ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী দিনে নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এদেশের ছাত্র-জনতা যেভাবে ফ্যাস্টিস্ট সরকারের পতন ঘটিয়েছে তা আর কখনোই গ্রহণ করা হবে না। দেশে নানা ষড়যন্ত্র চলছে। আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জিতিছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই তারা ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়েছেন।

এদিকে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার যে ইশতেহার ছিলো চট্রগ্রাম সিটি কর্পোরেশন হবে গ্রীণ ও ক্লিন সিটি কর্পোরেশন-সেই লক্ষ্য আমি কাজ করে যাবো।

চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব মাহমুদ নবী সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

শনিবার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেল আবিবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের গ্রুপ হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকন্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে।

আনাদোলু বলছে, গ্লিলট সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে।

এই ঘাঁটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরও রয়েছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।




সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: হংকংয়ের ছোট মাঠে ৬ ওভারের ম্যাচে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার খুব একটা বেগ পেতে হলো না। এক টুর্নামেন্টে বাংলাদেশকে দুই দুইবার হারের স্বাদ দিয়ে হংকং সিক্সেসের ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা।

গ্রুপপর্বে হারের পর কার্যত প্রতিশোধের ম্যাচে আবারও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের দুয়ার থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাজে ব্যাটিং-বোলিংয়ে সেমিফাইনালেই থামলেন সাইফউদ্দিন-ইয়াসির রাব্বিরা।

আজ (রোববার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয়ে ফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।




লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশির মৃত্যু

চন্দ্রদ্বীপ নিউজ :: লেবাননে ইসরায়েলি হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে ৩২ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালায়। তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছেন তারা।

লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনও বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

 




অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক সীমা অতিক্রম করবে রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে রাশিয়ার দেওয়া পারমাণবিক সতর্কতাকে গুরুতর হিসেবে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ এই কর্মকর্তা।

শনিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি মনে করে যে, অস্তিত্ব হুমকির মুখে পড়লেও মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সেটি ভুল হবে বলে সতর্ক করে দিয়েছেন দিমিত্রি মেদভেদেভ।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে দেশটির শক্তিশালী সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রও মেদভেদেভ।

তিনি বলেছেন, শীর্ষ মার্কিন কর্মকর্তারা তৃতীয় বিশ্বযুদ্ধ চান না। তবে কিছু কারণে তারা বিশ্বাস করেন, রুশরা কখনই চূড়ান্ত সীমা অতিক্রম করবে না।

দেশটির সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘‘তারা ভুল করছেন।’’ তিনি বলেন, মস্কো বিশ্বাস করে, বর্তমান মার্কিন ও ইউরোপীয় রাজনৈতিক দলগুলোতে প্রয়াত হেনরি কিসিঞ্জারের দেখানো ‘‘দূরদর্শিতা এবং সূক্ষ্ম চিন্তা-ভাবনার’’ অভাব রয়েছে।




১৭ ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচারকারীর তালিকায় রয়েছেন হেভিওয়েট রাজনীতিক ও আওয়ামীঘেঁষা ব্যবসায়ীরা। সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) তথ্যে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতিবছর ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার অর্থ পাচার হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকার অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকারের পতনের পর বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। বর্তমানে সিআইডি ১৭ ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানগুলো থেকে পাচারের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে ব্যাংক হিসাবের তথ্যের জন্য। সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ জানিয়েছেন, অনুসন্ধান মূল্যায়ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ পাচারের অভিযোগে সিআইডির অনুসন্ধানের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, এস আলম গ্রুপের মো. সাইফুল আলম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যবসায়ীরা।

বিশ্লেষকরা বলছেন, ডলার সংকট, অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতি সহ নানা কারণে দেশে অর্থ পাচার বৃদ্ধি পেয়েছে। সিআইডির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

চন্দ্রদ্বীপ ডেস্ক: করোনাকালের ধাক্কা সামলে তিন বছর পর এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও আগামী বছরের পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে। প্রায় দুই মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ডগুলো।

এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও প্রায় দুই মাস পিছিয়ে যাচ্ছে। এ পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ এপ্রিল। এরপর চলতি বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু আগামী বছর আবার তা পিছিয়ে যাচ্ছে।

কারিগরি শিক্ষার মানে অধিকাংশই সন্তুষ্ট নয়
এক লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে
ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে, আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে হবে পরীক্ষা।

এদিকে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে এমনটি ধরে নিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিল শিক্ষাবোর্ডগুলো। সেই লক্ষ্যে এখন স্কুলগুলোতে চলছে নির্বাচনী পরীক্ষা। আগামী ১ ডিসেম্বর থেকে এসএসসির ফরম পূরণেরও ঘোষণা দেওয়া হয়েছে।

কী কারণে পরীক্ষা পেছানো হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলছেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার ক্ষতি হয়েছে। এজন্য ঠিকমতো পাঠ্যসূচি শেষ করা সম্ভব হয়নি। আবার শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেও আবেদন আছে। তাই ফেব্রুয়ারিতে পরীক্ষা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য এসএসসি পরীক্ষা পিছিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এইচএসসি পরীক্ষা পবিত্র ঈদুল আজহার পর নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ৩১ মার্চ বা ১ এপ্রিল। আর পবিত্র ঈদুল আজহা হতে পারে আগামী বছরের ৭ জুন।

ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এ পরীক্ষা হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। তবে পরীক্ষা হবে সব বিষয়ে পূর্ণ নম্বরে।




এবার আন্তর্জাতিক আদালতেও ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন বাংলাদেশি একজন আইনজীবী। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করা হয়। মামলাটি করেছেন ‘থ্রি বোল্ট কোর্ট চেম্বার্স’-এর ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন। এর সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সারাহ ফোরে ও ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রু।

মামলা সম্পর্কে অবগত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আশরাফুল আরেফিন ও তার সহযোগীরা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে, বাংলাদেশে এক নজিরবিহীন ছাত্র আন্দোলনের সূচনা ঘটে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিতি লাভ করে। এই আন্দোলনে শেখ হাসিনা সরকার অমানবিক সহিংসতার মাধ্যমে নির্যতিন করেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে পুলিশ, র্যাব, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ব্যবহার করা হয়।

ছাত্র-জনতার এই আন্দোলনে নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে প্রতিবাদকারীদের ওপর। ইতিহাসের এই বর্বরতম নৃশংসতায় দেড় হাজারও বেশি মানুষ শহীদ হন। আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। স্বৈরাচার সরকারের এই কঠোর ব্যবস্থার ফলে দেশে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও অসংখ্য বিক্ষোভকারী নিখোঁজ হয়েছেন। এই নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের উদাহরণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।




ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬

চন্দ্রদ্বীপ নিউজ :: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৬ জন।

শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০, খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।




কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আরেকটা চক্রান্ত শুরু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কূটনীতিক সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, দেশে একটা অনিশ্চয়তা আবার শুরু করার জন্য এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেটা কোনো ইস্যু না, সেটাকে ইস্যু তৈরি করা হচ্ছে। আমি মনে করি এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন হওয়া দরকার।