স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে হাসিনার ছবি

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী সরকারপ্রধান শেখ হাসিনার ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘নিয়মতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছে। স্বরাষ্ট্র সভাকক্ষে উপদেষ্টার বাম পাশের উপরের দিকের দেয়ালে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এরপর আসাদুজ্জামান খান কামাল এবং এরপর শেখ হাসিনার ছবি রয়েছে। পরে সারিবদ্ধভাবে অন্য সাবেক মন্ত্রীদের ছবি ও মেয়াদকাল রয়েছে।

২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ কারণে তার ছবি সভা কক্ষে রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।




বাউফলে দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থী আয়েশা আক্তার মুক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সূর্যমনি গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার বাবা বিআরটিসির বাসচালক। তার বড় বোন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার মা সেই বোনের সাথেই হাসপাতালে ছিলেন। বিকেলে বাড়িতে একা থাকা অবস্থায় মুক্তা নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। সন্ধ্যায় স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় বোন জানান, তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সকালে মুক্তার কাছে একটি মোবাইল দেখতে পেয়ে সেটি তার মা নিয়ে নেন, যার কারণে মুক্তা কিছুটা রাগ করেছিলেন। তবে এটি কোনো আত্মহত্যার কারণ হতে পারে না বলে মনে করছেন তিনি।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




বরিশালকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ

বরিশাল অফিস:: দেশের পরিবেশ ও জনপদের সুরক্ষারসহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জলবায়ু কর্মীরা।

এসময় তারা বরিশাল অঞ্চলকে জীবাশ্ম জ্বালানি নির্ভর থেকে মুক্ত করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নেওয়ার দাবি জানান। সোমবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, এ্যাকশন এইড বাংলাদেশ, প্রান্তজনসহ একাধিক পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি হয়েছে। এসময় বক্তারা অবিলম্বে দাবি মেনে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, সবুজ কর্মসংস্থান, ন্যায্য ও সবুজ জ্বালানি রুপান্তরে নারীদের অংশগ্রহন, জ্বালানি দক্ষতা, জ্বালানি সংরক্ষণের দাবি জানান।

অধক্ষ্য গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম বরিশালের আহ্বায়ক সুভাষ দাস, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের বিভাগীয় সমন্বয়ক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের সদস্য খোরশেদ আলম, এন.ভি.এস.-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, আজম রাশেদ, আশ্রাফুল হক, আক্তারুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব উপলব্ধি ও ১৪ দফা নাগরিক দাবির দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে বরিশাল অঞ্চলকে জীবাশ্ম জ্বালানি নির্ভর থেকে মুক্ত করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নিতে হবে।

দেশে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, সবুজ কর্মসংস্থান সৃস্টি করতে হবে। জলবায়ু পরিবর্তনের হুমকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি একান্ত প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানি আমাদের পরিবেশ রক্ষা করবে, শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহে ৪ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

বরিশাল অফিস:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে চারটি সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এ ছাড়া ৫ জন গুরুতর আহত হয়েছেন।গত ৩০ অক্টোবর রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা রোডে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফৌজিয়া মিম নিহত হন। ২ নভেম্বর একই স্থানে বাইক নিয়ে পড়ে যায় স্থানীয় দুই কিশোর।

৩ নভেম্বর রাতে সিফাত (১৩) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং অন্যজন চিকিৎসাধীন। সর্বশেষ ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে অন্তরা পরিবহনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (৫৫) নিহত হন।

এ ছাড়া গত ৩ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেছনে, অগ্রযাত্রা স্কুলের সামনে ভোলা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া স্পিড ব্রেকারে নির্দেশক কোনো চিহ্ন এবং কোনোধরনের আলোর ব্যবস্থা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।অন্যদিকে সড়ক দুর্ঘটনারোধে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, সড়কে লাইটের ব্যবস্থা, স্পিডব্রেকার, আলাদা লেন, ফুটপাত-সড়ক প্রশস্ত ও সৌন্দর্য বর্ধনসহ বেশ কিছু দাবি জানিয়েছেন ববি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা শিগগিরই ফুটওভার ব্রিজ ও ফুটপথ নির্মাণ কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে তাদের একটি দল মাঠপর্যায়ে এসে স্থান পরিদর্শন ও মাটি পরীক্ষা করে গেছে।

পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে স্পিড ব্রেকার নির্মাণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নিরাপদ সড়কের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যক্রম চোখে না পড়ার বিষয় জানতে চাইলে রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘এ বিষয়ে আগে ভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি।

তবে কিছু সহযোগিতা আমরা পেয়েছিলাম। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে নিরাপদ সড়কের বিষয়টি সবাই গুরুত্বসহকারে দেখছে। শিগগিরই এ বিষয়ে অন্যান্য উদ্যোগও দৃশ্যমান হবে




কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: পর্যটন কেন্দ্র কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযান চলবে আগামী দুদিন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত এলাকায় অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে আগে থেকেই নোটিশ ও মাইকিং করা হলেও অনেকেই স্থানান্তর করেনি। ফলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে এসব স্থাপনা সরানোর কাজ করছে।

কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, “আমরা প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছি, যা আইনগতভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই চলছে। যারা এখনও স্থানান্তর করেননি, তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি।”

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় পুরো এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।




মাওলানা সাদকে দেশে আসতে দিলে অন্তর্বর্তী সরকারের পতন

চন্দ্রদ্বীপ ডেস্ক: তাবলীগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে আসতে দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামাতের একপক্ষের নেতারা।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।




২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ সিপিজের

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয় ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, ওই সাংবাদিকদের মধ্যে চারজন আটক আছেন। আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ার জন্য ‘দৃশ্যত প্রতিশোধ’ হিসেবে তাদের আটক করা হয়েছে।

সিপিজে বলছে, অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত সেন্সরশিপের ক্ষেত্রে একটি উদ্বেগজনক নজির তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে অবশ্যই সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে।

গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ ৯টি ম্যাচউয়েফা উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ৯টি ম্যাচ। মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও এসি মিলানের মতো ক্লাব।

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা বিভাগ-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ঢাকা মহানগর-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
পিএসভি-জিরোনা
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

ব্রাতিস্লাভা-জাগরেব
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

স্পোর্তিং-ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-লেভারকুসেন
রাত ২টা, সনি স্পোর্টস ২

রিয়াল মাদ্রিদ-এসি মিলান
রাত ২টা, সনি স্পোর্টস ৫




মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার ঘিরে। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ করা ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।

অথচ অভ্যুত্থানের তিন মাস না পেরোতেই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বহাল রেখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ভর্তি প্রক্রিয়া জুলাই বিপ্লবের চেতনাবিরোধী বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।




হজযাত্রীদের বিমান টিকিট ও তিন ফি’তে শুল্ক-ভ্যাট অব্যাহতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: হজ পালনে ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য সমুদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল সেটি থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশ বলা হয়েছে, যেহেতু উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। যেহেতু হজ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকিটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত। তাই বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি৭) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (পি৮) এর ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হ্রাস বা অব্যাহতি প্রদান করা হলে ধর্মপ্রাণ মুসলিমগণের হজ পালন সহজ হবে।

এসব কারণে ২০২৫ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য সমুদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। যা মওকুফ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।