ফিলিস্তিনি শিশুদের কারাগারে পাঠানোর নতুন আইন পাশ করেছে ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে নতুন একটি আইন পাশ করেছে ইসরাইলের পার্লামেন্ট (নেসেট)। নতুন এই আইনকে ইহুদিবাদী শাসনের বর্ণবাদী আচরণের আরেকটি জলজ্যান্ত উদাহরণ বলে অভিহিত করেছে হামাস।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে শহিদি হওয়ার উদ্দেশে আক্রমণ চালানোর অভিযোগে তাদেরকে নির্বাসনের এই আইন ইসরাইলি শাসনের বর্ণবাদী আচরণকে পুনরায় স্পষ্ট করেছে।

হামাস আরও বলেছে, ‘নেসেটে ১৪ বছরের কম বয়সি শিশুদের বিচার ও কারাগারে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির মতে, এটি জাতিসংঘের শিশু অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের অপরাধমূলক পদক্ষেপের আরেকটি উদাহরণ।

এছাড়াও এই বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে গাজায় দখলদারদের অমানবিক হত্যাযজ্ঞ চালানোর বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠিটি। সূত্র: ইরনা




সুইজারল্যান্ডে ২০২৫ থেকে ‘বোরকা নিষিদ্ধ’ আইন কার্যকর

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে। যা ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাদের প্রায় ১ হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে। যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান।

২০২১ সালে সুইজারল্যান্ডে একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণ রায় কার্যকর করা হবে।

তবে ওই গণভোটের কঠোর বিরোধীতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।

যে গ্রুপ এই গণভোট আয়োজনের ব্যবস্থা করেছিল সেটি ২০০৯ সাল থেকে সুইজারল্যান্ডে নতুন করে মসজিদের কোনো মিনার নির্মাণ নিষিদ্ধের ব্যবস্থা করেছিল।

যদিও সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলতে নামছে একাধিক বড় দল।

২য় ওয়ানডে
বাংলাদেশ-আফগানিস্তান
বিকেল ৪টা ইউরোস্পোর্ট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন স্টার্স
সকাল ১০টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রিসবেন হিট-অ্যাডিলেড স্টাইকার্স
দুপুর ২-১৫ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১

১ম টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭-৩০ মিনিট সনি স্পোর্টস টেন ৫

লা লিগা
রিয়াল মাদ্রিদ-ওসাসুনা
সন্ধ্যা ৭টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

জার্মান বুন্দেসলিগা
মাইনৎস-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮-৩০ মিনিট সনি স্পোর্টস টেন ১

পাউলি-বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মিনিট সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-এভারটন
রাত ৯টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন-ম্যানচেস্টার সিটি
রাত ১১-৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-অ্যাস্টন ভিলা
রাত ২টা স্টার স্পোর্টস সিলেক্ট ১




প্রজ্ঞাপন জারি, যারা পারবেন না শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ট্রাস্ট ও অন্যান্য সংস্থা পরিচালিত স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোনয়ন আগের মতোই সংস্থা প্রধান দেবেন। পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নিংবডি-ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধি ৬৩-তে উল্লিখিত ট্রাস্ট, মিশনারি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কালেক্টরেট, পুলিশ লাইন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, রেলওয়ে, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০ আগস্টের ১৮৩ নম্বর প্রজ্ঞাপনের আওতা বহির্ভূত থাকবে।
অর্থাৎ বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার মনোনীত প্রার্থী এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।

এদিকে ২০ আগস্ট এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাদের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৮ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো।




মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাওফেরে আরেকটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি হুথি নিয়ন্ত্রিত বাহিনী কর্তৃক ধ্বংস করা ১২তম মার্কিন ড্রোন।

গোয়েন্দা তথ্য ও নজরদারির জন্য বিশেষভাবে বানানো ড্রোনটি শুক্রবার ভোরে ওই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভূপাতিত করা হয়।

ইয়েমেনি বাহিনীর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে।

যা ড্রোন ভূপাতিত করতে বিশেষভাবে সক্ষম।
রিপার ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। অবতরণ করার আগে ২৪ ঘণ্টা পর্যন্ত টানা উড়তে পারে ড্রোনটি।

মার্কিন সামরিক বাহিনী এবং সিআইএ উভয়ই বিমানটি ইয়েমেনের উপর দিয়ে বহু বছর ধরে উড়িয়ে আসছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরায়েলি স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। হুথির দাবি, তারা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে যুক্ত জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করছে।




মির্জাগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী বহিষ্কার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাহাঙ্গীর ফরাজীর বাড়ি তল্লাশি করে। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে অস্ত্র আইনে মামলা করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোতালেব ফরাজীর ছেলে জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সড়ক দুর্ঘটনায় দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৯) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি চলতি বছরের ১৮ এপ্রিল দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে (চলতি দায়িত্ব) যোগদান করেন। তার বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে।

গত ২২ অক্টোবর নদীতে অভিযান শেষে অফিসিয়াল কাজে দশমিনা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। ওই দিন দুপুরে পটুয়াখালী যাওয়ার সময় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেক দিন কোমায় থাকার পর তিনি মারা যান।

শুক্রবার সকালে জানাজার নামাজ শেষে তাকে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মো: আল-আমিন স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শীতের সবজির সরবরাহ বাড়লেও বাজারে দাম চড়া, ক্রেতারা বিপাকে

বাজারে সিম, ফুলকপি, বাধাকপিসহ বিভিন্ন মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে সিম, করলা, বেগুনের মতো কিছু সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর তাল বেগুনের দাম উঠেছে ১৪০ টাকায়। এদিকে মৌসুমের নতুন আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, শীতের সবজি বাজারে আসার সাথে সাথে দামে স্থিতিশীলতা আসার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। এক ক্রেতা জানান, “শীতের সবজি আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ নেই।” আরেকজন ক্রেতা বলেন, “বাজারে সবজির সরবরাহ ভালোই আছে, কিন্তু দাম কমছে না।”

বিক্রেতারা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা সবজির দাম কিছুটা কমাতে পারে। তবে গ্রীষ্মকালীন সবজির যোগান কমে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়ে গেছে।

এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকারি নির্ধারিত মূল্যের কাছাকাছি দামে ডিম পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারভেদে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকায় এবং সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ক্রেতারা নিত্যপণ্যের এই চড়ামূল্যের কারণে গরু ও খাসির মাংস কেনা থেকে বিরত থাকছেন। বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ও লেয়ার মুরগির দামে কোনো পরিবর্তন আসেনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায় এবং লেয়ার মুরগির দাম ৩০০ টাকা প্রতি কেজি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধে সরকারের নজর, বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভরতা বৃদ্ধি

চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার ৪৮ কোটি টাকায় পৌঁছেছে। শেখ হাসিনা সরকারের বিগত সময়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে এই ঋণ দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই মূল্যস্ফীতির হার বাড়িয়ে তুলেছে। ফলে বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কোনো ঋণ গ্রহণ করেনি। বরং চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সরকারের রাজস্ব আয়ের ঘাটতি মোকাবিলায়, গত চার মাসে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৬ হাজার ২২৯ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। সেই ঋণের একটি বড় অংশ, প্রায় ৩৯ হাজার ৫৩৩ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের পুরনো ঋণ শোধ করতে ব্যবহার করা হয়েছে। এতে বোঝা যায়, বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে সরকার বাণিজ্যিক ব্যাংকের উপর আরও নির্ভরশীল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, সরকারি ব্যয়ের চাহিদা পূরণে বাণিজ্যিক ব্যাংকের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আর্থিক খাতের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বাণিজ্যিক ব্যাংকের ঋণগ্রহণের এই প্রবণতা ক্রমবর্ধমানভাবে সুদের হার বাড়িয়ে তুলতে পারে, যা ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করবে। এ কারণে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়ে সরকারকে পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাস্তবেও প্রেমে মজেছেন ইয়াশ ও তটিনী? নেটিজেনদের গুঞ্জন

বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে তাদের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি তাদের নিয়ে গুঞ্জন উঠেছে, পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের বিশেষ সম্পর্ক রয়েছে। যা নিয়ে ভক্তদের কৌতূহল দিন দিন বাড়ছে।

নেটিজেনদের মতে, ইয়াশ ও তটিনীর সম্পর্কের ইঙ্গিত আগে থেকেই সামাজিক মাধ্যমে ছিল। তারা প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করেন। তাদের পোস্টের ক্যাপশনও প্রায় একসঙ্গে মিল পাওয়া যায়, যা থেকে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলছেন। যদিও তারা এই গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ, তবে ভক্তরা বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন।

তানজিম সাইয়ারা তটিনী এক সাক্ষাৎকারে জানান, নাটকের সূত্রেই ইয়াশের সঙ্গে তার বন্ধুত্ব। তাদের বন্ধুত্বের মধ্যে খুনসুটি লেগেই থাকে। কিছুদিন আগেই ইয়াশ একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তারা এক করিডোরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড টু তানজিম সাইয়ারা-টটস’। একই ছবি তটিনীও তার প্রোফাইলে শেয়ার করেন, ক্যাপশনে লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড ইয়াশ রোহান’। এই ছবিগুলো দেখে ভক্তদের মধ্যে জল্পনা আরও বেড়ে গেছে।

বর্তমানে ইয়াশ ও তটিনী কক্সবাজারে মহিদুল মহিমের পরিচালনায় একটি নাটকের শুটিং করছেন। আসন্ন ভালোবাসা দিবসেও তাদের একসঙ্গে একাধিক নাটকে দেখা যাবে।

তটিনী তার সহশিল্পী ইয়াশের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদের জুটিকে ভালোভাবে গ্রহণ করেছেন। আমার সহশিল্পী হিসেবে ইয়াশ ভাই আমার খুব ভালো বন্ধু। তবে আমি কখনো ভুলি না যে, তিনি আমার সিনিয়র। তাকে সবসময় সম্মান দিয়ে কাজ করেছি। তার উৎসাহ ও অভিজ্ঞতার কারণে কাজগুলো মজাদার হয়ে উঠেছে।”

এই জুটি যে পর্দায় এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্ব দিয়ে ভক্তদের মুগ্ধ করছেন, তা বলার অপেক্ষা রাখে না।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম