ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ফলে ভূমির মালিকানা-সংক্রান্ত জটিলতা কমে আসবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ফলে ভূমির মালিকানা-সংক্রান্ত জটিলতা, ভূমি নিয়ে বিরোধ, মারামারি, মামলা-মোকদ্দমা একেবারেই কমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সারা দেশে এই কার্যক্রম শুরু করতে আমাদের সর্বমোট ৩৮৩ কোটি টাকা খরচ হচ্ছে এবং ২০২৬ সালের অক্টোবর মাসে এর কার্যক্রম শেষ হবে।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আগের দিনে গ্রামে যখন সার্ভে করা হতো তখন মাপজোক ঠিক হওয়া নিয়ে কিংবা জমির পরিমাপ ঠিক থাকবে কিনা তা নিয়ে ভয় কাজ করতো। এই বিপত্তিগুলো সৃষ্টি হতো বলে গ্রামগঞ্জে অস্থিরতা তৈরি হতো। পাশাপাশি মারামারি, মামলা-মোকদ্দমা হতো। এর ফলে সমাজে বড় একটি অংশের মানুষ ভূমি জরিপ নিয়ে ধারণা না থাকার কারণে দিনের পর দিন ভোগান্তির মধ্যে পড়তো। এ থেকে পরিত্রাণ পেতে আমরা ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু করেছি।




নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন সংবিধান কার্যকর করবে অন্তর্বর্তী সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান কার্যকর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম।

রোববার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেয়া হবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

মাহফুজ আলম বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। সেটা কিন্তু এক দফার ঘোষণাতেই স্পষ্ট হয়ে গেছে। এমনকি এক দফার আন্দোলনের মধ্য দিয়ে পুরোনো পলিটিক্যাল সেটেলমেন্ট সম্পূর্ণ বাতিল হয়েছে।

এ সময় সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই। জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাইলে নিঃসন্দেহে সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি রাখতে হবে। গণঅভ্যুত্থান না হলে এই কমিশন হতো না।

তিনি আরো বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারব না। আমি মনে করি, চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরিই নয়, অনিবার্যও বটে।

সংবাদ সম্মেলনে সাংবিধানিক সংস্কারের ৭টি উদ্দেশ্যের কথা জানানো হয়। বলা হয়, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা; ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো; রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়াও ভবিষ্যতে যেকোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ; রাষ্ট্রের তিনটি অঙ্গ-নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথকীকরণ ও ক্ষমতার ভারসাম্য; রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন; রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।




জাতীয় ও জেলা পর্যায়ের ১৪ হাসপাতালের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত ৩১ অক্টোবর ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববারের প্রজ্ঞাপনে যেসব হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো- ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।

ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিবর্তন করা হয়েছে।

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




ট্রাম্পের মন্তব্য আমাদের অনেককে বিব্রত করেছে: ধর্ম উপদেষ্টা

ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যে মন্তব্য করেছেন, ‘এটা আমাদের অনেককে বিব্রত করেছে। কারণ, আমরা এখানে (বাংলাদেশে) যাঁরা আছি, তাঁরা মনে করি, সকল ধর্মাবলম্বীদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক-সাংস্কৃতিক অধিকার স্বীকৃত। ফলে অন্য ধর্মাবলম্বীদের হয়রানি করা হচ্ছে, এমন ধরনের যে অভিযোগ আমরা শুনি, আমরা এ কথাগুলোর সঙ্গে একমত নই।’

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার আয়োজিত আজ রোববার বেলা ১১টার দিকে দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশ হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতা ঘটনা ঘটেছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

খালিদ হোসেন আরও বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, এ দেশের যাঁরা নাগরিক, নানা ধর্মাবলম্বী আছেন, প্রত্যেকের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যবসায়িক অধিকার আছে। এটা সাংবিধানিক অধিকার। তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সাম্প্রতিক সময়ে তাঁদের পূজা–পার্বন উৎসবগুলো গেল, তাঁদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। তাঁদের কিছু দাবিদাওয়া আছে। এগুলো সরকারের বিবেচনায় আছে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি সহনশীলতা না থাকলে আমরা সুন্দর, বৈষম্যহীন সমাজ গড়তে পারব না। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান, সহিষ্ণুতা, সম্প্রীতির আবহ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে সুন্নাহ ফাউন্ডেশনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শামছুল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান প্রমুখ।




কাঁঠালিয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

চন্দ্রদ্বীপ নিউজ :: ঝালকাঠির কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে নাজমুল হোসেন রাব্বি নামের এক ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (২ নভেম্বর) রাত সারে ৯টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ২৩ নং ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত রাব্বিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নাজমুল হোসেন রাব্বি উপজেলার ঝোড়খালী গ্রামের মো.জাহাঙ্গির বেপারীর ছেলে ও ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি।

আহত নাজমুল হোসন রাব্বি জানান, শনিবার রাত সারে ৯টার দিকে দুই বন্ধুকে নিয়ে আমুয়ার তালতলা বাজারের মেলা দেখে বাড়ী ফিরছিল। ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর পুর্ব শক্রতার জেরে মটর সাইকেল থামিয়ে তাকে কুপিয়ে জখম করে রায়হান, জুয়েল, সুমন, রিপন, সবুর, জাকির ও মারুফ। এতে রাব্বির দুই বন্ধু শাওন ও মনির আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকর করে রায়হান জমাদ্দার জানান, রাব্বির সাথে তার দ্বন্দ্ব চলছে। ঘটনার সময় তাকে মটর সাইকেল থামাতে বলা হয়। সে না থামিয়ে সজোরে টান দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহরাজ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ওপর পড়ে। এসময় টিনে রাব্বির মাথার পিছনের অংশ কেটে যায়।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




দ্রুতই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

চন্দ্রদ্বীপ নিউজ :: দ্রুতই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার সিদ্ধান্ত নেবে এটি নিয়ে কী করা হবে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে একনেক সম্মেলন কক্ষে আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সচিবরা স্বাধীনভাবে কাজ করতে চান জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সচিব ও জ্যেষ্ঠ সচিবরা জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে তারা অভিযোগ করেছেন। এখন তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন।

প্রকল্প নেওয়ার আগেই জমি কেনার অনিয়ম পাওয়া গেছে, প্রকল্পের দরকারি যন্ত্রপাতি কিনতে দুর্নীতি করা হয়েছে, ঠিকাদার নিয়োগেও অনিয়ম করা হয়েছে, বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দুর্বলতা কাটানো দরকার জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও চলমান সংস্কার কাজ ঠিক মতো হলে জবাবদিহি নিশ্চিত হবে।




বরিশালে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান

বরিশাল অফিস :: সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে বরিশাল নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়া, বরিশাল পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।

অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রাথমিক ভাবে তাদেরকে জেল জরিমানা করা হয়নি। তবে সচেতনতামূক প্রচারনা চালানো হয়েছে।

একই সাথে পরবর্তিতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।




ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেছিলেন যেসব বাংলাদেশি স্বেচ্ছাসেবক

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধে অংশ নেওয়া অনেকেই আর বেঁচে নেই। ফিলিস্তিনের জন্য জীবন বাজি রেখে লড়াই করার সময় তারা ছিলেন তরুণ। কিন্তু এখন বেঁচে থাকা প্রায় সবারই বয়স সত্তর বা তার বেশী। তবুও তাদের সাহস ও উৎসাহ কমেনি। ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা এখনও প্রবল।

যোদ্ধাদের ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করার অভিজ্ঞতা ছিল। ছবি: কে এম বদিউজ্জামান (ফেরত আসা যোদ্ধা)

৬৭ বছর বয়সী জিয়াউল কবির দুলু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে এটি তার একমাত্র যুদ্ধের অভিজ্ঞতা নয়। পরবর্তীতে তিনি ফিলিস্তিনের পক্ষে একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে দুলু বলেন, “মেজর এম এ জলিল আমাকে পাঠিয়েছিলেন। আমি তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়েছি। আমার সাথে যুদ্ধ করা আরও অনেক সহযোদ্ধাও ফিলিস্তিনের জন্য যুদ্ধে গিয়েছিল।”

যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস-এর ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০ এর দশকে প্রায় ৮ হাজার বাংলাদেশি যুবক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিলেন। জিয়াউল কবির দুলু ছিলেন তাদের মধ্যেই একজন।

লেবাননের পত্রিকা আল-আখবার ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস-এর তথ্য উল্লেখ করে এক প্রতিবেদনে জানায়, কয়েকজন ফিলিস্তিনি সামরিক ব্যক্তিত্বকেও প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছিল।

পরবর্তীতে, বাংলাদেশি যুবকেরা প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেন। এদের মধ্যে কমপক্ষে ৪৭৬ জনকে ইসরায়েলি বাহিনী আটক করে এবং তারা কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হন।

দুলু বলেন, “কেউ কেউ গিয়েছিলেন ইসরায়েলি দখল থেকে পবিত্র আল-আকসা মসজিদকে মুক্ত করতে, কেউ ইসলামি ভ্রাতৃত্বের অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। আর কেউ গিয়েছিলেন সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেয়।”

তিনি আরও বলেন, “অনেকেই চেয়েছিলেন ফিলিস্তিনকে মুক্ত করতে এবং জেরুজালেমকে রাজধানী হিসেবে গড়ে তুলতে। সবার একটি সাধারণ লক্ষ্য ছিল, ইসরায়েলের পরাজয়।”

উল্লেখযোগ্যভাবে, যুদ্ধে অংশ নেওয়া সবাই শুধু ইসলামী অনুভূতি থেকেই অনুপ্রাণিত ছিলেন না। দুলু জানান, তার দলে দুইজন হিন্দুও ছিলেন। তিনি বলেন, “তবে দেশে ফিরে আসার পর তাদের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

যেসব স্বেচ্ছাসেবক ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা প্রধানত ছিলেন মেজর এম এ জলিলের অনুসারী। মেজর জলিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেক্টর ৯ এর কমান্ডার ছিলেন।

সেক্টর ১১-এর নেতৃত্ব দেওয়া কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিকরা এবং মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের অনুসারীরাও ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।




বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল অফিস :: জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসীর সাধারন শিক্ষার্থীরা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে নগরের চাঁদমারী চৌরাস্তার মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহাল।

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগ বিধি ও অংসগতিপূর্ণ গ্রেড সংশোধন করা।

মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা।

ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা তুলে ধরেন। এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।




বরিশালে নগর ভবনের পাশে অবৈধ দখলে বৈধ দোকানদারদের ক্ষতি

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশাল নগর ভবনের পেছনে সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখার জমিতে অবৈধভাবে দোকান স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন জাহানারা বেগম নামে এক নারী।

কোনো অনুমতি ছাড়াই এই দোকানে পান, বিড়ি, সিগারেট, চা-বিস্কুট বিক্রি করা হচ্ছে। নিয়মিতভাবে বখাটে ও উশৃঙ্খল ব্যক্তিরা এই দোকানের সামনে জড়ো হয়, যা আশপাশের বৈধ ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ তাদের।

বৈধ দোকানদারদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত দোকানগুলোর ব্যবসায়ীরা এ অবস্থায় মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি, যান্ত্রিক শাখার কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি (যেমন মই) সরানোর সময় প্রায়ই এই অবৈধ দোকানে প্রবেশ করে, ফলে দোকানের মালামালের ক্ষতি হচ্ছে।

এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের বৈধ দোকানদাররা গত ১০ অক্টোবর তারিখে গণস্বাক্ষরিত একটি আবেদন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) বরাবর জমা দিয়েছেন। তারা অবৈধ দখল অপসারণ ও ব্যবসার পরিবেশ পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের সিও মোঃ রেজাউল বাড়ী জানান, সিটি কর্পোরেশনের জায়গায় কিছু অবৈধভাবে দোকান বসানোর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈধ ব্যবসায়ীরা আশা করছেন, সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং অবৈধ দখলমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে।