দুমকি দলিল লেখক সমিতির সভাপতি জসীম, সম্পাদক খোকন নির্বাচিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোঃ জসীম উদ্দিন সভাপতি এবং আবু সালেহ খোকন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান নির্বাচিত হন।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুমকি সাব-রেজিস্ট্রি অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৭ জন ভোটারের মধ্যে ২৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির উপদেষ্টা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জসীম উদ্দিন (ছাতা প্রতীক) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবু সালেহ খোকন (হেলিকপ্টার প্রতীক) ১৭ ভোট এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান (কলম প্রতীক) ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ জসীম উদ্দিন বলেন, “সমিতির সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করে সমিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন জানান, “নির্বাচনের মাধ্যমে দলিল লেখকদের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা সবাই মিলে কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবো।”

নির্বাচনের দিন সকালে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সাব-রেজিস্ট্রি অফিসে ভিড় জমায়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সদস্যরা জানান, ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয়রা আশা করছেন, নবনির্বাচিত এই কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং তাদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবে। উল্লেখ্য, দুমকি দলিল লেখক সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে আসছে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ

বরিশাল অফিস:সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বাইরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বরিশাল নগরীতেও। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি ছাত্রদল নেতাকর্মিদের রাজপথে সোচ্চার থাকতে দেখা গেছে।

নগরীর প্রানকেন্দ্র সদররোডস্থ্য অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা কর্মীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মিরা সদর রোডে মিছিল বের করে। এছাড়া সকাল থেকে বিএম কলেজ ক্যাম্পাস অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা দুইজন ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

বেলা ১২টায় বিএম কলেজ ক্যাম্পাস থেকে দুইজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে বিক্ষোভ সহকারে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে। তাদের দাবি সকাল থেকে আটককৃত ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পায়তারা করছিল। তাদের মোবাইল ফোন চেক করে প্রমানিত হয় তারা ছাত্রলীগের কর্মী। আটককৃতরা বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ও রাশেদ।

তবে এর বাইরে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 




বরিশালে ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল ও শিক্ষার্থীরা

বরিশাল অফিস:: নূর হোসেন দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অপতৎপরতা ঠেকাতে বরিশালে পৃথক বিক্ষোভ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময় পাশ্ববর্তী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কয়েক ঘণ্টা বিক্ষোভ করে ছাত্রদল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম, আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে বক্তারা বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অপতৎপরতার চেষ্টা করছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতির পাহারাদার হিসেবে কাজ করবে ছাত্রসমাজ।




আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো কয়েকজন উপদেষ্টা। সংখ্যাটা চার অথবা পাঁচজন হতে পারে।

রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টারা সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে।

১৭ থেকে ২১-এ দাঁড়াল অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা
৪ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৮ জনের পুনর্বণ্টন
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।




কুয়াকাটায় ১৫ কেজির বিশাল মেদ মাছ জেলের জালে

পটুয়াখালীর কুয়াকাটায় মো. খলিল নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল মেদ মাছ। শনিবার (১০ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেললে এই মাছটি ধরা পড়ে। পরে রাতে কুয়াকাটা পৌর মাছ বাজারে মাছটি নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় জমায়।

মাছটি ৯০০ টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ১৪ হাজার ৫৩০ টাকায় এটি কিনে নেন। তিনি মাছটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছেন, যা থেকে ভালো লাভের আশা করছেন।

জেলে মো. খলিল জানান, বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার সময় এত বড় একটি মেদ মাছ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। গত বছরও তিনি এমন একটি মাছ পেয়েছিলেন, তবে সেটি আকারে ছোট ছিল।

মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, “এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পর এমন বড় মাছের দেখা এই প্রথম।”

কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এই আকারের মেদ মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্র মোহনায় পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়িয়ে এবং সমুদ্র মোহনা খননের মাধ্যমে আরও বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

এ বিক্ষোভে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। তারা আওয়ামী সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সরকারের সমালোচনা করেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রধান উপদেষ্টা ও তার পরিষদসহ সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন। গত ৫-৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়।

ড. ইউনূস ছাড়াও ৬২ জন অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম রয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়।




প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ নিউজ::অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১০ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এর আগে গত ২২ সেপ্টেম্বর (রোববার) সেনাপ্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।




টেটা দিয়ে কুপিয়ে তিনজনকে জখম

মাছের ঘেরে জোরপূর্বক মাছ ধরার বাঁধা দেওয়ায় হাতুরি দিয়ে পিটিয়ে ও টেটা দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুত্বর আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে।

হাসপাতালে শষ্যাশয়ী আহত খোকন হাওলাদারের ছোট ভাই জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মাছের ঘের থেকে শনিবার বিকেলে একই গ্রামের সাহেব আলী মৃধার ছেলে মিলন মৃধা, কুদ্দুস মৃধার ছেলে পারভেজ ও আশিক মৃধা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছিলো।

এসময় আমার বড় ভাই খোকন হাওলাদার, রতন হাওলাদার ও আমার শ্যালক রিয়াজ হোসেন তাদেরকে মাছ ধরায় বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওইতিনজনকেই হাতুরি দিয়ে পিটিয়ে ও টেটা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে অভিযুক্তরা।

এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজায় গণহত্যার স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করেছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। গত ৫ নভেম্বর একজন রাষ্ট্রদূত নিয়োগ দেয় দেশটি। এর দুইদিন পর আয়ারল্যান্ডের আইনপ্রণেতারা সংসদে একটি প্রস্তাব পাস করেছেন, যেখানে স্বীকার করা হয়েছে- ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সেই সঙ্গে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলায় নিজেদের সম্পৃক্ত করবে।

আইরিশ আইনপ্রণেতারা দাবি করেছেন, তাদের সরকার অবিলম্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে সমস্ত লেনদেন স্থগিত করবে।

এছাড়া তেল আবিবে অস্ত্র বহনকারী বিমানের জন্য আকাশসীমা এবং আয়ারল্যান্ডের বিমানবন্দর ব্যবহারও নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে আয়ারল্যান্ড জানিয়েছিল, তারা গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।

এরপর সেপ্টেম্বর মাসেই আয়ারল্যান্ড ও ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আয়ারল্যান্ডের এসব পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর বাইরে। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্মম হামলার সবচেয়ে স্পষ্টবাদী সমালোচকদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ