বরগুনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের বিক্ষোভ

বরিশাল অফিস :: সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন ও সাম্প্রতিক সময়ে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জাতিসংঘ কর্তৃক তদন্ত, হিন্দু নেতা রাদাশগুপ্ত, চিন্ময় প্রভুসহ সমগ্র দেশব্যাপী সনাতনী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরগুনা জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও সংখ্যালঘু সকল সংগঠন ঐক্যমোর্চার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা আখড়াবাড়ী প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন, বরগুনা জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু সিকদার, সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুশান্ত বেপারী, সাধারণ সম্পাদক জয়দেব রায়, বামনা উপজেলা পূজা পরিষদ সভাপতি অঞ্জন চ্যাটার্জী, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিমল কর্মকারসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল সনাতনী বিক্ষোভ মিছিল আখড়াবাড়ী থেকে শুরু হয়ে বরগুনা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।




পুকুরে ধরা ১০ কেজির কোরাল, বিক্রি ১২ হাজারে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পটুয়াখালীর কুয়াকাটায় একটি পুকুরে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির কোরাল মাছটি দেখতে স্থানীয় জনতা ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা কাদের পহলান জানান, “এত বড় কোরাল পুকুরে আগে কখনো দেখিনি।” স্থানীয় চাঁন মিয়াও এই ঘটনায় কোরাল চাষে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “কোরাল চাষে খরচ কম এবং লাভ বেশি।”

পুকুরের মালিক সাইমুন মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যান, তবে উপযুক্ত দাম না পেয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেন। এরপর আমতলীর ইয়াকুব ঘরামী ১২ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “কোরাল মাছ দ্রুত বেড়ে ওঠা প্রজাতির মধ্যে একটি। সঠিক খাবার পেলে বছরে এটি প্রায় সাড়ে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হতে পারে। এই মাছটি সম্ভবত ৩ থেকে ৪ বছর ধরে পুকুরে ছিল এবং পর্যাপ্ত খাবার পেয়েছিল, তাই এটি এত বড় আকার ধারণ করেছে। উপকূলের চাষীরা যদি সঠিক পুষ্টির খাবার দিয়ে কোরাল চাষ করেন, তবে তারা ভালো ফল পাবেন।”




বরিশালের কাজির হাট কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

বরিশাল অফিস :: বরিশালের কাজির হাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক উপর হামলা চালায় কিছু কিশোর গ্যাংয়ের দল

গতকাল শুক্রবার ( ২রা নভেম্বর) সন্ধ্যায় কাজির হাটে এই ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

আহত যুবক হলেন, মাহফুজ (১৬), পিতা মোঃ সিরাজুল ইসলাম, পল্লী চিকিৎসক, গাবতলী বাজার কাদিরাবাদের বাসিন্দা।

বাবার ব্যবসায়িক কাজে সহায়তা করতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাবতলী বাজারে তার বাবার দোকানে থাকত সে। সেখান থেকে বন্ধুবান্ধবের সঙ্গে স্কুল মাঠের কাছে খালেকের চায়ের দোকানে যাওয়ার পথে তারা মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ করেই রিয়াজ চৌকিদারের নির্দেশনায় ১২ থেকে ১৫ জন যুবকের দল তাদের উপর আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দাঁ, চাপাটি ও লাঠি সোটা নিয়ে মাহফুজের উপর এলোপাথাড়ি আক্রমণ করে। রামদা দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে তার বন্ধুরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও আক্রমণ চালায়।

আহত অবস্থায় মাহফুজকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।




বাসচালককে গ্রেপ্তারের পর আন্দোলন প্রত্যাহার ববি শিক্ষার্থীদের

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক জামিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাস চালক জামিল হোসেন পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ঘটনায় জড়িত অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক জামিল হোসেন এবং সঙ্গে থাকা অজ্ঞাতনামা হেলপারকে আসামি করে মামলা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের উত্থাপিত দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতা দেখিয়েছে বিধায় শুক্রবার রাত ১১টার দিকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ট্রাভেলস ১০ লাখ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ লাখ এবং বিআরটিএ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভোলার রাস্তার মোড় এলাকায় ইতোমধ্যে স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে। পাশাপাশি ফুটওভার ব্রিজ, ট্রাফিক বক্স স্থাপনের কাজও এগিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনি ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভোলার রাস্তার মোড় নামক স্থানে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের মৃত্যু হয়। বরিশালগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দেয়।




মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্তই : রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যে রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার স্থায়ী সমাধান হতে পারে মাত্র একটি শর্ত বাস্তবায়ন করলে; আর সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

কয়েক দিন আগে তুরস্কের দৈনিক হুরিয়েতকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। শুক্রবার সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে হুরিয়েত। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, “গত বেশ কয়েক দশক ধরে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। সম্প্রতি আমরা দেখছি যে ওই অঞ্চলে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে এবং একের পর এক দেশ এমন এক সংঘাতের ঘূর্ণাবর্তে ডুবে যাচ্ছে, যেখান থেকেই কেউই জয়ী হয়ে ফিরতে পারবে না।”

“অথচ মাত্র একটি শর্ত পূরণ হলেই সংঘাত-সহিংসতা বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যে। সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্থাপন করা এবং এই কাজটি করতে হবে ১৯৬৭ সালে দুই দেশের যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, তা যথাসম্ভব অক্ষুন্ন রেখে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরায়েলি ভূখণ্ডে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের শুরু। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন, অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিজানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

তবে এ যুদ্ধ শুধু গাজা উপত্যকাতেই সীমাবদ্ধ থাকেনি; লেবানন, ইরান ও সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। গত সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সময়ে সিরিয়া এবং ইরানে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে যে কোনো সময়ে ইসরায়েলে সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছেন।




গণভবন স্মতি জাদুঘর জনগণের ‘পেইন ও গ্লোরি’ ধারণ করবে: মাহফুজ আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

শনিবার (২ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এ সময় ‘গণভবন স্মতি জাদুঘর জনগণের ‘পেইন ও গ্লোরি’ ধারণ করবে’ বলে মন্তব্য করেছেন মাহফুজ আলম।

তিনি বলেন, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে একটি ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হবে। এই কমিটির সঙ্গে এডভাইসরি কমিটিও থাকবে। খুব শিগগিরই কমিটি তার কার্যক্রম শুরু করবে। একটা সময় পরে এটা জনগণের জন্য খুলে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি বলেন, গণভবন যেটা আসলে গণবিরোধী ছিল। যেখানে বসে ছিলেন একজন ফ্যাসিস্ট ও খুনি। বাংলাদেশের মানুষের সাথে দম্ভের সঙ্গে আচরণ করত। বাংলাদেশের মানুষ নিজেদের মানবিক মর্যাদা বাঁচাতে এখানে এসে তার দম্ভে ভেঙে দিয়েছে।

গণভবনকে ‘দুঃখ ও বিজয়ের চিহ্ন’ হিসেবে অ্যাখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, এই ভবনটা বাংলাদেশের মানুষের ১৬ বছরের দুঃখ-যাতনার জায়গায়। একই সঙ্গে বিজয়েরও স্মুতি চিহ্ন। মূলত এই জায়গায় ‘পেইন ও গ্লোরি’ ধারণ করবে। ফ্যাসিস্ট খুনির বিরুদ্ধে জনগণের বিজয়কে দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরবে।




সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।




বিস্ফোরক নিয়ে ইসরায়েলের পথে জার্মান জাহাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জার্মান পতকাবাহী একটি জাহাজ বিস্ফোরকদ্রব্য নিয়ে ইসরায়েল যাচ্ছে। গত সপ্তাহে ওই জাহাজটি মিসরের আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করে।

এর আগে বিভিন্ন দেশে ভেড়ার চেষ্টা করলেও ওই জাহাজটি কোথাও ভেড়ার অনুমতি পায়নি। শেষ পর্যন্ত মিসরে নোঙর করে ওই জাহাজটি। মেরিটাইম ডাটা ও অধিকার গ্রুপ এসব তথ্য জানিয়েছে।

জার্মানির মানবাধিকার আইনজীবীরা মঙ্গলবার জানান, এমভি ক্যাথরিন নামের ওই জাহাজে ৮টি শিপিং কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে ১ লাখ ৫০ হাজার কেজি পরিমাণ আরডিএক্স বিস্ফোরক রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন- তিনি সেপ্টেম্বরেই জানতে পেরেছিলেন, এসব ম্যাটেরিয়াল ইসরায়েলি সেনাবাহিনীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

শিপ-ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক এবং ফাইনান্সিয়াল ডাটা প্রতিষ্ঠান এল-এস-ই-জি ডাটা অ্যান্ড অ্যানালাইটিকস বলছে, গত সোমবার আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করে এমভি ক্যাথরিন। আগামী মঙ্গলবার এই বন্দর থেকে জাহাজটি আবারও ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার একটি অস্পষ্ট বিবৃতি দিয়েছে মিসরের সেনাবাহিনী। সেখানে ইসরায়েলের সেনাবাহিনীকে সহায়তার কথা অস্বীকার করা হয়।

তবে মিসরের সেনাবাহিনী এমভি ক্যাথরিন নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। আবার আলেকজান্দ্রিয়া বন্দরে জাহাজটির নোঙর করার দাবিও অস্বীকার করেনি মিসরের সেনাবাহিনী। এ ছাড়া কন্টেইনার নামানোর বিষয়েও ওই বিবৃতিতে কিছু নেই। মিসরের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবি এবং ইসরায়েলকে সহায়তার বিষয়ে স্পষ্টভাবে অস্বীকার করছি আমরা। ইসরায়েলকে কোনো সহায়তা করা হচ্ছে না, এটা জোর দিয়েই জানাচ্ছি।

মিসর অস্বীকার করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই জাহাজ নিয়ে মুখ খুলেছে। ওই কার্গো জাহাজটি যেন ইসরায়েলে পৌঁছতে না পারে, সেই আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটির হুসেইন বাউমি মিডল ইস্ট আইকে বলেন, এমভি ক্যাথরিনের জাহাজে থাকা মারাত্মক কার্গো ইসরায়েলে পৌঁছতে দেওয়া উচিত হবে না। এতে ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের মতো স্পষ্ট ঝুঁকি রয়েছে।




প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন যারা

চন্দ্রদ্বীপ নিউজ:: সাফজয়ী বাংলাদেশ দলকে আজ সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সংবর্ধনার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছে গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেছেন ২৩ জন ফুটবলার, ম্যানেজার মাহমুদা অনন্যা ও কোচ পিটার বাটলার যাওয়ার কথা। নেপালে সাফজয়ী বাংলাদেশ কন্টিনজেন্টের বাকি সদস্যরা– গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও ও মিডিয়া অফিসার যেতে পারেননি যমুনায়। এছাড়া কোনো বাফুফে কর্তাও যাননি যমুনায়।

গত বুধবার বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো সাফ জয় করে। ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে পায় ২-১ গোলের জয়।

এরপর চ্যাম্পিয়ন দল দেশে ফিরেই বিশাল অভ্যর্থনা পেয়েছে। ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে গেছে বাফুফে ভবনে। সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফজয়ী বাংলাদেশ দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার পেয়েছে ইতোমধ্যেই। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা খাতুনের দলের জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।




ইসরায়েলের অভিযান : গাজায় একদিনে ৫০ শিশুসহ নিহত ৮৪

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৪ জন। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু এবং অপ্রাপ্তবয়স্ক; এছাড়া আহত হয়েছেন আরও ১৮৬ জন। শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে নিহত হয়েছেন ৮৪ জন এবং আহত হয়েছেন ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক।”

“তবে নিহত এবং আহতদের সংখ্যা আরও বেশি; কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, লোকবল ও উপকরণের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, গতকাল শুক্রবারের হতাহতের পরিসংখ্যানের জেরে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা। হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা।

আকস্মিক এই হামলার পর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। এ অভিযানে গত ১৩ মাসে যারা নিহত হয়েছেন, তাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘ, আন্তর্জাতিক বিশ্ব এবং তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেসব চেষ্টা সফল হচ্ছে না। কারণ অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলকে নিয়মিত আহ্বানও জানানো হলেও তেল আবিব তাতে কর্ণপাত করছে না।

ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আগে গাজা উপত্যকার জনসংখ্যা ছিল প্রায় ২২ লাখ। অভিযানের গত এক বছরে গাজার বাসিন্দাদের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর বাধার কারণে সেখানে খাদ্য, সুপেয় পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, গুরুতর মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন গাজার ফিলিস্তিনিরা।

সুত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা