ট্রাম্প -পুতিনের ফোন, ইউক্রেইন যুদ্ধ না বাড়ানো পরামর্শ

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে তাকে ইউক্রেইন যুদ্ধ আর না বাড়ানো পরামর্শ দিয়েছেন বলে এই কথোপকথনের বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা জানিয়েছেন।

আর প্রেসিডেন্ট জো বাইডেন পরিকল্পনা করেছেন, কিইভকে পরিত্যাগ না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন।

রোববার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, গত কিছুদিনের মধ্যেই ট্রাম্প ও পুতিন কথা বলেছেন।

ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বুধবার কথা বলেছেন। কিইভের জন্য যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সমর্থন দিচ্ছে তার সমালোচনা করেছেন ট্রাম্প, দ্রুত এই যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছেন; তবে কীভাবে এটি করবেন সে বিষয়ে কিছু জানাননি।

ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনের বিষয়ে তাদের আগাম কিছু জানানো হয়নি।

প্রথম ওয়াশিংটন পোস্টে খবর হওয়া ওই ফোন কলের বিষয়ে প্রশ্নে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টেভেন চন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য বিশ্ব নেতাদের মধ্যে ব্যক্তিগত কলের বিষয়ে আমরা মন্তব্য করি না।”




সরকারি চাকুরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন, গ্রাচুইটির সুবিধা পাবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংশোধনীর ফলে এখন থেকে কোন সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে— চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র, কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের মৃত্যুর পর তাঁর পেনশন ও গ্রাচুইটি সুবিধা দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার মনোনয়ন নিয়ে সৃষ্ট আইনী জটিলতা দূর করতে ‘পেনশন রুলস এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস’ সংশোধন করেছে সরকার।

সংশোধনীর ফলে এখন থেকে কোন সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে— চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র, কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন।

একইভাবে চাকরিজীবী যদি তাঁর পেনশনের নমিনি বা উত্তরাধিকারী হিসেবে কারও নাম উল্লেখ করে না যান, তাহলে তাঁর পরিবারের সকল সদস্য সমানহারে প্রাপ্য আনুতোষিক সুবিধা পাবেন। এক্ষেত্রে, নাতি-নাতনির বয়স ১৮ বছর হলে তাঁরা এ সুবিধা পাবেন না। এছাড়া, পেনশনারের মৃত ছেলের বিবাহিত বোন কিংবা স্বামী জীবিত আছে, এমন কোন বোন আনুতোষিক সুবিধা পাবেন না।

এক্ষেত্রে মৃত ছেলে বা মেয়ে জীবিত থাকলে যে অনুপাতে পেতেন– তাদের সন্তানেরাও একই অনুপাতে পেনশন বা আনুতোষিক সুবিধা ভোগ করবেন।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, পারিবারিক পেনশন কমপক্ষে ১৫ বছর পাওয়া যায়। দ্য ফ্যামিলি পেনশন রুলস ১৯৫৯-এ মনোনয়ন প্রদান বাধ্যতামুলক করা হলেও এটি কার্যকর না থাকায়– চাকরিজীবীর মৃত্যুতে তাঁর ছেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে এ সুবিধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, মেয়ে সন্তান বিবাহিত হলে তারাও এ সুবিধা পান না।

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব সানজিদা সোবহান মারা যাওয়ার পর এই শর্ত অনুযায়ী, তাঁর ছেলে বা মেয়ে কেউই পেনশন সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না। তাহলে তাঁর পরিবারের সদস্যদের প্রাপ্য পারিবারিক পেনশন সুবিধা কে পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মিটিং করে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সানজিদা সোবহানের নাতি-নাতনিরা যাতে অবশিষ্ট মেয়াদকালে পারিবারিক পেনশন ও আনুতোষিক সুবিধা পান, সেজন্য পরিবারের সংজ্ঞা পরিবর্তন করে মৃত ছেলে বা মৃত মেয়ের সন্তানদের পরিবারের মধ্যে অনুর্ভূক্ত করে ‘পেনশন রুলস এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস’ সংশোধন করেছে অর্থ মন্ত্রণালয়।




জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।

আজ (সোমবার) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।




কিউবায় পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

এক ঘণ্টার ব্যবধানে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যারিবিয়ান দেশ কিউবা। প্রথম কম্পনের মাত্রা ছিল ৫.৯ রিখটার স্কেলে, আর দ্বিতীয় কম্পনটি ছিল ৬.৮ মাত্রার। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রোববার (১০ নভেম্বর) কিউবায় প্রথম যে ভূমিকম্পটি আঘাত হানে, তার উৎসস্থল ছিল গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে।

কিউবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানান, “ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে কিছু এলাকায় ঘরবাড়ি এবং বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছি।

ভূমিকম্পে সান্তিগো ডি কুবা এবং গ্রানমা প্রদেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওই অঞ্চলে দ্রুত সহায়তা ও পুনর্গঠনের কাজ শুরুর প্রস্তুতি চলছে।

এদিকে, কিউবার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিউবায় কোনো রকম সহায়তার প্রয়োজন হলে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে: সারজিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে নতুন রদবদল আনা হয়েছে। উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি করায় তৈরি হয়েছে বিতর্ক ও অসন্তোষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, “শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!”

সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরউদ্দিনের নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এর পরপরই গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে মশাল মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা শেখ বশীরউদ্দিনকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে আখ্যায়িত করে বলেন, “উপদেষ্টা পরিষদে তার অন্তর্ভুক্তি মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ। আমরা অবিলম্বে শেখ বশীরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।”

এই রদবদলের ফলে ছাত্র ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত নতুন সংকটের জন্ম দিতে পারে।




কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা, লক্ষাধিক টাকার মালামাল লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এতে চোরচক্র বাসার নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার, পোশাকসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনার সময় শিক্ষক মোঃ জসিম উদ্দিন ঢাকায় ছিলেন, তার পরিবারের সদস্যরা ওইদিন ঢাকা বেড়াতে গিয়েছিলেন। তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।

রবিবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানান যে, তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন, বাসার গেট ভাঙা, বৈদ্যুতিক লাইন বিছিন্ন এবং সিসি ক্যামেরা ভাঙা। এছাড়া আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ আরও বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গলাচিপায় আলুর বীজের সংকট, কৃষকরা চিন্তিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত বছরের তুলনায় চলতি বছর আলুর বীজের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে, বীজের সঙ্কটের কারণে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। ফলে তাদের আশঙ্কা, উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে অনেক কম হবে।

জানা গেছে, গলাচিপায় আলুর আবাদ করার জন্য এক হাজার একর জমি নির্ধারিত রয়েছে, যেখানে প্রায় পাঁচ শতাধিক কৃষক কাজ করবেন। গলাচিপা সদর ইউনিয়নে আলু চাষের পরিমাণ সবচেয়ে বেশি। ১৯৯০ সালের পর থেকে গলাচিপায় আলু চাষের হার বৃদ্ধি পেয়েছে।

উত্তর বোয়ালীয়া গ্রামের কৃষক জামাল পাহলান জানান, তিনি ব্র্যাক থেকে ৪০ কেজির ২০ বস্তা আলুর বীজ বুকিং দিয়েছেন। গত বছর এক বস্তা বীজ ২৭ শত টাকায় কিনলেও, এ বছর তা ৫০০ টাকা বাড়িয়ে ৩২ শত টাকা হয়ে গেছে। একই গ্রামের আদিত্য পাল বলেন, “গত বছর ২৮ শত টাকায় কেনা বি গ্রেড বীজ আলু এ বছর ৩২ শত টাকায় বিক্রি করা হচ্ছে।”

এদিকে, বাজারে অগ্রিম টাকা দিয়েও ব্র্যাক বা হিরা জাতের আলু বীজ পাওয়া যাচ্ছে না, জানাচ্ছেন স্থানীয় কৃষকরা। আলু চাষের জন্য জমি প্রস্তুতি নিতে কৃষকরা এখনই কাজ শুরু করেছেন। তারা জানিয়েছে, চাষের জন্য বেলে দো-আঁশ মাটি অত্যন্ত উপযোগী এবং আলু চাষে সঠিক সময়ে সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

গলাচিপায় আলুর বীজ ডিলাররা জানিয়েছেন, বীজের চাহিদা অনেক বেশি হলেও সরবরাহ খুবই সীমিত। মেসার্স সাহা বানিজ্যালয়ের উত্তম সাহা জানান, তিনি মাত্র ৩৫ টন কৃষাণী আলু বীজ পেয়েছেন, তবে কৃষকদের চাহিদা মেটাতে পারছেন না। ব্র্যাকের বীজ আলু ডিলার মো: মন্জু জানান, তিনি মাত্র ২৫ টন বীজ পেয়েছেন, যা চাহিদার তুলনায় অতি নগণ্য।

গলাচিপা উপজেলা কৃষি অফিসার আর্জু আক্তার বলেছেন, “গলাচিপায় বীজ আলুর সঙ্কট থাকার কথা নয়। বিএডিসি কোম্পানির বীজ আলু পাওয়া না গেলে আমাদের থেকে বীজ সংগ্রহ করা যেতে পারে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সাংবাদিকের ওপর হামলা, জাটকা ব্যবসায়ী তুহিন সিকদার কারাগারে

বরিশালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জাটকা ইলিশের পাইকার তুহিন সিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতের ঘটনায়, তুহিন সিকদারসহ তার সহযোগী রাব্বি সাংবাদিককে মারধর এবং ছিনতাইয়ের অভিযোগে আটক হন। শনিবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর, ইলিশ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে তালতলি বাজার এলাকার লামছরী থেকে মা ইলিশ পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে জাতীয় দৈনিক *দেশ প্রতিদিন* পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহের সময় তুহিন সিকদার এবং তার সহযোগী রাব্বি সাংবাদিকের ওপর হামলা চালান। হামলার সময় সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। শুধু মারধর নয়, সাংবাদিকের কাছে থাকা মূল্যবান জিনিসপত্রও ছিনতাই করা হয়।

এই ঘটনায় ১৬ অক্টোবর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, এবং ২০ অক্টোবর তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়। এরপর তদন্ত এবং আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। শুক্রবার রাতেই কাউনিয়া থানা পুলিশ তুহিন সিকদারকে নগরীর বেলতলা মাহমুদিয়া মাদরাসার সামনে থেকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, তুহিন সিকদারের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে এবং শনিবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। অপর আসামী রাব্বি এখনও পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন সিকদার উত্তর আমানগঞ্জ এলাকার মৃত আলম সিকদারের ছেলে এবং একটি চিহ্নিত জাটকা ব্যবসায়ী কালুর মেয়ে জামাই। অপরদিকে, রাব্বির বাবা উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা হলেও তিনি পদ্মাবতী রোডের নাছির মোল্লার দোকানে কর্মচারী হিসেবে পরিচিত।

স্থানীয়দের মতে, তুহিন ও রাব্বি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। শুধু জাটকা পাচারই নয়, তারা মাদক ব্যবসার সাথেও জড়িত এবং তাদের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত অপরাধে আটক হওয়ার ইতিহাস রয়েছে।

এদিকে, ২০ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয় যার মামলা নম্বর জি আর ১২/২৪। পুলিশ জানিয়েছে, তুহিন সিকদারের গ্রেফতারের পর তদন্ত চলছে এবং রাব্বি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত মামলার বিচার প্রক্রিয়া চলবে। মামলাটি পুলিশ তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল নগরীতে আতঙ্কের নাম ‘চাদর পার্টি’!

বরিশাল নগরীতে চাদর পার্টির আতঙ্ক বেড়ে গেছে। নগরীজুড়ে ব্যবসায়ীরা এবং স্থানীয়রা অভিযোগ করছেন, এই চক্রটি দিনের পর দিন তাদের কার্যক্রম বাড়িয়ে চলেছে, আর পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। চাদর পার্টি নামের এই চক্রের সদস্যরা বিশেষ করে ফজরের সময় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে তাদের কৌশল অবলম্বন করে। ব্যবসায়ীদের অভিযোগ, এই চক্রের সদস্যরা পুলিশি পদক্ষেপের অভাবে তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, আর তদন্তের ক্ষেত্রে পুলিশের কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

৩ নভেম্বর বরিশালের গীর্জা মহল্লা এলাকায় অবস্থিত ‘টাইম জোন’ নামক বিদেশী ঘড়ির শো-রুমের দোকানে চাদর পার্টির সদস্যরা তালা কাটার চেষ্টা করছিলো। ফজরের নামাজ শেষে মুসল্লিরা দোকানের সামনে দুই সদস্যকে দেখতে পেয়ে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। দোকানের মালিক হালিম ভূঁইয়া জানান, চক্রটির সদস্য সংখ্যা ছিল ৭-৮ জন। এর মধ্যে দুইজন দোকানের সামনে চাদর মেলে ধরে দাঁড়িয়ে ছিল এবং বাকিরা চাদরের আড়ালে থেকে দোকানের তালা কাটছিলো। মুসল্লিরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পুলিশে দেয়।

দোকানের মালিক হালিম ভূঁইয়া অভিযোগ করেন, তার স্টাফদের থানায় পাঠানো হয়েছিল মামলা দায়ের করার জন্য, কিন্তু পুলিশ তাদের বাদী হতে দেয়নি। পুলিশই বাদী হয়ে মামলা করেছে এবং তদন্তও তারা পরিচালনা করবে। তিনি মনে করেন, তার দোকানে ডাকাতির চেষ্টা হয়েছে, ফলে তার বা তার কর্মচারীর পক্ষ থেকে মামলা করা উচিত ছিল, কিন্তু পুলিশ সেটি করতে দেয়নি। এর ফলে, তিনি পুলিশের ওপর সন্দেহ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন যে, তদন্তের ভবিষ্যত কী হবে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “ডাকাতি চেষ্টার ঘটনায় পুলিশ বাদী হবে, এটা আইনগত নিয়ম। অভিযোগকারীদের বাদী করা হয়নি, এর পিছনে কোন উদ্দেশ্য নেই।” তবে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “ওসি যে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তা পুরোপুরি সঠিক নয়। এসব ঘটনায় পুলিশ সাধারণত বাদী হয়, কারণ ডাকাতি বা চুরি হয়নি, কিন্তু চেষ্টার সময় হাতে-নাতে আটক করা হয়েছে। যেহেতু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাধারণত ঝামেলা এড়াতে বাদী হতে চায় না, তাই পুলিশ বাদী হয়। তবে কর্তৃপক্ষ চাইলে পুলিশ বাধা দিতে পারে না।” তিনি আরও জানান, চাদর পার্টির সদস্যদের ধরতে পুলিশ কার্যকর পদক্ষেপ নেবে।

চাদর পার্টির সদস্যরা বরিশাল নগরীতে একাধিকবার একই ধরনের ডাকাতির চেষ্টা চালিয়েছে। কয়েক মাস আগে, নগরীর বগুরা রোডে অবস্থিত মোবাইলের দোকান ‘ফোন ফর ইউ’-তে ফজরের সময় একই স্টাইলের ডাকাতি চেষ্টা হয়েছিল। সেই ঘটনায়ও জনতা দুই সদস্যকে আটক করে পুলিশে দেয়, তবে পুলিশ ওই ঘটনায় আর কোন সদস্যকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের দাবি, আটক হওয়া দুইজন আগের মামলারও আসামি।

নানী বুড়ি ফাড়ির ইনচার্জ সাইদুর রহমান জানিয়েছেন, আটকৃতরা চাঁদপুরের বাসিন্দা এবং তাদের ধরতে পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এখনও পুরো চক্রের সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অনাড়ম্বর আয়োজনে বরিশালে ডিএইচএল অফিস উদ্বোধন

জার্মানভিত্তিক লজিস্টিক কোম্পানি ‘ডিএইচএল’ সম্প্রতি বরিশালে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। কুরিয়ার, প্যাকেজ ডেলিভারি এবং এক্সপ্রেস মেইল সেবা প্রদান করে কোম্পানিটি দক্ষিণাঞ্চলে তার কার্যক্রম প্রসারিত করছে। গত রোববার (১০ নভেম্বর) বাদ আসর শহরের নবগ্রাম রোডের হাতেম আলী কলেজ সংলগ্ন স্থানে সাদামাটা আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এ ছাড়া এটিএন নিউজের বরিশাল ব্যুরো প্রধান হুমায়ন কবির উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, তাদের মধ্যে সুশীল সমাজ, সাংবাদিক এবং স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষাবিদরা ছিলেন।

প্রতিষ্ঠানটির বরিশাল অঞ্চলের কর্ণধার, দেশ জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মির্জা রিমন জানিয়েছেন, ‘ডিএইচএল’ এতদিন ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে তাদের সেবা প্রদান করলেও দক্ষিণাঞ্চলে এর কার্যক্রম তেমন গতিশীল ছিল না। যার ফলে, বরিশালের মানুষ বিদেশ থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ছিল। তবে এখন থেকে ‘ডিএইচএল’ বরিশালের মানুষের এই প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা রাখবে, এমনটাই জানিয়েছেন মির্জা রিমন।

ডিএইচএল-এর বরিশাল শাখা উদ্বোধন হওয়ায় খুশির খবর হচ্ছে, এখন থেকে বিদেশ থেকে কোনো পণ্য পাঠানো হলে তা স্বল্প সময়ে দেশে পৌঁছাতে পারবে এবং এতে ভোগান্তির সুযোগ থাকছে না। বরিশালবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি একটি বড় সুবিধা বলে জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ও দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক এসএন পলাশ, রূপালী বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরোপ্রধান ও বরিশালটাইমস পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম, অধ্যাপক আরিফুর রহমান, বরিশাল মডেল স্কুল ও কলেজের প্রভাষক মামুন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক অ্যালবার্ট বল্লভ রিপন, দেশ জনপদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সজীব, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন এবং স্পেন প্রবাসী শামীম রেজা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম