বাউফলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের কবির হোসেন সিকদারের সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। শিশুদের বাবা পুকুরঘাটে বসিয়ে রেখে পানি নিতে ঘরে গিয়ে ফিরে এসে দেখতে পান, দুই ছেলে সেখানে নেই। তাকে খুঁজতে গিয়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। এরপর ছোট ছেলে আবুবকরকেও একই পুকুর থেকে টেনে তুলে উদ্ধার করা হয়। তাদের দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রথমে বড় ছেলে ইমাম পুকুরে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আবুবকরও পানিতে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমাম হোসেন স্থানীয় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বাউফল থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




চোখে দেখেন না মিরাজুল, ১৪ বছর ধরে শেখাচ্ছেন কোরআন

চন্দ্রদ্বীপ নিউজ :: অসুস্থ হয়ে হারিয়েছেন চোখের আলো। কিন্তু মনের আলো আর ইচ্ছাশক্তির জোরে কোরআনে হাফেজ হয়েছেন মিরাজ ইসলাম। শ্রবণশক্তির মাধ্যমে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এরপর থেকে ১৪ ধরে কোমলমতি শিশুদের নিজেই কোরআন শিক্ষা দিচ্ছেন।

হাফেজ মিরাজুল ইসলামের (৩৪) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে। তার বাবা আবুল হোসেন ছিলেন একজন কৃষক। চার ভাইবোনের মধ্যে মিরাজুল তৃতীয়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা মিরাজুলের ১৪ বছর বয়সে টাইফয়েড জ্বর হয়। পরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শুরু করেন। সাত-আট ধরে জ্বর থাকার পর একদিন ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তারপর বাঁ চোখেরও দৃষ্টিও চলে যায়। তখন থেকেই পুরোপুরি অন্ধ তিনি। তবু তার বাবা চাইতেন মিরাজুল যেন কোরআনে হাফেজ হন।

স্থানীয়রা জানান, মিরাজ ছোটবেলায় কোথাও কোরআন তিলাওয়াত কোথাও শুনলে আল্লাহর কাছে মোনাজাত করে বলতেন তাকে যেন একদিন আল্লাহ কোরআনে হাফেজ বানান।

তারা আরও জানান, মিরাজুল দাউদখালী হাফিজিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। অসুস্থতার কারণে আর মাদ্রাসায় যেতে পারেননি। কিন্তু প্রবল ইচ্ছাশক্তির কারণে ২০০৮ সালে যশোর দারুল সালাম কমপ্লেক্সে তিন বছর পড়ে ৩০ পারা কোরআন মুখস্থ করেন। সেখানে ২০১১ সালে তিনি হাফেজ খেতাব পান।

২০১৭ সালে চালিতাবুনিয়া ছলেহীয়া হামিদিয়া দীনিয়া ও হাফিজি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি নেন। সরকারিভাবে যে প্রতিবন্ধী ভাতা পেতেন, চার মাস ধরে তাও পান না। খুব কষ্টে জীবনযাপন করেন। তবু সেখানে আট বছর ধরে পড়ান। তিনি শত শত ছাত্রকে কোরআন শিখিয়েছেন। তার হাতে ছয়জন ছাত্র হাফেজ হয়েছে।

হাফেজ মিরাজুল ইসলামের সঙ্গে কথা হয় কালবেলার। তিনি বলেন, ছোটবেলায় কোরআন শেখার জন্য বেকুল হয়ে থাকতাম। এখন বাচ্চাদের কোরআন তিলাওয়াত শেখাতে পারছি, এটা আমার কাছে ভাগ্য। আমাদের মাদ্রাসায় শিক্ষক আছেন মোট চারজন। মাদ্রাসায় এখন ৪০ থেকে ৪৫ জনের মতো ছাত্র আছে। এর মধ্যে তিনজন এতিম ও তিনজন হাফেজ রয়েছে।

শিক্ষকের পড়া কেমন লাগছে, জানতে চাইলে মাদ্রাসার ছাত্র হাফেজ আবু সাঈদ কালবেলাকে বলে, আমি এই মাদ্রাসার ছাত্র। স্যার অন্ধ হলেও শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো একজন শিক্ষক। একদিকে অন্ধ, অন্যদিকে তার দ্বীনি শিক্ষা দেওয়ার পদ্ধতি খুবই প্রখর ও নির্ভুল।

চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা আবদুল শাহেদ আলী কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা তাকে ‘অন্ধ হুজুর’ হিসেবে চেনে। চোখে না দেখেও ভালো করে বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন ১৪ বছর ধরে। আমাদের এখানে শেখাচ্ছেন ৮ বছর ধরে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম কালবেলাকে বলেন, শিক্ষকতার পাশাপাশি তার জীবনযাপনে এই মাদ্রাসার ছাত্ররাই তার চলার পথের সাথি। টয়লেটে যাওয়া, গোসল করা, খাওয়াদাওয়া এমনকি কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও ছাত্ররাই তাকে সাহায্য করে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অনেক শ্রদ্ধা করে।




আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পোষ্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের কাতার প্রবাসী জালাল মোল্লার মেয়ে ও আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী শুকতারা আক্তার (১৩)কে বুধবার দুপুরে মা ময়না বেগম লেখাপড়া করার জন্য গালমন্দ করে।

এ কারনে পরিবারের উপর অভিমান করে বুধবার বিকেলে ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে এসআই শফিকুল সরকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রী শুকতারা আক্তারের লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।




‘বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবেই দেশকে গড়তে হবে’

চন্দদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন বাংলাদেশে আসে সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার বিপ্লবের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বিপ্লবের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার পরামর্শ চান।

এ সময় বিজ্ঞান চর্চাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং এসএনবিএনসিবিএস, কলকাতার সাবেক অধ্যাপক পার্থ ঘোষ প্রমুখ।




আইনি কাঠামো পাচ্ছে অন্তর্বর্তী সরকার, স্পষ্ট হচ্ছে মেয়াদ ও ক্ষমতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইনি কাঠামোর মধ্যে আসছে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। বুধবার (৬ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় বর্তমানে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ বলে কিছু নেই। এ কারণে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেজন্য ১৯ সেপ্টেম্বর ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

আইন ও বিচার বিভাগ প্রণীত এ অধ্যাদেশ জারি হলে আদালতে বৈধতার প্রশ্ন তুলে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার দিন পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ হবে। এর আগে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ধরা ছিল ৯০ দিন।

অন্তর্বর্তী সরকারের কাজ কী হবে, তা-ও চূড়ান্ত করা অধ্যাদেশে ঠিক করে দেয়া হয়েছে। এ-সংক্রান্ত ধারায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী বা সাময়িক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। অধ্যাদেশটির খসড়ায় রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে, বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে কাজ করতে হবে।

জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ নিতে হবে।তবে কবে নাগাদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি হতে পারে, তা নিশ্চিত করে বলা হয়নি এই প্রতিবেদনে।




কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: এশিয়া ডে অফ অ্যাকশন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে রাবনাবাদ চ্যানেলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে একটি নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কলাপাড়াবাসী এবং ওয়াটারকিপারস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ নৌ-র‌্যালিটি আয়োজিত হয়।

র‌্যালিতে অংশ নেন ওয়াটারকিপারস কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সংগঠক কামাল হাসান রনি এবং স্থানীয় জেলে শহীদুল ইসলামসহ অনেকেই। তারা প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পের সম্প্রসারণ ও অর্থায়নের বিরোধিতা করেন এবং বলেন যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে।

ওয়াটারকিপার্সের সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু জানান, “পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩২০ মেগাওয়াট ইউনিট চালু হয়েছে এবং আরও একটি ইউনিট চালুর অপেক্ষায়। সেইসাথে গ্যাস আমদানির জন্য পায়রা বন্দরে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব প্রকল্প বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা।”

র‌্যালিতে অংশগ্রহণকারীরা “গ্যাস সম্প্রসারণ বন্ধ কর”, “প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পে অর্থায়ন বন্ধ কর”, “নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরই সমাধান” প্রভৃতি স্লোগান দেন। এ আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়ন টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে করার দাবি জানানো হয়।




প্রশাসনের হস্তক্ষেপে ২ বছর পর চালু হল বেনাপোল পৌর বাস টার্মিনাল

চন্দ্রদ্বীপ নিউজ::যশোর জেলা প্রশাসনের নির্দেশে উদ্বোধনের প্রায় দুই বছর পর বেনাপোল পৌর বাস টার্মিনালে বাস ঢোকা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোলবাসীর মনে। যাত্রীদের নিরাপত্তার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নিজস্ব জনবল বাড়ানো হয়েছে।

বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বুধবার এমন একটি নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে বাসগুলো পৌর বাস টার্মিনালে আসতে শুরু করে।
যানজট নিরসনের লক্ষে সরকার ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে এই টার্মিনাল ব্যবহার করত না। দীর্ঘ দুই বছর পর চালু বৃহস্পতিবার থেকে হলো বেনাপোল পৌর বাস টার্মিনালটি।

বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী এই পথে পারাপার হয়। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা যাওয়া করে থাকে।

দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত। এ সময় চালকরা এই দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা কলকাতা মহাসড়কের দু‘ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা নামার কাজ করত।

অপরদিকে স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাক, বন্দর থেকে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্য বোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দু‘পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এসব যাত্রীবাহী বাসগুলো রাস্তা থেকে যাত্রী উঠানামা করানো ও ট্রাকগুলো দাড় করিয়ে রাখায় তীব্র যানজট তৈরি হত।

বাস টার্মিনাল চালু করার প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। কোন রকমেই বেনাপোল যানজট মুক্ত হচ্ছিল না। যানজটের কারনে সকালে পণ্য বোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হচ্ছিল। এতে আমরা ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোলে কিছুটা হলেও যানজট মুক্ত হবে বলে আমি মনে করি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাসসমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ৩টি বাস ব্যতীত)।

এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টা সকলে আন্তরিকতার সাথে দেখলে আর বাসগুলি বাস টার্মিনাল থেকে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করলে বেনাপোলে থেকে যানজট কিছুটা কমবে বলে আমি মনে করছি।




মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশীর জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সব জল্পনা-কল্পনা উড়িয়ে মার্কিন হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে তার জয় নিশ্চিত হতেই বুধবার ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। কমলা হ্যারিসকে হারিয়ে একবার ফের মার্কিন মসনদে বসছেন ট্রাম্প।

আলোচিত এই নির্বাচনে মার্কিনিদের পাশাপাশি নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশীও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশী বংশোদ্ভূত পাঁচ প্রার্থী আইনপ্রণেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি নিশ্চিত করেছে।

বিজয়ী বাংলাদেশীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর ডেমোক্র্যাট প্রার্থী শেখ এম রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।

তাদের মধ্যে কাউন্সিলম্যান ড. নুরান নবী পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর এ পদে আছেন। কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ-বিষয়ক দায়িত্বে রয়েছেন তিনি




আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাকে আদালতে আনা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ইমরান আহম্মেদ তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আমুর বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন।

মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ১৮ আগস্ট ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ঝালকাঠির আমুর বাসবভনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে তার ওই বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ষাটের দশকের ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু ১৯৭০ সালের নির্বাচনে বরিশাল থেকে প্রাদশিক পরিষদের সদস্য হয়েছিলেন। স্বাধীনতার পর পাঁচবার এমপি নির্বাচিত হন।




বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, আমাদের শাসনকালে কোনো যুদ্ধ ছিল না। আমরা আইএসকে পরাজিত করেছিলাম। এর বাইরে চার বছরে আমাদের আর কোনো যুদ্ধ ছিল না।

ঠিক কোথায় যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প তা উল্লেখ না করলেও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান এই নেতা ইউক্রেন এবং ইসরাইলের দিকেই মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শাসনামলে বিলিয়নেয়ার এই ব্যবসায়ী উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সম্মেলনে কিম জং উনের সাথে করমর্দন করেছিলেন তিনি।