কলাপাড়ায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‍্যালি

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিপূরণের জন্য এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার, উপজেলার আন্দারমানিক নদীর তীরবর্তী হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই র‍্যালি।

এই র‍্যালির আয়োজন করে “ধরিত্রী রক্ষায় আমরা”, “ওয়াটারকিপার্স বাংলাদেশ”, এবং “আমরা কলাপাড়াবাসী”। এর মাধ্যমে তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের জন্য অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং জলবায়ু ন্যায্যতার জন্য দাবি জানান।

র‍্যালির উদ্বোধন করেন কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অমল মুখার্জী, “আমরা কলাপাড়াবাসী” এর সভাপতি মো. নজরুল ইসলাম, এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

সংগঠকরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে আরো সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায় গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, এমন ধরনের উদ্যোগ কলাপাড়ার জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সরকারি-বেসরকারি উদ্যোগে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পদ্মায় বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান, ৬ জনের ছয় মাসের কারাদণ্ড

পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌ পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চরতারাপুর পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

আটককৃতরা হলেন: গোপালগঞ্জের ফরিদ শেখ (৩০), ঝালকাঠির হানিফ খা (৩০), ঝালকাঠির তৌহিদ খান (২৫), রাজবাড়ীর রতন প্রামাণিক (৩৫), পটুয়াখালীর ইব্রাহিম জমাদ্দার (৩০) এবং পিরোজপুরের নাহিদ হাসান (২০)।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মার চরতারাপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে তারা ড্রেজার ও বাল্কহেড ফেলে পালানোর চেষ্টা করলে নৌ পুলিশ তাদের আটক করে। এ সময় জব্দ ড্রেজারের মালিক রাজবাড়ীর ধাওয়াপাড়ার জলিল এবং বাল্কহেডের মালিক চাঁদপুরের গোলাম মর্তুজা বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকীবুল্লাহ এবং ভাঁড়ারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু সাইয়্যিদ।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ও ইরানি দূতের বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়।

দুইজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন।

তবে এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে, এনিয়ে তাদের কোনো মন্তব্য নেই।




চাকরি ছাড়লেন শহিদ আবু সাঈদের ২ ভাই

চন্দ্রদ্বীপ ডেস্ক: বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন আবু সাঈদের ভাই আবু হোসেন।

এর আগে মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুজন চিঠি দেন।

গত মাসের ৯ অক্টোবর আবু সাঈদের ভাই রমজান আলীকে একটি দৈনিক পত্রিকার রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে একটি বেসরকারি টিভি চ্যানেলের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি।

চাকরি পাওয়ার এক মাসের মাথায় অব্যাহতি নেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে আবু হোসেন জানান, তারা দুই ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, গত মাসে নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকে অফিসে সময় দিতে পারিনি। সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন অফিসে সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়ার আমাদের কোনো ইচ্ছে নাই। এ কারণে আমরা চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।




সংস্কারের গতি নির্ধারণ করবে কবে বাংলাদেশ নির্বাচন: প্রধান উপদেষ্টা

অচন্দ্রদ্বীপ ডেস্ক: ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে।

তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তাসংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন দেবো এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন।’

তিনি বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার।

দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে ড. ইউনূস জানান, যেকোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে। তার সরকারও আছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব।’




কুয়াকাটায় শুরু হয়েছে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাস মেলা

পটুয়াখালীর কুয়াকাটায় গতকাল (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাস মেলা। ৩ দিনব্যাপী এই উৎসব ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার ভোরে তীর্থযাত্রা শুরু হবে, এবং শনিবার ভোরে পূর্ণ স্নান অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রাস উৎসব।

কুয়াকাটায় রাস পূর্ণিমা ও রাস মেলা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মেলার জন্য নির্ধারিত স্থানে দোকান-পাট গড়ে উঠেছে এবং কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম রাস মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য প্রস্তুত রয়েছে।

মেলাকে কেন্দ্র করে খেলনা গাড়ির দোকানদার রফিক উদ্দিন বলেন, “প্রতিবছর কুয়াকাটায় রাসমেলা উপলক্ষে দোকান নিয়ে আসি। এখানে হাজার হাজার মানুষ আসেন, আমরা আশা করছি এবারও ভালো মানুষের সমাগম হবে এবং আমরা ভালো বেচাকেনা করতে পারব।”

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহাররঞ্জন মন্ডল বলেন, “রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ কথাবাস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। তারা বিশ্বাস করেন, বঙ্গোপসাগরে জোয়ারে স্নান করার মাধ্যমে তাদের পাপ মোচন হয়। আমরা আশা করছি, এবার উৎসব ভালোভাবে কাটবে।”

রাস মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কুয়াকাটায় আসেন। প্রতিবছর এই সময় কুয়াকাটা হোটেল-মোটেল ও ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা বেড়ে যায়। এবারের উৎসবেও স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর গাইডরা প্রস্তুতি সম্পন্ন করেছেন।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, “মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য হোটেল-মোটেলগুলি প্রস্তুত রয়েছে। রাস মেলাকে কেন্দ্র করে কয়েক লাখ পর্যটক আসবে, এবং ব্যবসায়ীরা এতে উচ্ছ্বাসিত।”

এবার রাস মেলার জন্য কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌর প্রশাসন যৌথভাবে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, “রাস মেলার জন্য আমরা ভ্রাম্যমাণ টয়লেট, থাকার স্থান, নিরাপদ পানি, সিসি টিভি স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এই আয়োজন সফল হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও লুটপাটসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা এবং সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) স্বাক্ষরিত এই চিঠিতে শুক্রবারের (১৫ নভেম্বর) মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনায়েত হোসেন খান দলের দায়িত্বশীল পদে থেকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত রয়েছেন। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে সতর্ক করা হয়েছিল। তবুও এনায়েত হোসেন ও তার ছেলে সাইফুলের কার্যক্রম থামেনি। অভিযোগ রয়েছে, সাইফুল নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এবং খেয়াঘাট ইজারাদারের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। এছাড়া বাংলাবাজার অটোগাড়ির ষ্ট্যান্ড দখল করে নিয়মিত টোল নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে এনায়েত হোসেন খান জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন। তিনি ও তার ছেলে চাঁদাবাজি বা লুটতরাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। নিমদী বিদ্যালয়ের কাজ বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদার না থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) এ বিষয়ে বলেন, “আমি কাউকে ষ্ট্যান্ড দখল করে টোল নিতে বলিনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মার্কো রুবিও, তুলসী গ্যাবার্ড ও ম্যাট গায়েৎজকে বেছে নিলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী জানুয়ারিতেই হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি প্রধান প্রধান পদগুলো সাজানো শুরু করেছেন।

তিনি দেখা করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন।

তুলসী গ্যাবার্ড হচ্ছেন আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান। ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন কংগ্রেসম্যান ম্যাট গায়েৎজকে।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা জিতেছে রিপাবলিকান পার্টি। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

রিপাবলিকান পার্টি কমপক্ষে ২১৮টি আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং তাদের চূড়ান্ত সংখ্যা ২২০-২২২ এর মধ্যে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্পের কিছু মনোনয়ন রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে, বিশেষত ম্যাট গায়েৎজকে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত করার সিদ্ধান্ত। এটি একটি বিতর্কিত পদক্ষেপ, যা দুই দলের আইনপ্রণেতাদের মধ্যেই ক্ষোভ সৃষ্টি করেছে।




বাপ্পারাজকে প্রেমবিষয়ক উপদেষ্টা করার মজার প্রস্তাব!

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার প্রায় সকল সিনেমাতেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির নায়ক হিসেবে তার অভিনয় ছিল উল্লেখযোগ্য। এছাড়া কখনো ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন, যা তাকে দর্শকদের কাছে প্রশংসিত করেছে।

এতদিন ধরে বাপ্পারাজ আলোচনায় ছিলেন না, তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন অন্য একটি কারণে। গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ওই দিন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুকীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা শুরু হয়েছে।

এসময় একটি সাময়িকী মজা করে ঢাকাই চলচ্চিত্রের নায়ক বাপ্পারাজকে ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। যা লক্ষ্য করেন বাপ্পারাজ নিজেই। তিনি সেই কার্ড নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।”

এতে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। নির্মাতা সাফি উদ্দিন মন্তব্য করেন, “সফল প্রেমের অনেক সিনেমাও আছে আপনার।” তিনি দাবি করেন, “প্রেমবিষয়ক উপদেষ্টা হিসেবে আপনাকেই হওয়া উচিত।” এক নারী ভক্ত লিখেছেন, “আপনি আমার সারাজীবনের প্রিয় নায়ক।”

বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও বাপ্পারাজ পরিবারের সঙ্গে ব্যস্ত রয়েছেন এবং ব্যবসা করছেন। তবে মাঝে মাঝে পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যায়। বাপ্পারাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমের সমাধি’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘ভালোবাসা কারে কয়’, ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’সহ আরও অনেক সিনেমা। সর্বশেষ তিনি ‘পোড়ামন ২’ সিনেমায় সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাচ্ছে আজ, অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে আজ, ১৫ নভেম্বর। সাধারণত ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না, এমন ধারণা ভাঙতে এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দুদিন আগেই ছবিটির অগ্রিম টিকিট ছাড়া হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিনেমা বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে। তবে এর মাঝেই ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তারা জানিয়েছেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এজন্য দৈনিক ২২টি শো থেকে আরও ৪টি শো বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্ত সম্ভারে দুটি এবং বসুন্ধরা শাখায় দুটি শো যুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, দর্শকদের চাহিদা আরও বাড়লে শো-এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও নারায়ণগঞ্জের সিনেস্কোপেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ফেসবুকে পোস্ট করে তারা জানিয়েছেন, ঈদ ছাড়াও এই সময়ে এমন রেসপন্স পাওয়া তাদের জন্য আশ্চর্যের বিষয়। প্রথম দিনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিশেষত বিকেল ও সন্ধ্যার শোগুলোর টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। যদিও সকাল ও দুপুরের শোগুলোর ৬০ শতাংশ টিকিট এখনও বাকি।

‘দরদ’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশে ৮৩টি হলে মুক্তি পাচ্ছে এ ছবি, পাশাপাশি বিশ্বের আরও ২২টি দেশে মুক্তি দেয়া হচ্ছে। পরিচালক অনন্য মামুনের মতে, “আমি আত্মবিশ্বাসী, দর্শকরা ‘দরদ’ দেখে হতাশ হবেন না।”

সম্প্রতি ‘দরদ’-এর গান ও ট্রেলার অনলাইনে প্রকাশিত হয়েছে, যা সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে। ছবিতে শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে দেখা যাবে। এছাড়াও রয়েছেন কলকাতার অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী এবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী)। ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার ধাঁচের।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম