বছর ধরে এই প্রশ্নটা নিয়মিতই শুনতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে। কেনই বা শুনবেন না? বয়স ৩৭ ছুঁয়ে ফেলেছে, বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯; ওই বয়সে বিশ্বকাপের মতো মঞ্চে খেলার ধকল তার শরীর নিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তবে এই প্রশ্নের জবাব কখনও মেসি পরিষ্কার দেননি। তার জবাব সবসময়ই থাকে, ‘প্রতিটা দিন ধরে ধরে এগোতে চাই’। এবার ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাতকারেও একই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। এবারও একটা বডি ডজেই তা এড়ালেন। ধোঁয়াশায় রাখলেন ভক্তদের।

সে বিশ্বকাপ নিয়ে মেসির ভাষ্য, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

মেসি আভাস দিলেন এই বিষয়টা পরিষ্কার হতে পারে আগামী বছর মৌসুম শুরুর পর। তিনি বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার ছিলেন মেসি। এরপর পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার মূল গোলদাতার ভূমিকায় চলে আসেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার ভূমিকা বদলালেও বার্সেলোনায় শেষ পর্যন্ত তার কাজটা মূলত ছিল গোল করাই। পিএসজিতে গিয়ে তা বদলেছিল খানিকটা।

এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও আবার বদলেছে তার কাজের ধরন আরও খানিকটা বদলেছে। তবে এরপরও মেসি এবার ১৯ ম্যাচে করেছেন ২০ গোল, সঙ্গে গোল করিয়েছেন ১৬টি।

তিনি বলেন, ‘নিজের বয়স ও পরিস্থিতি বিবেচনা করেই আমি খেলার স্টাইল পাল্টেছি। ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মানিয়ে নিচ্ছি। নিজেকে পাল্টে লিগের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছি, যেটা আমার জন্য নতুন। শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলাম।